লংমার্চে সমাধান নয়, সংবিধান সংস্কারে আলোচনায় আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: লংমার্চের মতো কর্মসূচির পরিবর্তে সংবিধান সংস্কারসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান রাজপথের কর্মসূচিতে নয়, বরং পারস্পরিক আলোচনা, সমঝোতা ও ঐকমত্যের মধ্য দিয়েই সম্ভব।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর মনসুন থিয়েটারে ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশে যেন আর কোনো জুলাই গণ-অভ্যুত্থান বা স্মৃতি জাদুঘর তৈরির পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা প্রয়োজন। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ বন্ধ করা যায়।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা জরুরি। সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে রাজনৈতিক ঐকমত্য ও সমঝোতার ভিত্তিতে, যাতে সংস্কারগুলো দীর্ঘস্থায়ী ও কার্যকর হয়।
গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষ নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার স্থায়ী আইনি কাঠামো এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন সালাহউদ্দিন আহমদ। এসব প্রতিষ্ঠানকে কার্যকর ওয়াচডগ হিসেবে গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর মহাপরিচালক এহসান মাহমুদ। প্রধান বক্তা ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ ছাড়া আলোচনায় অংশ নেন সংবিধান সংস্কার কমিশনের সাবেক সদস্য ফিরোজ আহমেদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাবিবুর রহমান।
বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধানে নির্দিষ্ট বিধান থাকলেও ১৯৭৫ সালে বাকশাল গঠনের মধ্য দিয়ে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, এর ফলে দেশে সাংবিধানিক সংকট ও স্বৈরতান্ত্রিক শাসনের ভিত্তি তৈরি হয়।
তিনি দাবি করেন, ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো দুর্বল হওয়া এবং ফ্যাসিবাদী শক্তির উত্থানের অন্যতম কারণ। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় জনগণের ইচ্ছা এবং জাতীয় অভিপ্রায়ের প্রতিফলন থাকতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি বিচারকদের জবাবদিহিও আইনের আওতায় আনতে হবে, যেন রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান সীমাহীন ক্ষমতা ভোগ করতে না পারে।
সংবিধানে উচ্চকক্ষ প্রতিষ্ঠা, নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালু এবং গণভোটসংক্রান্ত বিভিন্ন প্রস্তাব নিয়েও বিরোধী দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা কিংবা বিভাজনের রাজনীতি চায় না। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও নতুন প্রজন্মের প্রত্যাশাকে ধারণ করে গণতান্ত্রিক, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সব রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, ঐক্য ও সমঝোতা জরুরি।




