নির্বাচনী হাওয়া

ভোটের আগেই জেনে নিন নিজের ভোটার নম্বর ও কেন্দ্র—ইসির ৪ সহজ পদ্ধতি এক নজরে

অ্যাপ, হটলাইন, এসএমএস ও ওয়েবসাইট—চারটি উপায়ে মুহূর্তেই মিলবে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের ঠিকানা

এবিএনএ: আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোগান্তি কমাতে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এসব সেবার মাধ্যমে ঘরে বসেই দ্রুত ও নির্ভুলভাবে নিজের ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের ঠিকানা জানা যাবে বলে জানিয়েছে ইসি।

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, প্রযুক্তিনির্ভর এই সেবাগুলো ব্যবহার করে ভোটাররা কেন্দ্র খুঁজে নিতে পারবেন আগেভাগেই। এতে ভোটের দিন সময় বাঁচবে এবং বিভ্রান্তি কমবে।

পদ্ধতি–১: Smart Election Management BD অ্যাপ
প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে Smart Election Management BD অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন। ড্যাশবোর্ডে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে গিয়ে এনআইডি নম্বর ও জন্মতারিখ দিলে সঙ্গে সঙ্গে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের নাম-ঠিকানা দেখা যাবে।

পদ্ধতি–২: ১০৫ হটলাইন
যেকোনো মোবাইল বা ল্যান্ডফোন থেকে ১০৫ নম্বরে কল করুন। অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এনআইডি নম্বর ও জন্মতারিখ জানালে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সেবা চালু থাকবে।

পদ্ধতি–৩: ১০৫-এ এসএমএস
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নির্ধারিত ফরম্যাটে তথ্য লিখে ১০৫ নম্বরে পাঠালেই ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য পাওয়া যাবে।

পদ্ধতি–৪: নির্বাচন কমিশনের ওয়েবসাইট
ecs.gov.bd ওয়েবসাইটে ঢুকে ‘ভোটকেন্দ্র’ মেনু থেকে অনুসন্ধান করা যাবে। এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা যাবে, অথবা এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে সরাসরি নিজের তথ্য পাওয়া যাবে। গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্রের অবস্থান, দূরত্ব ও যাওয়ার পথও দেখা যাবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের আগেই নিজের তথ্য নিশ্চিত করে নেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button