ট্রাম্পের হুমকিতে অনড় হাভানা: ‘কিউবা কারও নির্দেশে চলে না’—দিয়াজ-কানেলের কড়া জবাব
ট্রাম্পের হুমকিতে অনড় হাভানা: ‘কিউবা কারও নির্দেশে চলে না’—দিয়াজ-কানেলের কড়া জবাব


এবিএনএ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে কিউবা। দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কিউবা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র—কোনো বিদেশি শক্তির চাপ বা নির্দেশ তারা গ্রহণ করবে না।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প কিউবাকে দ্রুত একটি চুক্তিতে আসার আহ্বান জানান। অন্যথায় ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল ও অর্থ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি। ট্রাম্পের দাবি, দীর্ঘদিন ধরে কিউবা ভেনেজুয়েলার সহায়তায় টিকে ছিল, যা এখন আর অব্যাহত থাকবে না।
এই বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কিউবার প্রেসিডেন্ট বলেন, কিউবা মুক্ত ও সার্বভৌম দেশ। আমাদের কী করা উচিত, তা বাইরের কেউ নির্ধারণ করতে পারে না। মাতৃভূমির মর্যাদা রক্ষায় কিউবা শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলবে বলেও ঘোষণা দেন তিনি।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার পর থেকেই ক্যারিবীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। দীর্ঘদিনের মিত্র ভেনেজুয়েলা থেকে প্রতিদিন যে বিপুল পরিমাণ তেল কিউবায় যেত, তা বন্ধ হওয়ার আশঙ্কায় দেশটিতে জ্বালানি ও বিদ্যুৎ সংকট আরও তীব্র হয়েছে।
মাদুরোর নিরাপত্তায় নিয়োজিত কিউবান নাগরিকদের বিষয়ে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে পাল্টাপাল্টি দাবি উঠেছে। কিউবার দাবি, সাম্প্রতিক অভিযানে তাদের অন্তত ৩২ জন নাগরিক নিহত হয়েছেন।
এদিকে মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকেও কিউবা নিয়ে কঠোর বক্তব্য আসছে। তবে ট্রাম্প প্রশাসন এখনো চুক্তির শর্ত বা ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু প্রকাশ করেনি। বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি বক্তব্য যুক্তরাষ্ট্র–কিউবা সম্পর্ককে আরও সংঘাতমুখী করে তুলছে।




