জেলার খবরবাংলাদেশ

মোংলায় ৩ মণ গাঁজাসহ ৩ জন আটক

মোংলা প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী একটি পরিবহনের চেচিসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে এসআরবি-০৬। এ ঘটনায় পরিবহনের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক তিনজনের বাড়ি রংপুর সদর এলাকায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসআরবি-০৬ খুলনার উপপরিচালক, স্কোয়াড কমান্ডার ও মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, ঢাকার কাঁচপুর এলাকা থেকে গাঁজার একটি চালান যাত্রীবাহী পরিবহনে করে মোংলার দিকে নেওয়া হচ্ছে। তথ্য পাওয়ার পর পরিবহনটির গতিবিধির ওপর নজরদারি শুরু করা হয়।

তিনি জানান, গত রাতে প্রায় ১টার দিকে পরিবহনটি মোংলার ব্রাহ্মণমেঠ এলাকায় পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক, হেলপার ও সংশ্লিষ্ট আরেক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবহনের পেছনের অংশের চেচিসে তল্লাশি চালানো হয়।

সেখানে ছয়টি কার্টনের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় মোট ১২০ কেজি বা প্রায় তিন মণ গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন পারভেজ, নুরআমিন ও আমিনুর রহমান। তাদের মধ্যে একজন পরিবহনের চালক এবং অন্যরা মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের সবার বাড়ি রংপুর সদর এলাকায়।

এসআরবি-০৬ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এর আগেও একই পরিবহনের মাধ্যমে গাঁজা বহনের কথা স্বীকার করেছেন। এছাড়া আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্যও পাওয়া গেছে।

উদ্ধার করা গাঁজার চালানটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button