Tag: আটক

  • গুলশানে অভিযান: ৫০ লাখ টাকার জাল নোটসহ আটক ৩, জব্দ প্রাইভেটকার

    গুলশানে অভিযান: ৫০ লাখ টাকার জাল নোটসহ আটক ৩, জব্দ প্রাইভেটকার

    এবিএনএ: রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকার জাল নোট এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

    আটক ব্যক্তিরা হলেন মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) এবং আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)। পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে রোববার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে গুলশান থানার একটি দল ৩৬ নম্বর সড়কে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

    অভিযানকালে তাদের হেফাজত থেকে ৫০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। একই সঙ্গে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

    থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক যাচাইয়ে উদ্ধার হওয়া নোটগুলো জাল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল টাকার লেনদেনের সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন।

    এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • দিনাজপুরে ভোটকালীন নগদ টাকা বিতরণের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক

    দিনাজপুরে ভোটকালীন নগদ টাকা বিতরণের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক

    এবিএনএ, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে ভোটকালীন সময়ে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের অভিযোগে দুই কর্মীকে আটক করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের চকপাড়া কল‍্যাণপুর গ্রামে নগদ বিতরণের ঘটনাটি ঘটে। অভিযুক্তরা ভোটার প্রতি ৫০ টাকা করে বিতরণ করছিলেন। স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে প্রশাসনের নিকট খবর দেন।

    আটককৃতদের মধ্যে রয়েছেন, ৩৫ বছরের নুরুল আমিন ইমন এবং ৩৪ বছরের সেতু মন্ডল। ঘটনা সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. লিয়াকত আলী সেখ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দুজনকে বিরামপুর থানায় সোপর্দ করা হয়।

    বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভোটারদের মধ্যে নগদ বিতরণের সময় জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

    এই ঘটনায় প্রশাসন সতর্ক থাকার পাশাপাশি নির্বাচনের সময় ভোটারদের নিরাপদ ও সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কার্যক্রম জোরদার করেছে।