Author: Admin

  • ডিএসসিসির মেয়র ইশরাক হোসেনকে ঘোষণা করে গেজেট প্রকাশ

    ডিএসসিসির মেয়র ইশরাক হোসেনকে ঘোষণা করে গেজেট প্রকাশ

    এর আগে, গত ২২ এপ্রিল ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কি না, এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। সেখানে থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর সিইসি অন্যান্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে এক সভা করেন, যেখানে রাতেই গেজেট জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

    ২০২০ সালে অনুষ্ঠিত ডিএসসিসির নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন আদালত।

    উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উত্তরে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ও দক্ষিণে আরেক আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন।

    নির্বাচনে ফজলে নূর পেয়েছিলেন ৪,২৪,৫৯৫ ভোট এবং ইশরাক ২,৩৬,৫১২ ভোট পেয়েছিলেন। এরপর ইশরাক কারচুপি ও অনিয়মের অভিযোগ নিয়ে আদালতে মামলা করেন।

  • অ্যাডহক কমিটি শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারবে না

    অ্যাডহক কমিটি শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারবে না

    এবিএনএ: নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন স্থগিত করেছে সরকার। বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাডহক কমিটিগুলো কোনও শিক্ষা প্রতিষ্ঠানে আর পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারবে না।

    রবিবার এ সংক্রান্ত অফিস আদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে দেশের শিক্ষা বোর্ডগুলোকে পাঠানো হয়েছে।

    আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ এর প্রবিধি ৬৪ এর আওতায় এ বিভাগের ২০২৪ সালের ২১ নভেম্বরের স্মারক মোতাবেক যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বা হবে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ওই সব অ্যাডহক কমিটি দ্বারা নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত থাকবে। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সব শিক্ষা বোর্ডকে অনুরোধ করা হলো।

  • বিনামূল্যে ট্রানজিট সুবিধা চাইছেন ট্রাম্প

    বিনামূল্যে ট্রানজিট সুবিধা চাইছেন ট্রাম্প

    এবিএনএ: পানামা ও সুয়েজ খাল দিয়ে মার্কিন বাণিজ্যিক ও সামরিক জাহাজের জন্য বিনামূল্যে ট্রানজিট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে অগ্রগতি আনতে শনিবার  ট্রাম্প তাঁর পররাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন।

    মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প বারবারই পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আসছেন। জোর করে এটি দখলে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

     

    তবে শনিবার তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সুয়েজ খালের দিকেও মনোযোগ দেন। তিনি তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, মার্কিন সামরিক ও বাণিজ্যিক– উভয় জাহাজকেই পানামা ও সুয়েজ খালের মধ্য দিয়ে বিনামূল্যে চলাচলের সুযোগ দিতে হবে। এএফপি।

  • শাহবাগে যান চলাচল বন্ধ, চাকরি প্রত্যাশীদের অবরোধ

    শাহবাগে যান চলাচল বন্ধ, চাকরি প্রত্যাশীদের অবরোধ

    এবিএনএ: সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

    রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ মোড় অবস্থান নেন শতাধিক চাকরিপ্রত্যাশী। এর আগে সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন চাকরি প্রার্থীরা। পরে তারা একটি মানবপ্রাচীর তৈরি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

    চাকরিপ্রত্যাশীরা ‘জুলাইয়ের অঙ্গীকার, পিএসসির সংস্কার’, ‘যদি হয় প্রশ্নফাঁস, পড়ব কেন বারো মাস’সহ নানা স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবরোধ চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

    গত ২৪ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছেন কয়েকজন চাকরিপ্রত্যাশী। সংস্কারের দাবিতে সরকারকে দেয়া আলটিমেটামের শেষ দিন ছিল রোববার।

    আন্দোলনকারীরা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে তৈরি, প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ, নিয়োগ জট নিরসন এবং ৪৪তম বিসিএসের ফল প্রকাশের পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানান।

    তাদের অন্যান্য দাবির মধ্যে আরও রয়েছে খাতা মূল্যায়নে গতি আনা, নিরপেক্ষতা নিশ্চিতে কমিশনে বসে খাতা দেখার ব্যবস্থা এবং দ্রুত অধ্যাদেশ জারি করে পিএসসির সদস্য সংখ্যা ২৫ থেকে ৩০ জনে বৃদ্ধি করা।

  • এপ্রিলেই দেশে ফিরছেন দুই পুত্রবধূসহ খালেদা জিয়া

    এপ্রিলেই দেশে ফিরছেন দুই পুত্রবধূসহ খালেদা জিয়া

    এবিএনএ: সব কিছু ঠিক থাকলে চলতি মাসের (এপ্রিল) মধ্যেই লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে ফিরছেন। তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরছেন।

    ঢাকা-লন্ডনের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

    সূত্রের বরাতে জানা গেছে, বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে।

    কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। আগামী বুধবারের (৩০ এপ্রিল) মধ্যে দেশে ফিরবেন খালেদা জিয়া। শাশুড়ির সঙ্গে দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরছেন।

    ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি লিখেছেন।

    চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে ‘আশঙ্কামুক্ত’ নয়। তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন।

    সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিএনপির মহাসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছেন। সব কিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী বুধবারের (৩০ এপ্রিল) মধ্যে দেশে ফেরার কথা রয়েছে।

    বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কভিড-১৯ মহামারির সময় বিগত সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়।

    গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান।

    এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।

    গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করেছেন খালেদা জিয়া। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দি অবস্থায় চারটি ঈদ কেটেছে কারাগারে ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

    বর্তমানে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।

    প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফর করেছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। সূত্র: ঢাকা পোস্ট

  • আমাদের পরনির্ভরশীল করে রেখেছিল ফ্যাসিস্ট সরকার : শেখ বশিরউদ্দীন

    আমাদের পরনির্ভরশীল করে রেখেছিল ফ্যাসিস্ট সরকার : শেখ বশিরউদ্দীন

    এবিএনএ: ভারতের চেয়ে অনেক কম খরচে রফতানিকারকদের কার্গো সেবা দিতে সরকার কাজ করছে জানিয়ে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, স্বাধীনতার পর প্রথম কার্গো সার্ভিস চালু হচ্ছে ঢাকার বাইরে। ফ্যাসিস্ট সরকার আমাদের নিজস্ব চিন্তা চেতনা নষ্ট করে পরনির্ভরশীল করে রেখেছিল।

    রবিবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পর স্বল্প সময়ে সবার সহযোগিতায় অভ্যন্তরীণভাবেই সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে।

    জানা গেছে, কার্গো ফ্লাইটটির গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালনা করবে সিভিল অ্যাভিয়েশন। ব্যবসায়ীদের সর্বোচ্চ সেবা দেয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন। আজ ৬৬ টন গার্মেন্টস পণ্য নিয়ে সিলেট থেকে সরাসরি স্পেনে যাচ্ছে উদ্বোধনী কার্গো ফ্লাইটটি।

  • আরও ৫৬৩ একর জমি জব্দের আদেশ এস আলমের

    আরও ৫৬৩ একর জমি জব্দের আদেশ এস আলমের

    এবিএনএ: এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে চট্টগ্রামের বাঁশখালীতে থাকা ৫৬৩.৫৭ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

    রবিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব।

    দুদকের আবেদন সূত্রে জানা যায়, এসব জমির দলিল মূল্য এক হাজার এক কোটি ৭৬ লাখ ৮০ হাজার টাকা।

    আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা নামে বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তিনি এবং তার পরিবারের সদস্যরা তাদের স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তী সময়ে সেগুলো উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে।

    এর আগে, ২৩ এপ্রিল শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১৫৯.১৫ একর জমি জব্দের আদেশ দেন ঢাকার আদালত। এসব জমি ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত। আর এসব জমির বর্তমান বাজার মূল্য ৪০৭ কোটি টাকা বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন।

    তার আগেও, ১৭ এপ্রিল এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা এক হাজার ৩৬০ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে দুই হাজার ৬১৯ কোটি সাত লাখ ১৬ হাজার টাকা রয়েছে। গত ১৬ জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের তিন হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন একই আদালত।

    গত ৩ ফেব্রুয়ারি এস আলমের ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার পাঁচশো টাকা মূল্যের ১৭৫ বিঘা সম্পদ জব্দের আদেশ দেন আদালত। গত ১২ ফেব্রুয়ারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা তাদের ৪৩৭ কোটি ৮৫ লাখ দুই হাজার ২৭৪টি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব শেয়ারের মূল্য পাঁচ হাজার ১০৯ কোটি টাকা।

    গত ২৩ ফেব্রুয়ারি তাদের আট হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের শেয়ার অবরুদ্ধের আদেশ দেন আদালত। গত ১০ মার্চ এস আলমের এক হাজার ছয় বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়। এর আগে, ৯ এপ্রিল তার ৯০ বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়। একইদিন আদালত তার ঘনিষ্ঠজনদের নামে থাকা ৩৭৪ টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

  • পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ

    পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ

    এবিএনএ: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায়  শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

    রবিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

    দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে দুদক। পরে আদালত শুনানিতে সেই আবেদন মঞ্জুর করেন।

    এর আগে, ১০ এপ্রিল প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় স্বৈরাচার শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। আর প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা আলাদা তিনটি মামলায় ১৩ এপ্রিল শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়।

    তিন মামলাতেই শেখ হাসিনা, শেখ রেহানা, তার দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ ১৬ জন অভিযোগপত্রভুক্ত আসামি।

    জানা যায়, পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে আলাদা আটটি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করে দুদক। গত ১২, ১৩  ও ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়।

    চার্জশিটে অভিযোগ করা হয়, সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ১৬১/১৬৩/১৬৪/৪০৯/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।

  • নতুন সমস্যায় বিএসইসি

    নতুন সমস্যায় বিএসইসি

    এবিএনএ:  শেয়ারবাজারে মার্জিন অ্যাকাউন্টে মূলধনি লোকসানি হিসাবগুলোর কী হবে এবং বিনিয়োগকারীদের জমা অর্থের বিপরীতে সুদ আয় কে পাবে– তার সমাধানে উদ্যোগী হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুর সমাধান করতে গিয়ে বিএসইসি নতুন সমস্যা তৈরি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারদের সংগঠন ডিবিএসহ সংশ্লিষ্টরা এমনটি জানিয়েছেন।

    তারা বলছেন, বিনিয়োগকারীদের জমা করা অর্থের সমন্বিত ব্যাংক হিসাবের (সিসিএ) সুদ বাবদ আয় কে পাবে, সে বিষয়ে সমাধান দিতে গিয়ে বিএসইসি নতুন সংকট ও বিতর্ক তৈরি করছে। গত কমিশন এ আয়ের শতভাগ বিনিয়োগকারীদের ফেরত দিতে বলেছিল, যার বাস্তবতা বা বাস্তবায়ন উভয়ই ছিল অসম্ভব। বর্তমান কমিশন বলছে, সিসিএ থেকে সুদ আয়ের ২৫ শতাংশ বিনিয়োগকারী সুরক্ষা তহবিলে জমা দিয়ে বাকি ৭৫ শতাংশ বিনিয়োগ শিক্ষা ও প্রশিক্ষণে ব্যয় করতে হবে। আবার এ অর্থ আয় খাতে নেওয়া যাবে না।

    কমিশনের এ আদেশ ‘ত্রুটিপূর্ণ’ বলে মনে করেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি সমকালকে বলেন, প্রথমত সুদ আয়কে ‘অন্যান্য আয়’ ধরতে হবে, যা আন্তর্জাতিক আর্থিক রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তাছাড়া সুদ আয় অ্যাকাউন্টে জমার আগেই উৎসে ১০ শতাংশ কর কর্তন করে এনবিআর। আয়ের ক্ষেত্রে বিএসইসির এমন আদেশ সাংঘর্ষিক এবং বাস্তবায়নযোগ্য নয়।

  • দেশে নতুন ভোটার ৬৩ লাখ, মৃত ২৩ লাখ নাম বাদ

    দেশে নতুন ভোটার ৬৩ লাখ, মৃত ২৩ লাখ নাম বাদ

    এবিএনএ:  বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন করে যুক্ত হয়েছে ৬৩ লাখের বেশি নাগরিকের তথ্য। অন্যদিকে মারা যাওয়ায় তালিকা থেকে বাদ পড়েছেন ২৩ লক্ষাধিক ভোটার।

    শনিবার নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক আব্দুল মমিন সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, এ পর্যন্ত ৬৩ লাখ ১৭ হাজার ৬০০ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ৬১ হাজার ৫৭; নারী ৩৩ লাখ ৫৬ হাজার ২৫০। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৯৪ জন। তাদের মধ্যে ছবি তুলে ও আঙ্গুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ৬১ লাখ ৭৬ হাজার ৮৩৮ জন।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়ায় ২৩ লাখ ২৭ হাজার ১১৭ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৪ লাখ ৪ হাজার ৭২, নারী ৯ লাখ ২২ হাজার ৭৮১ ও তৃতীয় লিঙ্গের রয়েছেন ৩২৬ জন।

    জানা যায়, নির্বাচন কমিশন গত ২০ এপ্রিল পর্যন্ত দেশের ৫২২টি থানা/উপজেলার নিবন্ধন কার্যক্রম শেষ করেছে। এ সময়ের মধ্যে যারা বাদ পড়েছেন, তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হয়েছেন।

    সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। আগামী জুনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।