Blog

  • রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩

    রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩

    এবিএনএ: রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে এক রাতে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে তেজগাঁও বিভাগের অধীন কয়েকটি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    শনিবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই এসব গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানায় ৮ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ১৫ জন, আদাবর থানায় ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১৪ জন এবং হাতিরঝিল থানায় ৬ জন রয়েছে। বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

    ডিএমপি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

    পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • উত্তরাঞ্চলে টানা বৃষ্টির সতর্কতা, সিলেট–সুনামগঞ্জে আকস্মিক বন্যার শঙ্কা

    উত্তরাঞ্চলে টানা বৃষ্টির সতর্কতা, সিলেট–সুনামগঞ্জে আকস্মিক বন্যার শঙ্কা

    এবিএনএ: দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী কয়েকদিন ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে, যার প্রভাবে কিছু এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

    আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, উত্তরাঞ্চল ও সংলগ্ন অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে, যা অন্তত ৯৬ ঘণ্টা সক্রিয় থাকতে পারে। এর ফলে ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত হতে পারে। অতিবৃষ্টির কারণে এসব অঞ্চলের শহর ও নিম্নাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

    এদিকে আবহাওয়া বিষয়ক বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, প্রাক-মৌসুমী শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুল’ বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এই বৃষ্টিবলয় ২৫ এপ্রিল থেকে শুরু হয়ে ৭ মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এ সময় দেশের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, প্রথমে উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত বেশি হলেও ২৮ বা ২৯ এপ্রিল থেকে ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত অধিকাংশ এলাকায় নিয়মিত ঝড়-বৃষ্টির প্রবণতা থাকতে পারে, যদিও মাঝেমধ্যে স্বল্প বিরতি থাকতে পারে।

    উজানের মেঘালয়, আসাম ও চেরাপুঞ্জি এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় ৫০০ থেকে ৭০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাবে পাহাড়ি ঢল নেমে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে পানি দ্রুত নেমে যাওয়ায় এই বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম।

    আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, এই সময় দমকা হাওয়া বা ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কিছু স্থানে এর চেয়েও বেশি বা কম গতিবেগ দেখা যেতে পারে।

    টানা বৃষ্টিপাতের কারণে হাওর অঞ্চলে চলমান ধান কাটার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকরা সময়মতো ধান কাটতে না পারলে ফসলের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।

    এদিকে বৃষ্টিপাত বাড়ার ফলে আগামী কয়েকদিনে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। ২৮ বা ২৯ এপ্রিল থেকে আবহাওয়া তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৫ থেকে ৫৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির গুজবও নাকচ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অতিবৃষ্টির কারণে বরং তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনাই বেশি।

  • নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা

    নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা

    এবিএনএ: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের দাখিল করা হলফনামায় উঠে এসেছে সম্পদ, আয় ও পেশাগত অবস্থানের ভিন্নধর্মী চিত্র। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সম্পদ ও আয়—দুই ক্ষেত্রেই বিএনপি জোটের প্রার্থীরা তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন।

    সবচেয়ে আলোচনায় এসেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী নিপুণ রায় চৌধুরী। তার হলফনামা অনুযায়ী ব্যক্তিগতভাবে তার কাছে রয়েছে ৫০২ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান ধাতুর গহনা। এছাড়া তার স্বামী অমিতাভ রায়ের নামে রয়েছে আরও ১০০ ভরি সোনা। ফলে এই দম্পতির মোট স্বর্ণের পরিমাণ দাঁড়িয়েছে ৬০২ ভরি। এগুলো উপহার হিসেবে প্রাপ্ত বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

    ৩৯ বছর বয়সী নিপুণ রায়ের বার্ষিক আয় পেশাগত কাজ ও বিনিয়োগ মিলিয়ে প্রায় ৩০ লাখ ৫০ হাজার টাকা। তার নামে ব্যাংকে স্থায়ী আমানত রয়েছে ১ কোটি ১৩ লাখ টাকা। পাশাপাশি দুই কোটি টাকার বেশি মূল্যের দুটি গাড়িও রয়েছে। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে। গত বছর তার বিরুদ্ধে থাকা ২৩টি মামলা থেকে তিনি অব্যাহতি বা খালাস পেয়েছেন বলেও হলফনামায় উল্লেখ রয়েছে।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের বার্ষিক আয় ৩৬ লাখ টাকার বেশি। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৬ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৭৩৭ টাকা। গত বছর নির্বাহী আদেশে তার বিরুদ্ধে থাকা আটটি মামলা প্রত্যাহার করা হয়।

    দলের আরেক প্রার্থী রেহেনা আক্তার রানু প্রায় তিন কোটি টাকার অস্থাবর সম্পদের তথ্য দিয়েছেন। সানজিদা ইসলাম তুলি বার্ষিক ৫ লাখ ৮৫ হাজার টাকা আয় এবং প্রায় ২ কোটি ১৩ লাখ টাকার সম্পদ দেখিয়েছেন। শামীম আরা বেগম স্বপ্না জমি বিক্রিসহ মোট প্রায় ৪ কোটি টাকার সম্পদের হিসাব দিয়েছেন।

    অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীদের সম্পদের পরিমাণ তুলনামূলক কম দেখা গেছে। নূরুন্নিসা সিদ্দীকার বার্ষিক আয় ১ লাখ ৬১ হাজার টাকা এবং মোট সম্পদ প্রায় ৩০ লাখ টাকা। তার বিরুদ্ধে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি।

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মাহমুদা আলম মিতুর কোনো স্থাবর সম্পদ নেই। তবে তার অস্থাবর সম্পদ রয়েছে ৩১ লাখ ২৮ হাজার টাকা এবং ৩০ ভরি স্বর্ণালঙ্কার। পেশায় চিকিৎসক এই প্রার্থীর বার্ষিক আয় প্রায় ৩ লাখ টাকা।

    স্বতন্ত্র জোটের প্রার্থী সুলতানা জেসমিনের বার্ষিক আয় প্রায় সাড়ে ৫ লাখ টাকা এবং মোট সম্পদের পরিমাণ প্রায় ২৮ লাখ ৫০ হাজার টাকা। তার বিরুদ্ধে থাকা পাঁচটি মামলা গত বছর প্রত্যাহার করা হয়েছে।

    ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়া এখনও চলমান। নির্বাচন কমিশন ৫০টি আসনের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াতে ইসলামীর ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। একজনের মনোনয়ন বাতিল হলেও আপিলের সুযোগ রয়েছে। আগামী ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হলে প্রতিদ্বন্দ্বী না থাকলে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা হতে পারেন।

  • ইসলামাবাদে আরাঘচির বার্তা: যুক্তরাষ্ট্রের ‘চরম দাবি’ মানবে না ইরান

    ইসলামাবাদে আরাঘচির বার্তা: যুক্তরাষ্ট্রের ‘চরম দাবি’ মানবে না ইরান

    এবিএনএ: চলমান উত্তেজনা প্রশমনে নতুন করে শান্তি উদ্যোগের মধ্যে ইসলামাবাদে অবস্থান করে যুক্তরাষ্ট্রের ‘চরমপন্থি’ দাবি প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার পাকিস্তানের রাজধানীতে বৈঠকগুলোতে তেহরানের নীতিগত অবস্থান তুলে ধরেন।

    কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরকালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। যদিও আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে ইরান স্পষ্ট করেছে—চাপের মুখে কোনো একতরফা শর্ত মেনে নেওয়ার পরিকল্পনা নেই।

    এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার ইসলামাবাদ সফরে যেতে পারেন। তবে ইরান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের সম্ভাবনা নাকচ করেছে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।

    বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অচলাবস্থা আরও জটিল হয়েছে। ইরান হরমুজ প্রণালীতে চলাচল সীমিত করে দেওয়ায় বৈশ্বিক তেল সরবরাহে প্রভাব পড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানিতে বিভিন্ন বাধা আরোপ করছে। ফলে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক অর্থনীতিতে চাপ বাড়ছে।

    ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি এবং ইরানের বিরুদ্ধে আরোপিত সংঘাতের অবসান বিষয়ে তেহরানের নীতিগত অবস্থান সংশ্লিষ্ট পক্ষকে জানানো হয়েছে। ইসলামাবাদে অবস্থানরত এক ইরানি কূটনৈতিক সূত্র জানায়, “নীতিগতভাবে ইরান কোনো ‘ম্যাক্সিমালিস্ট’ বা চরম শর্ত গ্রহণ করবে না।”

    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এর আগে মন্তব্য করেছিলেন, ইরানের সামনে একটি ইতিবাচক চুক্তির সুযোগ রয়েছে। তবে ইরান জানিয়েছে, তারা সরাসরি আলোচনায় বসার পরিকল্পনা করছে না। বরং মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের মাধ্যমে নিজেদের উদ্বেগ তুলে ধরবে।

    শুক্রবার ইসলামাবাদে পৌঁছান আরাকচি। সফরের অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের শর্ত পূরণের লক্ষ্যে ইরান একটি প্রস্তাব দিতে পারে বলে তিনি শুনেছেন, যদিও প্রস্তাবের বিস্তারিত সম্পর্কে তিনি অবগত নন। একই সঙ্গে তিনি আলোচনায় কারা যুক্ত আছে তা স্পষ্ট করেননি, তবে সংশ্লিষ্ট দায়িত্বশীল পক্ষের সঙ্গে যোগাযোগ চলছে বলে উল্লেখ করেন।

    বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি টেকসই করা ও উত্তেজনা কমাতে আন্তর্জাতিক মহল নতুন কূটনৈতিক উদ্যোগের দিকে তাকিয়ে আছে।

  • আবাহনীতে গিয়ে ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

    আবাহনীতে গিয়ে ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

    এবিএনএ: দেশের ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার বিকেলে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড ক্লাব পরিদর্শনে গিয়ে তিনি বলেন, খেলাধুলাকে দলীয় প্রভাবের বাইরে রেখে স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

    সম্প্রতি মোহামেডান স্পোর্টিং ক্লাব পরিদর্শনের পর এবার আবাহনীতে যান প্রতিমন্ত্রী। সেখানে উপস্থিত হয়ে সাবেক এই ফুটবলার বলেন, স্বাধীনতার পর থেকেই আবাহনী ও মোহামেডানের প্রতিদ্বন্দ্বিতা দেশের ফুটবলের ঐতিহ্যের অংশ। তবে গত কয়েক বছরে এই ক্লাবগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, যা ক্রীড়াঙ্গনের জন্য ক্ষতিকর। বর্তমান সরকার সেই ধারা থেকে বেরিয়ে এসে ক্লাবগুলোর স্বাধীন কার্যক্রম নিশ্চিত করতে চায় বলেও জানান তিনি।

    প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, আবাহনীর ব্যবস্থাপনায় নতুনত্ব আনা হলে ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলায় ক্লাবটির পুরোনো গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি বলেন, তরুণ সমাজকে নৈতিক অবক্ষয় ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে ক্লাব কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি।

    আবাহনী পরিদর্শনে মোহামেডান ক্লাবের কর্মকর্তাদের উপস্থিতি উল্লেখ করে তিনি এটিকে স্পোর্টসম্যানশিপের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন। তার মতে, ক্লাবগুলো শক্তিশালী হলে খেলোয়াড়দের ভবিষ্যৎও নিরাপদ হবে। এ কারণে সরকার সব ধরনের ক্রীড়া ক্লাবকে টেকসই সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে।

    তিনি আরও জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ইতোমধ্যে ৩০০ খেলোয়াড়কে ক্রীড়াভাতা দেওয়া হয়েছে। আগামী অর্থবছরে এই সংখ্যা বাড়িয়ে ৫০০ জনে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, স্কয়ার গ্রুপের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া এবং বিসিবির এডহক কমিটির সদস্য ফাহিম সিনহা ও রফিকুল ইসলাম বাবুসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

  • প্রেম নাকি টাকার টান? সঙ্গীর আসল উদ্দেশ্য বোঝার ৫ লক্ষণ

    প্রেম নাকি টাকার টান? সঙ্গীর আসল উদ্দেশ্য বোঝার ৫ লক্ষণ

    এবিএনএ: সম্পর্ক হওয়ার কথা নিরাপদ ও স্বস্তির। যেখানে দুজন মানুষ সমানভাবে আবেগ, সময় ও যত্ন বিনিয়োগ করে। কিন্তু অনেক সময় সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকে স্বার্থের হিসাব। আবেগের কারণে শুরুতে বিষয়টি বোঝা কঠিন হলেও কিছু আচরণ স্পষ্ট ইঙ্গিত দেয়—সঙ্গীটি হয়তো আপনাকে নয়, বরং আপনার আর্থিক সক্ষমতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

    সবাই যে আর্থিক সাহায্য চাইলে আপনাকে ব্যবহার করছে, এমন নয়। তবে সুস্থ সহযোগিতা ও সুযোগ নেওয়ার মধ্যে পার্থক্য থাকে। সেই পার্থক্য বোঝার জন্য নিচের লক্ষণগুলো খেয়াল করুন।

    ১. আপনার আয় ও সম্পদ নিয়ে অস্বাভাবিক আগ্রহ

    সম্পর্কের শুরুতে কাজ বা জীবনযাপন নিয়ে জানতে চাওয়া স্বাভাবিক। কিন্তু কেউ যদি বারবার আপনার আয়, সঞ্চয়, বাড়ি, গাড়ি বা খরচ করার ক্ষমতা নিয়ে প্রশ্ন করতে থাকে, তাহলে সতর্ক হওয়া জরুরি।
    আলাপের কেন্দ্রবিন্দু যদি আপনার ব্যক্তিত্ব নয়, বরং আপনার অর্থনৈতিক অবস্থা হয়ে যায়—তাহলে সেটি স্বাভাবিক নয়। সত্যিকারের আগ্রহী মানুষ আপনার স্বপ্ন, পছন্দ-অপছন্দ ও মূল্যবোধ সম্পর্কে জানতে চাইবে।

    ২. ধীরে ধীরে সব খরচ আপনার ওপর চলে আসে

    স্বাস্থ্যকর সম্পর্কে খরচ সবসময় সমান ভাগে না হলেও একটি ভারসাম্য থাকে। কিন্তু আপনি যদি দেখেন বেশিরভাগ সময় আপনাকেই বিল দিতে হচ্ছে—ডিনার, ভ্রমণ, উপহার—তাহলে বিষয়টি লক্ষণীয়।
    প্রথমে “পরেরবার দেবো” ধরনের কথা থাকলেও সেই পরেরবার আর আসে না। আর আপনি প্রশ্ন তুললে উল্টো অপরাধবোধ তৈরি করা হয়—এটাও একটি বড় সতর্ক সংকেত।

    ৩. খরচ করলে ভালোবাসা বাড়ে, না করলে দূরত্ব

    অনেক সময় দেখা যায়, আপনি কিছু কিনে দিলে বা খরচ করলে সঙ্গীর আচরণ হঠাৎ খুব আন্তরিক হয়ে ওঠে। কিন্তু যখন কোনো খরচ নেই, তখন সে দূরত্ব তৈরি করে বা আগ্রহ কম দেখায়।
    এমন হলে বুঝতে হবে, আবেগের সঙ্গে আর্থিক সুবিধার যোগসূত্র তৈরি হয়েছে—যা সুস্থ সম্পর্কের লক্ষণ নয়।

    ৪. প্রতিশ্রুতি তখনই, যখন সুবিধা আছে

    কিছু মানুষ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চায় তখনই, যখন তাতে তাদের আর্থিক লাভের সম্ভাবনা থাকে।
    যেমন—একসঙ্গে ব্যবসা করার পরিকল্পনা, বড় সিদ্ধান্ত নেওয়া বা ভবিষ্যতের স্বপ্ন দেখানো—যেখানে আপনার অর্থ বা সহায়তার ওপর নির্ভরতা থাকে। প্রকৃত সঙ্গী আপনার সঙ্গে গড়ে উঠতে চায়, আপনার ওপর নির্ভর করতে নয়।

    ৫. আপনি খরচ কমালেই আচরণ বদলে যায়

    সবচেয়ে স্পষ্ট লক্ষণ হলো—আপনি আর্থিক সীমা নির্ধারণ করতেই তার আচরণ বদলে যাওয়া।
    হঠাৎ যোগাযোগ কমে যাওয়া, অকারণে ঝগড়া, মানসিক দূরত্ব বা সম্পর্ক থেকে সরে যাওয়া—এসবই ইঙ্গিত দেয় যে সম্পর্কের ভিত্তি আবেগ নয়, বরং অর্থ ছিল।

    সুস্থ সম্পর্ক কেমন হওয়া উচিত

    একটি স্বাস্থ্যকর সম্পর্কে থাকে পারস্পরিক সম্মান, মানসিক সংযোগ এবং সমান প্রচেষ্টা। সেখানে কেউ কাউকে আর্থিকভাবে চাপ দেয় না। ভালোবাসা খরচের ওপর নির্ভর করে না, বরং বিশ্বাস ও বোঝাপড়ার ওপর দাঁড়িয়ে থাকে।

    যদি আপনার সম্পর্কের মধ্যে একতরফা খরচ, অপরাধবোধ সৃষ্টি, আর্থিক চাপ বা সুবিধাভিত্তিক আচরণ দেখা যায়—তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবার সময় এসেছে।

  • পূজা চেরির বাবার ১৩ কোটি আত্মসাত মামলা, কারাগারে প্রেরণ

    পূজা চেরির বাবার ১৩ কোটি আত্মসাত মামলা, কারাগারে প্রেরণ

    এবিএনএ:  ১৩ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। ভুক্তভোগী এক ব্যবসায়ীর দায়ের করা মামলার ভিত্তিতে তাকে আটক করা হয় এবং পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

    মামলা সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন ব্যবসায়ী মিজানুর রহমান। অভিযোগ দায়েরের দিনই পুলিশ অভিযুক্ত দেবু প্রসাদ রায়কে গ্রেফতার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    আদালত সংশ্লিষ্ট প্রসিকিউশন বিভাগ ও ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    এজাহারে উল্লেখ করা হয়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ভুক্তভোগী ও তার এক বন্ধুর কাছ থেকে নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার নেন দেবু প্রসাদ রায়। পরবর্তীতে একই ব্যবসায় বিনিয়োগের কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ টাকা নেন।

    এরপর ২০২৪ সালের ১৫ মে তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে নগদ আরও ৬ কোটি টাকা গ্রহণ করেন তিনি। এছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের একাধিক নম্বরে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ অভিযুক্তের অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠান ভুক্তভোগী।

    মামলায় দাবি করা হয়েছে, দীর্ঘ সময় পার হলেও টাকা ফেরত দেননি দেবু প্রসাদ রায়। বরং টাকা চাইলে তিনি নানা অজুহাত দেখান এবং পরে ভয়ভীতি প্রদর্শন করেন। এতে প্রতারণার মাধ্যমে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ করেন মিজানুর রহমান।

    পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা: দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ

    গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা: দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ

    এবিএনএ: নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ের সব ইউনিটকে সতর্ক থাকতে বলা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব ইউনিটকে পাঠানো এক নির্দেশনায় নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহজনক তৎপরতার ওপর কড়া নজর রাখার কথা বলা হয়েছে।

    গোয়েন্দা তথ্যে নাশকতার ইঙ্গিত

    সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া এক উগ্রবাদী সদস্যের সঙ্গে চাকরিচ্যুত দুই সাবেক সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই চক্রটি সমন্বিতভাবে নাশকতার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা রয়েছে।

    গোয়েন্দা তথ্য অনুযায়ী, সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ জনসমাগম এলাকা বিবেচনায় রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ওপরও বাড়তি নজরদারি চালানো হচ্ছে।

    অস্ত্রাগারেও হামলার শঙ্কা

    আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার চেষ্টা হতে পারে বলে তথ্য পাওয়া গেছে। ফলে এসব স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

    তাদের মতে, সংশ্লিষ্ট সন্দেহভাজনরা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    নিরাপত্তা জোরদারে নির্দেশনা

    এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানো, প্রবেশপথে কড়াকড়ি আরোপ, সন্দেহভাজনদের ওপর নজরদারি বৃদ্ধি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

    আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য যেকোনো নাশকতা ঠেকাতে মাঠ পর্যায়ে তৎপরতা বাড়ানো হয়েছে। সন্দেহজনক ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে বলেও জানিয়েছেন তারা।

  • ইরান–যুক্তরাষ্ট্র নতুন দফা আলোচনা: আজই ইসলামাবাদে তেহরান দল পৌঁছাতে পারে

    ইরান–যুক্তরাষ্ট্র নতুন দফা আলোচনা: আজই ইসলামাবাদে তেহরান দল পৌঁছাতে পারে

    এবিএনএ: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার আভাস পাওয়া গেছে। কূটনৈতিক সূত্র বলছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধিদল শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    সূত্রগুলো বলছে, চলমান উত্তেজনার মধ্যেও দুই দেশের মধ্যে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে টেলিফোনে আলোচনা হয়। উভয় পক্ষই এই যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে।

    আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফোনালাপে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ ঘিরে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে ধারাবাহিক সংলাপের ওপর গুরুত্ব দেওয়া হয়।

    অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেন এবং উত্তেজনা কমাতে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

    সামরিক পর্যায়েও যোগাযোগের ইঙ্গিত

    ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও ফোনে কথা বলেছেন। তবে এ বিষয়ে পাকিস্তানের সরকারি সূত্র আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

    আগের বৈঠক ফলহীন

    দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর ফেব্রুয়ারিতে ইসলামাবাদে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

    পরবর্তীতে হরমুজ প্রণালী ও ইরানি বন্দর ঘিরে পাল্টাপাল্টি নৌ অবরোধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এতে উত্তেজনা বাড়ে এবং আলোচনার পরিবেশ জটিল হয়ে পড়ে।

    নতুন বৈঠক ঘিরে প্রস্তুতি

    দ্বিতীয় দফার আলোচনা আয়োজনের লক্ষ্যে পাকিস্তান সক্রিয় ভূমিকা পালন করছে। ইসলামাবাদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    চলতি সপ্তাহের শুরুতে বৈঠকের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে ইরানের প্রতিনিধিদল না আসায় আলোচনা স্থগিত হয়। তেহরান জানায়, নৌ অবরোধ প্রত্যাহার না হলে তারা আলোচনায় বসবে না।

    আবারও আশার আলো

    তবে সাম্প্রতিক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন, অচলাবস্থা কাটিয়ে শিগগিরই নতুন করে আলোচনা হতে পারে। এরই ধারাবাহিকতায় পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রেখেছে।

    কূটনৈতিক মহল মনে করছে, ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছালে নতুন করে সংলাপের পথ খুলতে পারে এবং চলমান উত্তেজনা প্রশমনের সুযোগ তৈরি হতে পারে।

  • আইপিএলে সুদর্শনের ২০০০ রান, গেইলকে টপকালেন; কোহলির ৮০০ বাউন্ডারি

    আইপিএলে সুদর্শনের ২০০০ রান, গেইলকে টপকালেন; কোহলির ৮০০ বাউন্ডারি

    এবিএনএ: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এক ম্যাচেই দেখা গেল দুই ভিন্ন কীর্তি। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাট হাতে ইতিহাস গড়লেন গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শন। একই ম্যাচে আরেকটি অনন্য রেকর্ড স্পর্শ করেন বেঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলি।

    সুদর্শনের ঝড়ো সেঞ্চুরি

    টুর্নামেন্টের শুরুটা খুব একটা ভালো ছিল না সুদর্শনের। প্রথম কয়েক ম্যাচে বড় ইনিংসের দেখা না মিললেও গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি ঘুরে দাঁড়ান। বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ৫৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি ওপেনার।

    এই ইনিংস খেলতে গিয়েই আইপিএলে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। মাত্র ৪৭ ইনিংসে এই অর্জন গড়ে আগের রেকর্ডধারী ক্রিস গেইলকে ছাড়িয়ে যান। গেইল এই কীর্তি গড়তে খেলেছিলেন ৪৮ ইনিংস। ফলে দ্রুততম সময়ে ২০০০ রান করা ব্যাটারদের তালিকায় নতুন নাম যুক্ত হলো সুদর্শনের।

    বলের হিসাবেও দ্রুততম ভারতীয়দের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। প্রায় ১৩৬১ বল খেলে দুই হাজার রান পূর্ণ করেন সুদর্শন, যা তাকে শীর্ষ দ্রুততমদের তালিকায় স্থান এনে দিয়েছে।

    কোহলির নতুন মাইলফলক

    একই ম্যাচে ইতিহাস গড়েছেন বিরাট কোহলিও। কাগিসো রাবাদার বলে মিড-অন দিয়ে চার মেরে আইপিএলে ৮০০ বাউন্ডারির মাইলফলক স্পর্শ করেন তিনি। এই কীর্তি গড়া প্রথম ব্যাটার এখন কোহলি।

    মাত্র একটি বাউন্ডারির অপেক্ষায় ছিলেন তিনি। সেই চার মেরে শুধু মাইলফলক স্পর্শই করেননি, আইপিএলের ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করেছেন ভারতীয় এই তারকা।

    একই ম্যাচে দুই রেকর্ড

    একদিকে সুদর্শনের দ্রুততম ২০০০ রান, অন্যদিকে কোহলির ৮০০ বাউন্ডারি—সব মিলিয়ে ম্যাচটি পরিণত হয় রেকর্ডবুকে জায়গা করে নেওয়া এক স্মরণীয় দিনে। আইপিএলের এই লড়াই ক্রিকেটপ্রেমীদের জন্য এনে দেয় নতুন পরিসংখ্যান ও আলোচনার খোরাক।