জাতীয়

৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ও বিভাগীয় তথ্য চাইল সদর দপ্তর, জমার সময় ৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের ৩৫৭ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং বিভাগীয় শৃঙ্খলাজনিত বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর। আগামী ৩ নভেম্বরের মধ্যে এসব তথ্য পাঠাতে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখা থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। তালিকায় ৩০তম বিসিএসের ১৭৯ জন এবং ৩১তম বিসিএসের ১৭৮ জন কর্মকর্তা রয়েছেন।

চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কি না, থাকলে মামলার বর্তমান অবস্থা ও সর্বশেষ অগ্রগতি জানাতে বলা হয়েছে। পাশাপাশি বিভাগীয় শৃঙ্খলা-সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হার্ডকপি ও সফটকপি—দুই মাধ্যমেই তথ্য পাঠাতে হবে।

এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) মোহাম্মদ সাইফুল্লাহ স্বাক্ষরিত চিঠিটি ঢাকা মহানগর পুলিশ কমিশনার, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি, বিভিন্ন রেঞ্জের ডিআইজি এবং মহানগর পুলিশ কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।

তালিকাভুক্ত ৩৫৭ কর্মকর্তা সবাই অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার। তাঁরা পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিভিন্ন রেঞ্জ ও জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারসহ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করছেন।

তালিকায় কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলের পাশাপাশি বিশেষ কিছু অবস্থার তথ্যও রয়েছে। নথি অনুযায়ী, তাঁদের মধ্যে একজন সাময়িক বরখাস্ত রয়েছেন। আরেকজন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে প্রেষণে কর্মরত।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের পারসোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা ও ফৌজদারি মামলা-সংক্রান্ত তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় এবার ক্রাইম অ্যানালাইসিস শাখা থেকেও বিভিন্ন ইউনিটের কাছে তথ্য চাওয়া হলো।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি কামারুম মুনিরা যুগান্তরকে বলেন, এটি নিয়মিত দাপ্তরিক কার্যক্রমের অংশ হিসেবে পাঠানো চিঠি; এর বাইরে অন্য কোনো বিষয় নেই।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button