জেলার খবরবাংলাদেশ

বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, মোল্লাহাট সেতুতে ইটপাটকেল নিক্ষেপ ও ফাঁকা গুলি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

শনিবার (২৮ নভেম্বর) রাতে মোল্লাহাট উপজেলা টোল প্লাজাসংলগ্ন সেতুর ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সেতু ও আশপাশের এলাকায় উত্তেজনা এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় একটি সমাবেশে অংশ নেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। কর্মসূচি শেষে সন্ধ্যার দিকে তারা মশাল মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে অগ্রসর হন।

এদিকে মিছিলের খবর পেয়ে মোল্লাহাট সেতুর বাগেরহাট অংশে অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মশাল মিছিল সেতুর গোপালগঞ্জ প্রান্তে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায় এবং উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

এ সময় দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে আহতদের সঠিক সংখ্যা কিংবা পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ফাঁকা গুলি

সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও এসআরবির সদস্যরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

একপর্যায়ে উত্তেজনা প্রশমিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে দুই পক্ষের নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে সরে গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

সেতু এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

ঘটনার পর মোল্লাহাট সেতু ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে জড়িত দুই পক্ষই ঘটনাস্থল ছেড়ে চলে গেছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button