ফরিদপুরে ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত, উত্তপ্ত ভাঙ্গায় বন্ধ ছিল ঢাকা-বরিশাল মহাসড়ক!

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে কৃষক দলের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রায় ১৫ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের বাসিন্দা আক্তার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল বের হয়। মিছিলের অংশগ্রহণকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল ব্যাহত হয়।
এ সময় হামিরদীতে অবস্থিত স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একপর্যায়ে মিছিল থেকে রাজু মোল্লাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার আগে রাত ৮টার দিকে একই এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরপর এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া জানান, রাজু মোল্লাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। ফলে চিকিৎসকদের আর কিছু করার সুযোগ ছিল না।
এদিকে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা রাজু মোল্লাকে একা পেয়ে হামলা চালিয়ে হত্যা করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান।
ঘটনার বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে গুলি অথবা ককটেলের বিস্ফোরণে রাজুর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে রাত সাড়ে ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।




