জেলার খবরবাংলাদেশ

সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা ২২ নভেম্বর থেকে, যাতায়াতে নির্ধারিত ৫ নৌপথ, কঠোর বিধিনিষেধ

মোংলা প্রতিনিধি: সুন্দরবনের বঙ্গোপসাগর উপকূলবর্তী দুবলারচরে শত বছরের ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য পাঁচটি নির্ধারিত নৌপথ ঘোষণা করেছে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগ। একই সঙ্গে পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় জারি করা হয়েছে বেশ কিছু কঠোর নির্দেশনা।

পূর্ব বন বিভাগ সূত্রে জানা গেছে, এবারের রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে শুধু সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। লঞ্চ, ট্রলার, স্পিডবোট কিংবা দেশি নৌকায় করে নির্ধারিত পাঁচটি রুটের যেকোনো একটি ব্যবহার করে দুবলারচরে পৌঁছাতে হবে। তীর্থযাত্রীদের নিরাপত্তায় বন বিভাগ, নৌপুলিশ, র‍্যাব ও কোস্টগার্ডের সদস্যরা সার্বক্ষণিক টহল ও নজরদারি করবেন।

দুবলারচরে যাতায়াতের নির্ধারিত পাঁচ নৌপথ

বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, রাসপূর্ণিমা উপলক্ষে দুবলারচরে যাতায়াতের জন্য পাঁচটি নৌপথ নির্ধারণ করা হয়েছে। রুটগুলো হলো—

1. বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলারচর।

2. কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা থেকে শিবসা নদী ও মরজাত নদী দিয়ে দুবলারচর।

3. নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী পেরিয়ে দুবলারচর।

4. ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপসংলগ্ন পশুর নদী হয়ে দুবলারচর।

5. বগী, বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলারচর হয়ে সুন্দরবনের বাইরের পথ দিয়ে দুবলারচর।

চাঁদপাই স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ জানান, বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিন তীর্থযাত্রীরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। এজন্য জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হবে। নির্ধারিত প্রবেশপথে নৌযানের প্রবেশ ফি, অবস্থান ফি এবং যাত্রীর সংখ্যা অনুযায়ী সরকারি রাজস্ব পরিশোধের পর অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।

তিনি জানান, প্রতিটি অনুমতিপত্রে বন বিভাগের সিলসহ যাতায়াতের নির্দিষ্ট নৌপথ উল্লেখ থাকবে। অনুমোদিত পাঁচটি রুটের মধ্য থেকে পুণ্যার্থীরা নিজেদের সুবিধামতো একটি পথ বেছে নিতে পারবেন।

নৌযান চলাচল ও নিরাপত্তায় বিশেষ নির্দেশনা

বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, ২২ নভেম্বর দিনের ভাটায় তীর্থযাত্রীদের যাত্রা শুরু করতে হবে। নির্ধারিত নৌপথে কেবল দিনের আলোতেই নৌযান চলাচল করতে পারবে। বন বিভাগের নির্ধারিত চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোনো স্থানে লঞ্চ, ট্রলার কিংবা নৌকা থামানো যাবে না।

প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট অথবা লাইফ বয়া রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি নৌযানের গায়ে রং বা স্টিকারের মাধ্যমে বি, এল, সি/সিরিয়াল নম্বর এবং যাত্রীর সংখ্যা স্পষ্টভাবে লিখে রাখতে হবে।

সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে একটি করে টিকিট বা টোকেন দেওয়া হবে। বনের ভেতরে অবস্থানকালীন সেটি সঙ্গে রাখা বাধ্যতামূলক। এ ছাড়া প্রতিটি লঞ্চ, ট্রলার ও নৌযানকে আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।

নিরাপত্তার স্বার্থে সুন্দরবনে প্রবেশের সময় বিস্ফোরকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, গাছ কাটার কুড়াল, করাতসহ বন্যপ্রাণী ও বনজ সম্পদের ক্ষতি করতে পারে—এমন যেকোনো অবৈধ সরঞ্জাম বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

প্লাস্টিক ও শব্দদূষণ রোধে কঠোর অবস্থান

পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, রাসপূর্ণিমা উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় এবার বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচ বহন নিষিদ্ধ করেছে বন বিভাগ।

এ ছাড়া লঞ্চ, ট্রলার, নৌকা এবং পুণ্যস্নানের স্থানে মাইক বাজানো, পটকা ফোটানো, আতশবাজি কিংবা অন্য কোনো ধরনের শব্দদূষণ সৃষ্টিকারী কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

তিনি আরও জানান, সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক তীর্থযাত্রীকে জাতীয় পরিচয়পত্রের মূল কপি অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া সনদপত্র সঙ্গে রাখতে হবে।

রাসপূর্ণিমা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার পাশাপাশি সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ, বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষায় বন বিভাগের সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা। একই সঙ্গে নির্ধারিত ফরেস্ট স্টেশনে প্রচলিত নিয়ম অনুযায়ী রাজস্ব পরিশোধ করে অনুমতি নিয়ে দুবলারচরে যাওয়ার জন্য তীর্থযাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button