মহাখালীতে ভয়াবহ যানজট, ঘণ্টার পর ঘণ্টা স্থির গাড়ি—আমতলী থেকে সাতরাস্তা অচল

Written by

in

এবিএনএ: রাজধানীর মহাখালী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমতলী থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কে কয়েক ঘণ্টা ধরে যানবাহন প্রায় স্থির হয়ে রয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসফেরত মানুষ ও সাধারণ যাত্রীরা।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এই যানজট শুরু হয়। রাত পর্যন্ত পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে জানা গেছে। সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকেই মহাখালী আমতলী থেকে সাতরাস্তা পর্যন্ত দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন।

যাত্রীরা জানান, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তারা গন্তব্যে পৌঁছাতে পারছেন না। অনেকেই বাসের ভেতরে আটকে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে যানজট মহাখালী ছাড়িয়ে গুলশানমুখী সড়ক এবং অন্যদিকে জাহাঙ্গীর গেট পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে পুরো এলাকায় যান চলাচল ধীরগতিতে নেমে আসে এবং দুর্ভোগ আরও বাড়ে।

চালকদের ভাষ্য, সন্ধ্যা ৭টার পর থেকে যানজট বাড়তে শুরু করে এবং রাত সাড়ে ৯টা পর্যন্ত পরিস্থিতি প্রায় একই ছিল। সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ এবং ধীরগতির কারণে পুরো এলাকা অচল হয়ে পড়ে।

ট্রাফিক সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাখালীর ওয়্যারলেস এলাকায় কড়াইল বস্তির বাসিন্দারা প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করেন। বস্তিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে তারা এই কর্মসূচি পালন করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। তবে ব্যস্ত সময়ে সড়ক বন্ধ থাকায় দ্রুতই দীর্ঘ যানজট তৈরি হয়।

এছাড়া মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন একটি তেলের পাম্পে বিভিন্ন পরিবহনের দীর্ঘ লাইন তৈরি হওয়ায় সড়কে অতিরিক্ত চাপ পড়ে। এতে যান চলাচল আরও ব্যাহত হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, অবরোধ ও জ্বালানি নিতে গাড়ির দীর্ঘ লাইনের কারণে এই যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ কাজ করছে বলে জানানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *