তথ্য প্রযুক্তি

অপছন্দের পোস্টই কেন বারবার দেখায় সোশ্যাল মিডিয়া?

অনলাইন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীর পছন্দ ও আগ্রহ অনুযায়ী কনটেন্ট দেখানোর কথা বলা হলেও বাস্তবে সুপারিশ ব্যবস্থার আচরণ সব সময় সেই ধারণার সঙ্গে মেলে না। নতুন এক গবেষণায় উঠে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম অনেক ক্ষেত্রে ব্যবহারকারীর ব্যক্তিগত বিশ্বাস ও মূল্যবোধের বিপরীতধর্মী পোস্টও বেশি করে সামনে আনতে পারে। বিশেষ করে এক্সের (সাবেক টুইটার) ‘ফর ইউ’ ফিডে এমন প্রবণতা লক্ষ করেছেন গবেষকরা।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ (PNAS)-এ প্রকাশিত গবেষণাটিতে বলা হয়েছে, কনটেন্ট সুপারিশের ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলো শুধু ব্যবহারকারীর পছন্দকে গুরুত্ব দেয় না। বরং কোন পোস্ট মানুষের মনোযোগ ধরে রাখছে এবং বেশি প্রতিক্রিয়া বা সম্পৃক্ততা তৈরি করছে, সেটিও বড় বিবেচ্য হয়ে উঠতে পারে।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক জিভ এপস্টাইন ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইকেল এস বার্নস্টাইনের নেতৃত্বে একদল গবেষক এ গবেষণা পরিচালনা করেন।

**যেভাবে পরিচালিত হয়েছে গবেষণা**

সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতায় কী ধরনের প্রভাব ফেলছে, তা বুঝতে যুক্তরাষ্ট্রের ৭১৫ জন প্রাপ্তবয়স্ক এক্স ব্যবহারকারীকে গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের ব্রাউজারে একটি বিশেষ এক্সটেনশন যুক্ত করেন। এর মাধ্যমে তাঁদের দুটি ধরনের ফিডের পোস্ট সংগ্রহ করা হয়।

প্রথমটি ছিল ‘ফলোয়িং ফিড’, যেখানে ব্যবহারকারীর অনুসরণ করা অ্যাকাউন্টগুলোর পোস্ট দেখা যায়। দ্বিতীয়টি ‘ফর ইউ ফিড’, যেখানে প্ল্যাটফর্মের অ্যালগরিদম স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন পোস্ট সুপারিশ করে।

সংগৃহীত পোস্টগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের সাহায্যে বিশ্লেষণ করা হয়। পোস্টগুলোর মধ্যে প্রকাশিত মূল্যবোধ শনাক্ত করে সেগুলো অংশগ্রহণকারীদের নিজেদের জানানো বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে তুলনা করেন গবেষকরা।

বিশ্লেষণে দেখা যায়, ফলোয়িং ফিডের পোস্টগুলো সাধারণত ব্যবহারকারীদের ব্যক্তিগত বিশ্বাসের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। বিপরীতে, অ্যালগরিদমের সুপারিশ করা ‘ফর ইউ ফিড’-এর কনটেন্টের সঙ্গে ব্যবহারকারীদের নিজস্ব মূল্যবোধের নেতিবাচক সম্পর্ক পাওয়া গেছে।

গবেষণায় আরও উঠে এসেছে, শৃঙ্খলা বজায় রাখা, ঐতিহ্য ও সামাজিক নিরাপত্তার মতো বিষয়সংশ্লিষ্ট পোস্ট অ্যালগরিদমের সুপারিশে তুলনামূলক বেশি গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে অন্যের যত্ন নেওয়া, নির্ভরযোগ্যতা এবং পরিবেশ সুরক্ষার মতো মূল্যবোধভিত্তিক কনটেন্ট তুলনামূলক কম গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক বিশ্বাসের ক্ষেত্রেও এমন পার্থক্য দেখা গেছে। গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, ডেমোক্র্যাট সমর্থকদের ক্ষেত্রে এই অমিল কিছুটা বেশি ছিল।

**বিতর্ক ও নেতিবাচক মন্তব্য কি বাড়াচ্ছে কনটেন্টের উপস্থিতি?**

অ্যালগরিদমের এমন আচরণের সম্ভাব্য ব্যাখ্যা খুঁজতে গবেষকরা ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমও বিশ্লেষণ করেন। ২৪ ঘণ্টার কার্যক্রমের তথ্য পর্যালোচনা করে তাঁদের লাইক, রিপোস্ট ও রিপ্লাই দেওয়ার ধরন পর্যবেক্ষণ করা হয়।

এতে দেখা যায়, ব্যবহারকারীরা সাধারণত যেসব পোস্ট পছন্দ করেন, সেগুলোতেই লাইক দেন বা রিপোস্ট করেন। অর্থাৎ এসব প্রতিক্রিয়ায় তাঁদের ব্যক্তিগত বিশ্বাস ও পছন্দের প্রতিফলন থাকে।

তবে রিপ্লাই বা মন্তব্যের ক্ষেত্রে ভিন্ন চিত্র পাওয়া যায়। অনেক ব্যবহারকারী নিজেদের বিশ্বাসের সঙ্গে মেলে না—এমন পোস্টেও মন্তব্য করেন। বেশির ভাগ ক্ষেত্রে এর উদ্দেশ্য থাকে ওই বক্তব্যের প্রতিবাদ, সমালোচনা বা বিরোধিতা করা।

গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, এখানেই অ্যালগরিদমের জন্য তৈরি হতে পারে ভুল সংকেত। প্ল্যাটফর্ম যদি ব্যবহারকারীর আগ্রহ নির্ধারণে এনগেজমেন্ট বা প্রতিক্রিয়ার পরিমাণকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে ধরে, তাহলে কোনো পোস্টে বারবার মন্তব্য করাকে আগ্রহের প্রকাশ হিসেবে বিবেচনা করতে পারে। মন্তব্যটি সমর্থনসূচক, নাকি প্রতিবাদমূলক—সেই পার্থক্য সব সময় স্পষ্টভাবে বোঝা না-ও যেতে পারে।

ফলে কোনো ব্যবহারকারী অপছন্দের পোস্টে সমালোচনা করতে গিয়ে বারবার প্রতিক্রিয়া জানালে অ্যালগরিদম তাঁর সামনে একই ধরনের কনটেন্ট আরও বেশি তুলে ধরতে পারে। অর্থাৎ বিরোধিতা করতে গিয়ে ব্যবহারকারী অনিচ্ছাকৃতভাবেই সেই কনটেন্টের উপস্থিতি বাড়ানোর সংকেত দিতে পারেন।

**ব্যবহারকারীদের জন্য কী বার্তা দিচ্ছে গবেষণাটি?**

গবেষণার ফলাফল সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগতকৃত ফিড বা পার্সোনালাইজড কনটেন্ট সুপারিশব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সাধারণভাবে ধারণা করা হয়, এসব ব্যবস্থা ব্যবহারকারীর পছন্দের বিষয়গুলো বিশ্লেষণ করে তাঁর আগ্রহ অনুযায়ী পোস্ট দেখায়। কিন্তু গবেষণাটি বলছে, শুধু পছন্দ বা ইতিবাচক প্রতিক্রিয়া নয়, মতবিরোধ ও নেতিবাচক সম্পৃক্ততাও সুপারিশ ব্যবস্থার আচরণে ভূমিকা রাখতে পারে।

গবেষকদের পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, বিশ্বজুড়ে জনপ্রিয় কনটেন্টের একটি অংশ রিপাবলিকান মূল্যবোধের সঙ্গে তুলনামূলক বেশি সামঞ্জস্যপূর্ণ হতে পারে। এ কারণে ডানপন্থি ব্যবহারকারীরা অনেক সময় বিতর্কে না জড়িয়েও নিজেদের বিশ্বাসের সঙ্গে মেলে—এমন কনটেন্ট বেশি দেখতে পারেন।

তবে গবেষকরা এই ফলাফল থেকে সরাসরি কারণ-সম্পর্ক নির্ধারণের বিষয়ে সতর্ক করেছেন। গবেষণাটি পর্যবেক্ষণমূলক তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে; অ্যালগরিদমে নিয়ন্ত্রিত কোনো পরিবর্তন এনে পরীক্ষাটি পরিচালনা করা হয়নি। তাই ব্যবহারকারীদের অপছন্দের পোস্টে দেওয়া মন্তব্যই যে অ্যালগরিদমের সুপারিশের পরিবর্তনের মূল কারণ, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

গবেষকদের মতে, অ্যালগরিদম কীভাবে ব্যবহারকারীর প্রতিক্রিয়া বিশ্লেষণ করে এবং কোন সংকেতের ভিত্তিতে কনটেন্ট সুপারিশ করে, তা আরও স্পষ্টভাবে বুঝতে ভবিষ্যতে বড় পরিসরে নিয়ন্ত্রিত গবেষণা প্রয়োজন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button