জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগের ঘোষণা

Written by

in

এবিএনএ:  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের কাঠামো শক্তিশালী করতে সরকার নতুন করে ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই–নিরস্ত্র) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) গ্রেড–১৪ পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের সরকারি অনুমোদন প্রদান করা হলো।”

নির্দেশনায় আরও বলা হয়, অনুমোদিত পদগুলো সাংগঠনিক কাঠামোয় অন্তর্ভুক্ত করে হালনাগাদ তালিকা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। পাশাপাশি পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

অর্থ বিভাগের জিও (GO) পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে এই পদগুলো কার্যকর হবে বলে জানানো হয়েছে। এছাড়া ১৯৪৩ সালের Police Resolution of Bengal অনুযায়ী পদ পূরণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও নির্দেশ দেওয়া হয়েছে, এ সংক্রান্ত সকল প্রশাসনিক ও আর্থিক আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পন্ন করতে হবে এবং জনপ্রশাসন ও অর্থ বিভাগের আরোপিত শর্তসমূহ সম্পূর্ণভাবে অনুসরণ করতে হবে।

বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচনের আগে এই নিয়োগ প্রক্রিয়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রস্তুতি আরও জোরদার করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *