Tag: স্বাস্থ্য সংবাদ

  • ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন কারাবন্দি ইমরান খান

    ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন কারাবন্দি ইমরান খান

    এবিএনএ: পাকিস্তানের আদিয়ালা কারাগারে আটক সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দৃষ্টিশক্তির বড় অংশ নষ্ট হয়ে গেছে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া মেডিকেল টিমের প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে তার দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ ক্ষতিগ্রস্ত, অবশিষ্ট রয়েছে মাত্র ১৫ শতাংশ।

    চিকিৎসার আবেদন জানিয়ে সম্প্রতি আইনজীবী সালমান সাফদারের মাধ্যমে আদালতে আবেদন করেন ইমরান খান। আবেদন আমলে নিয়ে সর্বোচ্চ আদালত আদিয়ালা কারাগারে একটি বিশেষ মেডিকেল টিম পাঠানোর নির্দেশ দেয়। পাশাপাশি অ্যামিকাস কিউরি হিসেবে সালমান সাফদারকেও ওই দলে অন্তর্ভুক্ত করা হয়।

    কারাগারে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, রক্ত জমাট বাঁধা সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন ইমরান খান। এই সমস্যার চিকিৎসা শুরুর পর থেকেই তার চোখের সমস্যা বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি দ্রুত কমে গিয়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

    মেডিকেল প্রতিবেদনে আরও জানানো হয়, ৭৩ বছর বয়সী এই রাজনীতিক সাধারণত শারীরিক অসুস্থতার বিষয়ে কারা কর্তৃপক্ষের কাছে খুব একটা অভিযোগ করতেন না। তবে চোখে সমস্যা শুরু হওয়ার পর তিনি একাধিকবার বিষয়টি জানান। অভিযোগ রয়েছে, শুরুতে কারা কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেয়নি।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবরের পর থেকেই ইমরান খানের চোখে জটিলতা দেখা দেয়। আইনজীবী সালমান সাফদার জানান, সাক্ষাতের সময় ইমরান খানের চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল এবং বারবার টিস্যু দিয়ে মুছতে হচ্ছিল।

    আইনজীবীর অভিযোগ অনুযায়ী, নিয়ম অনুযায়ী আইনজীবী ও নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাতের অনুমতি থাকার কথা থাকলেও বাস্তবে অনেক সময় সেই সুযোগ দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন ইমরান খান।

    উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে পাকিস্তানের ক্ষমতায় আসেন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। পরবর্তীতে সামরিক নেতৃত্বের সঙ্গে মতানৈক্যের জেরে রাজনৈতিক সংকটে পড়েন তিনি। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক মামলায় দণ্ডিত হয়ে ২০২৩ সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দি আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

  • জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ে ওসমান হাদি, চিকিৎসকদের দৃষ্টি এখন ‘টাইম উইন্ডোতে’

    জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ে ওসমান হাদি, চিকিৎসকদের দৃষ্টি এখন ‘টাইম উইন্ডোতে’

    এবিএনএ: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসাধীন অবস্থায় এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ওসমান হাদি। চিকিৎসকদের সর্বশেষ মূল্যায়নে তার শারীরিক অবস্থাকে গুরুতর বলেই উল্লেখ করা হয়েছে।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও তার চিকিৎসা দলের সদস্য ডা. আহাদ। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকদের বরাতে এসব তথ্য তুলে ধরেন।

    ডা. আহাদ জানান, সর্বশেষ মেডিকেল রিপোর্ট অনুযায়ী ওসমান হাদির মস্তিষ্কে ইস্কোমিক পরিবর্তন এবং ব্রেন ইডেমা বা মস্তিষ্কের ফোলা এখনো কমেনি। চিকিৎসকেরা সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে তার অবস্থা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।

    চিকিৎসকদের মতে, এই মুহূর্তে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য স্বজন ও শুভানুধ্যায়ীরা দোয়া কামনা করছেন।

  • এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে খালেদা জিয়া, সারাদেশে দোয়া-মোনাজাতের প্রস্তুতি

    এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে খালেদা জিয়া, সারাদেশে দোয়া-মোনাজাতের প্রস্তুতি

    এবিএনএ: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সার্বিক শারীরিক অবস্থা নজরদারিতে রেখেছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও রিপোর্ট মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর সারাদেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতারা এতে অংশ নেবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র নেতারাও এতে উপস্থিত থাকবেন।

    গত রোববার সন্ধ্যায় স্বাস্থ্যপরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিলে তাঁকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাখা হয়। উল্লেখ্য, গত ১৫ অক্টোবরও স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং একদিন পর বাসায় ফিরে যান।

    এর আগে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে চার মাস ছিলেন তিনি। সেখানে ‘লন্ডন ক্লিনিকে’ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা হয়। দেশে ফেরার পরও এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলমান রয়েছে তাঁর চিকিৎসা।

    প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, হার্ট ও কিডনি সমস্যা, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁকে নিবিড় পরিচর্যা ও সুনির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থায় রাখা হচ্ছে।

    দেশজুড়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মোনাজাতের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও উদ্বেগ বাড়ছে বিএনপি নেত্রীর স্বাস্থ্যের উন্নতি নিয়ে।

  • জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের হার্টে তিন ব্লক, দেশে জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত

    জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের হার্টে তিন ব্লক, দেশে জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত

    এবিএনএ:  জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি বড় ধরণের ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, জরুরি ভিত্তিতে দেশে তার বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    দলের আমীরের ব্যক্তিগত সহকারী (পিএস) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে গেলে ডা. শফিকুর রহমানকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েকদিন ধরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলার পর বুধবার তার এনজিওগ্রাম করা হয়।

    এই এনজিওগ্রামে তার হৃদযন্ত্রে তিনটি বড় ব্লক ধরা পড়ে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামান। এনজিওপ্লাস্টি নয়, বরং বাইপাস সার্জারিই বর্তমানে তার জন্য উপযুক্ত চিকিৎসা পদ্ধতি বলে মত দিয়েছেন চিকিৎসকরা।

    প্রাথমিকভাবে দলীয়ভাবে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হলেও ডা. শফিকুর রহমান নিজেই তাতে রাজি হননি। তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থার কথা জানিয়ে বাইপাস সার্জারি দেশেই করানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন।

    পিএস নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে দলের মধ্যে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। চিকিৎসার সময় ও স্থান নির্ধারণে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ অবস্থায় ডা. শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন করে ভর্তি ৪০৯

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন করে ভর্তি ৪০৯

    এবিএনএ:  দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও তিনজনের এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৯ জন। এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

    স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন বরিশাল (সিটি করপোরেশনের বাইরে) ও চট্টগ্রাম বিভাগে, যথাক্রমে ৭৪ ও ৭২ জন। ঢাকা বিভাগের বাইরের জেলাগুলোতে ৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন এবং দক্ষিণ সিটিতে ভর্তি হয়েছেন ৫৪ জন।

    এছাড়াও, খুলনায় ২৮, রাজশাহীতে ৫১, ময়মনসিংহে ১১, রংপুরে ১৬ এবং সিলেটে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

    গত এক দিনে ৫৩০ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ২২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৭ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৯ জনে। এর মধ্যে পুরুষ রোগীর সংখ্যা প্রায় ৫৮ দশমিক ৬ শতাংশ এবং নারী রোগী ৪১ দশমিক ৪ শতাংশ।

    সর্বশেষ তিনজন মৃত্যুসহ এ বছরের মোট ডেঙ্গুতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৭৬ জনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং মশার বিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়েছেন।