সিডরের ১৯ বছর পরও আতঙ্ক, ঝুঁকিতে শরণখোলার ২২ কিমি বেড়িবাঁধ!

মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা (বাগেরহাট):
২০০৭ সালের ১৫ নভেম্বরের সেই ভয়াল রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় বাগেরহাটের শরণখোলাসহ দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষকে। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে প্রাণহানি, ঘরবাড়ি ও সম্পদহানির ক্ষত পুরোপুরি মুছে যাওয়ার আগেই নতুন করে দেখা দিয়েছে বেড়িবাঁধ ভাঙনের আশঙ্কা। নদী শাসনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩৫/১ পোল্ডারের টেকসই বেড়িবাঁধের ২২ কিলোমিটার অংশ এখন ঝুঁকির মুখে। বলেশ্বর নদীর তীরবর্তী অন্তত ১৩টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। ফলে আবারও বড় ধরনের দুর্যোগের আশঙ্কায় দিন কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা।
সিডরের সেই ভয়াল রাত, আজও ভুলতে পারেনি উপকূলবাসী
২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে প্রায় ২৪০ কিলোমিটার বেগে উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। ভয়াবহ জলোচ্ছ্বাস ও প্রবল বাতাসে মুহূর্তেই বিপর্যস্ত হয়ে পড়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। ভেঙে যায় বেড়িবাঁধ, বিধ্বস্ত হয় হাজার হাজার ঘরবাড়ি। নষ্ট হয় ফসলি জমি, গাছপালা, গবাদিপশু ও গুরুত্বপূর্ণ অবকাঠামো।
সরকারি হিসাব অনুযায়ী, ওই দুর্যোগে উপকূলীয় অঞ্চলে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম ছিল সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলা। সরকারি হিসাবে শুধু শরণখোলাতেই প্রাণ হারান ৯০৮ জন। তবে সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লিতে নিখোঁজ জেলেদের হিসাব যুক্ত করলে প্রাণহানির প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হয়।
সিডরের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। মারা যায় রয়েল বেঙ্গল টাইগার, হরিণসহ অসংখ্য বন্যপ্রাণী। বনাঞ্চলের পাশাপাশি উপকূলের জীববৈচিত্র্য ও মানুষের জীবিকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুবলার চরে নিখোঁজ হয় দেড় থেকে দুই হাজার জেলে
সিডরের সময় সুন্দরবনের দুবলার চরে চলছিল শুঁটকি উৎপাদনের মৌসুম। আলোরকোল, অফিসকিল্লা, মাঝেরকিল্লা, মেহেরআলী, নারকেলবাড়িয়া ও শ্যালার চরে অবস্থান করছিলেন ১০ হাজারেরও বেশি জেলে।
ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে অনেক জেলে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে নিজ এলাকায় ফিরে গেলেও জীবিকার তাগিদে অনেকে চরেই থেকে যান। কিন্তু সিডরের ভয়াবহ জলোচ্ছ্বাসে তছনছ হয়ে যায় শুঁটকি পল্লি। যারা ঝুঁকি নিয়ে চরে অবস্থান করেছিলেন, তাঁদের অনেকেই আর ফিরে আসেননি।
নিখোঁজ জেলেদের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব না হলেও বন বিভাগ, দুবলার ফিশারম্যান গ্রুপ এবং বেঁচে ফেরা জেলেদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুঁটকি উৎপাদনের পাঁচটি চরে দেড় থেকে দুই হাজার জেলে নিখোঁজ হয়েছিলেন বলে ধারণা করা হয়।
সেই ভয়াবহ রাতের স্মৃতি আজও ভুলতে পারেননি শরণখোলার মানুষ। বিশেষ করে বলেশ্বর নদীর তীরবর্তী জনপদের বাসিন্দাদের কাছে বেড়িবাঁধের নিরাপত্তা এখনো সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।
৩০০ কোটি টাকার বেড়িবাঁধেও বাড়ছে ভাঙনের ঝুঁকি
সিডরের পর উপকূলবাসীর প্রধান দাবি ছিল নিরাপদ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ। এ দাবিতে বছরের পর বছর মানববন্ধন, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ। তাঁদের স্লোগান ছিল, ‘মোরা ত্রাণ চাই না, বেড়িবাঁধ চাই।’
পরবর্তীতে ২০১৬ সালে বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্পের মাধ্যমে বলেশ্বর নদের তীরবর্তী প্রায় ২২ কিলোমিটারসহ মোট ৬২ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। ২০২৩ সালের ১৪ ডিসেম্বর প্রকল্পের কাজ শেষ হয়।
চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএইচডব্লিউই উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি-১) আওতায় কাজটি বাস্তবায়ন করে।
তবে নির্মাণকাজ শেষ হওয়ার পর থেকেই বাঁধের বিভিন্ন অংশে ফাটল ও ধস দেখা দিতে শুরু করে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, নদী শাসনের কার্যকর ব্যবস্থা না করেই বাঁধ নির্মাণ করা হয়েছে। কোথাও কোথাও মাটির পরিবর্তে নদীর বালু ব্যবহার করায় বাঁধের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
১৩টি পয়েন্টে ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
সরেজমিনে দেখা গেছে, বলেশ্বর নদীর তীরবর্তী কুমারখালী, সন্ন্যাসী, রাজেশ্বর এবং সিডরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সাউথখালীর গাবতলাসহ অন্তত ১৩টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী থেকে পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসীর ফাসিয়াতলা পর্যন্ত বিভিন্ন স্থানে মূল বাঁধ ও সিসি ব্লক ধসে পড়েছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত নদী শাসন ও ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না নিলে ৩৫/১ পোল্ডারের প্রায় ২২ কিলোমিটার বেড়িবাঁধ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে।
বগী, গাবতলা, উত্তর সাউথখালী, সোনাতলা ও রায়েন্দা এলাকার বাসিন্দা জাকির হাওলাদার, মোশারফ মেম্বার, ওহিদুল হাওলাদার, নুরু মিয়া ও আনোয়ার হাওলাদারসহ স্থানীয় কয়েকজন জানান, বাঁধ নির্মাণের সময় মাটি ব্যবহারের কথা থাকলেও অনেক স্থানে নদীর বালু দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে। এ কারণে নির্মাণকাজ শেষ হওয়ার পরের বছর থেকেই বিভিন্ন স্থানে ধস দেখা দেয়।
তাঁদের অভিযোগ, বাঁধের সঙ্গে নির্মিত স্লুইসগেটগুলোও প্রয়োজনের তুলনায় সরু। অনেক স্লুইসগেটের সঙ্গে খালের যথাযথ সংযোগ না থাকায় সেগুলো কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানিপ্রবাহের সংকট দেখা দেয়।
স্থানীয়দের মতে, পরিকল্পিত নদী শাসন, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নির্মাণকাজের যথাযথ মান নিশ্চিত না করায় প্রত্যাশিত সুফল পাচ্ছেন না তাঁরা। বরং বাঁধ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নদী শাসন ছাড়া বাঁধ নির্মাণ ছিল অদূরদর্শী সিদ্ধান্ত: শহিদুল আলম লিটন
এ বিষয়ে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সমাজসেবক শহিদুল আলম লিটন বলেন, তৎকালীন সরকার ও বিশ্বব্যাংক কর্তৃপক্ষ নদী শাসনের প্রয়োজনীয় ব্যবস্থা না রেখেই বাঁধ নির্মাণ করেছে। এটি ছিল অদূরদর্শী সিদ্ধান্ত। এখানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, বাঁধ নির্মাণে মাটির পরিবর্তে নদীর বালু ব্যবহার করা হয়েছে। ফলে বাঁধের উচ্চতা বাড়লেও সেটি টেকসই হয়নি। নির্মাণের কিছুদিন পর থেকেই বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিতে শুরু করেছে। এখন নদীপাড়ের মানুষ আবারও বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন।
১ হাজার ৮০০ মিটার নদী শাসনের কাজ চলমান
এদিকে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রক্ষায় জাইকা প্রকল্পের অর্থায়নে নদী শাসনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের আশার আলো মসজিদসংলগ্ন এলাকা থেকে প্রায় ১ হাজার ৮০০ মিটার নদী শাসনের কাজ চলমান রয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে একটি সমীক্ষা প্রকল্পের কাজও চলছে। সমীক্ষা প্রকল্প থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত ১৩ কিলোমিটার ঝুঁকিপূর্ণ এলাকাকে নদী শাসন কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
সিডরের ক্ষত ভুললেও নিরাপত্তার শঙ্কা কাটেনি
সিডরের ১৯ বছর পরও শরণখোলার মানুষের কাছে নিরাপদ বেড়িবাঁধ এখনো একটি বড় দাবি। প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন এবং পর্যাপ্ত নদী শাসন না থাকায় নতুন করে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, শুধু বাঁধ নির্মাণ করলেই হবে না, বলেশ্বর নদীর তীর সংরক্ষণ, কার্যকর নদী শাসন, স্লুইসগেট সংস্কার এবং পানি নিষ্কাশনের টেকসই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামো রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
সিডরের মতো আরেকটি ভয়াবহ দুর্যোগের অপেক্ষায় থাকতে চান না শরণখোলার মানুষ। তাঁদের প্রত্যাশা, নতুন করে কোনো প্রাণহানি বা সম্পদহানির ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার ও নদী শাসনের কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




