জেলার খবরবাংলাদেশ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সাভারে দূতাবাসের জবাবদিহিসহ শ্রমিকদের ৬ দফা দাবি

সাভার (ঢাকা) প্রতিনিধি: সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদন্ড কার্যকরের প্রতিবাদে এবং প্রবাসীদের আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবিতে সাভারে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিদেশে আটক বাংলাদেশিদের আইনি সহায়তা, মৃত্যুদন্ডের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য জরুরি কূটনৈতিক উদ্যোগ এবং দূতাবাসের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাসহ ছয় দফা দাবি জানান তাঁরা। মঙ্গলবার দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক অপরাধের অভিযোগে অভিযুক্ত হলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী তাঁর বিচার হবে। তবে ন্যায়বিচার নিশ্চিত করতে পর্যাপ্ত আইনি সহায়তা, দোভাষীর সুবিধা ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা জরুরি। সৌদি আরবে মৃত্যুদন্ড কার্যকরের আগে দুই বাংলাদেশির আইনি সহায়তা এবং তাঁদের জীবন রক্ষায় সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা নেওয়া হয়েছিল কি না, তা স্পষ্ট করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তাঁরা।

মানববন্ধন থেকে উত্থাপিত ছয় দফা দাবি হলো-বিদেশে আটক বাংলাদেশিদের জন্য কার্যকর কনস্যুলার সহায়তা নিশ্চিত করা; মৃত্যুদন্ডের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মামলায় বিশেষ নজরদারি ও জরুরি কূটনৈতিক উদ্যোগ নেওয়া; প্রয়োজন অনুযায়ী আইনি সহায়তা ও দোভাষীর ব্যবস্থা করা; দূতাবাসগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা; আটক ও বিচারাধীন ব্যক্তিদের মামলার অগ্রগতি পর্যবেক্ষণে ডিজিটাল ব্যবস্থা চালু করা এবং প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসগুলোর সমন্বয় জোরদার করা।

মানববন্ধনে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদন্ড কার্যকরের ঘটনায় বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা জরুরি। দেশটিতে সিনেমা হল ও বিনোদনমূলক কর্মকান্ড চালুর প্রসঙ্গ তুলে বিচারব্যবস্থা ও নীতির ক্ষেত্রে দ্বৈত মানদন্ডের অভিযোগও করেন তিনি।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম বলেন, বিচার প্রক্রিয়ার প্রতিটি ধাপে অভিযুক্ত ব্যক্তির মৌলিক অধিকার সুরক্ষিত থাকা প্রয়োজন। মৃত্যুদন্ড কার্যকরের আগে বাংলাদেশ দূতাবাস কী পদক্ষেপ নিয়েছিল, তা প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রবাসী শ্রমিকেরা তাঁদের শ্রম ও রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই বিদেশে বিপদে পড়া বাংলাদেশিদের নিরাপত্তা, আইনি সুরক্ষা ও প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

এছাড়াও কর্মসূচি থেকে প্রবাসী বাংলাদেশিদের জীবন, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য দেন শ্রমিক নেতা মিজানুর রহমান, মাসুদ রানা সুলতান মনসুর আলী প্রমুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button