Author: Admin

  • প্রতিশ্রুত সময়ে নির্বাচন না হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে-ড. মুস্তাফিজুর রহমান

    প্রতিশ্রুত সময়ে নির্বাচন না হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে-ড. মুস্তাফিজুর রহমান

    এবিএনএ:  সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর সম্মানীয় ফেলো প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচন প্রতিশ্রুত সময়সীমার মধ্যে না হলে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হতে পারে। সেইসাথে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। টেকসই বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য।

    তিনি বলেন, সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হলেও প্রাপ্ত প্রতিশ্রুত খুব বেশি নয়। এ সম্মেলনে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুরের পর্যায়ে উন্নীত করার আশাবাদ প্রকৃতপক্ষে সম্ভব নয়। তবে বিনিয়োগবান্ধব পরিবেশ অব্যাহত থাকলে সে সময়ের মধ্যে আমরা থাইল্যান্ডের কাছাকাছি যেতে পারি। বিগত সরকারের আমলে বিনিয়োগ পরিসংখ্যানে অনেক অবাস্তব চিত্র দেওয়া হয়েছিল।

    আজ শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে রাজধানীর এফডিসিতে ‘বিদেশি বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

    প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের দেশে বিদেশি বিনিয়োগ ৩৩ বিলিয়ন ডলার আসার কথা উল্লেখ করা হলেও বাস্তবে এসেছে ১১ বিলিয়ন ডলার। ভিয়েতনামের বর্তমান এফডিআই স্থিতি ৩৬০ বিলিয়ন ডলার হলেও বাংলাদেশে মাত্র ২২ বিলিয়ন ডলার। ভারত—পাকিস্তানের বর্তমান পরিস্থিতি আমাদের দেশে বিদেশি বিনিয়োগের জন্য উদ্বেগজনক। যুদ্ধ অবস্থায় চলে গেলে ভারতের সামরিক ব্যয় বেড়ে যাবে, ফলে ভারতের সাথে আমাদের শুল্ক সুবিধা ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে।

    ডেমোক্রেসি’র আয়োজনে “সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলন বিদেশি বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি করেছে” শীর্ষক ছায়া সংসদে ঢাকা কলেজের বিতার্কিকদের পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক দৌলত আক্তার মালা ও সাংবাদিক জাকির হোসেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

  • লোডশেডিং গরমে সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা

    লোডশেডিং গরমে সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা

    এবিএনএ:  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এবার গরমে লোডশেডিং সীমিত পর্যায়ে রাখতে চাই। আমাদের প্রজেকশনে আছে ১৮ হাজার মেগাওয়াট। আমরা আশা করছি, অনেকটা ম্যানেজ করতে পারবো। লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে।

    শনিবার দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে ফোরাম ফর এনার্জি রিপোর্টারস বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত জ্বালানি সংকট উত্তরণের পথ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

    বিদ্যুৎ উপদেষ্টা বলেন, গ্রাম ও শহরের মধ্যে সমন্বয় থাকবে। জ্বালানি আমদানি করতে পারবো। আমাদের বিদ্যুৎ সরবরাহ রাখতে হবে। এটা স্বল্পমেয়াদের সরকার। জ্বালানির সব কিছুতে অনেক সময় লাগে। এমন কিছু আমরা হাতে নেই না যা আমরা করতে পারবো না। আমরা অগ্রাধিকার নিয়েছি বকেয়া পরিশোধের। বিল পেমেন্ট না করলে কোন দেশ ব্যবসা করবে!

    উপদেষ্টা আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে সিস্টেম লস ৫০ শতাংশ কমাতে হবে। লাইন লিকেজ ছিল সেগুলো ঠিক করা হচ্ছে। গ্যাস চুরির বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা এলএনজি আমদানি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে করার সিদ্ধান্ত নিয়েছি। প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে এনেছি। তবে আগামী বছর তো বকেয়া দিতে হবে না। শুধু কারেন্ট পেমেন্ট দিতে হবে। আগামী বছর ভর্তুকি বাড়বে না বরং কমবে। আমরা গহ্বরে পড়েছিলাম সেখান থেকে উঠে আসার চেষ্টা করতেছি।

    সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের বিষয়ে তিনি বলেন, বিটে কেউ অংশ নেয়নি, মিনিস্ট্রিতে ফাইনাল এপ্রুভ হয়ে গেলে পুনরায় রি-টেন্ডার করা হবে। জ্বালানি তেলের মূল্য নির্ধারণ বিইআরসিকে দেওয়া হচ্ছে না কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চিন্তা করছি, মন্ত্রণালয় আছে, কারণ তেলের দাম হঠাৎ করে বেড়ে যায়। আবার আপনারি বলতে পারেন তেলের দাম কমছে না কেন! এটার জন্য প্রতিবেশী দেশের দাম আর ভর্তুকির বিষয় থাকে।

  • ভারত-পাকিস্তান উত্তেজনা: কি বললেন ট্রাম্প

    ভারত-পাকিস্তান উত্তেজনা: কি বললেন ট্রাম্প

    এবিএনএ: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার জেরে উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। ভয়াবহ এ হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে পাকিস্তানিদের ভিসা বাতিলসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় ভারত। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের বিরুদ্ধে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

    এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তারা (ভারত-পাকিস্তান) কোনো না কোনোভাবে এটি ঠিক করে নেবে।’ স্থানীয় সময় শুক্রবার প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিক্যানে যাওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর রয়টার্স।

    এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বিতর্কিত সীমান্ত অঞ্চলে ঐতিহাসিক সংঘাতের কথা উল্লেখ করেন এবং বলেন যে, তিনি উভয় দেশের নেতাদের চেনেন। কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করবেন কিনা জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

    ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তারা এটা কোনো না কোনোভাবে ঠিক করে ফেলবেই।’ তিনি বলেন, ‘পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, কিন্তু সবসময়ই ছিল।’

    উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। যার মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি। এটি ২০১৯ সালের পর ভারত-শাসিত কাশ্মীরে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।

  • বজ্রসহ বৃষ্টির আভাস ৩ বিভাগে

    বজ্রসহ বৃষ্টির আভাস ৩ বিভাগে

    এবিএনএ:  আগামী ৫ দিন সারা দেশের বেশ কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। যেসব অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী বিভাগসহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

    সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা (২-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

    মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

    বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • বিক্ষোভ মিছিলের ডাক সব পলিটেকনিক ইনস্টিটিউটে

    বিক্ষোভ মিছিলের ডাক সব পলিটেকনিক ইনস্টিটিউটে

    এবিএনএ:  দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে রবিবার একযোগে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়। ছয় দফা দাবিতে আন্দোলন করছেন এই শিক্ষার্থীরা।

    গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে তাদের এক বৈঠক হয়। ওই বৈঠকে পর মন্ত্রণালয়ের তরফে কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিতের কথা জানানো হয়। পরে আন্দোলনকারীরাও ওই সিদ্ধান্ত মেনে আন্দোলন স্থগিত করেন। কিন্তু এরপর ফের কর্মসূচির ডাক দেন।

    পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধনের দাবি।

  • ভারত-পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি

    ভারত-পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি

    এবিএনএ: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলা চালিয়ে গত সপ্তাহে ২৮ পর্যটক হত্যার ঘটনাকে কেন্দ্র ভারত-পাকিস্তান যুদ্ধের উত্তেজনা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতের পর শুক্রবার রাতেও দুই দেশের সেনারা পাল্টাপাল্টি গুলি চালিয়েছেন। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান তাদের যুদ্ধ-প্রস্তুতির বিবরণ দিয়ে জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পাকবাহিনী পুরো প্রস্তুত রয়েছে। পাশাপাশি পাকিস্তান সরকারের পক্ষ থেকে পেহেলগামে জঙ্গি হামলার বিষয়ে আন্তর্জাতিক তদন্তও দাবি করা হয়েছে। অন্যদিকে ভারতও যুদ্ধের নানা প্রস্তুতি গ্রহণের পাশাপাশি গতকাল গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করে ‘ভারতীয় সামরিক তৎপরতার’ কোনো খবর বা ভিডিওচিত্র প্রকাশ না করার নির্দেশনা দিয়েছে। পাশাপাশি দেশটিতে বৈধ বা অবৈধভাবে অবস্থানকারী পাকিস্তানিদের শনাক্ত করে তাদের স্বদেশে ফেরত পাঠাতে বলা হয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পক্ষে-বিপক্ষে কিছু না উল্লেখ করে দুই দেশকে ইঙ্গিত করে বলেছেন, তারা নিজেরাই নিজেদের সামলে নেবে। এ ছাড়া উত্তেজনা নিরসনের পক্ষে এদিন ইরান ও সৌদি আরব মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছে। সূত্র : রয়টার্স, বিবিসি, এনডিটিভি, ডন, আলজাজিরা।

    প্রাপ্ত খবর অনুযায়ী, জম্মু-কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার জেরে উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণরেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত রাতে কাশ্মীর ও লাদাখ সীমান্তে এ গোলাগুলির ঘটনা ঘটে। এর আগের রাতেও দুই পক্ষের মধ্যে একই ধরনের ঘটনা ঘটে। ভারতের সেনা কর্মকর্তারা বলেছেন, সীমান্তের ওপারের একাধিক পাকিস্তানি সেনাচৌকি থেকে গুলি ছোড়া হয়। তার উপযুক্ত জবাব দিয়েছেন ভারতীয় সেনারা। ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘২৫-২৬ এপ্রিল রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখাজুড়ে একাধিক পাকিস্তান সেনাচৌকি থেকে বিনা উসকানিতে ছোট আকারে গুলি চালানো হয়। ভারতীয় সেনারা ছোট অস্ত্র ব্যবহার করে উপযুক্ত জবাব দিয়েছেন। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’এদিকে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির গতকাল মিলিটারি একাডেমির (পিএমএ) পাসিং আউট প্যারেডে দেওয়া ভাষণে যুদ্ধ-প্রস্তুতির বিবরণ দিয়ে বলেন, ‘আত্মরক্ষার জন্য পাকিস্তানের প্রস্তুতি পুনর্ব্যক্ত করছি। দ্বিজাতি তত্ত্ব মুসলিম এবং হিন্দুদের মধ্যে পার্থক্যকে নির্দেশ করে, যা পাকিস্তানের পরিচয় এবং অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। পাকিস্তানের পূর্বপুরুষরা একটি পৃথক মুসলিম পরিচয়ের বিশ্বাসের দ্বারা দেশ গঠনের জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন। তাই পাকিস্তানের জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ। দেশকে রক্ষা করার প্রতিশ্রুতিতে অটল সেনারা। পাকিস্তান যে কোনো বহিরাগত হুমকির মুখোমুখি হতে সক্ষম। পাকিস্তানের সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।’

    পরমাণু অস্ত্র নিয়ে গ্লোবাল ফায়ারপাওয়ার সূচকের তথ্য : ভারত ও পাকিস্তানের সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিশ্লেষণমূলক একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালয়েশিয়াভিত্তিক ‘ডিফেন্স সিকিউরিটি এশিয়া’। ‘গ্লোবাল ফায়ারপাওয়ার সূচক (জিএফপি) ২০২৫’ অনুসারে করা এ প্রতিবেদন ডিফেন্স সিকিউরিটি এশিয়ার ওয়েবসাইটে গত শুক্রবার প্রকাশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা এখন ১৪০ থেকে ১৫০টি। এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি। ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে শাহিন-টু/থ্রি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এফ-১৬ যুদ্ধবিমান, বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। তবে ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের ৬ থেকে ৮ গুণ। ভারত-পাকিস্তান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থলবাহিনী। ভারতের ট্যাংক ৪ হাজার ৬১৪টি। সাঁজোয়া যান ১ লাখ ৫১ হাজার ২৪৮টি। কামান ৯ হাজার ৭১৯টি। বিশেষ বাহিনীর মধ্যে আছে প্যারা এসএফ, ঘাতক ফোর্স, এমএআরসিওএস। পাকিস্তানের ট্যাংক ৩ হাজার ৭৪২টি। সাঁজোয়া যান ৫০ হাজার (আনুমানিক)। কামান ৪ হাজার ৪৭২টি (৩৭৫ স্বয়ংক্রিয় হাউইটজারসহ)। বিশেষ বাহিনীর মধ্যে আছে স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি), এসএসজি নৌ ও স্পেশাল সার্ভিস উইং। এগুলো আকারে তুলনামূলক ছোট হলেও সমীহ করার মতো। ট্যাংক, সশস্ত্র যান ও কামানে সংখ্যাগত দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত।

  • ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো লড়তে চান ট্রাম্প

    ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো লড়তে চান ট্রাম্প

    এবিএনএ: ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কি আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প? এখন থেকেই তা আগাম জানানো সম্ভব নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনলাইন স্টোরে ‘ট্রাম্প ২০২৮’ লেখা নানা পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে।

    ২০২৮ সালে ৮২ তে পা দেবেন ট্রাম্প। সেই নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভবনাকে উড়িয়ে দেননি তিনি। এমনকী, তার জন্য সংবিধান অগ্রাহ্য করতেও রাজি বলে জানিয়েছিলেন তিনি।

    বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ট্রাম্প পুত্র এরিক ট্রাম্পকে সোশাল মিডিয়ায় এ রকম একটি ক্যাপ পরা ছবিতে দেখা গেছে। ক্যাপটির দাম ৫০ মার্কিন ডলার।

    টি-শার্ট পাওয়া যাচ্ছে নীল এবং লাল রংয়ে। দাম ৩৬ মার্কিন ডলার। কাপ ধরার কুজিস মিলছে ১৮ মার্কিন ডলারে।

    এই পণ্যসামগ্রীর গায়ে লেখা, ‘দ্য ফিউচার লুকস ব্রাইট। রিরাইট দ্য রুলস (ভবিষ্যত উজ্জ্বল দেখাচ্ছে। নতুন করে নিয়ম লেখা হোক)।’

    ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট চতুর্থবার নির্বাচিত হওয়ার পরে মার্কিন সংবিধানের ২২তম সংশোধন হয়। চতুর্থবারের মেয়াদও শুরুর সময়েই ১৯৪৫ এর ১২ এপ্রিল ৬৩ বছর বয়সী রুজভেল্ট মারা যান।

    ১৯৫১ সালে সংশোধনী পাশ হয়। এতে বলা আছে, ‘কোনো ব্যক্তি দু’বারের বেশি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারবেন না।’

    ট্রাম্পকে সংবিধানও বদলানোর জন্য কংগ্রেসের দুই সভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সংশোধনী পাস করাতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেটের মধ্যে অন্তত ৩৮টি থেকে অনুমোদন নিতে হবে, যার সম্ভবনা কম।

    যদিও ট্রাম্প বলেছেন, তৃতীয়বার নির্বাচিত হওয়ার ‘উপায়’ আছে এবং আবার ভোটে দাঁড়ানো নিয়ে তিনি ‘মস্করা করছেন না’। তবে তিনি এও বলেন, ‘সেসব ভাবার আগে আমাদের বহুদূর পথ পার করতে হবে।’

    ট্রাম্প তার রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি নিজের নামকে একটি ব্র্যান্ডে পরিণত করেছেন। বর্তমানে তার স্টোরে পাওয়া যাচ্ছে মা দিবস উপলক্ষে গোলাপি পায়জামা, ট্রাম্প লোগোযুক্ত পিকলবল প্যাডল, এবং ‘45’ ও ‘47’ নম্বর সংবলিত গহনা। এগুলো তাকে ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দেখায়।

  • এপিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ

    এপিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ

    এবিএনএ: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারে দায়িত্ব নেওয়ার পর বন্ধু মোয়াজ্জেম হোসেনকে সহকারী একান্ত সচিব বা এপিএস পদে নিয়োগ দিয়েছিলেন। সম্প্রতি সেই এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ সংক্রান্ত খবর প্রকাশ হয়েছে।

    একই সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (ছাত্র প্রতিনিধি) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ। তদবির বাণিজ্যের অভিযোগ ওঠার পর মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    গত ২১ এপ্রিল মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবিকে অব্যাহতি দিয়ে সরকারি আদেশ জারি হয়।

    তাদেরকে কেন্দ্র করে ওঠা অভিযোগগুলোর বিষয়ে আইন মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

    মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়নি বরং সে নিজে পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পদত্যাগের পেছনে এসব অভিযোগের কোনো ভূমিকা নেই বলেও দাবি তার।

    তিনি বলেন, ‘ওর (মোয়াজ্জেম হোসেন) আগে থেকেই বিসিএসকেন্দ্রিক চিন্তা ছিল। স্থায়ী চাকরির সুযোগ আসলে অস্থায়ী চাকরিটা ছেড়ে দেওয়ার কথাও বলছিল।’

    এপিএসের পদত্যাগের পর ‘নেগেটিভ ক্যাম্পেইন’ হতে পারে বিষয়টি আগেই আলোচনা হয়েছে তাদের। আসিফ মাহমুদ বলেন, ‘পদত্যাগ করলে নেগেটিভ ক্যাম্পেইন হতে পারে, এ ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। তারপরও মোয়াজ্জেমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই দুদককে ইনভলভ্ করব।’

    টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘সংস্কারের ঘোষণা ও নতুনত্বের স্লোগান দিয়ে দায়িত্ব গ্রহণ করা বর্তমান সরকার গঠনের একটি প্রেক্ষাপট রয়েছে। যাদের হাতে ক্ষমতা এসেছে, তারা সেই ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে যদি সতর্ক না হন, তাহলে পরিবর্তন আনা সহজ হবে না।’

    ইফতেখারুজ্জামান বলেন, ‘আইন বহির্ভূত চর্চাকে স্বাভাবিক হিসেবে ধরা হলে রাজনীতি বা শাসন কাঠামোর সংস্কার কার্যকর হবে না।’

    স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ছিলেন। অভিযোগ উঠেছে, সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ ও বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং ফ্যাসিবাদের দোসর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শতকোটি টাকা হাতিয়েছেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে উপজেলা প্রকৌশলী পর্যন্ত প্রায় সব গ্রেডের কর্মকর্তার বদলি-পদায়নে তদবির বাণিজ্য করেছেন।

  • জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন ‘বাঘা’ শরীফ

    জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন ‘বাঘা’ শরীফ

    এবিএনএ, চট্টগ্রাম: ১১৬তম আসরে আবারও  চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ।শুক্রবার সন্ধ্যার আগে কুমিল্লার আরেক বলী রাশেদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন তিনি।

    বিকাল সাড়ে পাঁচটার দিকে এবারও ফাইনালে মুখোমুখি হন বাঘা শরীফ ও রাশেদ বলী। বিকেল ৪টায় নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠের অস্থায়ী মঞ্চে শুরু হয় বলীখেলা। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১২০ জন বলী অংশ নেন।

    সেমিফাইনালে অংশ নেন বাঘা শরীফ, কামাল, শাহ জালাল ও রাশেদ। তারা চারজনই কুমিল্লার বাসিন্দা ছিলেন। এরমধ্যে বাঘা শরীফ ও কামালের মধ্যে প্রথম রাউন্ড খেলা অনুষ্ঠিত হয়। এতে কামালকে হারিয়ে বাঘা শরীফ বিজয়ী হন। দ্বিতীয় রাউন্ডে শাহ জালাল ও রাশেদের মধ্যে অনুষ্ঠিত খেলায় শাহজালাল পরাজিত হন। পরে দুই রাউন্ডের পরাজিত দুইজনের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। সেখানে কামাল বিজয়ী হন।

    নিয়ম অনুযায়ী তৃতীয় রাউন্ডের বিজয়ীকে তৃতীয় এবং পরাজিতকে চতুর্থস্থান অধিকারী হিসেবে বিবেচনা করা হয়। সেই অনুযায়ী কামালকে তৃতীয় এবং ১১৪তম আসরের চ্যাম্পিয়ন শাহ জালাল বলীকে চতুর্থস্থান অধিকারী হিসেবে ঘোষণা করা হয়।

    সর্বশেষ বাঘা শরীফ এবং রাশেদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিকাল সোয়া ৫টায় শুরু হওয়া খেলা প্রায় ৬টা পর্যন্ত চলে। এ সময় কেউ কাউকে হারাতে পারছিলেন না। পরে উভয় খেলোয়াড়কে যে মাটিতে ফেলবে তাকেই বিজয়ী হিসেবে ঘোষণা করার নির্দেশনা দেন রেফারি। এ কথা শুনেই বাঘা শরীফ রাশেদকে মাটিতে ফেলে দিতে চাইলে তিনি রিংয়ের রশি ধরে ফেলেন। পরে রেফারি রাশেদকে টেকনিক্যাল আউট ঘোষণা করেন।

    এর আগে খেলা উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

    এদিকে, বলীখেলাকে ঘিরে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিনদিনের বৈশাখী মেলা। এ বৈশাখী মেলার জন্য অপেক্ষায় থাকেন চট্টগ্রাম নগরীসহ আশপাশের উপজেলার বাসিন্দারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা নানা ধরনের মালামাল নিয়ে আসেন এ মেলায়। এসব জিনিসপত্রে মধ্যে রয়েছে মাটির তৈরি তৈজসপত্র, খেলনা, ফুলদানি, পুতুল, বেত-কাঠ ও বাঁশের তৈরি আসবাব, হাত পাখা, মাছ ধরার পলো, বেতের তৈরি ডালা, কুলো, ফলদ ও বনজ গাছের চারা, ফুল গাছের চারা, মুড়ি মুড়কি, পাটি, মাদুর, চুড়ি, প্রসাধনী সামগ্রী, দা-বটি, ছুরিসহ প্রায় সব পণ্যই পাওয়া যায় এ মেলায়।

    জব্বারের বলীখেলা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল জানান, বলীখেলার ১১৬তম আসরে এবার রেজিস্ট্রেশন করেছেন ১৪৭ জন বলী। এতে জাতীয় পর্যায়ের বলীরাও অংশ নিয়েছেন।

     

    জানা যায়, ১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই বলীখেলার সূচনা করেন। তার মৃত্যুর পর এটি জব্বারের বলীখেলা নামে পরিচিতি লাভ করে। ১৯০৯ সাল থেকে চট্টগ্রামের লালদীঘি ময়দানে প্রতি বছরের ১২ বৈশাখ অনুষ্ঠিত হয় এই জব্বারের বলীখেলা। ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্রিটিশ সরকার আবদুল জব্বার মিয়াকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ব্রিটিশ ও পাকিস্তানি আমলে বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও বার্মার আরাকান অঞ্চল থেকেও নামি-দামি বলীরা এ খেলায় অংশ নিতেন।

  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ল ঈদ বোনাস

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ল ঈদ বোনাস

    এবিএনএ: আগামী ঈদুল আজহা থেকে ৫০ শতাংশ বোনাস পাবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) শিক্ষক-কর্মচারীরা বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

    শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

    ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ‘বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে ঈদ বোনাস পেয়ে থাকেন।এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার বোনাস ২৫% থেকে বাড়িয়ে ৫০% করার সিদ্ধান্ত নিলো অন্তর্বর্তীকালীন সরকার।’

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তথ্যানুযায়ী, সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন।