ঢাকায় মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ভারতের দুই শীর্ষ কূটনীতিক!

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর ভারতীয় হাইকমিশনে দুই দেশের এই শীর্ষ কূটনৈতিক প্রতিনিধিরা বৈঠকে বসেন।
একটি কূটনৈতিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রায় কতক্ষণ বৈঠক হয়েছে কিংবা সেখানে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
বাংলাদেশের চলমান রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ভারতের দুই প্রতিনিধির এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহলের অনেকে।
বিশেষ করে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহের উদ্যোগ নিয়ে সাম্প্রতিক আলোচনার মধ্যে বৈঠকটি নতুন করে গুরুত্ব পেয়েছে।
সম্প্রতি শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানোর বিষয়টি আলোচনায় আসে। এ ছাড়া ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করেও রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা চলছে।
এমন পরিস্থিতিতে ঢাকায় মার্কিন ও ভারতীয় কূটনীতিকের বৈঠককে ঘিরে বিভিন্ন মহলে আগ্রহ তৈরি হয়েছে। তবে বৈঠকে শেখ হাসিনার বিষয়টি কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী চলতি বছরের জুন মাসে বাংলাদেশে তাঁর দায়িত্ব শুরু করেন।




