যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের দুয়ার খুলল বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) থেকে অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে নতুন করে বিদেশি বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সোমবার (১৬ নভেম্বর) ডিএফসির পক্ষ থেকে বাংলাদেশের অর্থায়ন পাওয়ার যোগ্যতার বিষয়টি ঘোষণা করা হয়। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে কাজ করছে ডিএফসি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্ব সুরক্ষায়ও সংস্থাটি ভূমিকা রাখছে।
বাংলাদেশের জন্য ডিএফসির অর্থায়নের সুযোগ তৈরি হওয়ায় দেশের বিভিন্ন খাতে বেসরকারি বিনিয়োগ আকর্ষণের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে অর্থায়নের অভাব ও বিনিয়োগ ঝুঁকির কারণে যেসব উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন ধরে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে, সেগুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ সুবিধা সহায়ক হতে পারে।
ডিএফসির অর্থায়ন এবং বিনিয়োগ ঝুঁকি কমানোর বিভিন্ন সুবিধা কাজে লাগিয়ে দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিনিয়োগের ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার পরিধি বাড়ানো এবং দেশীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
বিশেষ করে যেসব বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় প্রকল্পে উন্নয়নমূলক গুরুত্ব থাকলেও ঝুঁকি কিংবা পর্যাপ্ত অর্থায়নের অভাবে বেসরকারি বিনিয়োগকারীরা আগ্রহ দেখান না, সেসব প্রকল্পে ডিএফসির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ বিষয়ে ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে। তিনি আরও জানান, বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়ক প্রকল্পগুলোতে অর্থায়নের মাধ্যমে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি এবং পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে পারে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। তাঁর মতে, পারস্পরিক বাণিজ্য চুক্তি বা অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেডের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন কার্যকর ভূমিকা রাখতে পারে, যা দুই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াতে সহায়ক হবে।
উল্লেখ্য, বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। পাশাপাশি এ অঞ্চলে রয়েছে দ্রুত বিকাশমান বেশ কয়েকটি অর্থনীতি। এ কারণে আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রে অঞ্চলটি যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণ, মুক্তবাজারভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে ডিএফসি। বাংলাদেশের নতুন এই যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে অর্থায়নের সুযোগ বাস্তব বিনিয়োগে রূপ নিতে হলে প্রকল্প নির্বাচন, বিনিয়োগ প্রস্তাব এবং সংশ্লিষ্ট অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।




