আন্তর্জাতিক

রিয়াদে হুথি হামলায় ক্ষতিগ্রস্ত আকাশচুম্বী ভবন, আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি আকাশচুম্বী ভবনে হামলার ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির রাজধানীর আর্থিক জেলার একটি বহুতল ভবনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইয়েমেনের হুথি যোদ্ধারা এ হামলা চালিয়েছে বলে সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ারে হামলার পরপরই ঘটনাস্থলে উদ্ধার ও জরুরি সেবার কর্মীরা পৌঁছান। আহতদের উদ্ধার এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির সিভিল ডিফেন্স।

এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটও রিয়াদের আর্থিক জেলার ওই ভবনে হামলার বিষয়টি স্বীকার করেছে। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তবে হামলার ধরন, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা এর পেছনে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই থেকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে সংগঠনটি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের প্রভাবের পর ইয়েমেনের দীর্ঘদিনের স্থবির গৃহযুদ্ধ নতুন করে তীব্র হয়ে ওঠে বলেও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। হুথি যোদ্ধারা স্থল অভিযানের মাধ্যমে সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণাধীন বেশ কিছু এলাকা দখল করেছে। ফলে চলতি মাসে দেশটির স্বীকৃত সরকারকে বিস্তীর্ণ অঞ্চল থেকে পিছু হটতে হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

এর আগে চলতি মাসেই রিয়াদের সর্বোচ্চ উচ্চতার আকাশচুম্বী ভবন এবং সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তরেও হামলার ঘটনা ঘটে। ওই হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি। এ ছাড়া গত ৮ নভেম্বর সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর রিয়াদস্থ একটি ভবনেও হামলা চালানোর অভিযোগ রয়েছে হুথি গোষ্ঠীর বিরুদ্ধে।

সাম্প্রতিক এসব হামলার ঘটনায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সর্বশেষ হামলার পর ভবনটির ক্ষয়ক্ষতি এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি (এসপিএ), এএফপি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button