
নিজস্ব প্রতিবেদক: হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করার দাবি জানিয়েছে বাংলাদেশ হেপাটাইটিস রোগী কল্যাণ পরিষদ। এ দাবিতে আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ তারিখে মানববন্ধন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
কর্মসূচি সফল করার লক্ষ্যে ১৩ ডিসেম্বর ২০২৬ তারিখে রাজধানীর বাবুবাজারে সংগঠনটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হেপাটাইটিস রোগী কল্যাণ পরিষদের সভাপতি মো. রিয়াদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রিপন। সভায় সংগঠনের উপস্থিত সদস্যরা বক্তব্য দেন এবং রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিভিন্ন দাবি তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়। এতে অনেক রোগী আর্থিক সংকটে পড়েন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণে বাধার সম্মুখীন হন।
তারা আরও বলেন, এই রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ও যাবতীয় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার জন্য সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে পর্যায়ক্রমে হেপাটাইটিস বি ভাইরাস শনাক্তকরণ ও সংশ্লিষ্ট পরীক্ষার ব্যবস্থা চালু করতে হবে।
বক্তারা উপজেলা পর্যায়েও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তাদের দাবি, পর্যায়ক্রমে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস বি ভাইরাস-সংক্রান্ত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে প্রত্যন্ত অঞ্চলের রোগীরাও সহজে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবেন।
সভা থেকে রোগীদের চিকিৎসার অধিকার নিশ্চিত করা, পরীক্ষার ব্যয় কমানো এবং সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
এ ছাড়া আগামী ১৮ ডিসেম্বরের মানববন্ধন কর্মসূচিতে সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান সংগঠনের নেতারা।




