দেখা হলেও কথা হয়নি

এবিএনএ : ভিয়েতনামে অনুষ্ঠিত ‘এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন’র (এপেক) শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ হচ্ছে কিনা তা নিয়ে বেশ গুঞ্জন চলছিল।
দুই নেতার কর্মতালিকায় সাক্ষাতের কোনো সূচি না থাকলেও শুক্রবার তাদের মধ্যে দেখা হয়। পরস্পরের সঙ্গে হাতও মেলান তারা।
শুক্রবারের ওই নৈশভোজে তাদের মধ্যে হঠাৎ করে দেখা হয় এবং এটি কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎ নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস।
তবে হঠাৎ সাক্ষাতে দু’জনে হাত মেলালেও তেমন কোনো কথা হয়নি।
নৈশভোজের আগে অংশগ্রহণকারী শীর্ষ নেতাদের গ্রুপ ছবি তোলার সময়ও ট্রাম্প ও পুতিন পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলেছেন। তারপর বিচ্ছিন্ন হয়ে টেবিলের আলাদা আলাদা জায়গায় বসে নৈশভোজে অংশ নিয়েছেন।
এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, উভয়পক্ষের সূচি না মেলায় আনুষ্ঠানিক বৈঠকের কোনো পরিকল্পনা করা হয়নি, তারপরও তাদের পরস্পরের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে।
ভিয়েতনামের ডানাংয়ে অবতরণ করার কয়েক মিনিট আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স সাংবাদিকদের বলেছিলেন, সূচি অনুযায়ী আনুষ্ঠানিক বৈঠক ক্যালেন্ডারে নেই এবং হবে বলে প্রত্যাশাও করছি না।
শনিবার ডানাংয়ে এপেক দেশগুলোর নেতাদের মূল বৈঠকটি অনুষ্ঠিত হবে। ১২ দিনের এক এশিয়া সফরের চতুর্থ পর্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন ভিয়েতনামের এই অবকাশযাপন শহরটিতে আছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *