রাজধানীতে এক রাতেই বাস ও পুলিশের গাড়িতে আগুন, তিন স্থানে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় পৃথক ঘটনায় একটি যাত্রীবাহী বাস ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি অকেজো গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে কুর্মিটোলা ও আগারগাঁও এলাকায় ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগারগাঁওয়ে বিস্ফোরণের পর পালানোর সময় দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) রাতে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ৭টার দিকে মিরপুর-১-এর দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, রাত ৭টা ৩৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম বলেন, চলন্ত বাসে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা গানপাউডার ব্যবহার করে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
এদিকে, রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ক্যান্টনমেন্ট থানার আওতাধীন কুর্মিটোলা বাসস্ট্যান্ডের সামনের সড়কে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে কেউ আহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অন্যদিকে, শনিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে এপিবিএন-১-এর এমটি শেডের সামনে রাখা একটি অকেজো ফোর্ড গাড়িতে আগুন দেওয়া হয়। ভোর সাড়ে ৪টার দিকে শাহজালাল হাউজিংয়ের গেটের বিপরীতে এ ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, গাড়িটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় সেখানে পার্ক করা ছিল। অগ্নিকাণ্ডের সময় এপিবিএন-১-এর একজন উপপরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবল দায়িত্ব পালন করছিলেন। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এ ছাড়া একই দিন রাত ২টা ২৫ মিনিটের দিকে শেরেবাংলা নগর থানার এসআরবি-২ গলিতে কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পকেট গেটের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দুজনকে আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন বরগুনার মিরাজ (৩৩) ও নওগাঁর রনি মণ্ডল (৩৬)। তারা ঢাকার মিরপুর এলাকায় বসবাস করতেন। বর্তমানে তাদের শেরেবাংলা নগর থানা হেফাজতে রাখা হয়েছে।
ডিসি ইবনে মিজান আগারগাঁওয়ে বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও বিস্ফোরণের এসব ঘটনায় সংশ্লিষ্ট থানা-পুলিশ তদন্ত করছে। ঘটনাগুলোর পেছনে কারা জড়িত, তা শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।




