Tag: বাংলাদেশি প্রবাসী

  • ইরাকে মর্মান্তিক ঘটনা: খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশির মৃত্যু

    ইরাকে মর্মান্তিক ঘটনা: খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশির মৃত্যু

    এবিএনএ: ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

    দূতাবাস সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া জেলার এবং একজন ফেনী জেলার বাসিন্দা। তারা কর্মসূত্রে ইরাকের আরবিল শহরে অবস্থান করছিলেন।

    প্রাথমিক তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মোহাম্মদ তারেক (পাসপোর্ট নম্বর: EL-0875891), মো. সাব্বির এবং ফেনী জেলার মেহেদী হাসান (পাসপোর্ট নম্বর: A18633961) ওই ঘটনায় মারা গেছেন। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

    ঘটনার প্রকৃত কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহতদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

    এদিকে তিন প্রবাসী বাংলাদেশির এমন অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাস কর্তৃপক্ষ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

  • প্রথমবার টিকিট কিনেই দুবাইতে ২ কোটি দিরহাম জিতলেন বাংলাদেশি দর্জি!

    প্রথমবার টিকিট কিনেই দুবাইতে ২ কোটি দিরহাম জিতলেন বাংলাদেশি দর্জি!

    এবিএনএ:   দুবাইয়ে ‘বিগ টিকিট’ লটারিতে প্রথমবার অংশ নিয়েই ২ কোটি দিরহামের জ্যাকপট জিতেছেন বাংলাদেশি দর্জি সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান। দীর্ঘ ১৮ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন এই পরিশ্রমী বাংলাদেশি, আর এবার এক ঝটকায় হয়ে উঠলেন কোটিপতি!

    লটারি জয়ের পর সবুজ মিয়ার প্রতিক্রিয়া ছিল আবেগে ভরা।
    তিনি বলেন, “আমি কখনো ভাবিনি লটারি জিতব। তবে বন্ধুদের মুখে বারবার শুনে মনে হল, একবার চেষ্টা করে দেখি। আবুধাবি গিয়ে একটি টিকিট কিনি আর সেখান থেকেই আমার ভাগ্য বদলে যায়!”

    দর্জি হিসেবে দীর্ঘদিন কাজ করে আসা সবুজ জানান, “আমার আয় খুবই সীমিত। এই পুরস্কার আমার পরিবার ও ভবিষ্যতের জন্য অনেক বড় সুযোগ এনে দিয়েছে।”

    আরেক বাংলাদেশির সাফল্য, রেঞ্জ রোভার জিতেছেন পারভেজ হোসেন

    এই মাসে কেবল সবুজই নন, সৌভাগ্যের মুখ দেখেছেন আরেক বাংলাদেশি পারভেজ আনোয়ার হোসেনও। ২০০৯ সাল থেকে শারজাহতে বসবাসরত এই ৪২ বছর বয়সী ব্যবসায়ী লটারি ড্রতে জিতে নিয়েছেন রেঞ্জ রোভার ভেলার মডেলের একটি দামি গাড়ি।

    পারভেজ জানান, “চার বছর ধরে নিয়মিতভাবে শারজাহ থেকে আবুধাবি গিয়ে টিকিট কিনি। এবার অবশেষে সেই অপেক্ষার ফল মিলল। গাড়ি জিতে আমি দারুণ খুশি।”

    দুবাইয়ে বাংলাদেশিদের জয়জয়কার!

    বিগ টিকিট লটারিতে বাংলাদেশিদের এমন ধারাবাহিক সাফল্য প্রবাসীদের মধ্যে রীতিমতো উৎসাহ সৃষ্টি করেছে। ভাগ্য বদলের স্বপ্ন যে সত্যি হতে পারে—তার প্রমাণ দিলেন সবুজ ও পারভেজ।

  • মালয়েশিয়ায় গ্রেপ্তার ৩৬ বাংলাদেশির বিষয়ে তদন্তে সহযোগিতায় প্রস্তুত সরকার

    মালয়েশিয়ায় গ্রেপ্তার ৩৬ বাংলাদেশির বিষয়ে তদন্তে সহযোগিতায় প্রস্তুত সরকার

    এবিএনএ:  মালয়েশিয়ায় সন্ত্রাসী কার্যক্রমে সংশ্লিষ্ট থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৩৬ জন বাংলাদেশির বিষয়ে তদন্তে মালয়েশিয়া সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত সপ্তাহে মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনী দেশটিতে পরিচালিত অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে, যাদের বিরুদ্ধে উগ্রবাদ বা জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ইতোমধ্যে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে এবং আনুষ্ঠানিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় ও মামলার বিস্তারিত তথ্য চেয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। বাকি ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলবে অথবা প্রয়োজনে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

    হাইকমিশন এ বিষয়ে ঘনিষ্ঠভাবে মালয়েশিয়ার প্রশাসনের সঙ্গে কাজ করছে এবং প্রবাসী বাংলাদেশিদের আইনগত সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।

    বাংলাদেশ সরকার আবারও তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে যে, দেশটি সব ধরনের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে। মালয়েশিয়ার তদন্ত প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দিতে সরকার প্রস্তুত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ ইসমাইল গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারকৃত বাংলাদেশি শ্রমিকরা ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে অর্থ লেনদেনের সম্পৃক্ততায় অভিযুক্ত। তাদের বেশিরভাগই নির্মাণ, সেবা ও শিল্প খাতে নিয়োজিত ছিলেন। গত এপ্রিল থেকে ধারাবাহিক অভিযানে তাদের আটক করা হয়।

    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “যেসব ব্যক্তিকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, তাদের বিষয়ে সরকার নিজস্ব তদন্ত করবে। যদি কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

    বাংলাদেশ সরকার মালয়েশিয়ায় বসবাসরত সকল নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে এবং প্রবাসে দেশের ভাবমূর্তি রক্ষার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেছে।