মত - দ্বিমত

আত্মহত্যা বনাম সিসিফাসের সুখ

–ড. মো. শওকত হোসেন

আপনি যদি বুদ্ধিদীপ্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনার কাছে বিনীতভাবে জানতে চাই: আপনি গভীরভাবে আত্মহত্যার বিষয়টি নিয়ে কখনো ভেবেছেন কি? আত্মহত্যা করে থাকলে আপনি প্রমাণিতভাবে ভুল করেছেন। কিন্তু এ ব্যাপারে কখনো না ভেবে থাকলে, আপনার মানসিকতার ধরন কিংবা চিন্তার স্বাভাবিকত্ব নিয়ে প্রশ্ন তোলা যায়। আপনি বেঁচে আছেন মানেই প্রমাণিত হয় না যে, যথার্থ বুদ্ধিবৃত্তিকভাবে অস্তিত্বশীল আছেন। এমনও হতে পারে জৈবিকভাবে কেউ বেঁচে থাকলেও বুদ্ধিবৃত্তিকভাবে তার আত্মহত্যা সম্পন্ন হয়ে যেতে পারে। আসলে জীবন সম্পর্কে সচেতন মানুষ মাত্রেই নিজের জীবনের সার্থকতা নিয়ে নানা রকম প্রশ্ন করেন, হিসাব-নিকাশ করেন। বিভিন্ন রকম প্যাটার্নে বা দৃষ্টিভঙ্গিতে আপনার এই জীবন-ভাবনা পরিচালিত হতে পারে।

জীবনের যে অবস্থায় আপনি থাকেন না কেন, হিসাবে বসুন- কী কী হারালেন, কোথায় কোথায় আপনি বঞ্চিত, কতো রকম কষ্ট আপনি পেয়েছেন- মোটকথা এজগত আপনাকে কতটা ঠকিয়েছে আপনি কতটা ব্যর্থ- এসব নিয়ে। আপনার জীবনের আগামী সম্ভাবনাও কী কী কারণে ব্যর্থ হতে পারে, ব্যর্থ হলে কী ধরনের বাজে অবস্থায় আপনি পরতে পারেন- তাও ভাবুন। একেবারে হাতে কাগজ কলম নিয়ে এসব নেতিবাচক ঘটনা এবং ভবিষ্যতের আশঙ্কার দেখবেন- কথা লিখে ফেলনু। এমন অবস্থা হতে পারে, আপনার জীবনকে ভীষণ রকম ব্যর্থ একটি জীবন বলে মনে হবে আপনার। তাছাড়া ভবিষ্যৎও অন্ধকার। এমন পরিস্থিতিতে জীবনের প্রতি আপনার আগ্রহ কমে যাবে। জীবনকে আপনার মনে হতে পারে এক অনর্থক বয়ে নেওয়া অসহ্য এক বোঝা। কী করবেন আপনি? এই গাধার বোঝা বহন করবেন, নাকি ফেলে দিবেন। আপনার এই নেতিবাচক তদন্তের রিপোর্ট যতো লম্বা হতে থাকবে জীবনের ইতিবাচক অর্জনের ইচ্ছতো দূরের কথা, খোদ জীবনের অস্তিত্ব নিয়েই আপনি সংকটে পড়ে যাবেন। মনে হবে-‘এই জীবন বহন করিয়া আমি কী করিব।’ আপনি আরো বেশি জীবনের এই অর্থহীনতা, ব্যর্থতাকে যদি ফোকাস করতে থাকেন, তাহলে এক পর্যায়ে জীবন বহন না করবার সিদ্ধান্তও আপনি নিতে পারেন। প্রথম দিকে বিভিন্ন রকম সম্পর্ক ছিন্ন করা, অনেক রকমের কাজ বন্ধ করে দেওয়া, এমনকি নিতান্ত দায়িত্বের কাজেও ফাঁকি দেওয়া বা অমনোযোগী হওয়া, ভালো কাজের ভালো প্রস্তাবের প্রতিও অনাগ্র দেখানো- এভাবে আপনি নিজেকে সমাজ-সংসার, বৈষয়িক-আত্মিক সব ধরনের কর্ম, দায়িত্ব, কর্মদ্যোগ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সম্পূর্ণ নিঃসঙ্গতার গহবরে বা এলিয়েনেটেড অবস্থায় নিপতিত হতে পারেন। এমনকি জীবন একেবারেই শেষ করে দেবার জন্য আখেরী সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন।

এধরনের আত্মবিনাশী সিদ্ধান্ত অনেকেই নিয়েছে। কেউ কেউ কার্যকরীও করে ফেলেছে। আবার কোনো কারণে সেটা স্থগিত হয়ে যাবার ফলে এক পর্যায়ে এদের অনেকেরই আবার এরকম ভাববারও সুযোগ হয়েছে যে, আহা জীবন এখনতো বেশ সুন্দর; কী ভুল না হতো তখন যদি এ জীবন শেষ করে দিতাম! বড় বড় প্রাপ্তির কথা দূরে থাক, ভীষণ রকমের সাধারণ বা তথাকাথিত সস্তা বিষয়কে দেখেও আপনার জীবন সার্থক মনে হতে পারে। অনেক কষ্টে থাকা সত্ত্বেও মনে হতে পারে এটুকুর জন্যও বেঁচে থাকা যায়। এক কবির এমন এক উপলদ্ধির একটু উদ্ধৃতি দেই:

মাটির পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি,

না এলেই ভালো হত অনুভব করে;

এসে যে গভীরতর লাভ হল সে-সব বুঝেছি

শিশির শরীর ছুঁয়ে সমুজ্জল ভোরে;

দেখেছি যা হল হবে মানুষের যা হবার নয়-

শাশ^ত রাত্রির বুকে সকলি অনন্ত সুর্যোদয়।

[জীবনানন্দ দাশ, সুচেতনা, কাব্যগ্রন্থ বনলতা সেন]

রাত্রিতে যেমন সূর্যের দেখা মিলবে না- এমন না হবার বাস্তবতা সত্ত্বেও জীবনে অনেক কিছুই হতে পারে, যা ইতিবাচক জীবনের সার্থকতার সারথী। ভোরের শিশিরের ওপর আলোর ঝলকানিতে আপনার মন ভরে যেতে পারে। ভুলে যেতে পারেন রাত্রের সকল অন্ধকার, আলোর প্রতি অপেক্ষার অসহ্য প্রহর। আপনারও একটু একটু করে আবার সাধ হতে পারে বেঁচে থাকার। মনে হতে পারে, আহা জীবনতো মন্দ নয়। আমি চলে গেলেও তো এই জগত-সংসারে নানা রূপ থেকে যাবে। অনেক সুন্দর বিষয়ও আমার দেখা হবে না, যেসব দেখে অনেকেই সোনালী স্বপ্নের সাধ নিয়ে এগিয়ে চলবে জীবনের পথে। যেমনটি উপলব্ধি করেছিলেন এক প্রকৃতি-প্রেমি অথচ জীবনযুদ্ধে বিধ্বস্থ এক কবি:

 

“সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি- এই নদী নক্ষত্রের তলে

সেদিনও দেখিবে স্বপ্ন- সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে করে আর ঝরে!

আমি চলে যাব ব’লে চালতাফুল কি আর ভিজিবেনা শিশিরের জলে

নরম গন্ধের ঢেউয়ে? লক্ষীপেঁচা গান গাবে নাকি তার লক্ষীটির তরে?

সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে করে আর ঝরে!

[জীবননান্দ দাশ, সেই দিন এই মাঠ, রূপসী বাংলা]

তবে এসব কুসুম কুসুম ভালো লাগার আমেজও অনেক সময় একেবারে ধ্বসে পড়তে পারে যদি জীবনে কিছু মহাবিপর্যয় বা অপূরণীয় ক্ষতি হয়ে যায়। যদি কেউ এমন বিয়োগান্ত বা ট্রাজিক ঘটনার শিকার হন যে, সেই ক্ষতি কখনো সামলে নেওয়া সম্ভব নয়। যেমন প্রিয় বিচ্ছেদ, বিশেষ কিছু মৃত্যু ইত্যাদি। এমন পরিস্থিতিতে কেবল সাময়িকভাবে নয়, সার্বিকভাবেই জীবনকে ব্যর্থ, অর্থহীন একটি অশুভ নাটক মনে হতে পারে। এমনটি একেবারেই অস্বাভাবিক নয়। এই যে ধরুন ম্যাকবেথের জীবন সম্পর্কে যে উপলব্ধি হয়েছিলো:

“জীবন তো এক ভ্রাম্যমান ছায়াস্বরূপ,

সেটা এক ব্যর্থ অভিনেতার ক্ষণিক

সময়ের বিরক্তভাবে ছটফট করা রূপ,

দ্রুতই তাকে মঞ্চ থেকে- যেতে হয় চলে

চিরতরের জন্য- কেউ যেন তার কথা আর শুনতে না পারে

এটা যেন এক নির্বোধের গল্প-

উত্তেজনা আর কোলাহুলে ভরা,

পুরোটাই অর্থহীন নিঃস্ফলা।”

(Life’s but a walking shadow a poor player,

That struts and frets his hour upon the stage,

And then is heard no more

It is a tale told by an idiot

Full of sound and fury,

Signifying nothing.)

[William Shakespeare, Macbeth]

ম্যাকবেথম, হ্যামলেট, ইডিপাস বা অন্যকোনো হিরোর মতো অতটা বিপর্জয় কারো জীবনের থাকুক বা না থাকুক আপনার কাক্সিক্ষত না পাওয়ার খাতা বা বাকির খাতা যদি আপনি খুলে নিয়ে বসেন, তাহলে আপনি নিজেকে মহা ট্রাজিক না ভাবলেও জীবনকে অর্থহীন বলে মনে করতেই পারেন। এখানে ‘অর্থহীন’ কথাটা খুবই তাৎপর্যপূর্ণ। কেননা জীবনকে যারা ইতিবাচক বলে ভাবেন, বা অনেক আশাবাদী হয়ে যারা কাজ করেন, তারাও জীবনের অর্থহীনতার জটিলতায় ভুগতে পারেন। আর একেবারে চুলচেরা যৌক্তিক বিচার-বিশ্লেষণ করে ভেবেও অনেকে দেখিয়েছেন যে, ‘জীবনের নিজের কোনো অর্থ নেই।’ যেমন পানির কোনো নিজের রং নেই। তাই যদি সত্য হয়, তাহলে সেই পুরাতন এবং কালজয়ী প্রশ্নতো আবারও সামনে আসে, ‘এই জীবন লইয়া আমি কী করিবো! নাকি জীবনের সমাপ্তি টানিবার চেষ্টা করিবো, এমনকি আত্মহত্যার কথা ভাবিবো?’ ঠিক এ ধরনের একটি প্রশ্ন নিয়েই বিখ্যাত ফরাসী দার্শনিক আলবেয়র ক্যামু তাঁর The Myth of Sisyphus নামক একটি দার্শনিক প্রবন্ধ শুরু করেছিলেন। এই প্রবন্ধের প্রথমেই তিনি বলেন:

“একটিমাত্র সমস্যাই সত্যিকার অর্থে সুগভীর দার্শনিক সমস্যা বলে বিবেচিত হতে পারে, তাহলো আত্মহত্যার সমস্যা। এই জীবন আদৌ যাপনযোগ্য কিনা তা বিচার করার মধ্যেই নিহিত আছে দার্শনিকদের মৌলিক সমস্যা। অন্যসব সমস্যা নিয়ে মত আওরানো তুলনামূল বিচারে নিতান্তই খেলামাত্র। মানুষের সর্বাগ্রে প্রথম সমস্যটিরই উত্তর অনুসন্ধান করতে হবে।”

(There is but one truly serious philosophical problem, and that is suicide. Judging whether life is or is not worth living amounts to answering the fundamental question of philosophy. All the rest- whether or not the world has three dimensions, whether the mind has nine or twelve categories- comes afterwards. These are games; one must first answer.)

[Alberf Camas, the Myth of Sisyphus, p.4]

আত্মহত্যা বা জীবন চালিয়ে যাওয়া- এ উভয় ধরনের প্রশ্নই মূলত মানবজীবনের মূল সমস্যা হওয়া উচিত। আবার দার্শনিক চিন্তারও কেন্দ্রে থাকা উচিত এই প্রশ্ন। ক্যামু দেখান যে, বিশ্বস্রষ্টার অস্তিত্ব নিয়ে কোনো সমস্যার কারণে মানুষ আত্মহত্যা করে না। কিংবা মহাবিশ্বের গ্রহ-নক্ষত্র, চন্দ্র-সূর্যের আবর্তন বিষয়ে কোনো প্রস্তাবনার পক্ষ-বিপক্ষের কারণে কেউ নিজের জীবনকে শেষ করে দিতে চায় না। কিন্তু জীবনের একান্ত কিছু সমস্যা আছে যা খোদ জীবনকে ঘিরেই- সেই সমস্যাগুলো বেঁচে থাকার দায় অথবা আত্মহত্যার যৌক্তিকতা তৈরি করতে পারে। এমনকি কেউ কেউ জীবন উৎসর্গও করে জীবনকে সুন্দর মনে করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, স্বাধীনতা সংগ্রাম বা যে কোনো বৈধ জীবনঘনিষ্ঠ দাবী প্রতিষ্ঠিত করতে আন্দোলন করে কেউ জীবন দিয়ে দিতে পারেন, এটা কিন্তু জীবনকে ভালোভাসারই ফল। সুন্দর করে বাঁচার তাগিদেই এটা করা। নিজে বাঁচতে না পেরেও অন্যকে বাঁচানোর মধ্যে জীবনের সার্থকতা খোঁজা। আসলে ক্যামু জীবনঘনিষ্ঠ সকল প্রশ্নকেই আত্মহত্যার প্রশ্ন দিয়ে শুরু করেন। মূলত তিনি দেখাতে চান যে, এর মূল প্রশ্ন হলো জীবনের অর্থ নিয়ে। এ জীবনের কোনো অর্থ আছে কী? এ প্রশ্নই জীবনের কিংবা মৃত্যুর সকল কাম্য অকাম্য বিষয়কে নিয়ন্ত্রণ করে।

আমরা যদি আমাদের নিজেদের জীবন এবং আমাদের কাছের মানুষদেরই লক্ষ করি, তাহলে দেখতে পাই জীবন সম্পর্কে ধারণা বৈচিত্র্যপূর্ণ। কেউ অনেক কিছু পেয়েও অসুখী, জীবন তার নিকট বিষাদের, আবার ভীষণ অভাব অনটনেও কেউ কেউ জীবনকে মহিমান্বিত মনে করেন। কিন্তু একটি বিষয় সবার ক্ষেত্রেই আছে তা হলো নানাবিধ সমস্যা; এমন এমন কিছু ঘটনা যা তারা কখনও ধারণায় বা কল্পনায় আনেনি। এমন কিছু ঘটনা যা তাদের কর্মের সাথে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। এসব কারণে জীবনে নানা সময় মানুষ ভীষণভাবে বিব্রতবোধ করে। আমার এক স্নেহভাজন ছোট ভাই অনেকদিন আগে এক আলাপচারিতায় বলেছিলো, প্রত্যেক মানুষের সমস্যা বা প্রসঙ্গই আলাদা। একক ফর্র্মুলায় ভিন্ন ভিন্ন মানুষের বৈচিত্র্যময় সমস্যার সমাধান করা যায় না। বহুদিন পরে তার কথার তাত্ত্বিক ভিত্তি আমি খুঁজে পাই আলবেয়র ক্যামুর কথায়। তিনি সমাজবিজ্ঞানীদের সর্বজনীন তত্ত্বের ব্যাপারেও আপত্তি তোলেন। তাঁর মতে, কোনো সামাজিক বিজ্ঞানই আত্মহত্যার সমস্যা বা জীবনের অর্থ নিয়ে কোনো সর্বজনীন ব্যাখ্যা বা মহাবয়ান দাঁড় করাতে ব্যর্থ হবে। এই ক্ষেত্রে প্রত্যেকেই নিজের মতো করেই তার জীবনের অর্থ বা গুরুত্বকে বুঝতে চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। ক্যামুর মূল প্রস্তাবনা হলো তিনি বোঝাতে চান যে, জীবন অ্যাবসার্র্ড (absurd); জীবনের ঘটনাসমূহ অসংলগ্ন, কোনো কার্যকারণ সম্পর্কের বৈজ্ঞানিক বিধি বা সর্বজনীন যৌক্তিক নীতি দিয়ে একে দেখতে চাইলে ভুল হবে। গাণিতিক ও যৌক্তিক সর্বজনীনতা জীবনের অ্যাবসার্র্ড বাস্তবতার নিকট হার মানে।

তাহলে সবকিছুই যখন অ্যাবসার্র্ড, জীবন যখন অঘটন ঘটন পটিয়েশু বাস্তবতার ধারক, এর ঘটনা প্রবাহ যদি অসংলগ্ন হয়, তাহলে সেই প্রশ্নইতো আবার আসে- জীবনের কোনো তাৎপর্য আছে কী? এ জীবন কী বহনযোগ্য? ক্যামু একথার উত্তর দেবার পূর্বে একটি বাস্তবতার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করাতে চান, তা হলো, “জীবনের কোনো নির্ধারিত অর্থ নেই।” জীবন নিজের থেকে কোনো অর্থ ধারণ বা বহন করে বেড়ায় না। জীবনের অর্থটাই অ্যাবসার্র্ড। মানুষ যখন তার স্বাধীনতা সম্পর্কে সচেতন হয়, সচেতন হয় তার সম্ভাবনাগুলোর প্রতি, তখন সে দেখতে পায় পৃথিবী নির্বিকার। তখনই সৃষ্টি হয় তার নিজের অস্তিত্বের অর্থহীনতা। আসলে এরই নাম জীবনের অ্যাবসার্র্ড চরিত্র। জীবন নিজের থেকে, কেবল জগতের সহযোগিতায় এমনি থেকে ব্যক্তির চাহিদা অনুযায়ী সবকিছু সাজিয়ে দেয় না। এমনকি চেষ্টা করলেও সবসময় কাক্সিক্ষত ফল মেলে না। আবার পর্যাপ্ত চেষ্টা ছাড়াই কখনও কখনও হঠাৎ করে অনেক প্রাপ্তি এসে যায়। এটা এক ধরনের অভাবনীয় বাস্তবতা। অনেক ক্ষেত্রেই এটা একটা অসস্তিকর অনুভূতি, বিশেষকরে যখন তা জীবনে কোনো স্বাভাবিক কাক্সিক্ষত প্রাপ্তির প্রতি নেতিবাচক অবস্থা হয়ে দাঁড়ায়। আপনি খুব ভালো রেজাল্ট করেছেন, আপনার একাডেমিক জীবন খুবই চমৎকার, দক্ষতা প্রমাণিত, অথচ আপনি ভালো চাকরির পর্যাপ্ত চেষ্টা করেও পাচ্ছেন না, কেউ আপনাকে কোনো সহযোগিতা করছে না। অথচ আপনার চাইতে ঢের অযোগ্য মানুষ কম চেষ্টায়ই আপনার চাইতে উচ্চতর অবস্থানে চলে যাচ্ছে। এই অভাবনীয় অনাকাক্সিক্ষত অনুভূতি আপনার জন্য একেবারেই অসস্তিকর। অনেক সময় অব্যাখ্যেয়। কামুর ভাষায়,

“যে পৃথিবীকে একটা বাজে যুক্তি দিয়ে আমাদের অত্যন্ত আপন বলে গ্রহণ করা যায়, হঠাৎ করে তা নানারকম বিভ্রান্তি আর আলো ছড়িয়ে সহসা যেন নগ্ন হয়ে পড়ে। এ অবস্থায় কোনো ব্যক্তি নিজেকে একজন আগন্তক বা অপরিচিত বলেই আবিস্কার করতে বাধ্য হয়। আর এই নির্বাসনের যেন কোনো প্রতিকারও নেই। ব্যক্তিমানুষ আর জগতের যাপিত জীবনের মাঝখানে এই যে ব্যবধান- অভিনেতা আর মঞ্চের মধ্যে এই যে দূরত্ব- এটাই হচ্ছে [সংগতিহীনতা, অর্থহীনতা, উদ্ভট] অ্যাবসার্ড অবস্থা।”

বস্তুত ক্যামুর মতে, অ্যাবসার্ড বা অসংলগ্নতা তখনই দেখা দেয় যখন মানুষ অবিরাম তার জীবনের অর্থ খুঁজে বেড়ায়, কিন্তু তার চারিপাশের জগত ও বাস্তবতা অনাকাঙ্ক্ষিতভাবে উদাসীনতা প্রদর্শন করে চলে। এটাই গড়পরতা সকল বোধসম্পন্ন মানুষের জীবনে অমোঘ বাস্তবতা। কিছু নির্বোধ অযথা জগত-জীবনের নানা রকম সুবিধা উৎকর্ষ দেখে বা কিছুটা পেয়ে জীবনের অপরিসীম সম্ভাবনা এবং জগতের বৈচিত্র্যময় রূপকে ভুলে থাকতে পারে। কুয়োর  মধ্যে থেকে যারা ওটাকেই বিশ্ব মনে করে, তারাই জীবন নিয়ে এক ধরনের তৃপ্তির ঢেকুর দিয়ে সবকিছু সম্পর্কে উদাসীন হয়ে নির্জীব পদার্থের মতো অচল থাকতে পারেন। ক্যামু এমন নির্বোধের সুখী জীবনও কাম্য মনে করেন নি। মানুষের বৌদ্ধিক উন্নতি ও আত্ম-সচেতনাকে মানুষের মূল বৈশিষ্ট্য হিসেবেই তিনি দেখতে চান। আর এই বুদ্ধিমান মানুষ জীবনের ভীষণ রকম অপ্রাপ্তি, অসংলগ্নতা, উদাসীনতার বিষয়টি দ্বারা বিচলিত হতেই পারেন বলে তিনি মনে করেন। আর এই বিচলিত হওয়া যদি উদ্বেগের সৃষ্টি করে এবং ক্রমশ: তার মাত্রা বাড়তে বাড়তে চরমভাবে জীবনকে অর্থহীন মনে করতে উৎসাহিত করে, আত্মহত্যা বা নিজের জীবনকে বিসর্জন দিতে বলে, তাহলে এই ধরনের আত্মহত্যাকে খুবই স্বাভাবিক বলেই ধরে দেওয়া যেতে পারে। ক্যামু দেখান যে, যারা আত্মহত্যা করেন তারা সবাই কেবল তুচ্ছ একটি ঘটনাকে সামনে রেখেই করে ফেলে, বিষয়টি অনেক সময় তা নয়। আমরা মিডিয়ার মাধ্যমে সেরকম কিছু মুখরোচক কথাই কেবল শুনে থাকি। ডাক্তারি ভাষায় অনেক সময় শুনি চরম মানসিক সংকট বা এক ধরনের মনোরোগের কথা। কিন্তু এই মনোরোগ হঠাৎ করে কোনো বিচ্ছিন্নভাবে আগমন ঘটে না। এমন ইমিডিয়েট বা নগদ প্রাপ্ত ঘটনাই মানুষকে আত্মহত্যার মতো এত বড় রকমের দুর্ঘটনার দিকে নিয়ে যায়- এমন গল্প সব সময় সত্য নয়। সবাই হঠাৎ করে মানসিক রোগীও হয়ে যায় না। বরং বিষয়টির কারণ আরও গভীরে। হতে পারে এটা দীর্ঘদিনের চিন্তার পরিণতি। জীবনের অসারতার প্রতি এক প্রতিবাদস্বরূপ হঠাৎ যখন ঘটনাটি ঘটে তখনই আমরা এর খোঁজ জানতে পারি। এর পিছনের দীর্ঘ স্টোরি আমরা অনেক সময়ই জানতে পারি না। মানবজীবনের স্বাধীন ইচ্ছা দ্বারা পর্যাপ্ত কর্ম ও সাধনার দ্বারা বিকাশ লাভের প্রচেষ্টা সত্ত্বেও জগত তথা বাস্তবতার বেইমানি আপনি আমি আমরা সবাই কম-বেশি সহ্য করে এ পর্যন্ত আসছি। মজার ব্যাপার হলো ক্যামু আমাদের মনে করিয়ে দিতে চান যে, জীবনের অর্থহীনতার সমস্যা দ্বারা বিচলিত হয়ে জীবন থেকে পালানোর এমন চিন্তা আমাদের অধিকাংশ মানুষেরই জীবনে কম-বেশি এসেছে। আবার সেটা থেকে আমরা কোনো কোনো ছোট-বড় ঘটনার প্রেক্ষিতে মুক্ত থাকতে পেরেছি। এই মুক্ত থাকাটা বা আত্মহত্যা না করে জীবন চালিয়ে নেওয়ার সুযোগ পাওয়াটাও একটা অনিশ্চিত অসংলগ্ন তথা অ্যাবসার্ড বিষয়। এরও কোনো বৈজ্ঞানিক বা ব্যাকরণের মতো নির্ধারিত নিয়ম নেই।

তাহলে কী দাঁড়াচ্ছে- বেঁচে থাকা, আত্মহত্যা করা সবই যখন ডাল-ভাতের মতো স্বাভাবিক হয় এর কোনো সূত্র দিয়ে যদি একে নিয়ন্ত্রণ বা ব্যাখ্যা করা না যায়, তাহলে উপায় কী? গাধার চিনি বহনের মতো নিরলসভাবেই নিয়তির হাতে জীবনকে ছেড়ে দিতে হবে? অথবা অর্থহীন জীবনের সাথে আপোষ করে আত্মহত্যা করতে হবে? ক্যামু এক্ষেত্রে বিরাটভাবে ‘না’ বলতে চান। তবে প্রাথমিকভাবে কেবল এটা ভালো করে মনে রাখতে বলেন, বুঝতে বলেন যে, জীবনের কোনো অর্থ নির্দিষ্ট নেই। আর এই অর্থহীন জীবনকে সার্থক করারও কিছু দাওয়াই আছে। ক্যামু যেসকল দাওয়াই দিতে চান তাকে আমরা অ্যাবসার্ড বা জীবনের অসংগতি দূর করার উপায় এবং আত্মহত্যা না করার যুক্তি বলে বিবেচনা করে দেখতে পারি। এ পর্যায়ে আমরা সেবিষয়ের আলোচনা করছি।

অ্যাবসার্ড মোকাবেলার মাধ্যমে আত্মহত্যা না করার যুক্তি: আলবেয়র ক্যামু তাঁর The Myth of Sisyphus, The Stranger, The Plague, The Rebel এবং আরও কিছু রচনায় অ্যাবসার্ড মোকাবেলা করে জীবনকে সচল রাখার, আত্মহত্যা না করে সাচ্ছন্দে জীবন কাটানোর যেসকল প্রেসক্রিপশন দিয়েছেন সেগুলোর গুরুত্বপূর্ণ দিকগুলো হলো:

১. অ্যাবসার্ডকে স্বীকার করে নিন, প্রয়োজনে আলিঙ্গন করুন (Embrance Absurdity): জীবন যে একেবারে ‘ফুলের বিছানা’ নয়, এমনকি যারা তথাকথিত সোনার চামুচ মুখে দিয়ে জীবন শুরু করেছেন তাদের জীবনেও যে নানারকমের অ্যাবসার্ড অবস্থা আসতে পারে এটা মেনে নিয়ে, স্বীকার করেই আপনাকে চলতে হবে। আপনি অভাবের সংসারে বড় হয়েছেন, ঠিকমত প্যারেন্টিং বা দক্ষ পিতা-মাতা কিংবা সাজানো সংসারে আপনার জন্ম হয়নি, আপনি একজন সাবঅলটার্ন অর্থাৎ নিম্নবর্গীয় তাতে কী! আপনার উল্টো বর্গের অর্থাৎ তথাকথিত সৌভাগ্যবানরাও জীবনের জাটিলতা ও অর্থহীনতার শিকার হচ্ছেন অহরহ। আপনি হয়তো তাদের জীবনের অসংলগ্নতা জানেন না। এক কথায় জীবন যেহেতু স্বকীয়ভাবে অর্থহীন- সেটা আপনার জন্য এবং সবার জন্যই সমান। অর্থহীন জীবনকে যদি একনলেজ বা স্বীকার না করেন, তাহলে আপনার এবং অন্য সবার জীবনেই অসংলগ্নতার সমস্যা আরও বেড়ে যাবে। আরও বেশি পস্তাতে হবে। কারো যদি রোগ হয়, ডাক্তারি পরীক্ষায়ও সেটা ধরা পরে, তাহলে সেই রিপোর্ট বলছে আপনি রোগী- এটা মেনে নিয়েই চিকিৎসা করে সেই রোগের প্রতিকার আশা করতে পারেন। আবার চিকিৎসায় আপনি ভালো হতে পারেন, কিংবা রোগ নাও সারতে পারে- এ সম্ভাবনাও আপনার মাথায় রাখা জরুরি। তেমনি জীবনের বড় পর্দায় আপনি নানা রকম অর্থহীনতা, অসংলগ্নতা বা উদ্ভট অবস্থার শিকার হতে পারেন বা হয়ে চলছেন- এর প্রত্যেকটি অবস্থা আপনাকে স্বীকার করে নিতে হবে। জীবনে যা ঘটে তা-ইতো বাস্তব। তা-ইতো স্বাভাবিক বলে প্রমাণ হয়। তাই কোনো ঘটমান ঘটনাকেই অন্তত আপনি অস্বাভাবিক বলে খামাখা অধিবিদ্যক চিন্তায় সময় নষ্ট না করে তার সমাধান বা তা প্রতিরোধ করার মানসিকতা নিয়ে এগিয়ে চলুন। এই স্বীকৃতি বা এ্যাকনলেজমেন্টই আপনার নিজেকে দুঃখী ভাবার, জীবনকে অযাপনযোগ্য বলে শেষ করে দেবার মানসিকতা থেকে খানিকটা স্বস্তি দিতে পারে। ক্যামু অ্যাবসার্ডকে ডিল করা বা মোকাবেলা করার জন্য তিনটি বিকল্প রাস্তা আছে বলে উল্লেখ করেন, এগুলো হলো:

১. আত্মহত্যা (Suicide)

২. বিশ্বাস (Faith)

৩. স্বীকৃতি (Acceptance)

ক্যামুর মতে, প্রত্যেক মানুষের জীবনেই বিভিন্ন রকমের অ্যাবসার্ড অবস্থা আসতে পারে, এমনকি এর পরিমাণ কারো কারো জীবনে এতটাই বেশি হতে পারে যে, চারিদিকে কেবল হতাশামূলক অবস্থাই দেখা দিতে পারে। এমতাবস্থায় এই অ্যাবসার্ডের মোকাবেলায় যে তিনটি প্রধান বিকল্পের কথা ক্যামু পর্যালোচনা করেন, তার প্রথমটিই হলো আত্মহত্যা। এটা হলো আত্মসত্তার বিলুপ্তি। তিনি একে দৈহিক বা শারীরিক বিনাস (physiological destruction) বলেছেন। তাঁর মতে, এভাবে অ্যাবসার্ডকে মোকাবেলা করা বোঝায় না, বরং এটা হলো এই অর্থহীন জীবনকে ঠিকমত আমলে না নিয়ে এড়িয়ে যাওয়ারই নামান্তর (suicide does not address the meaninglessness of life, but rather avoids it.)| তাই প্রাথমিকভাবেই এটা অ্যাবসার্ড মোকাবেলার কোনো পথই হতে পারে না। এর পরে আসে বিশ্বাসেরর প্রশ্ন। আমাদের চারিপাশে এমন অনেক মানুষ আছে যারা মনে করে জীবন ভীষণ রকমের সুখের জন্যই, জীবনে সুখ আসবে, একদিন না একদিন সকল আধাঁর কেটে গিয়ে সবকিছু আলোকিত হয়ে উঠবে। এই ধরনের বিশ্বাসও অ্যাবসার্ড মোকাবেলার উত্তম পথ হতে পারে না বলে ক্যামু মনে করেন। তিনি দেখান যে এধরনের বিশ্বাস অনেক ক্ষেত্রেই মিথ্যা আশ্বাসে ভর করে তৈরি (besed on false promises)। এই দুনিয়ায় আমরা বরং আরো বেশি দুঃখ পেতে পারি- যদি কোনো মিথ্যা প্রতিশ্রুতিতে ভর করে অযথা আশাবাদী হয়ে উঠি। আপনি যদি অন্য লোকজনের নিছক প্রতিশ্রুতিতে বিরাট ব্যবসা পাতিয়ে বসেন, এমন বিশ্বাস নিয়ে থাকেন যে, তারা আপনাকে মূলধন দিবে, লোকসান সামলাতে পাশে এসে দাঁড়াবে, তাহলে আপনি আরও কিছু অনাকাঙ্ক্ষিত অ্যাবসার্ড অবস্থাকেই বরং আহবান করবেন। বাস্তবে ঐ ব্যক্তিরা অনেকেই আপনার সাথে প্রতিশ্রুতি রক্ষা নাও করতে পারেন। এধরনের অবস্থা দুনিয়ায় মোটেই অস্বাভাবিক নয়। আপনার জীবনে এমন ঘটলে আপনি এটাকে নিতান্তই দুর্ঘটনা বলে মনে করতে পারেন, যদি আপনি বিরাট রকমের বিশ্বাসে নিমজ্জিত থাকেন। ক্যামুর মতে, এই অ্যাবসার্ড দুনিয়ায় এ ধরনের বিশ্বাস নিয়ে থাকাটা যৌক্তিক নয়। বিশ্বাসেরও কিছু যুক্তি দরকার। এরকমের নিরেট নির্বিচার বিশ্বাস মানুষের যুক্তিশীল সত্তাকে (rationality) হত্যা করে। ক্যামু একে দার্শনিক আত্মহত্যা (philosophical suicide) বলে অভিহিত করেছেন। অন্ধ বিশ্বাসের ওপর নির্ভর করাকে এ ধরনের নামকরণ করার সার্থকতা হলো, দর্শন মানুষকে যুক্তি দিয়ে সবকিছু যাচাই করে দেখতে বলে; কোনো কিছুকেই অন্ধভাবে বিশ্বাস করাটা দার্শনিক পদ্ধতি নয়। তাই অ্যাবসার্ড মোকাবেলায় নির্বিচারে কোনো কিছু বিশ্বাস করার এ বিকল্পটিকে ক্যামু দার্শনিক আত্মহত্যা বলতে চান।

এ পর্যায়ে এসে অ্যাবসার্ড মোকাবেলার ক্ষেত্রে বাকি থাকে তৃতীয় বিকল্প অর্থাৎ স্বীকৃতি (acceptence)। ক্যামু এই পদ্ধতিটিকেই যথার্থ পদ্ধতি বলে মনে করেন। তিনি এই অবস্থাকে আমলে নিতে বলেন যে, দুনিয়ায় আমাদের জীবন মূলগতভাবেই অর্থহীন (fundamentally meaningless)। এই অর্থহীনতাকে স্বীকৃতি দান হচ্ছে অনকাক্সিক্ষত অবস্থা বা অশুভ অ্যাবসার্ডকে মোবাবেলার একেবারেই আবশ্যিক প্রাথমিক ধাপ। এমনকিছু বিষয়ে ক্যামু প্রাথমিকভাবে স্বীকার করে নেওয়ার প্রতি প্রস্তাব দেন যা আমলে নিলে অ্যাবসার্ড বাস্তবতাকে মোকাবেলা করে জীবন চালিয়ে যাওয়া সহজ হয় বলে তিনি মনে করেন; এগুলো হলো:

ক)   জীবন মৌলিকভাবেই নিজের থেকে কোনো অর্থ বহন করে না।

খ) আমাদের ক্ষমতা বা যোগ্যতার ঘাটতি আছে।

গ) জীবনে যেকোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটতে পারে।

ঘ) জগত আমাদের ইচ্ছানুযায়ী কাজ করতে বা সাড়া দিতে বাধ্য নয়, এটা নির্লিপ্ত, নিরব (indifferent) থাকতে পারে।

ক্যামুর মতে, অ্যাবসার্ড অবস্থাকে জীবনের বাস্তবতা হিসেবে স্বীকার করে নিয়ে, জীবনের অর্থহীনতা ও অযোগ্যতাসমূহ আমলে নিলেই অযথা কষ্ট পাওয়া, আত্মহত্যার মতো অনাকাক্সিক্ষত কাজ করা থেকে বিরত থেকে, জীবনে সাহস ও ধৈর্য নিয়ে বাঁচা যায়।

২. জীবনের অর্থ নিজেকেই সৃষ্টি করে নিতে হবে: জীবন যেহেতু উৎপত্তিগতভাবে অর্থহীন। জগত যেহেতু উদ্ভট আচরণ করে, তাই কোনো কিছুর ওপর দোষ না চাপিয়ে, কারো উপর নিজের জীবনের বিকাশের বা অর্থ খুঁজে দেবার ভার না দিয়ে, নিজেকেই নিজের জন্য অর্থ তৈরি করতে হবে বলে ক্যামু আহ্বান জানান। আপনার মনের আশাকে আপনার চাইতে কে ভালো জানে? কে আপনার যোগ্যতা ও অযোগ্যতার আসল খবর রাখে? সবচাইতে নির্ভরযোগ্য সূত্র হলো আপনার মন। আপনি নিজে। অন্যেরা আপনাকে জগত চিনাতে পারে। বিভিন্ন বিকল্পের তুলনা করতে পারে। অনেক দৃষ্টান্তের সন্ধান দিতে পারে। উদাহরণ দিয়ে আপনার মগজ ভরিয়ে তুলতে পারে। কিন্তু আপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আপনার নিজেরই। ওসব ছবককে সহায়ক ধরে নিতে পারেন। অন্ধকারে গ্রামের মেঠো রাস্তায় পথ চলার ক্ষেত্রে টর্চ লাইটের মতো। পথ চলতে হবে আপনার নিজের পায়ে। এমনকি পথ চলার সময় টর্চ লাইটটাও কোনদিকে ধরবেন সেটিও ঠিক করতে হবে আপনাকেই। স্কুল আপনাকে এইম ইন লাইফ বা জীবনের লক্ষ্য রচনা মুখস্ত করাবে; সেখানে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মহাকাশ বিজ্ঞানী অনেক কিছুই হয়ে যাওয়ার কথা মুখস্ত করে পরীক্ষার খাতায়ও লিখে থাকতে পারেন, কিন্তু বাস্তব জীবনে আপনার কেরিয়ার প্লান তথা প্রতিষ্ঠিত হবার পরিকল্পনা ও পদক্ষেপ আপনাকে এমনভাবে নিতে হবে যা আপনার নিজের যোগ্যতা ও ভালো লাগার সাথে সামঞ্জস্যপূর্ণ, যেটা হয়ে ওঠা আপনার জন্য কেবল কল্পনাই নয়, বরং চেষ্টা করার পর্যাপ্ত কারণ, মানসিক সাহস ও ধৈর্য আছে। আপনাকে আপনিই সব চাইতে ভালো চেনেন, সবচেয়ে বেশি ভালোবাসেন। এই সত্য থেকে বিচ্যুত হয়ে অন্য কারো উপর ভরসা বাড়াতে লাগলে আপনার অ্যাবসার্ড ওয়ার্ল্ড ক্রমে বড় হতে থাকবে। ধ্বস নামতে থাকবে আপনার জীবনে। আপনার যতই নিকটজন হোক, কারো ভরসায় পুরো পরিকল্পনার বড় অংশ সাজাবেন না। যত পারেন কমান। পারলে আপনজনের অনুগ্রহ বা করুণামূলক সাহায্য নেওয়ার চিন্তা ও কাজকে শূন্যের কোটায় নিয়ে আসুন। সাবালোক হোন। কেউ হাত গুটিয়ে নিলে বা কাঙ্খিত সহযোগিতা না করলে একেবারেই ঘাবড়াবেন না, বরং অ্যাবসার্ড জগতের স্বাভাবিক উদাসীন অবস্থা মনে করে তা ধৈর্য ধরে গ্রহণ করুন, কখনোও তা পাওয়ার আশায় নিজেকে ছোট করবেন না। আপনার নিজের থেকে কাজ করার অথবা আত্মনির্ভর হওয়ার ক্ষমতা বৃদ্ধি করুন।

৩. প্রয়োজনে পরিকল্পনা পরিবর্তন করুন (Be flexible): জীবনের অর্থ নির্ধারণে কোনো গোড়ামি কাম্য নয়। এ ক্ষেত্রে অনেক সময় নমনীয় (flexible) হওয়া প্রয়োজন। জীবনের অর্থ যেমন জন্ম থেকে নির্ধারিত নয়; বয়স ও বাস্তবতার বিবর্তনে আমাদের অর্থ খোঁজার ধরন ও বিষয়েও পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তন হঠাৎ করেই, এমনকি কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করেও হতে পারে, আবার দীর্ঘ বোঝাপড়ার মধ্য দিয়েও হতে পারে। যে-কারো জীবনে বেঁচে থাকার অবলম্বন, স্বস্তিকর জীবনের স্বপ্নের জন্য অর্থ নির্ধারণে ইতিবাচক পরিবর্তন জরুরি। জীবনের যেহেতু কোনো নির্ধারিত স্থির অর্থ নেই, তাই পরিস্থিতি বুঝে আপনাকে নিজের জীবনের জন্য এভাবে অর্থ নির্বাচন এবং পরিবর্তন করেই চলতে হবে।

৪. অজ্ঞতার অজুহাত পরিত্যাগ করুন (Avoid ignorance): অ্যাবসার্ড দুনিয়ায় অজ্ঞতার (ignorance) কোনো সুযোগ নেই। আপনি কোনো বিষয়ে উদাসীন থাকবেন, আর সৌভাগ্য এসে আপনার দুয়ারে কড়া নাড়বে, এমনটি আশা করা নিঃর্বুদ্ধিতা। আমাদের মনে রাখা প্রয়োজন যে, মানুষের সচেতন কর্ম প্রচেষ্টা এবং বৈধ বা প্রাপ্য অধিকারের বিষয়েও বাস্তব দুনিয়া অনেক সময়ই উদাসীন থাকে, নিরব, এমনকি নেতিবাচকও হয়, এটাই অ্যাবসার্ড বাস্তবতা। আপনার আপনজন হোক, তথাকথিত বিশ্বস্ত কেউ হোক- আর ওপর কোনো দায় ও দায়িত্ব চাপিয়ে দিয়ে, তাদের কারো ওপর ভরসা করে, নিজে কোনো খোঁজ-খবর জানা-শোনা ইত্যাদি থেকে মুক্ত থাকার সুযোগ খোঁজা অর্থহীন, অনেক ক্ষেত্রে বিপদজনকও বটে।

অ্যাবসার্ড বাস্তবতা মোকাবেলা করার জন্য প্রাথমিকভাবে জগত ও জীবনের অন্তহীন অসংলগ্নতা, বৈচিত্র্য, এমনকি উদ্ভট অবস্থা জানতে হবে। এ-সবগুলোই অ্যাবসার্ড বাস্তবতার প্রতিশব্দ। কোনো প্রকার অযৌক্তিক অন্ধবিশ্বাস যেমন ভালো নয়, তেমনি যুক্তি থাকলেই নিরঙ্কুষ আশাবাদিতাও কাম্য নয়। কেননা অ্যাবসার্ড বাস্তবতা যুক্তি বা নিয়মও মেনে চলে না। তথাপিও জগতে চলতে হলে যথা সম্ভব সঠিক জ্ঞানের দরকার। ক্যামু মনে করতেন, জগতে অধিকাংশ অকল্যাণই আসে অজ্ঞতা থেকে। আর যথার্থ জ্ঞানের অভাবে ভালো উদ্দেশ্যও শেষ পর্যন্ত মন্দ ফল দিতে পারে। The Plague (১৯৪৭) উপন্যাসে তিনি দেখান যে, প্লেগের আবির্ভাবের পর আলজেরিয়াতে অল্পজ্ঞানসম্পন্ন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এটা সম্পর্কে নানা রকম ভুল উদ্যোগ গ্রহণ করে। এমনকি ধর্ম-যাযক এবং ধর্মীয় নেতারাও নানা রকম ফতোয়াবাজি করে প্লেগকে কমাতে গিয়ে বরং তা আরও বৃদ্ধি করতেই সহযোগিতা করেন। এই উপন্যাসে তিনি এক পর্যায়ে ঘোষণা করেন,

“দুনিয়াতে যতরকম মন্দ আছে- তা প্রায় সব সময়ই আসে অজ্ঞতার হাত ধরে। আর ভালো অভিপ্রায়ও যদি পর্যাপ্ত বোঝাপড়া বা প্রজ্ঞাহীন হয়, তবে তা কু-অভিসন্ধির মতোই ক্ষতিকর হতে পারে।”

মানুষের সত্যের প্রতি অবহেলা বা একে ভালো করে না বোঝা অ্যাবসার্ড মোকাবেলার পক্ষে নেতিবাচক অনুসঙ্গ। সত্যকে অর্ধেক জানা বরং মানুষকে আত্মহত্যার দিকে নিয়ে যায়। ক্যামু বলেন: “মানুষ আত্মহত্যা করে এ ভেবে যে, জীবন বেঁচে থাকার উপযুক্ত নয়, নিশ্চিতভাবেই এটা একটি সত্য, তবে এটি একটি নিরর্থক সত্য- কেননা এটিতো স্বতঃসিদ্ধ ধারণা” (One kills Oneself because life is not worth living, that is certainly a truth, yet an unfruitful one because it is a truism.) [The Myth of Sisyphus, p. 7] তাঁর মতে, জীবনের অর্থহীনতাকে কখনই আত্মহত্যার কারণ মনে করা যাবে না। কেননা এটা এক ধরনের প্রতিষ্ঠিত সত্য, এটা জানা কথা হিসেবেই গ্রহণ করতে হবে। মূল প্রশ্ন হলো জীবনের অর্থ কীভাবে পাওয়া যাবে। সে ক্ষেত্রে যদি এমন ভাবা হয় যে, অর্থ আমাকে দিতে হবে, তাহলে প্রদত্ত অর্থের অভাব কাউকে আর বিচলিত করবে না। বাস্তবতাকে মেনে নেওয়া যুক্তিযুক্ত কাজ। কিন্তু ক্যামু দেখান যে, মানুষ যুক্তিশীল সত্তা হলেও সর্বদা যুক্তির মধ্যে থাকতে পারেনা, এক পর্যায়ে বা শেষে গিয়ে কেউ কেউ যুক্তিহীন হয়ে যায়, অর্থাৎ যুক্তিতে নিবরচ্ছিন্ন থাকতে পারে না। এর বদলে অনেক ক্ষেত্রে আবেগীয় কামনা (emotional inclination) দ্বারা মানুষ পরিচালিত হতে ভালোবাসে। এটা তাকে আপাত সুন্দর মোরকে আবৃত মিথ্যার দিকে নিয়ে যায়। ক্যামু বলেন: “It is always easy to be logical. It is almost impossible to be logical to the bitter end.” [Sisyphus, p. 8] মানুষের অধৈর্য ও শীলতার কারণে জ্ঞানের প্রতি নিরবচ্ছিন্নভাবে যুক্তিযুক্ত অনুসন্ধানে লেগে থাকা অনেকেরই হয়ে ওঠে না। অনেকেই হার মানে আবেগীয় কামনার কাছে। বাস্তব দুনিয়ায় যুক্তি নিয়ে এগুতে গেলে যে নির্মম সত্যেরও মুখোমুখি হতে হয়- তা তার আবেগীয় কামনার সাথে দ্বন্দ্বপূর্ণ হয়ে ওঠে। এই যুক্তি এবং কামনার দ্বন্দ্ব মানুষকে অ্যাবসার্ড বাস্তবতার মুখোমুখি করে। এই পর্যায়ে জীবনে আবেগীয় কামনাজনিত অন্ধ-বিশ্বাসে বাস্তবতাকে পাশ কাটিয়ে না গিয়ে, মিথ্যা সান্তনায় আশান্বিত না হয়ে, আবার জীবন শেষ করে দেবার মতো ধ্বংসাত্মক চিন্তা না করে, বাস্তবাদী হিসেবে প্রায়োগিক যুক্তি এবং বাস্তবতাকে আমলে নিয়ে অর্থহীনতার সমস্যাকে মোবাকেলা করার যুক্তি চর্চাকেই ক্যামু absurd reasoning বা উদ্ভট যুক্তি-বিচার বলেছেন। জীবনের কামনা ও জগতের বাস্তবতার সম্পর্ক যেহেতু উদ্ভট বা অসামাঞ্জস্য হওয়া স্বাভাবিক, তাই এই অদ্ভুত অবস্থাকে মোকাবেলা করতে হলে এই কঠিন সত্যকে জেনে অদ্ভুত এবং বিবর্তিত বোঝাপড়া (reasoning) নিয়েই এগুতে হবে। এটা এক প্রকার কাটা দিয়ে কাটা তোলার মতো যুক্তি। কোনো নির্ধারিত গাণিত্যিক যুক্তি বা সহজ সহানুমান (syllosism)   নয়। অ্যাবসার্ডকে মোকাবেলা করে বাঁচতে হলে নির্ধারিত কোনো যুক্তি বা অন্ধ বিশ্বাসকে দৃঢভাবে ধরে রাখা যাবে না। জগতের পরিবর্তনশীল অর্থহীন বাস্তবতাকে জানতে হবে। বেঁচে থাকতে হলে বাস্তবধর্মী যুক্তি দিয়ে জগতে চলতে হবে। যারা নিজের হাতে নিজেকে হত্যা করে, তারা মূলত আবেগীয় কামনার কাছে হেরে যায়। তাদের সঠিক যুক্তিজ্ঞানের অভাব আছে। কেননা জীবনের অদ্ভুত বাস্তবতাকে তারা আমলেই নিতে চান না। এই অর্থহীন অদ্ভুত বাস্তবতাকে আমলে নিলেই আর আত্মহত্যার মতো আবেগ বেশিদূর এগুতে পারে না। বরং সেই নির্বোধ আবেগকেই হত্যা করে জগতে বাঁচার মতো বাস্তবভিত্তিক যুক্তি (absurd reasoning) খুঁজে পাওয়া যেতে পারে।

৫. বর্তমান ইতিবাচক আবেগ, সুখ ও নান্দনিকতাকে গুরুত্ব দিন: সব আবেগই কিন্তু অশুভ নয়। যে আবেগ অবাস্তব কামনার দিকে নিয়ে যায়, তা বর্জণীয়। কিন্তু জীবনের অনিশ্চতাকে আমলে নিয়েও এমন কিছু আবেগকে গুরুত্ব দেওয়ার কথা ক্যামু সাজেস্ট করেন যে আবেগ জীবনে ইতিবাচক অনুষঙ্গ আনায়ন করে। যেমন স্নেহ, সম্মান, প্রেম-ভালোবাসা ইত্যাদি জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন যে আবেগীয় সম্পর্ক আপনাকে উৎসাহ দেয়, আনন্দ দেয়, জীবনে বেঁচে থাকার অর্থ যোগায় তা লালন করাই কাম্য। কিন্তু কেবল এটা মনে রাখতে হবে যে, সময়ের ব্যবধানে বাস্তবতার অদ্ভত কিছু অশুভ ছোঁবলে সবই আপনি হারাতে পারেন। কোনো কিছু স্থীয় নয় এ জগতে। তবে এ আবেগ যতক্ষণ আছে, ইতিবাচকভাবেই আছে, আপনার ভালো লাগার উপলক্ষ হিসেবে আছে অন্তত ততক্ষণ তার লালন করা জরুরি। এই স্বকীয় অর্থহীন পৃথিবীতে এক টুকরা ভালোবাসাময় সময় বা ঘটনা খুবই মূল্যবান। তাই প্রতি মুহূর্তকে ভালোভাবে কাটানোর চেষ্টা করুন। আপনার অফিসের কাজ, রান্না-বান্নার কাজ, স্বল্প-দূরত্বে যাতায়াত, পথে যানজটে আটকে পড়া- এসবই আপনি আনন্দে কাটানোর চেষ্টা করতে পারেন। প্রয়োজন কেবল সময়কে আনন্দঘন করার উপলক্ষ খোঁজা- যাতে করে সময়কে অর্থবহ করা যায় সেরকম। কিছু করার চেষ্টা করা। যে কাজই আপনি করছেন যদি গুরুত্ব দিয়ে, ভালোবেসে করতে পারেন, তাহলে ভালো বোধ করবেন। আর যদি বাধ্য হন, তাহলে অন্তত্ব এই মনে করে করতে পারেন যে, এটা আমাকে করতেই যেহেতু হবে তাই মন্দভাবে গোমড়া মুখে করার কোনো মানে নেই। তাই ভালোবেসে গুরুত্ব দিয়ে মজা করে কাজটি করার চেষ্টা করুন। আপনার সাথে যদি আরও অনেকে কাজ করে তাহলে সেইসব সহকর্মী অথবা অধিনস্থদের সাথে টুকটাক হাসি-আহ্লাদ করুন, তাদেরকেও সাহস দিন, একে অন্যের কাজে সাহায্য করুন, অর্থাৎ একটি ভালো টিম ওয়ার্কের পরিবেশ তৈরির জন্য ইতিবাচক ভূমিকা নিন- দেখবেন কাজ সহজ মনে হচ্ছে, কাজের গতি ও গুণ সবই বাড়ছে। আর তার সাথে সাথে আপনার কাজকে উপভোগ করেও আনন্দ পাচ্ছেন। এভাবেই আপনার বর্তমানের তথাকথিত কষ্টকর কাজকেও যথাসম্ভব আনন্দঘন করে তোলা যায়।

আপনি জরুরি কাজে বের হয়েছেন। পথে ভীষণ ট্রাফিক জ্যাম। আপনি অন্যকোনো উপায়েও যেতে পারছেন না। ব্যক্তিগত গাড়ীর মধ্যে আটকা আছেন। আপনি এই মুহূর্তে কী করতে পারেন? যদি সম্ভব হয় ফোন করে নানা রকম যোগাযোগ করে বা বিকল্প কাউকে পাঠিয়ে যদি কাজটি করা যায়, অন্তত কিছুটাও সামাল দেওয়া বা অগ্রগতি করা সম্ভব হয়, তাহলে তাই করুন। বসে বসে দুঃশ্চিন্তা করার তাইতে এটা বরং অর্থপূর্ণ কাজ হতে পারে। যদি বেঁধে দেওয়া সময়ের মধ্যে না যেতে পারেন, তাহলে ভিন্ন সময় কাজটি যদি করা যায়, সেই ব্যবস্থা এগিয়ে রাখুন। কোনো অবস্থায়ই বিচলিত হয়ে লাভ নেই। করতে হবে যৌক্তিক কাজ, বিকল্প যৌক্তিক এবং গঠনমূলক কাজ। ঐসব চেষ্টার চূড়ান্ত করার পর যদি সমাধান হয় তো ভালো, নাহলে কী করবেন? গাড়ীর মধ্যে বসে হা-হুতাশ করবেন, কান্না জুড়ে দেবেন? এর কোনোটা করে লাভ নেই, বরং কোনো ভালো ইতিবাচক মানুষ, আপনার পছন্দের কারো সাথে মুঠো ফোনে আলাপ করুন। এতে মন ভালো হতে পারে। কারো সাথে কোনো কাজ বা যোগাযোগ করতে বাকি থাকলে তা করুন, এই সময়টাকে কিছুটা কাজে ব্যবহার করা হবে। আপনি লেখালেখির অভ্যাস থাকলে লিখতে বসে যান। আপনার মুঠো ফোনেইতো লেখার ব্যবস্থা আছে। কবি হলে লিখে ফেলুন কবিতা; যানজটের বিরক্তি নিয়েই হতে পারে সেই কবিতা। গল্প লিখতে চাইলে কিছুটা এগিয়ে রাখুন, মজা করে লিখুন। কোনো মননশীল গবেষণাধর্মী কাজ জানলে সেই বিষয় নিয়ে ভাবুন- আনন্দের সাথে মানসিক কাজ করুন। কোনো ভালো আইডিয়া আসলে সাথে সাথে তা লিখে ফেলুন। পুরো লিখতে না পারলেও সংক্ষিপ্তভাবে কিংবা কতগুলো পয়েন্ট নোট করে রাখুন। দেখবেন আপনার সময়টা হয়তো খারাপ কাটছে না। আপনি এই সময়টাকে অর্থহীন বোরিং বলে মনে করবেন না। জীবনে যারা বোরিং শব্দটিকে প্রশ্রয় দেয় তারা কখনই বর্তমানের বিকল্প ইতিবাচক ব্যবহার জানে না বলতে হয়। এটা জানলে কোনো মুহূর্তই বোরিং বা ব্যর্থ হয় না।

যানজট নিয়ে যে উদারহণটি দিলাম তা-কি একটু উচ্চবিত্ত মানুষের বেলায়ই কেবল প্রযোজ্য বলে মনে হচ্ছে, কেননা এখানে ব্যক্তিগত গাড়ীর বিষয়টি জড়িত আছে? হ্যাঁ কিছুটা সেরকমই। কিন্তু আপনি পাবলিক পরিবহনে চলাচল করতে গিয়ে এরকম বিকল্প কাজের সুযোগ যে একেবারেই থাকবে না- তা কিন্তু বলা যায় না; বলা যেতে পারে ঔইসব সুযোগের ব্যবহার কিছুটা খর্ব হতে পারে বা সীমাবদ্ধ হতে পারে। আর নিজের পরিবহন না হলে আপনি যানজটে পরিবহন পরিবর্তনও করতে পারেন। বিকল্প বা স্বাধীনতার বিষয়টি কম-বেশি সব অবস্থায়ই থাকে। প্রয়োজন আপনার বর্তমানকে পরস্থিতি অনুযায়ী ইতিবাচকভাবে আপনার আনন্দের অথবা দুঃখ সমানোর চিন্তার দ্বারা কতটা নিয়ন্ত্রণ করতে পারেন তার ওপর। যাকিছু আপনার নিয়ন্ত্রণে নেই, অ্যাবসার্ড- সেসব বাস্তবতাকে আপনার সর্বক্ষেত্রেই মেনে নিতে হবে। যারা ব্যক্তিগত গাড়িতে চলে অভ্যস্ত তারা ইচ্ছা করলেই নেমে গিয়ে অন্য একটি পাবলিক পরিবহনে উঠে পরিস্থিতি ইতিবাচক করার ক্ষেত্রে যতটা সফল হতে পারেন, তার চাইতে যারা পাবলিক পরিবহন ব্যবহার করেই অভ্যস্ত তাদের বেলায় সেটা করার দক্ষতা বা সক্ষমতা কিন্তু ঢের বেশি।

ইতিবাচক মন ও মনন থাকলে অল্পের মধ্যেও ভালো সময়, সহজ আনন্দ উপভোগ করা যায়। যেমন পরিবারের শিশু থেকে বৃদ্ধ সকলের জন্মদিন জানা থাকলে, এমনকি আপনার বাসায় যদি কেউ কাজ করে তাদের জন্মদিন জানা থাকলে ঘরোয়াভাবে হলেও সেটা পালন করুন। আর্থিক সক্ষমতা তেমন না থাকলে ছোট-খাটো একটি কেক কিনে ফেলুন বা ঘরে তৈরি করুন। আপনি দৈনন্দিন খাবারে যেসকল আইটেম রাখেন তাতে একটু ভিন্নতা আনুন। মনে করেন আপনার বাসায় ভাত, সব্জি, ডাল ও মুরগীর গোশত জোগাড় আছে। আপনি খিচুড়ি পাকাতে পারেন। সম্ভব হলে ঘরোয়াভাবে আরও দু’একটা আইটেম বাড়িয়ে আপনার খাবারে একটু ভিন্নতা এনে সবাই মিলে ঘটা করে কেক কেটে ছবি তুলে দিননি বিশেষভাবে উদ্যাপন করতে পারেন। সবাই মিলে এই আনন্দ করায় আপনাদের ঐ দিনটি ভালোভাবে কাটতে পারে। সুখ যে দুনিয়ায় দুর্লভ সেখানে এই ছোট্ট আনন্দও কম মূল্যবান নয়।

যাদের আর্থিক শারীরিক ও অন্যান্য সামর্থ আছে তারা দেশ-বিদেশের সুন্দর সুন্দর স্থানে হয়তো ভ্রুমন করে অবকাশ যাপন করে আনন্দ পেতে পারেন। আপনি আপনার সামর্থের বাইরে চিন্তা না করে সামর্থ অনুযায়ী ভালো মন নিয়ে, ভালো সঙ্গ খুঁজে বের করুন। আপনার মন ইতিবাচক হলে সময় ভালোই কাটবে। আমি এমন সামর্থবান মানুষকে দেখেছি অনেক অর্থ ব্যয় করে ভালো ভালো স্থানে ঘুরতে যেয়েও নিজেদের মধ্যে পুরোনো কথা তুলে বা অন্য কোনো সামান্য বিষয় নিয়ে ঝগড়া করে সুন্দর সময়টি যেমন নষ্ঠ করে তেমনি অর্থ-কড়ি ও সময়েরও অপব্যবহার করে বসেন। যেকোনো সময়ে ভালো মানুষের সঙ্গ অত্যন্ত জরুরি। আপনি তাই যথা সম্ভব ভালো মানুষ- আপনাকে যারা ভালো চোখে দেখে তাদেরকে নিয়ে চলতে চেষ্টা করুন। তাদের সামাজিক অবস্থান যাইহোক, তাদের বাসায় মাঝে মধ্যে সময় সুযোগ হলে দাওয়াত দিন। আপনিও তাদের কাছে যাওয়ার জন্য সময় করে নিন। উভয়ই সামর্থের মধ্যে ব্যয় করে ভালো সময় উপভোগ করতে পারবেন। মনে রাখা জরুরি যে, খাবারের প্রকারে কতটা উন্নত মান নিশ্চিত করা হলো তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো কতটা আন্তরিকতা নিয়ে, পরস্পর ভালোবাসা নিয়ে আপনারা তা এক সাথে উপভোগ করছেন।

আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিছু রক্তের সম্পর্কের মানুষ ছাড়া সামাজিক মানুষের সাথে সম্পর্কের ব্যাপক পালাবদল হতে পারে। এমনকি ঘনিষ্ঠ বন্ধু, এক সময়ের আন্তরিক সহকর্মী, রুমমেট, ম্যাচমেট এরকম ঘনিষ্ঠজনও কিন্তু সম্পর্ক ছিন্ন করতে বা হাল্কা করতে চাইতে পারে। অ্যাবসার্ড দুনিয়ার হিসেব ওরকমই। আপনার জীবনে দুর্দিন থাকলে অনেকেই আপনার নিকট থেকে দূরে চলে যেতে চাইবে। তারা আপনার কিছু দোষ খুঁজবে। মানুষের দোষ খুঁজে পাওয়া খুবই সহজ এবং স্বাভাবিক। তাই সম্পর্ক ছিন্ন করা বা আলাদা করার জন্য ঐ সকল স্বার্থপর লোকদের তেমন কোন বেগ পেতে হবে না। আবার আপনার সুদিন আসলে সকলেই আপনার ঘনিষ্ঠজন বলে পরিচয় দিতে শুরু করবে। আস্তে আস্তে আপনার দিকে অগ্রসর হবে। দীর্ঘ বিরতির নানা রকম জাগতিক আধ্যাত্মিক ব্যাখ্যা তুলে ধরবে। এটাই অ্যাবসার্ড দুনিয়ার দোলাচাল। অনেকটা ঋতু পরিবর্তনের মতো। বসন্তে সব ফুল ফুটবে। কিন্তু ঘন শীতের সময় প্রায় সব পাতাই ঘড়ে পড়ে। অ্যাবসার্ড দর্শনের বলিষ্ঠ দার্শনিক আলবেয়র ক্যামু এই রকম অবস্থা মোকাবেলার বিষয়ে এক দারুন আশাবাদী বক্তব্য সামনে নিয়ে আসেন। তিনি এমন এক পথের কথা বলেন যে পথে সর্বদাই আপনি বসন্তে থাকবেন। সারিসারি পুষ্প-পল্লবে সুশোভিত থাকবেন আপনি। এমনকি ভর মাঘের কুয়াশার মধ্যেও আপনার চারিধারে থাকবে পূর্ণ-পূর্ণিমা, অথবা আলোকিত দিন। কীভাবে? মনে মনে। এই ধরুন রবীন্দ্রনাথ আমাদের যেমন শুনিয়ে ছিলেন:

“কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা

মনে মনে …।”

ক্যামুও ঐ একই রকম তরীকায় দুঃখ জয় করার বা অসময়ের অশুভকে মনের ইতিবাচক চিন্তা দিয়ে সুসময়ে রূপান্তরের চর্চা করতে বলেছেন। তিনি তাঁর ১৮৯৫ সালে লেখা Return to Tipasa শিরোনামের প্রবন্ধে (যা পরবর্তীতে The Summer নামক প্রবন্ধ সংকলনে সংকলিত হয়) বলেন:

“তীব্র শীতের মধ্যেও আমি আবিস্কার করলাম যে, আমার অন্তরে লুকিয়ে আছে এক অপপরাজেয় বসন্ত। আর এই অদম্য অনুভূতিটিই আমাকে আনন্দিত করে তোলে। কেননা এটা আমাকে স্মরণ করিয়ে দেয় যে, জগত আমার ওপর যতই নির্মম হোক না কেন, আমার হৃদয়ে লুকায়িত আছে এমন দারুণ কিছু একটা যা ঐসব অনাকাঙ্ক্ষিত অশুভ বিপরীত স্রোতের চাইতে অধিকতর উত্তম ও শক্তিশালী। আর এটাই আমাকে ঐসব বিপরীত ধারার বিরুদ্ধে অপরাজেয়ভাবে ঘুরে দাঁড়াতে শক্তি যোগায়।”

অদম্য গ্রীষ্মসহ The Summer নামক সংকলনে এমন আশা জাগানিয়া বা ঘুরে দাঁড়ানোর আরও কিছু প্রবন্ধ আছে। এসকল প্রবন্ধে Summer বা গ্রীষ্ম হচ্ছে জীবনের ইতিবাচকতার, উষ্ণতার প্রতীক। শীত প্রধান দেশে বসন্ত আর গ্রীষ্ম সবই এই আনন্দের প্রতীক হিসেবে কাজ করে। আমাদের মতো মৌসুমী জলবায়ুর দেশগুলোতে যার উত্তম মেটাফোর বা রূপক হতে পারে বসন্ত। যদিও বসন্ত রূপকে পশ্চিমা সংস্কৃতিতে এরকম কথা আরও আছে। যেমন ইংরেজ কবি পার্সি বিশি শেলী (Percy Bysshe Shelley) তাঁর ১৮১৯ সালে প্রকাশিত Ode to the West Wind কবিতায় বলেছেন: “If winter comes, can spring be far behind?” আর বাঙালি কবি সুভাষ মুখোপাধ্যায় (১৯১৯-২০০৩) বলেছেন আরও তীব্র, আরও চমৎকার করে: “ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত।” ক্যামুর invincible summer কিংবা শেলীর spring রূপকে জাগতিক জীবনের দুর্গতি বা অ্যাবসার্ড অবস্থা মোকাবেলার যে ইতিবাচক মানসিক দৃঢ়তার কথা প্রকাশিত হয়েছে, আমাদের ভাষা ও সংস্কৃতিতে তার বলিষ্ঠ উদাহরণ হতে পারে সুভাষ বাবুর বসন্ত- যেখানে ফুল ফোটা না ফোটা মুখ্য বিষয় নয়, বরং হৃদয়ের উষ্ণতাই আসল।

৬. নিজের জন্য সময় দিন: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামী বিষয়ের মধ্যে নিঃসঙ্গতা অন্যতম। মানুষ সামাজিক জীব হলেও কিছুটা সময় মাঝে মধ্যে একান্ত নিজের জন্য রাখাটা ভীষণ জরুরি। একা ভ্রুমণ করা, একা কোনো বাড়িতে বা কক্ষে অন্যের ঝামেলামুক্ত অনেক সময় পার করা, একা বাইরে খেতে যাওয়া, প্রকৃতির নৈসর্গে একা হারিয়ে যাওয়া- এরকম একান্তই এককভাবে অনেকটা ঘন্টা অন্তত পার করা খুবই প্রয়োজন। এটা নিজেকে নিয়ে ভাববার সুযোগ সৃষ্টি করে। আমাদের প্রত্যেকের জীবনে প্রধান সমস্যা যেহেতু জীবনের অর্থ নির্ধারণ করা, তাই নিজেকেই খুঁজে নিতে হবে কোন্ বিষয়টি আমার জন্য অর্থপূর্ণ। আমাদের প্রত্যেকের মন বা আত্মসত্তার মধ্যে গভীরভাবে অনুসন্ধান করে দেখা দরকার আমার মন কী হতে চায়, কী করতে চায়, কীভাবে করতে চায়, কোন্ কাজে সে যোগ্য, কোন্ বিষয়টিতে আমার মন আনন্দ পায়, এমনকি কোন্ বিষয়টির জন্য আমি যোগ্য বা সম্ভাবনাময়। এর প্রত্যেকটি বিষয়ই কিন্তু জটিল। এই যে, মন অনেক সময় নানান কিছু চায়, এবং জীবনের অর্থবহতার কারণে তার জন্য বিভিন্ন রকম বিকল্প থাকে। এসব বিকল্পের মধ্যদিয়ে কোনটা অধিকতর পারফেক্ট তা নির্ধারণ করা একান্তই নিজের মনের সাথে নিজের গভীর বোঝাপড়ার মাধ্যমেই হতে পারে। এক্ষেত্রে অন্যেরা আপনাকে ব্যাখ্যা-বিশ্লেষণ, নানা রকম লাভ-ক্ষতির হিসেব, এমনকি পদ্ধতি সম্পর্কে জ্ঞান দিয়ে সহায়তা করতে পারেন। কিন্তু সিদ্ধান্ত নিতে হবে একান্তই আপনাকে। কেননা আপনার সক্ষমতা ও আগ্রহের সবচেয়ে অগ্রভাবে কোন্ বিষয়টি রয়েছে তা অন্য কেউ বাইরে থেকে বুঝতে পারবে না। এমনকি নিজেও এলোমেলোভাবে চিন্তা করলে বোঝা যায় না। এজন্য দরকার গভীর আত্মনিমগ্নতা এবং অনুধ্যান।

নিজের মনের কাছে নিজের খবর নেবার জন্য প্রত্যেকেরই ‘আমার আমিকে’ চিনে নিয়ে তার অর্থ নির্ণয়ে পথ খুঁজে বের করার জন্য যে একান্ত নিজস্ব সময় মাঝে মাঝে দরকার তাকি সবার আছে? এটা ম্যানেজ করা কি কঠিন নয়? বিশেষকরে জীবনের একান্ত মৌলিক প্রয়োজন মিটাতে যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদির পেছনে ছুটে থাকা মানুষদের কী এমন সময় আছে? মানুষের এই চিন্তাকে আলবেয়র ক্যামু একটি বিখ্যাত উক্তির মাধ্যমে প্রকাশ করেছেন, তা হলো: “Solitude, a luxury of the rich.” অর্থাৎ নিঃসঙ্গতা একান্তই ধনীদের বিলাসিতা। মানুষের এই অগভীর ভাবনাকে ক্যামু মেনে নেননি। তিনি নিঃসঙ্গতা, একাকিত্ব, হতাশা, কামনা ইত্যাদি নিয়ে গভীর দার্শনিক অনুসন্ধান করেছেন। এসব অনুসন্ধানে তিনি দেখিয়েছেন যে, আমরা নিজেরদের মতো করে জীবনের এমন রুটিন নির্ধারণ করতে পারি যে, মাঝে মধ্যেই আমরা নিজের জন্য একান্ত আত্মমগ্নতার জন্য সময় বাঁচাতে পারি। এ ব্যাপারে ধনী-গরীব কোনো বিষয় (matter) নয়। “We can sneak solitary moments into our routine, no matter our income or our social classes.”

আসলে নিজেকে একান্তভাবে সময় দেওয়া, নিজের জন্য ভাবার এই সময়-সুযোগের ক্ষেত্রে একে অন্যের প্রতি বা এক শ্রেণি অন্য শ্রেণির প্রতি দোষ চাপানোর এক ধরনের অবস্থা অনেক সময় ঘটে। গরীব মানুষ ভাবে তাদের রুটি-রোজগারের জন্য ব্যস্ত থাকতে থাকতে নিজের জন্য একান্ত নিঃসঙ্গ সময় থাকে না, আবার ধনীরা ভাবে তাদের বড় বড় কাজের চাপে একান্ত নিজের জন্য সময় করে উঠতে পারেন না। আসলে ধনীদের মধ্যে যারা অর্থ-করির দাস হয়ে গিয়েছেন, সারাক্ষণ ধন-সম্পদ রক্ষণাবেক্ষণ ও বৃদ্ধিকরণের পেছনে ছুটতে ছুটতে তারা নিজের জন্য সময় করে নিতে পারেন না। আবার গরীব মানুষও কাজের ফাঁকে যে অযথা সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় দেওয়া, ফুটপাতের চায়ের দোকানে বসে অন্যের অবস্থা নিয়ে আলোচনা সমালোচনা করে সময় নষ্ট করছেন না- তা কিন্তু নয়। অনেকেই নানা রকমভাবে সময় খরচ করেন, কিন্তু নিজের জন্য সময় করে নেওয়ার সময় পান না বলে অজুহাত দেখান। একজন বড় ব্যবসায়ী-শিল্পপতির কথা ভাবুন। বাইরে থেকে অনেকের মনে হতে পারে তিনি নিজের গাড়ীতে করে চলেন, বিলাসবহুল অফিস-কামড়ায় একা থাকেন, তাই তার বোধ হয় এমন আত্ম ভাবনার অফুরন্ত সময় থাকে। কিন্তু এই একা থাকার সময়ও তিনি তার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও তার কর্মকর্তা-কর্মচারীদের সাথে কতগুলো মিটিং ও ফোনালাপ করেন- সে হিসেব অনেকে জানেন না। নি¤œবিত্ত অভাবী মানুষেরাও অনেক সময় ছোট-খাট অযথা আড্ডায় বসেন না- তার নিশ্চয়তা কী! আসলে নিজেকে সময় দেওয়ার জন্য দরকার এক বিশেষ রকমের মনোগঠন (mindset)। আপনার এই মানসিকতা থাকলেই কোনো না কোনোভাবে আপনি সময় করে নিতে পারবেন। কেবল এটা মনে রাখা জরুরি যে, নিজের জন্য এমন কিছু নিবিড় সময় আপনার ভীষণভাবে দরকার। এটা মনে রাখলেই অবসর আপনা আপনিই মিলবে। সেটা হতে পারে এক ঘন্টা, দুই ঘন্টা বা দুই এক দিন।

নিজের জন্য একান্ত এই অবসরে আপনি আপনার নিজের মনের গভীরে গিয়ে পৌঁছাতে হবে, যেখানে রয়েছে অনেক সম্ভাবনা, অনেক দক্ষতা যোগ্যতার খবর। আপনি কী কী ভীষণভাবে ভালোবাসেন, তার মধ্যে প্রতিযোগিতায় কোন্টি এগিয়ে, সেই এগিয়ে থাকা বিষয়টি আপনার দক্ষতার সাথে কতটা মানানসই, আপনার এক্ষেত্রে যোগ্যতার কতটা অসম্পূর্ণতা রয়েছে- আপনার এইসব বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ ও বোঝাপড়া করে আপনাকে আপনার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। এরপর সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আন্তরিকতার সাথে এবং আনন্দের সাথে কাজ করে এগিয়ে যেতে হবে। এতে আপনি সফল হোন আর তথাকথিত ব্যর্থ হোন, হারানোর কিছু নেই। কথায় বলে, ‘নিজের ইচ্ছায় ফকির হওয়াও ভালো।’ এমন সুপরিকল্পিত সিদ্ধান্তের পক্ষে আন্তরিকতা, নিষ্ঠা ও ভালোলাগা নিয়ে কাজ করার পরেও যদি আপনি কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে না পারেন, তাতে কিচ্ছু আসে যায় না। আপনার মনের কাছে আপনি মোটেই আসামী হবেন না। এটাই আপনার বড় সার্থকতা। জীবনের আসল হিসাব-নিকাশ তথাকথিত সফলতা দিয়ে হয় না, প্রকৃত বিচারে জীবনের সার্থকতাই গুরুত্বের দাবীদার। এই স্বকীয় অর্থহীন বা অ্যাবসার্ড দুনিয়ায় সফলতা অনেক ক্ষেত্রেই জুয়ার মতো, কিংবা লটারির মতো। আপনি জুয়ার দান আপনার পক্ষে পাননি বলে কেউ আপনাকে অসফল বলতে পারেন। তাতে কী? তারা হয়তো জানেই না যে, ঐ সফলতা নয়, সার্থকতাই আপনার জীবনের আসল ব্রত। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আপনি যৌক্তিক ও নৈতিক চিন্তার মধ্যদিয়ে স্বাধীনভাবে জীবনের এই পথ বেছে নিয়েছেন কিনা, এবং এ কাজ করতে আপনার ভালো লাগে কিনা। আপনি যদি সদিচ্ছা নিয়ে ভালোবেসে কোনো কাজে নিজেকে গভীরভাবে নিয়োজিত করেন, তাহলে ঐ কাজে হার-জিত বলে কিছু নেই। কাজই আপনার সার্থকতা। এই অ্যাবসার্ড জীবনে কতকিছুই আমাদের প্রতারণা করে, তাই ভালোবাসার কাজে, প্রিয় কাজে লেগে থাকাটাই হচ্ছে আসল, ফল বিচার এখানে মূখ্য নয়। আলবেয়র ক্যামু বলেছেন, “যদি তুমি জীবনে কোনো কিছুকে সত্যিকার অর্থে ভালোবাসো, তবে যেকোনো মূল্যেই হোক তার পাশে থেকো, কখনো তা থেকে মুখ ফিরিয়ে নিওনা কিংবা হাল ছেড়ে দিও না।” (Nothing in life is worth turning your back on, if you love it.) [Notebooks 1935-1942]

৭. প্রয়োজনে বিদ্রোহ করুন: জীবন আপনার, তাই একে কোনো পথে অর্থপূর্ণ করে তোলা যায় সে সিদ্ধান্ত একান্তই আপনার। অন্য অনেকে নানা রকম সাজেশন দিতে পারেন, আপনি নিজেও কোনো কোনো ক্ষেত্রে অন্যের পরামর্শ ধার করতে পারেন, কিন্তু কোন্টিকে আপনি কার্যকর করবেন তা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আপনার জীবনের অর্থ খুঁজে দেবার জন্য অন্য অনেকের চাইতে আপনাকেই দায় নিতে হবে বেশি, ভোগ করতে হবে আপনাকেই, আপনি কোনো ব্যর্থতার পরিচয় দিলে তারও খেসারত আপনাকেই দিতে হবে, দেওয়া উচিতও বটে। কেননা জীবনে দায়িত্বশীল আচরণ করাই শ্রেয়। নিজেকে দায় মুক্ত রাখার মানসিকতা ভালো লক্ষণ নয়, যদি সত্যিই আপনি স্বেচ্ছায় কাজটি করে থাকেন। আর আপনি কোনো বিকল্প বেছে নিয়েছেন, অন্যদিকে তা ব্যর্থ হলে দায় চাপাবেন কে কে আপনাকে পরামর্শ দিয়েছিলো তাদের ওপর- এটা জীবনের জন্য মোটেই কল্যাণকর নয়, নৈতিকও নয়। তাছাড়া অন্যের চাপিয়ে দেওয়া অর্থ সবসময় আপনি গ্রহণ করবেন না। প্রয়োজনে তাদের সাথে বিদ্রোহ করবেন। বিদ্রোহ শব্দটি সর্বদা রাজপথের বা ক্ষমতার সাথেই জড়িত তা নয়, বরং অন্যের দ্বারা প্রথাগতভাবে চালিত না হওয়ার বিষয়টিও বিদ্রোহ। আপনি কখন কোথায় ইতিবাচক হবেন আবার কোথায় ‘না’ বলবেন সেটা আপনার একান্ত ইচ্ছায় হতে হবে। আপনার জীবনে, আপনার সমাজে এমনকি গোটা মানবসমাজে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে দেখলে আপনাকে দায়িত্বের সাথে প্রয়োজনে ‘না’ বলতে হবে। এই ‘না’ বলতে শেখাই হলো বিদ্রোহ। আলবেয়র ক্যামু তাঁর The Rebel গ্রন্থে বলেন:

“বিদ্রোহী কে? তিনি হচ্ছেন সে ব্যক্তি যিনি ‘না’ বলেন; কিন্তু তার এই ‘না’ বলাটা আবার এমন কিছু অনুমিত করে না যে, তিনি একেবারেই বর্জনকারী। বরং বিদ্রোহের একেবারেই আগ মুহূর্তেও তিনি ইতিবাচক ভাবমূর্তি প্রদর্শন করেন, অর্থাৎ ‘হ্যাঁ’ বলেন। মনে করুন, কোনো এক দাস সারাজীবন তার প্রভুর নির্দেশ মেনে এসেছেন। হঠাৎ করে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন যে, তিনি তার প্রভুর নতুন কোনো আদেশ মানবেন না।”

এখানে দু’টি বিষয় স্পষ্ট। আমরা নিজেদের অবস্থান অনুযায়ী অনেক কিছুতেই ‘হ্যাঁ’ বলতে অভ্যস্থ, অথবা বাধ্য হয়ে যাই। এর সবকিছুই ইতিবাচক বা ভালো এমন নয়। কোনো কোনো অপছন্দের এমনকি অন্যায় বিষয়ও মেনে নিয়ে আমাদের চলতে হয়। কিন্তু মানুষ এমন একটি সত্তা যে নৈতিক, যৌক্তিক ক্ষমতা এবং স্বাধীন ইচ্ছার ধারক। মানুষ যখন ‘না’ বলে সে তখনও একটি ইতিবাচক অবস্থারই তৈরি করে। কেননা সে তখন যুক্তির পক্ষে নৈতিকতা বা মানবতার পক্ষে অথবা নিতান্তই নিজের পছন্দের পক্ষে ‘হ্যাঁ’ বলে। অর্থাৎ একটি ‘না’ হতে পারে বহু ‘হ্যাঁ’ এর উৎস। একটি প্রতিষ্ঠিত যৌক্তিক নীতি হলো, ‘প্রত্যেক নিষেধন বা অস্বীকৃতির একটি সদর্থক ভিত্তি থাকে।’ তাই না বলার অন্তরালে বা পেছনে অনেক ইতিবাচক কিছু থাকে। বিদ্রোহ না করলে সেই ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হয় না। আত্মসত্তাকে বা নিজের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠা করা, নিজের ভালোলাগার কাজ করার সুযোগ সৃষ্টি করা ইত্যাদির জন্যও ‘না’ বলতে শেখা ভীষণ জরুরি।

এখন প্রশ্ন হলো মানুষ কি কেবল নিজের জন্যই বিদ্রোহ করে বা ‘না’ বলে? The Rebel গ্রন্থে ক্যামু এক্ষেত্রে বিস্তারিত আলোচনা করে দেখিয়েছেন যে, মানুষ যেমন নিজের জন্য ‘না’ বলে বা বলতে হয়, তেমনি সামষ্টিক স্বার্থে এমনকি বিশ্বমানবতার কল্যাণেও তাকে ‘না’ বলতে বা বিদ্রোহ করতে হয়, এবং করাটা কর্তব্য হয়ে ওঠে। এই গ্রন্থে তার একটি বিখ্যাতি উক্তি হলো “I rebel – therefore we exist.” (আমি বিদ্রোহ করি, সুতরাং আমরা আছি।) দর্শনের সাথে সম্পর্কিত ব্যক্তিগণ এমন আর একটি উক্তিও শুনেছেন; তা হলো “I think, therefore we exist.” (আমি চিন্তা করি, সুতরাং আমি আছি।) এই উক্তিটি করেছিলেন আধুনিক দর্শনের জনক বলে খ্যাত ফরাসী দার্শনিক রেনে দেকার্ত (Rene Descartes, 1596-1650)| দেকার্তের প্রসঙ্গ ছিলো একেবারেই ভিন্ন। তিনি মূলত জ্ঞানতাত্ত্বিক (epistemological) পদ্ধতি বিশ্লেষণ করতে গিয়ে সংশয়ের মধ্যদিয়ে কীভাবে সুনিশ্চিত সত্য বা জ্ঞান পাওয়া যেতে পারে, সেই পদ্ধতির প্রথম সফল প্রয়োগ হিসেবে উক্তিটি করেছিলেন। তিনি দেখিয়েছিলেন যে, সবকিছু সন্দেহ করার পরও একটি বিষয় স্পস্ট হয় যে, আমার আত্মসত্তাইতো এই সন্দেই করছে। সুতরাং সন্দেহের কর্তা হিসেবে হলেও আমার আত্মসত্তা বা ‘আমি’-এর অস্তিত্ব সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়। দেকার্তের এই উক্তিটি সুনিশ্চিত জ্ঞান প্রাপ্তির পদ্ধতি হিসেবে জ্ঞানতত্ত্বে বিশেষভাবে গুরুত্ব বহন করে।

ক্যামুর প্রসঙ্গ ছিলো একেবারেই অন্যদিকে। তিনি এই উক্তি করেছেন মূলত মানববিদ্যা (human science) সংক্রান্ত দৃষ্টিকোণ থেকে। এখানে জ্ঞানের প্রসঙ্গ নয়, প্রসঙ্গ মানুষের জীবনের অর্থ নির্ধারণ, সার্থকতা খুঁজে পাওয়ার সমস্যা। সেখানে তিনি দেখালেন যে, আমি সমাজেরই একটি অংশ সমাজের ক্ষুদ্র থেকে বৃহৎ গন্ডির যেকোনো ক্ষেত্রে অনিয়ম-অনাচার, অব্যবস্থাপনার বিরুদ্ধে একজন ‘আমি’ যদি ‘না’ বলতে পারে তাহলে এটা অন্য সকল মানুষের জন্যও বিদ্রোহের, বিপ্লবের, অধিকার আদায়ের বা একান্তই পুরোনো পথ ও পদ্ধতি বদলে আরও প্রগতিশীল পথে হাটার প্রেরণা হতে পারে। এভাবে সমাজের বা মানবজাতির অস্তিত্বের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে আমার মতো একজনের ‘না’ উচ্চারণ বা বিদ্রোহ করা।

আপনার জীবনে অনেক রকম সুযোগ বা বিকল্প সম্ভাবনা আসবে। এমনটি সবার জীবনেই আসে। আমরা সাধারণত স্কুল জীবনে বিজ্ঞান বিভাগ নিয়ে ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার মতো গতানুগতিক অন্যের দেখানো পথ বা সফল মানুষের পদাঙ্ক অনুসরণ করে থাকি। এতেই রয়েছে বিপত্তির মূল সূত্র। কেননা অন্যের জন্য যেটা প্রযোজ্য আপনার জন্য সেটাই প্রযোজ্য হবে- এমন ভাবনাটা একেবারেই অযৌক্তিক। মাঝে মাঝে হৃদয়ের কথা শুনুন। আপনার একান্ত ‘আমি’ কী বলছে। সাহস থাকলে বিদ্রোহ করে হলেও সেই পথ ধরে সুপরিকল্পিতভাবেই হাঁটুন। ঠিক রবার্ট ফ্রস্ট (Robert Frost, 1874-1963)-এর The Road not Taken কবিতাটির মাতো:

“Two roads diverged in a yellow wood,

And sorry I could not travel both

…  … …  …  … …  …  … … …  … …

I took the one less traveled by,

And that has made all the difference.”

(Robert Frost, The Road not Taken, in: Mountain Interval, 1916]

তবে ভিন্ন পথে হেঁটে কেউ কেউ সফল হন, আবার অনেকেই কিন্তু ব্যর্থ হন। এখন আপনার জন্য কী অপেক্ষা করছে আপনি কিন্তু তা জানেন না। যেমন জানেন না চেনা পথের বেলায়ও। একই ব্যবসা করে অনেকে অনেক বড় সাফল্য পায়, আবার কেউ কেউ সর্বস্ব হারায়। তাই অন্তত আপনি একটি দিক দিয়ে জীততে চেষ্টা করুন। সেটা হলো নিজের ইচ্ছার কাছে, নিজের ভালো লাগার কাছে। কাজটিকে আপনি ভালোবাসেন, ভালো ফল আশা করেন- এটাই আপনার সান্তনার প্রধান উৎস হতে পারে। আপনার গভীর মনোযোগ কাজের প্রতি ভালোবাসা আপনাকে যে আনন্দ দেবে, তা কিন্তু সফলতার গভীরতম শোপান। এছাড়া অন্য যা কিছু সবই অ্যাবসার্ড। আপনি আপনার লাভ-ক্ষতির কোনো খতিয়ানই যৌক্তিকভাবে তৈরি করতে পারবেন এমন কোনো নিশ্চয়তা নেই। তাই হিসেব না মিললে বিরক্ত হবেন না। সবকিছু বাদ দিয়ে বারবার তরিকা পাল্টাবেন না। ভালো লাগলে জীবনে ছোট কাজও আপনাকে আনন্দ দেবে। তথাকথিত ছোট কাজ বলে কিছু নেই। যে কাজ আপনার ভালো লাগে এবং আপনার বিবেক অন্তত অনুমোদন করে- ঐ কাজ যুক্তি-বুদ্ধি আন্তরিকতা সব মিলিয়ে করুন। আর যদি কোনো কাজেই মন লাগাতে না পারেন, তবে বুঝতে হবে আপনি অস্থিরতায় ভুগছেন। এটা ভোগবাদী মানসিকতা। অন্য ভাষায় বললে সুবিধাবাদী মনোবৃত্তিরও একটি উপসর্গ। আপনি সেজন্যও অস্থির হতে পারেন। এই অস্থির মানুষদেরই একটা বিরাট অংশ হতাশ হয়, এমনকি আত্মহত্যাও করে বসে। অথবা বেঁচে থাকা অবস্থায়ও মাঝে মাঝে ‘মরে যাওয়া ভালো’ এমন কথা বলে বেড়ায়। আসলে জীবন সম্পর্কে এবং জগতের অ্যাবসার্ড চরিত্র বিষয়ে কম সচেতনতার ভিত্তিতেই এমন কথা বলা যায়। কেননা সে নিজেই কিন্তু জানে না যে, মৃত্যু কোনো লাভজনক প্রোজেক্ট কিনা। কবি মির্যা গালিব তো যথার্থই প্রশ্ন তুলেছিলেন:

“এখন তো অস্থির হয়ে বলি মরে যাবো;

কিন্তু মরেও যদি শান্তি না পাই-

তখন কোথায় যাবো?”

(আব তো ঘাবরা কে ইয়ে কহতে হ্যাঁয়

কে মর যায়েঙ্গে।

মর কে ভি চেইন না পায়া তো

কিধর যায়েঙ্গে?)

আসলে লোভী, সার্থপর, অকর্মণ্য অস্থির এবং ভীষণ রকমের নির্বোধ না হলে কেউ জীবনের বদলে মৃত্যু চেয়ে বসে না। প্রকৃতপক্ষে, যারা অলস নন, কাজ করেন, তাদের মৃত্যুর জন্যও অপেক্ষা করার সময়টু অনেক ক্ষেত্রে থাকে না। মৃত্যু যখন সময় হয় তখনই আসে। আমার এ কথার কিছুটা সমর্থনে এমিল ডিকিনসন (Emity Dickinson)-এর একটি বিখ্যাত কবিতা উদ্ধৃত করতে চাই। কবিতাটির নাম: Because I Could not Stop for Death. কবিতাটির কয়েকটি লাইন হলো:

Because I could not stop for Death –
He kindly stopped for me –
The Carriage held but just Ourselves –
And Immortality. –

এর অর্থ করলে এমন দাঁড়ায়:

“কেননা আমি মৃত্যু জন্যে অপেক্ষা করতে পারিনি

অনুগ্রহ করে সে-ই আমার জন্য এসে থেমেছে

সেই ঘোড়ার গাড়ীতে আমরা দু’জনই ছিলাম

আর ছিলো অমরত্ব।”

সচেতনভাবে নিজের রুচি ও ভালোত্বের বিচারে যা আপনার করতে ভালো লাগে তা জেনে শুনেই করুন। অলস হয়ে বসে না থেকে, নিয়তির নির্যাতন দেখে হায় হায় না করে, এমনকি অন্যের মতের ওপর বা অন্যের বাহনে চড়ে পার পাওয়ার মধ্যে কোনো সার্থকা নেই। বরং তা জীবনের অ্যাবসার্ড অবস্থা বা অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলতে পারে। স্টোয়িক দার্শনিক সেনেকা বলেছিলেন,  “It is shameful not to walk but to be carried, and suddenly dyed in the mist of worldly confusion to ask: ‘How did I come to this point?” [Seneca, Letter 27] অন্যের কাঁধে চড়ে পাড় পাওয়ার বিষয়টি সত্যিই লজ্জার। আর এক্ষেত্রে একটি বড় অসুবিধা হলো আপনি হয়তো বুঝবেনই না যে সে কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে? ওর চাইতে যতদূর অগ্রসর হন নিজের পায়ে ভর করে চলাটাই ভালো। সামাজিক সত্তা হিসেবে অন্যের এমন সাহায্যই আপনি আশা করতে পারেন যেরকম ক্ষেত্রে আপনার যোগ্যতা অনুযায়ী আপনিও সহযোগিতা করেন। আপনি মানসিকতা ভালো হলেও, সহযোগিতিমূলক হলেও অন্যে আপনাকে ওরকম সহয়োগিতা করবে- এরকম ধারণার বিষয়ে আপনাকে যথেষ্ট পরিমাণে সংশয়ী হওয়া উচিত। কেননা জগত আসলেই বৈচিত্র্যময় তাই ভালো থাকার পদ্ধতি খুঁজে নিন, কোনো ক্ষেত্রেই কাঁদতে কাঁদতে কাজ করার মধ্যে কোনো আনন্দ যেমন নেই, সার্থকতাও নেই। আপনাকে যদি শ্রমিকের জীবন যাপন করতে হয়, কঠোর কায়িক পরিশ্রম করে জীবন চালাতে হয়, তাহলেও কাজের ফাঁকে ফাঁকে আনন্দ করার অনুসঙ্গ খুঁজুন। গান ধরুন। অন্য সহকর্মীদের সাথে মজা করে কথা বলুন। এতে করে কাজে গতি ও আনন্দ পাবেন। এমনকি বিষয়টি যদি পন্ডশ্রমও হয়। এবং আপনার যদি অন্যকোনো উপায় না থাকে, ঐ কাজ করতে যদি আপনি বাধ্যই হন, তাহলে বাস্তবতাকে মেনে নিয়ে যতটা সম্ভব আনন্দ নিয়েই তা করেন। ঠিক গ্রিক কল্পকাহিনীর এক ট্রাজিক হিরো সিসিফাসের মতো।

গ্রিক কল্পকাহিনীতে (myth) এক চতুর রাজার নাম সিসিফাস (Sisyphus)। তিনি ছিলেন কোরিনন্থ (Corinth) নামক এক নগররাষ্ট্রের শাসক। ভীষণ রকমের ধুর্ত কৌশলের কারণে সে ছিলেন মানব ও দেবকূলের নিকট এক উল্লেখযোগ্য চরিত্র। অপকৌশলে তার জুড়ি ছিলো না। এমনকি দেব-দেবীরাও তার অপকৌশলের বিষয়ে আতঙ্কে থাকতো। একবার এই ধুর্ত রাজার মনে হলো অমরত্ব লাভ না করতে পারলে জীবনের কোনো অর্থ হয় না। কেননা জীবনে যতই ক্ষমতা, স্বাচ্ছন্দ পাই না কেন, তা তো আসলে বেশি দিনের নয়। এক সময়তো সব ছেড়ে চলে যেতে হবে। তাই সে ফন্দি আটতে শুরু করলো যে, কীভাবে মৃত্যুকে ফাঁকি দেওয়া যায়।

গ্রিক পৌরাণিক কাহিনীর মৃত্যুর দেবতা হলো থেনাটোস (Thanatos); সে থাকে পাতাল পুরিতে। তার প্রতি সিসিফাসের ছিলো বিশেষ নজর। এদিকে দেবরাজ জিউস আগে থেকেই সিসিফাসের ওপর ভীষণ ক্ষিপ্ত হয়ে ছিলেন। এর কারণ হলো, নদীর দেবতা আসোপাসের কন্যা এজিনাকে জিউস যখন অপহণর করে, তখন সিসিফাস সেই ঘটনা দেখে ফেলে। এদিকে আসোপাস (Asopus) তার হাড়ানো কন্যাকে খুঁজতে যখন পাগল প্রায়, তখন জিউস কর্তৃক এজিনা (Agena)-কে অপহরণের একমাত্র মানব স্বাক্ষী কোরিন্থের চতুর রাজা সিসিফাস তার রাজ্যের পানির সমস্যা দূর করতে একটি ঝরনা প্রাপ্তির বিনিময়ে আসোপাস’কে বলে দেয় যে স্বয়ং দেবরাজ জিউস এজিনাকে অপহরণ করে ওনোন (Oenone) দ্বীপে নিয়ে গেছে। ঐতিহাসিকভাবে এই দ্বীপটি পরবর্তীতে এই পৌরাণিক কাহিনী অনুসরণে এজিনা দ্বীপ নামে পরিচিতি লাভ করে।

যাইহোক, দেবরাজ জিউস এই ঘটনা ফাঁস করার কারণে সিসিফাসের ওপর মারাত্মকভাবে ক্ষেপে যায়। সে মৃত্যুর দেবতা থেনাটোসকে আদেশ দেয় সিসিফাসকে মৃত্যুর জগতে নিয়ে যেতে। থেনাটোস যখন ধুর্ত সিসিফাসের নিকট এসে শিকলে বেঁধে পাতালপুরি বা মৃত্যুপুরিতে সিসিফাসকে নিতে প্রস্তুত হলো, তখন সিসিফাস এক ধুর্ত কৌশল অবলম্বন করলো। সে থেনাটোসকে নানাভাবে প্রশংসা করে বললো যে, তারতো এখন শিকল পড়তেই হবে, কিন্তু তার আগে থেনাটোসের এই সুনিপুণ কৌশলটি সে একটু শিখতে চায়। ঐ শিক্ষন প্রক্রিয়ার ফাঁদে থেনাটোস নিজেই ধরা পড়ে। সিসিফাস শেকল পড়ানোর প্রাক্টিস শেখার নাম করে থেনাটোসকেই শেকল পড়িয়ে আটকে ফেলে, এবং আর ছাড়তে রাজি হয় না। এতে করে সিসিফাসের অনন্ত জীবন লাভের ইচ্ছাও বাস্তবায়ন হতে চললো। কেননা মৃত্যু দেবতা আটক। তাই পৃথিবীতে সকল জীবেরই মৃত্যু বন্ধ। এতে করে পৃথিবীতে সৃষ্টি হয় এবং অস্বাভাবিক অবস্থা। কোনো মানুষ আর মরে না। এমনকি যুদ্ধ বিগ্রহেও কেউ মারা যায় না। অবশেষে জিউসের হয়ে যুদ্ধ দেবতা এরিস (Aris) এসে সিসিফাসকে পরাজিত করে মৃত্যুদেব থেনাটোসকে মুক্ত করলো। এবার মৃত্যুর পালা সিসিফাসের। মৃত সিসিফাসকে নিয়ে যাওয়া হলো পাতাল পুরিতে যেখানে মৃত আত্মারা থাকে। সেখানেও সিসিফাস এক কৌশলের আশ্রয় নিলো। সে মৃত্যুর আগে তার স্ত্রীকে গোপনে বলে গিয়েছিলো যে, তার শেষকৃত্য বা সৎকার যেন না করা হয়। স্বামীর কথা মতো মৃতদের জগতে সিসিফাস চলে যাবার পরেও নির্ধারিত সময়ের মধ্যে সিসিফাসের স্ত্রী তার স্বামীর শেষকৃত্য সম্পন্ন করলো না। ওদিকে পাতালে এসে সিসিফাস পাতালদেব হেডিস’কে এক সময় বুঝাতে সক্ষম হলো যে, পৃথিবীতে নির্ধারিত সময়ে তার আত্মার সৎকার বা শেষকৃত্য করা হয়নি। এজন্য সে আবার মর্ত্যে ফিরে যেতে চায়, একই সাথে তার শেষকৃত্য নিশ্চিত করা এবং স্ত্রীকে শাস্তি দেবার জন্য। পাতালদেবকে সে তার বাক্চাতুর্যে পটিয়ে ফেলে। সিসিফাস সুযোগ পেলো মর্ত্যে ফিরে যেতে। এবার পৃথিবীতে ফিরে এসে সে আর পাতালে ফিরে গেলো না। অন্যদিকে, দেব-রাজ্যের নিয়ম হলো পাতাল থেকে বা মৃত্যুপুরি থেকে একবার কেউ ফিরে আসলে তার আর মৃত্যু হয় না। তাকে আর পাতালে ফেরত নেওয়া যাবে না। তবে মর্ত্যে বসে তাকে দেওয়া যেতে পারে, নানা রকম শাস্তি। জিউস ও তার দেবতাগণ সেই ব্যবস্থাই করলো।

সিসিফাসের জন্য বরাদ্ধ হলো এক অনন্ত শাস্তি। এই শাস্তির শর্ত হলো তাকে একটি গোলাকার বড় পাথরের খণ্ডকেক একটি নির্দিষ্ট পাহারের চূড়ায় প্রতিদিন সন্ধ্যার মধ্যে ঠেলে উঠাতে হবে। যদি ঐ চূড়ায় পাথরটি আটকে থাকে, তাহলেই তার মুক্তি। সিসিফাস এই শাস্তি আর এড়াতে পারলো না। সে বাধ্য হলো। এবং প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গোলাকার পাথর খণ্ডটি উঠাতে থাকলো। আর প্রতিবারই যখন পাথরটি ছেড়ে দেয় তখনই ঢালু পাহারের গা বেয়ে তা নিচে গড়িয়ে পড়ে। সিসিফাস জানে, এই পাথর খণ্ডটিকে কখনোই পর্বত চূড়ায় আটকানো যাবে না। প্রতিদিনই তার এই পন্ডশ্রম করে যেতে হবে। অনন্তকালই করতে হবে। কিন্তু বুদ্ধিমান সিসিফাস এজন্য আর কোনো হা-হুতাশ করলো না। বরং বাস্তবতা মেনে নিয়ে প্রতিদিন হাসিমুখে তার এই অযথা পাথর ঢেলার কাজটি করে চললো। কেননা সিসিফাস জানে যা তাকে করতেই হবে, যে নিয়তি তাকে ভোগ করতে হবে, যেখান থেকে মুক্তির কোনো উপায়ই নেই, সেটা মেনে নেওয়াই শ্রেয়। তাই কষ্টের কথা, সফল্যের কথা চিন্তা না করে বরং কাজের মধ্যেই আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করাই ভালো। সিসিফাস তেমনটিই করলো। সে নিজেকে আর দুঃখী মনে করলো না। বরং মনে করলো এটাই তার কাজ। তার দায়িত্ব। আনন্দের সাথেই এটা তার করা উচিত। আলবেয়র ক্যামু তাঁর The Mayth of Sisyphus নামক লেখাটির শেষ লাইনে বলেন: “One must imagine Sisyphus happy.” (প্রত্যেককেই সিসিফাসকে সুখি বলেই মনে করতে হবে।)

লেখক: অধ্যাপক, দর্শন বিভাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button