Author: Admin

  • চীনের ওপর শুল্ক কমবে উল্লেখযোগ্য হারে- ট্রাম্প

    চীনের ওপর শুল্ক কমবে উল্লেখযোগ্য হারে- ট্রাম্প

    এবিএনএ: চীনের ওপর শুল্ক নিয়ে অবস্থান পাল্টাতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টাপাল্টি শুল্ক আরোপকে কেন্দ্র করে মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ওয়াশিংটনের সঙ্গে বেইজিং যখন আলোচনা চালিয়ে যাচ্ছে তখন এমন মত পাল্টানোর কথা বললেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বেইজিংয়ের ওপর শুল্ক ক্রমেই উল্লেখযোগ্য হারে কমে আসবে। তবে একেবারে শূন্য হবে না। স্থানীয় সময় মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বুধবার সিএনএন এ খবর জানিয়েছে।

     

    ট্রাম্প বলেন, ‘১৪৫ শতাংশ অনেক বেশি। নতুন শুল্ক ততটা উঁচু হবে না, এমনকি এর ধারে-কাছেও হবে না। এটা উল্লেখযোগ্য হারে কমানো হবে। তবে শূন্যে পৌঁছাবে না।’

     

    এর আগে সকালে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের নেতিবাচক প্রভাব নিয়ে কথা বলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেন, উচ্চ শুল্ক চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যকে কার্যকরভাবে বন্ধ করে দেবে।

    দ্য ইকোনমিক টাইমস জানায়, বাণিজ্যযুদ্ধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি শুল্ক আরোপের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বেইজিং। এ প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, বর্তমানে চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক অনেকটাই বেশি। যদি বেইজিংয়ের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়, তবে এ শুল্ক তিনি কমিয়ে আনবেন। এ বিষয়ে বেইজিংয় বলছে, কার্যত বাণিজ্যযুদ্ধে কেউ জয়ী হয় না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জাইকুন বলেন, ‘আমরা যুদ্ধ করতে চাই না। পাশাপাশি আমরা যুদ্ধে ভীতও নই।’

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য বিরোধের মধ্যে আরোপিত শুল্ক বিশ্বের সব দেশের স্বার্থকে হুমকির মধ্যে ফেলেছে। গতকাল বুধবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে এক বৈঠকে শি বলেন, ‘বাণিজ্যযুদ্ধ সব দেশের বৈধ অধিকার ও স্বার্থকে ক্ষুণ্ন করে, বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে এবং বিশ্ব অর্থনৈতিক শৃঙ্খলাকে প্রভাবিত করে।’

    রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, শি বলেছেন, চীন জাতিসংঘের ভিত্তিতে থাকা আন্তর্জাতিক ব্যবস্থা ও আইনের ওপর নির্ভর করে শৃঙ্খলা রক্ষা, নিজ নিজ বৈধ অধিকার ও স্বার্থকে দৃঢ়ভাবে রক্ষা করা এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষায় আজারবাইজানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। একে অপরের রপ্তানিতে শাস্তিমূলক শুল্ক আরোপের পর বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য কার্যকরভাবে স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট শি এ মন্তব্য করলেন।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চীনের বেশির ভাগ চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার প্রতিক্রিয়ায় চীন মার্কিন রপ্তানিতে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে। এ অবস্থায় বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তারা ২০২৫ সালের প্রবৃদ্ধির অনুমান ৩ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ৮ শতাংশ করেছে।

  • এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার গুম-খুনের বিচার : আইন উপদেষ্টা

    এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার গুম-খুনের বিচার : আইন উপদেষ্টা

    এবিএনএ: বাংলাদেশে যত গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধ হয়েছে তার বিচার করা এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এছাড়া, মানবাধিকার লঙ্ঘনের বিচার করার পাশাপাশি ভবিষ্যতে যেন এমন অপরাধ আর না হয় এ জন্য প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

     

    মঙ্গলবার রাজধানীর কলেজ রোডে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ এর ওপর এই সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়।

    আসিফ নজরুল বলেন, অনেকে প্রশ্ন করেন- যে আইনগুলো করছেন, পরবর্তী সরকার এসে এগুলো রাখবে কিনা। কারণ এক/এগারো সরকারের আমলেও অনেকগুলো ভালো আইন করা হয়েছিল। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেগুলো আর রাখেনি।

    তিনি বলেন, আমি সবাইকে বলি, পরে যে সরকার আসবে, তারা কমপক্ষে এক হাজার মানুষের রক্তের ওপর দিয়ে গঠিত ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে আসবে। তাদের পেছনে থাকবে ৫০-৬০ হাজার মানুষের আহত হওয়ার স্মৃতি, লাখ লাখ মানুষের কান্না। এত বড় একটা লিগ্যাসির পর আমাদের পরবর্তী সরকার আমাদের এই সংস্কার ভুলে যাবে… এটা আমি কল্পনাও করতে চাই না। আমরা সমস্ত সংস্কার প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সংযুক্ত করতে চাচ্ছি। কখনো তারা যেন বলতে না পারে, এখানে আমাদের কোনো অংশগ্রহণ ছিল না। এই অংশগ্রহণ নিশ্চিত করতে গিয়ে মাঝেমাঝে আমাদের সময় লাগে। আপনারা অধৈর্য হবেন না। আমরা আমাদের কাজে অটল রয়েছি। আমরা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের জঘন্যতম অপরাধের বিচার করব।

    গুম হত্যার চেয়ে ভয়াবহ উল্লেখ করে আসিফ নজরুল বলেন, গুমের শিকার পরিবারের সদস্যরা ঠিকমতো তাদের জন্য দোয়াও করতে পারেন না। তারা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তা পরিবার জানে না। আমরা দেখেছি, গুমের শিকার একজনের বাবা বলেছিল… আমি কোনো বিচারও চাই না। শুধু আমার ছেলের কবর কোথায় আছে, তা জানতে চাই।

    তিনি বলেন, আমাদের সরকারের যত অগ্রাধিকার রয়েছে, তার মধ্যে গুম, খুন, মানবতাবিরোধী অপরাধ, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের ইতিহাসে যে নৃশংসতম ঘটনাগুলো ঘটেছে, তার বিচার নিশ্চিত করা অন্যতম। সেজন্য আমরা বিভিন্ন আইন প্রণয়ন করছি। আন্তর্জাতিক মানবাধিকার আইনের পক্ষ নিচ্ছি। আমরা প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নিচ্ছি। একইসাথে আমরা বিচারপ্রক্রিয়া শুরু করেছি।

    আসিফ নজরুল বলেন, বিচার প্রক্রিয়া নিয়ে আপনাদের অনেক ধরনের উৎকণ্ঠা থাকে, চিন্তা থাকে যে, এখানে কোনো বিলম্ব করা হচ্ছে, কিনা। আমার মনে হয় না এখানে আমাদের কোনো গাফিলতি রয়েছে। আপনাদের নিশ্চিত করতে চাই, এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

    মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট এহসানুল হক সমাজী, ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম ও মানবাধিকারকর্মী রেজাউর রহমান লেলিনসহ অনেকে।

  • এমাসের ২১ দিনে এলো ১৯৬ কোটি ডলার রেমিট্যান্স

    এমাসের ২১ দিনে এলো ১৯৬ কোটি ডলার রেমিট্যান্স

    এবিএনএ: চলতি  এপ্রিলের প্রথম ২১ দিনে এসেছে প্রায় দুই বিলিয়ন (১৯৬ কোটি ৬০ লাখ ডলার) ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যা ২৩ হাজার ৯৮৫ কোটি ২০ লাখ টাকা। এই হিসাবে গড়ে প্রতিদিন আসছে ৯ কোটি ৩৬ লাখ ডলারের বেশি বা ১১৪২ কোটি টাকা।  মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

    হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, গত বছরের একই সময়ের চেয়ে চলতি এপ্রিলের প্রথম ২১ দিনে প্রায় ৫৭ কোটি ডলার বেশি এসেছে। শতকরা হিসাবে রেমিট্যান্সের গ্রোথ প্রায় ৪১ শতাংশ।

    এর আগে সদ্য বিদায়ী মাস মার্চের পুরো সময়ে রেমিট্যান্স এসেছে ৩.২৯ বিলিয়ন (৩২৯ কোটি ডলার) ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। সেই হিসাবে প্রতিদিন আসছে প্রায় ১০.৬১ কোটি ডলার বা ১২৯৫ কোটি টাকা করে।

    এ নিয়ে চলতি ২০২৪-২৫ অর্থবছরে নয় মাস ২১ দিনে দুই হাজার ৩৭৫ কোটি ১০ লাখ ডলার এসেছে। গত ২০২৩-২৪ অর্থবছরের নয় মাস ২১ দিনে যা এসেছিল এক হাজার ৮৪৭ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের রেমিট্যান্স বেড়েছে ৫২৮ কোটি ডলার বা ২৯ শতাংশ বেশি।

  • পরবর্তী প্রজন্মের জন্য টেকসই পৃথিবী রেখে যেতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

    পরবর্তী প্রজন্মের জন্য টেকসই পৃথিবী রেখে যেতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

    এবিএনএ: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে। এটি তাদের জ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তির সংমিশ্রণে গঠিত হবে এবং ভবিষ্যতের জন্য সর্বজনীন স্থায়িত্ব নিশ্চিত করবে। মঙ্গলবার কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

    প্রধান উপদেষ্টা বলেন, আজকের তরুণদের, যারা এই গ্রহের উত্তরাধিকারী হবে তাদের পেছনে ফেলে আসা উচিত নয়।

    এর আগে কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান কাতারের মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা।

    তারও আগে স্থানীয় সময় সোমবার রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। এসময় কাতারের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

  • অতি গোপনীয়-এআই সক্ষমতাসম্পন্ন অস্ত্র ইরানের হাতে !

    অতি গোপনীয়-এআই সক্ষমতাসম্পন্ন অস্ত্র ইরানের হাতে !

    এবিএনএ: মধ্যপ্রাচ্যের দেশ ইরানের হাতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘অতি গোপনীয়’ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন অস্ত্র রয়েছে বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওউমার্স হেইদারি।

    তিনি বলেছেন, শত্রুপক্ষের যেকোনও হুমকি দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করার জন্য তেহরান প্রস্তুত রয়েছে।গত শনিবার ব্রিগেডিয়ার জেনারেল হেইদারি এসব কথা বলেন।

    তিনি বলেন, “আমাদের কাছে অতি অত্যাধুনিক অস্ত্র রয়েছে। সেগুলোর কয়েকটি গোপনীয়, এমনকি অতি গোপনীয়। এগুলো এতটাই অত্যাধুনিক যে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। যদিও এগুলোকে এখনও প্রচলিত অস্ত্র হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে, তবে সেগুলোর সক্ষমতা অসাধারণ।” ইরানের আল–আলম সম্প্রচারমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল হেইদারি।

    তার ভাষ্যমতে, কৌশলগত কারণে এই অস্ত্রগুলো এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে সেগুলো ব্যবহার উপযোগী অবস্থায় রয়েছে। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরাকের সঙ্গে যুদ্ধের পর ইরানের পদাতিক বাহিনীতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন কিওউমার্স।

    তিনি বলেন, আজ আমাদের পদাতিক বাহিনীর দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সক্ষমতা, উচ্চ দক্ষতা, হামলা চালানোর পূর্ণ সক্ষমতা এবং দ্রুত আক্রমণের সক্ষমতা রয়েছে। সম্প্রতি ইরানের সামরিক বাহিনীর ‘শক্তি ও প্রস্তুতির’ জন্য প্রশংসা করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    তিনি বলেন, অন্য দেশের জন্য ইরানের সামরিক বাহিনী একটি মডেল হিসেবে কাজ করছে। সেনা সদস্য এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য পশ্চিম এশিয়া অঞ্চলে অপ্রতিরোধ্য একটি শক্তি হয়ে উঠেছে ইরান। সূত্র: প্রেস টিভি

  • সাবেক প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের ব্যাংক হিসাব, গাড়ি জব্দ-শেয়ার অবরুদ্ধ

    সাবেক প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের ব্যাংক হিসাব, গাড়ি জব্দ-শেয়ার অবরুদ্ধ

    এবিএনএ: সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সাতটি ব্যাংক হিসাব, তিনটি প্রতিষ্ঠানের নামে থাকা সাড়ে তিন লাখ শেয়ারের অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দুটি গাড়ি জব্দের আদেশ দেয়া হয়েছে।

    সোমবার (২১ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

    অবরুদ্ধ হওয়া শেয়ারের মধ্যে এনাম মেডিক্যাল হাসপাতাল লিমিটেডের তিন লাখ ৫৯ হাজার ৫০০ টি, এনাম অ্যাডুকেশন এন্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজের ১০ হাজার ও এনাম ক্যান্সার হাসপাতাল লিমিটেডের ১০ হাজার শেয়ার রয়েছে। এক কোটি ৪৬ লাখ টাকা মূল্যের দুটি গাড়ি জব্দ করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    এদিন দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা এ আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামির নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, এফডিআরসহ অন্যান্য হিসাবের অর্থ (অস্থাবর সম্পদ) অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে সমূহ ক্ষতির কারণ রয়েছে। মামলা তদন্তকালে তার নামে এসব ব্যাংক হিসাবে গচ্ছিত অর্থের তথ্য পাওয়া যায়। যা তিনি যেকোনো সময় হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রক্রিয়া গ্রহণ করছেন মর্মে জানা যায়। এমনকি হিসাবসমূহের অর্থ বিদেশেও পাঠাততে পারেন বলে প্রতীয়মাণ হয়। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ অবরুদ্ধ ও ক্রোক করা আবশ্যক।

    এর আগে গত ১০ মার্চ দুদক বাদী হয়ে ডা. মো. এনামুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ডা. মো. এনামুর রহমানের নামে জ্ঞাত আয়বহির্ভূত ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এছাড়া তার নামের ৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে তিনি আয়ের উৎস আড়াল করে মানিলন্ডরিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

    রাজধানীর ভাটারা এলাকা থেকে ২৬ জানুয়ারি দিবাগত রাতে  তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

  • মুম্বাই নিরাপদ নয় বললেন অভিনেত্রী মালবিকা মোহানন

    মুম্বাই নিরাপদ নয় বললেন অভিনেত্রী মালবিকা মোহানন

    এবিএনএ:  বেশ কিছু সিনেমার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন ভারতের দক্ষিণী নায়িকা মালবিকা মোহানন। তাকে প্রায় সবগুলো ছবিতেই তারকা অভিনেতা প্রভাসের বিপরীতে দেখা যাবে। তেলুগু ছবি ‘দ্য রাজা সাব’, কার্তির সঙ্গে তামিল ছবি ‘সর্দার ২’ এবং মালয়ালম ছবি ‘হৃদয়পূর্বম’-এর মতো বড় বড় প্রজেক্ট নিয়ে এখন ব্যস্ত তিনি।

    তবে ক্যারিয়ার শুরুর আগে খুব স্বাভাবিক জীবন ছিল মালবিকার। সাধারণদের মতো চলতেন বলে নারীদের নিরাপত্তার বিষয়টি উপলব্ধি করতে পারতেন। তার মতে, মুম্বাই শহর নারীদের জন্য খুব বেশি নিরাপদ নয়!

    এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছিলেন, ‘আজ আমার গাড়ি আছে, ড্রাইভার আছে। তাই বলতে পারি মুম্বাই সেফ। কিন্তু কলেজের দিনগুলোতে যখন বাস আর ট্রেনে যেতাম, তখন নিরাপদে যাতায়াত ছিল ভাগ্যের ব্যাপার।’

    সে সময়ে এক শিউরে ওঠার মতো কাহিনি শোনান অভিনেত্রী। তার কথায়, ‘তখনও নিজের গাড়ি হয়নি। ট্রেনে করেই কাজের জন্য যাতায়াত করতাম। একবার আমার দুজন ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে ফিরছিলাম লোকাল ট্রেনে। রাত তখন সাড়ে নয়টা। আমরা ছিলাম ফার্স্ট ক্লাসে, কামরাটা প্রায় ফাঁকা। তিনজনই জানালার পাশের সিটে বসেছিলাম।’

    অভিনেত্রী বলেন, ‘হঠাৎ এক অচেনা লোক এসে জানালার গ্রিলে মুখ ঠেকিয়ে বলে “এই, একটা চুমু খাবি?” শুনে আমরা তিনজন চমকে উঠি, আতঙ্কে কাঠ হয়ে যাই! কী করব, কী বলব, বুঝতেই পারিনি। সেই বয়সে তো আত্মরক্ষার কথাও ভাবা যায় না! ভাবছিলাম, ওই লোকটা যদি এবার এই ট্রেনে উঠে পড়ে?’

    মালবিকা আরও বলেন, ‘যেকোনো মেয়ে, যে বাসে-ট্রেনে-রাস্তায় নিয়মিত যাতায়াত করে, তাকে এই প্রশ্নটা করুন এমন কিছু হয়েছে কি? জবাবে ওরা শত শত এমন ঘটনা বলে দেবে।’

  • অবশ্যই মামলা নিতে হবে আমলযোগ্য অপরাধের ঘটনায় : ডিএমপি কমিশনার

    অবশ্যই মামলা নিতে হবে আমলযোগ্য অপরাধের ঘটনায় : ডিএমপি কমিশনার

    এবিএনএ: আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে। কোনো ঘটনা আড়াল করা যাবে না। মামলার রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

    সোমবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এসব কথা বলেন।

    ডিএমপি কমিশনার আরো বলেন, অপরাধ যাতে না ঘটে তার জন্য প্রতিরোধমূলক পুলিশি কার্যক্রম বাড়াতে হবে। আপনারা আন্তরিকভাবে কাজ করছেন বলে ছিনতাই অনেকাংশে কমেছে। আবার যেন এর পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

    তিনি বলেন, সর্বোচ্চ বিনয়ী থেকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থাতেই দৃষ্টিকটু ও অপেশাদার আচরণ করা যাবে না। পবিত্র রমজান, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় আন্তরিকভাবে দায়িত্ব পালন করায় ডিএমপির সব সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

    ডিএমপি কমিশনার বলেন, ডিবিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার আরও বাড়াতে হবে। ডিএমপির প্রতিটি থানার ওসিকে মামলা তদন্ত করতে হবে। থানা এলাকার প্রতিটি ভবনের সিকিউরিটি গার্ডদের সাথে থানার টহল টিমের সমন্বয় করে দায়িত্ব পালন করতে হবে। কোনো অপরাধের তথ্য তাদের কাছে থাকলে তারা যেন পুলিশকে সেই তথ্য দেয়, সেইভাবে কাজ করতে হবে।

    মাসিক অপরাধ সভায় মার্চ মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

  • পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়াচ্ছে ভারত

    পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়াচ্ছে ভারত

    এবিএনএ: অনুপ্রবেশ রুখতে এবার পাকিস্তান সীমান্তে আরও তৎপর হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, ভারত-পাকিস্তান সীমান্তে বৈদ্যুতিক নজরদারি প্রযুক্তি বসানো হচ্ছে।

    মানুষের গতিবিধি ধরতে পারে এমন রাডার বসানো হচ্ছে পাকিস্তান সীমান্তে। সেই সঙ্গে দূরের ছবি ধরতে পারে এমন ক্যামেরা-সহ আরও আধুনিক যন্ত্র বসছে সীমান্তে। সব ঋতুতেই একই রকম ভাবে কাজ করবে এই সব প্রযুক্তি।

    ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, কিছু প্রযুক্তি ইতোমধ্যে ভারত-পাকিস্তান সীমান্তের কয়েকটি অংশে কাজ করতে শুরু করেছে। তার মধ্যে রয়েছে মানুষের গতিবিধি পর্যবেক্ষণকারী রাডারও। এই রাডারের তিনটি অংশ; ক্যামেরা, নির্দেশক যন্ত্র এবং নিয়ন্ত্রণ প্রযুক্তি।

    এই রাডারের ক্যামেরা কুয়াশা, বৃষ্টিতেও দূরের ছবি ধরতে পারে বলে দাবি ভারতের।  এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, এই ক্যামেরা অনেক দূরে মানুষের গতিবিধি দেখতে পেলেই কন্ট্রোল রুমে বার্তা দিতে থাকে। কোথায় সেই মানুষের অবস্থান, তা-ও ধরিয়ে দেয়।

    ভারত-পাকিস্তান সীমান্তে তারের বেড়াও আরও শক্তপোক্ত করা হয়েছে। ২৭০ মিটার অন্তর ওয়াচটাওয়ার, ফ্লাড লাইটও বসানো হয়েছে। নদীখাতেও যতটা সম্ভব বেড়া দেওয়া হয়েছে।

  • জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেলের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

    জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেলের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

    এবিএনএ: জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার ঢাকার সেনানিবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি আন্ডার সেক্রেটারি জেনারেল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মোতায়েন সংক্রান্ত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

    এ ছাড়া তিনি বর্তমানে ইন এইড টু সিভিল পাওয়ারে মোতায়েনরত সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।

    সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ও ভবিষ্যৎ মোতায়েনের বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং আগামী দিনেও এই অঙ্গীকার অটুট থাকবে বলে আন্ডার সেক্রেটারি জেনারেলকে অবহিত করেন।