Author: Admin

  • এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা জিয়া

    এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা জিয়া

    এবিএনএ:  চার মাস চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবশেষে দেশে ফিরছেন, তবে সাধারণ যাত্রীবাহী বিমানে নয়—তিনি ফিরছেন কাতারের আমিরের বিশেষভাবে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে।

    আগামী ৫ মে, সোমবার, তিনি লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন বলে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

    প্রাথমিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ ফ্লাইটে তার ফেরার পরিকল্পনা থাকলেও, শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এখন তিনি কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন, সঙ্গে থাকবেন তার দুই পুত্রবধূও।

    মির্জা ফখরুল জানান, “বিএনপি চেয়ারপারসনের আগমনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ কাজ করছে। তাঁকে অভ্যর্থনা জানাতে সবাই প্রস্তুত।”

    তাঁর আরামের জন্য এবং ট্রাফিক চাপ এড়াতে বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত রাস্তা এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য সাধারণ জনগণকে আহ্বান জানান তিনি।

    তিনি আরও বলেন, গত চার মাস ধরে বেগম জিয়া যুক্তরাজ্যের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীতে তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।

    ভালো পরিবেশ, পরিবারের সান্নিধ্য এবং উন্নত চিকিৎসার ফলে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেও জানান ফখরুল। এ কারণেই তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

    বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, “ম্যাডাম সোমবার কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন। তবে নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি।”

  • রাইড শেয়ারিং চালকদের শ্রমিক মর্যাদা ও নিরাপত্তায় আসছে নতুন আইন ও নিয়ন্ত্রক সংস্থা

    রাইড শেয়ারিং চালকদের শ্রমিক মর্যাদা ও নিরাপত্তায় আসছে নতুন আইন ও নিয়ন্ত্রক সংস্থা

    এবিএনএ: রাইড শেয়ারিং অ্যাপভিত্তিক চালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখন আর কেবল আলোচনায় সীমাবদ্ধ নেই—এবার তা রূপ নিচ্ছে সুপারিশে। দেশের গিগ ও প্ল্যাটফর্ম অর্থনীতিতে যুক্ত লাখো চালকের জীবনমান উন্নয়নে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে শ্রম সংস্কার কমিশন।

    সম্প্রতি কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। সেখানে বলা হয়েছে, রাইড শেয়ারিং চালকদের শ্রমিক মর্যাদা প্রদান করে একটি আলাদা নিয়ন্ত্রক সংস্থা গঠনের প্রয়োজন রয়েছে, যা তাদের অধিকার, ন্যায্য পারিশ্রমিক এবং নিরাপত্তা নিশ্চিত করবে।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক মান অনুসারে চালকদের জন্য নির্দিষ্ট মজুরি কাঠামো তৈরি করতে হবে এবং রাইড শেয়ারিং কোম্পানিগুলোর কমিশন হার যৌক্তিকভাবে নির্ধারণ করতে হবে, যাতে চালকরা উপযুক্ত আয় পান।

    চালক ও যাত্রী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক কল সেন্টার, কেন্দ্রীয় ডেটাবেইস এবং আধুনিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে, বহুজাতিক রাইড শেয়ারিং কোম্পানিগুলোর প্রতি দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

    শুধু রাইড শেয়ারিং নয়, সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথাও ছিল আলোচনার কেন্দ্রে। প্রতিবেদনে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধ করে প্রতিষ্ঠানভিত্তিক স্থায়ী নিয়োগ কাঠামো হালনাগাদের সুপারিশ করা হয়েছে।

    কমিশনের মতে, দীর্ঘদিন ধরে কাজ করে আসা আউটসোর্সিং কর্মীদের শ্রম আইনের আওতায় এনে তাদের অধিকার ও স্থায়ীত্ব নিশ্চিত করা জরুরি। সিবিএ নির্বাচনে ভোটাধিকার, সংগঠিত হওয়ার সুযোগ এবং অভিযোগ নিষ্পত্তির আইনি প্রক্রিয়াও থাকতে হবে।

    শ্রমজীবী মানুষের স্বার্থে এইসব সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল মহলের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা।

  • অবিশ্বাস্য! ভয়ঙ্কর কুমিরে ঘেরা জলাভূমিতে ৩৬ ঘণ্টা টিকে রইলেন পাঁচজন

    অবিশ্বাস্য! ভয়ঙ্কর কুমিরে ঘেরা জলাভূমিতে ৩৬ ঘণ্টা টিকে রইলেন পাঁচজন

    এবিএনএ:   বলিভিয়ার আমাজন অঞ্চলের গভীর অরণ্যে ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হন পাঁচজন যাত্রী। একটি ছোট বিমান যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করে কুমিরে পূর্ণ এক জলাভূমিতে জরুরি অবতরণে বাধ্য হয়। সেই মুহূর্ত থেকে শুরু হয় তাদের ৩৬ ঘণ্টার মৃত্যু-পিছনে-পালানো লড়াই।

    গত বৃহস্পতিবার, ১ মে, বিমানটি রাডারের সিগন্যাল হারায়। এরপর নিখোঁজ হয়ে যাওয়া বিমানের খোঁজ মেলে ইটানোমাস নদীর পাশের এক জলাভূমিতে, স্থানীয় কিছু জেলের সহযোগিতায়। উদ্ধারকৃত যাত্রীদের মধ্যে ছিলেন তিনজন নারী, একজন শিশু এবং মাত্র ২৯ বছর বয়সী পাইলট আন্দ্রেস ভেলার্দে।

    ভেলার্দে জানান, বিমানটি বাউরেস থেকে ত্রিনিদাদ শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। মাঝ আকাশে হঠাৎ করে ইঞ্জিনে সমস্যা দেখা দিলে তাকে বাধ্য হয়ে কুমিরে ঘেরা এক জলাভূমিতে অবতরণ করতে হয়।

    “বিমানটি দ্রুত নিচে নামছিল, আমি শেষ মুহূর্তে একটি জলাভূমি লক্ষ্য করি এবং সেখানেই নামাই। চারপাশে কুমিরে ভর্তি, কেউ কেউ ছিল মাত্র তিন মিটার দূরে,” বলেন ভেলার্দে।

    এমনকি তারা বিশাল আকারের একটি অ্যানাকোন্ডা সাপও দেখেছিলেন, যা পরিস্থিতিকে আরও আতঙ্কজনক করে তোলে।

    এই কঠিন সময়ে যাত্রীদের কাছে থাকা সামান্য কাসাভা ময়দা খেয়ে দিন কাটান তারা। তবে সবচেয়ে বড় সংকট ছিল নিরাপদ পানির। “চারদিকে কুমির, কোথাও যেতে পারছিলাম না, পানি ছিল না,” জানান পাইলট।

    ভেলার্দের মতে, বিমানের ট্যাংক থেকে নির্গত পেট্রোলের গন্ধই সম্ভবত কুমিরদের কিছুটা দূরে রাখতে সাহায্য করেছিল।

    উদ্ধার অভিযানে অংশ নেওয়া বেনি বিভাগের জরুরি অপারেশন প্রধান উইলসন অ্যাভিলা জানান, “উদ্ধার হওয়া পাঁচজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।”

    ঘটনার পর স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা তৈরি হলেও বেনি স্বাস্থ্য বিভাগের পরিচালক রুবেন তোরেস বলেন, “বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করায় দ্রুত উদ্ধার সম্ভব হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়।”

  • জাওয়াদ আবরারের দুর্দান্ত সেঞ্চুরি, শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে উড়িয়ে দিল বাংলাদেশ যুবারা

    জাওয়াদ আবরারের দুর্দান্ত সেঞ্চুরি, শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে উড়িয়ে দিল বাংলাদেশ যুবারা

    এবিএনএ:  বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং আগুনে পুড়ে ছারখার হয়ে গেল শ্রীলঙ্কার বোলিং লাইনআপ। ওপেনার জাওয়াদ আবরারের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ যুব দল প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ১৪৬ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে। এর ফলে ৬ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী বাংলাদেশ দল।

    শনিবার সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করে বাংলাদেশ। ওপেনিংয়ে জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকীর ব্যাটে আসে ৪৯ রানের জুটি। কালাম ১৯ রানে আউট হলেও আবরার নিজের ছন্দে খেলে যান দুর্দান্ত এক ইনিংস।

    দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিম রানআউট হয়ে গেলে কিছুটা ধাক্কা খেলেও, পরিস্থিতি সামাল দেন রিজান হোসেন। এই জুটির ১৩৫ রানে বাংলাদেশ পায় এক শক্ত ভিত। জাওয়াদ আবরার খেলেন ১১৫ বলে ১১৩ রানের চমৎকার ইনিংস। অন্যদিকে, রিজান করেন ৭৭ বলে ৮২ রান।

    শেষ দিকে মোহাম্মদ আব্দুল্লাহ (৩২), দেবাশিষ দেবা (১৯) ও সামিউন বশির (২৩) দ্রুত রান তুললে, ইনিংসটি আরও জমে ওঠে। শেষ ওভারে আল ফাহাদ মাত্র ৫ বলে ১৯ রান তুলে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৩৬ রান।

    জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা পড়ে যায় ভয়াবহ বিপর্যয়ে। মাত্র ৩৬ রানেই হারিয়ে বসে প্রথম ৪ উইকেট। অধিনায়ক ভিমাথ দিনসারা কিছুটা প্রতিরোধ গড়ে ৭২ বলে ৬৬ রান করলেও, বাকি ব্যাটাররা ছিলেন নিরুত্তাপ। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ১৯০ রানে।

    এই জয়ের মাধ্যমে সিরিজে একচেটিয়া দাপট বজায় রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

  • ট্রাম্পের প্রথম ১০০ দিন: ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে পাল্টাচ্ছে বৈশ্বিক পরিস্থিতি

    ট্রাম্পের প্রথম ১০০ দিন: ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে পাল্টাচ্ছে বৈশ্বিক পরিস্থিতি

    আমেরিকা ফার্স্ট’ নীতিতে বিশ্বজুড়ে শুল্কযুদ্ধ, মিত্র বিচ্ছিন্নতা এবং বৈশ্বিক নেতৃত্বের সংকট

    এবিএনএ:


    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে প্রথম ১০০ দিন অতিক্রম করেছেন। এই সময়ে তিনি বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধ শুরু করেছেন, বৈদেশিক সহায়তা কমিয়েছেন এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে নেটো মিত্রদের উপেক্ষা করে রাশিয়ার পক্ষ নিয়েছেন। এমনকি গ্রিনল্যান্ড, পানামা খাল অধিগ্রহণ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে পরিণত করার কথা প্রকাশ্যে বলেছেন।

    ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কারণে ট্রাম্প মিত্রদের থেকে দূরত্ব সৃষ্টি করেছেন এবং প্রতিপক্ষদের শক্তিশালী করে তুলেছেন। তার কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়াচ্ছে বিশ্বজুড়ে। সমালোচকরা বলছেন, দেশে গণতান্ত্রিক চর্চার অবনতি এবং আদালত ও বিশ্ববিদ্যালয়গুলোর ওপর প্রশাসনিক চাপও এখন আন্তর্জাতিক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

    বিশ্বব্যবস্থায় অস্থিরতা

    রয়টার্সের এক অনুসন্ধানে জানা গেছে, ট্রাম্পের নানা পদক্ষেপের ক্ষতি দীর্ঘমেয়াদে থেকে যেতে পারে। যদিও নমনীয়তা দেখালে কিছু ক্ষতি কাটিয়ে ওঠার সুযোগ থাকতেও পারে। যদিও কিছু ক্ষেত্রে তিনি শুল্ক আরোপের সময়সূচি ও মাত্রা কিছুটা নমনীয় করেছেন, বিশ্লেষকরা বলছেন বড় ধরনের নীতিগত পরিবর্তনের সম্ভাবনা কম। অনেক দেশ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের স্বার্থরক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছে।

    ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে। দক্ষিণ কোরিয়ায় নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে চীনের সাথে অর্থনৈতিক ঘনিষ্ঠতার বিষয়েও চিন্তা শুরু হয়েছে।

    হোয়াইট হাউস অবশ্য এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজ বলেছেন, ট্রাম্প ইউক্রেন ও রাশিয়াকে আলোচনায় এনেছেন, ফেন্টানিল প্রবাহ রোধ করছেন এবং চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে মার্কিন শ্রমিকদের রক্ষা করছেন।

    বিশ্ব অর্থনীতিতে ঝড়ের আশঙ্কা

    বিশেষজ্ঞরা সতর্ক করছেন, গত আট দশকে গড়ে ওঠা মুক্তবাণিজ্য, আইনের শাসন এবং ভৌগোলিক অখণ্ডতার ওপর ভিত্তি করে তৈরি বিশ্বব্যবস্থা আজ হুমকির মুখে। মুক্তবাণিজ্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ঠকানো হচ্ছে—এমন অভিযোগ তুলে ট্রাম্প বৈশ্বিক শুল্কনীতি ঘোষণা করেছেন, যার ফলে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, ডলারের মূল্য কমেছে এবং বিশ্ব অর্থনীতিতে মন্দার শঙ্কা বেড়েছে।

    একই সময়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি থেকে সরে গিয়ে ট্রাম্প রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন। ফলে আশঙ্কা তৈরি হয়েছে, তিনি ন্যাটো-সমর্থিত ইউক্রেনকে ভূখণ্ডের দাবি ছাড়তে বাধ্য করতে পারেন।

    ইউরোপের উদ্বেগ

    জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ সতর্ক করেছেন, ইউরোপ এখন সংকটময় মুহূর্তের মুখোমুখি। তিনি বলেন, যদি ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে ‘আমেরিকা একা’ নীতিতে রূপান্তরিত করেন, তবে ইউরোপের জন্য সম্পর্ক বজায় রাখা কঠিন হবে।

    ট্রাম্পের সম্প্রসারণবাদী বক্তব্যও আন্তর্জাতিক অঙ্গনে অস্থিরতা বাড়িয়েছে। গ্রিনল্যান্ড, কানাডা ও পানামা খাল অধিগ্রহণের ইঙ্গিত দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রচলিত কূটনীতির ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন।

    ট্রাম্পের বিরুদ্ধে বৈশ্বিক প্রতিরোধ

    ইউরোপীয় ইউনিয়ন পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে। জার্মানি ও ফ্রান্স প্রতিরক্ষা বাজেট বাড়ানোর পরিকল্পনা করেছে, যা তাদের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলবে এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে। কানাডাও ইউরোপের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদারে কাজ করছে। দক্ষিণ কোরিয়া ও জাপান নিজেদের নিরাপত্তা নীতিতে পরিবর্তন আনতে শুরু করেছে।

    বিশেষজ্ঞদের মতে, কিছু দেশ চীনের সাথে আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ার দিকেও এগোতে পারে। ইতোমধ্যে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বেইজিং সফর করেছেন।

    ভবিষ্যতের দিকনির্দেশনা

    বিশ্লেষক অ্যারন ডেভিড মিলার মনে করেন, এখনো সবকিছু হারিয়ে যায়নি। ট্রাম্প চাইলে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে পারেন। তবে যদি তিনি কঠোর অবস্থানে অনড় থাকেন, তাহলে ভবিষ্যতের কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করা কঠিন হয়ে যাবে।

    মিলার বলেন, “বন্ধুদের সাথে সম্পর্কের ক্ষতি এবং প্রতিপক্ষদের সুবিধা গ্রহণের পরিমাণ এখনই পুরোপুরি অনুধাবন করা সম্ভব হচ্ছে না।”

  • ইরানি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪০, আহত ১০০০

    ইরানি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪০, আহত ১০০০

    এবিএনএ: ইরানের সর্ববৃহৎ বাণিজ্যিক বন্দরে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন  ১০০০ জনের বেশি মানুষ।

    শনিবার সকালে রাজাই বন্দরে বিস্ফোরণটি ঘটে। এখনও আশেপাশের এলাকা স্থায়ী বিষাক্ত রাসায়নিকের আগুন জ্বলছে।

    ইরানের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে স্থানীয় বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের দরজা বন্ধ করে থাকতে বলেছে। সেই সাথে আরও সুরক্ষামূলক পোশাক পরতে বলা হয়েছে।

    বন্দর আব্বাস এলাকায় থাকা সমস্ত স্কুল এবং অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    ইরানের শুল্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (২৬ এপ্রিল) বন্দর আব্বাসের শহিদ রেজায়ি বন্দরে বিস্ফোরণ ঘটে এবং এরপর আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। বিস্ফোরণের ধাক্কায় সেখানে উপস্থিত অনেকেই এদিক-ওদিক ছিটকে পড়ে।

    ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রোববার বলেন, সরকার আগামীকাল সোমবার দেশজুড়ে সাধারণ শোক দিবস ঘোষণা করেছে। তিনি আরও জানান, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বন্দর আব্বাসে বিস্ফোরণস্থল পর্যবেক্ষণ করেছেন।

    ইরানের প্রেসিডেন্ট রবিবার (২৭ এপ্রিল) বিকেলে শহীদ রেজাই বন্দরে বিস্ফোরণের সর্বশেষ পরিস্থিতি এবং এই ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা করতে হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসে পৌঁছান।

    এরপর তিনি প্রাদেশিক সংকট মোকাবিলা বিষয়ক সদর দফতরের একটি বিশেষ জরুরি সভায় যোগ দেন, যা মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

  • স্কারলেট নতুন পরিচয়ে

    স্কারলেট নতুন পরিচয়ে

    এবিএনএ: হলিউড ২০০৩ সালেই লালগালিচায় স্বাগত জানিয়েছিল অভিনেত্রী স্কারলেট জোহানসনকে। ‘লস্ট ইন ট্রান্সলেশন’ সিনেমার মাধ্যমে তখন মাত্র ১৮ বছরের এক তরুণী সাড়া ফেলে দিয়েছিলেন বিশ্বজুড়ে। নিউইয়র্কে জন্ম নেওয়া স্বর্ণকেশি সেই রহস্যময়ী স্কারলেট দ্রুতই পরিণত হন বড়পর্দার অন্যতম গুরুত্বপূর্ণ এক মুখে। ২২ বছরের অভিনয় জীবনে তিনি শুধু দর্শক নন, সমালোচকদের মনও জয় করেছেন বারবার। হলিউডের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা দেশের দর্শকের কাছেও তিনি এখন পরিচিত এক নাম। বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর চলচ্চিত্রে নতুন প্রজন্মের অন্যতম প্রতিনিধিত্বশীল মুখ তিনি। একসময় যে মেয়েটিকে দেখা যেত কেবল বোকাসোকা হাসি আর লাজুক চাহনিতে, আজ তাঁর চোখেমুখে দেখা যায় দৃঢ়তা, সাহস আর সংগ্রামের দীপ্তি। বয়স এখন ৪০। বহুবার উঠে এসেছেন বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায়। পারিশ্রমিকের দৌড়ে তিনি অনেক আগেই টপকে গেছেন অন্যান্য নারী তারকাকে।

    ২০২৫ সালের ৭৮তম কান চলচ্চিত্র উৎসব যেন তাঁর ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই মর্যাদাপূর্ণ আসরে স্কারলেট শুধু অভিনেত্রী নন, পরিচালক ও প্রযোজক হিসেবেও উপস্থিত হয়েছেন। তাঁর এই –বহুমাত্রিক উপস্থিতি এক প্রতীকী দৃষ্টান্ত–নারীশিল্পীর নিজের অবস্থান গড়ে তোলার সাহসী যাত্রা। এবারের আসরে ওয়েস অ্যান্ডারসনের তারকাবহুল সিনেমা দ্য ফিন্যান্সিয়াল স্কিম প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে। স্কারলেট এখানে অভিনয় করেছেন বেনিসিও দেল তোরো ও টম হ্যাংকসের সঙ্গে। অন্যদিকে, পরিচালক হিসেবে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা এলেনর দ্য গ্রেট স্থান পেয়েছে ‘আঁ সার্তে রিগা’ বিভাগে। এ সিনেমার গল্প লিখেছেন তিনি এবং প্রযোজনার দায়িত্বেও ছিলেন। সিনেমাটিতে উঠে এসেছে নারীর মানসিক স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক ও সমাজের দৃষ্টিভঙ্গির প্রশ্ন।

    নারী নির্মাতাদের যে অগ্রযাত্রা বিগত দশকে ধীরে ধীরে গতি পাচ্ছে, স্কারলেটের এই অভিষেক সেখানে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। বহু বছর ধরে, নারীরা চলচ্চিত্র পরিচালনায় পূর্ণ সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তাই যখন একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী পরিচালনায় আসেন, তা হয়ে ওঠে অন্য নারীর জন্য এক বড় অনুপ্রেরণা। এক সাক্ষাৎকারে স্কারলেট বলেন, ‘আমার অনেকদিনের স্বপ্ন ছিল নিজস্ব গল্প বলার। অভিনয়ের বাইরেও, ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আমি এক নতুন স্বাধীনতা অনুভব করছি।’

    দু’বার অস্কারে মনোনীত হয়েছেন এই ‘হলিউড সুন্দরী’। তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে বারবার। তবুও এত বছর সিনেমা জগতে কাটিয়ে একটি আক্ষেপ রয়ে গেছে তাঁর–যে ধরনের অভিনয় করতে চেয়েছিলেন, সেভাবে সুযোগ পাননি। কারণ, শুরু থেকে হলিউড তাঁকে দেখেছে যৌনতার প্রতিমূর্তি হিসেবে। তাঁর কাছে মূলত এমন চরিত্রে প্রস্তাব এসেছে, যেখানে রূপই মূল নিয়ামক। তিনি বলেন, ‘হলিউড দীর্ঘদিন ধরে নারীর শরীরকেই মুখ্য করে দেখেছে। আমি শুনেছি, মেরিলিন মনরোর মতো অনেক অভিনেত্রীকে এ দৃষ্টিভঙ্গির শিকার হতে হয়েছে। সে অভিজ্ঞতা শুনে আমি সবসময় একটু সতর্ক থেকেছি।’ তবুও কাজ নিয়ে তাঁর ভালোলাগা, ভালোবাসা এবং নিজের গল্প বলার এই নতুন যাত্রা–সবকিছু মিলিয়ে স্কারলেট জোহানসনের এই পর্ব যেন এক নারীর শিল্পী হয়ে ওঠার অনন্য দলিল।

  • ওয়ালেট ফিচার অ্যাপে

    ওয়ালেট ফিচার অ্যাপে

    এবিএনএ: প্রবাসীর অর্থ প্রেরণে ট্যাপট্যাপ অ্যাপে যুক্ত হয়েছে ওয়ালেট ফিচার। অর্থ প্রেরণের প্রয়োজনে ওয়ালেটে অগ্রিম অর্থ জমা করা যাবে। আবার সেই অর্থ অন্য দেশে পাঠানোর আগে ভালো এক্সচেঞ্জ রেটে কনভার্ট সুবিধা পাওয়া যাবে।

    ফলে তাৎক্ষণিক প্রয়োজন না হলে খুব ভালো এক্সচেঞ্জ রেটে অর্থ জমানো সম্ভব। জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক অর্থ বিনিময় করা যাবে। কিন্তু নিয়মিত অর্থ পাঠানোর ক্ষেত্রে অর্থ প্রেরণকারীরা ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ প্রেরণ করে। তাই পরে অর্থ পাঠানোর জন্য ওয়ালেট সুবিধা কাজ করবে। বিশেষ সেরা এক্সচেঞ্জ রেট নির্ধারণ করার সুযোগ থাকবে।

    অন্যদিকে, বড় অঙ্কের অর্থ প্রেরণে তার পরিমাণ আলাদা করে রাখা যায়। অ্যাপ নির্মাতারা বলেন, ওয়ালেটে আর্থিক লেনদেনের ওপর নিজের নিয়ন্ত্রণ আনা যায় আর লেনদেন হয় সাশ্রয়ী। এক্সচেঞ্জ রেটের সঙ্গে অর্থ প্রেরণের সময় নির্ধারণ করার সুবিধা থাকায় এতে আর্থিক পরিকল্পনা ও বাজেট করা সহজ হবে। ট্যাপট্যাপ সেন্ড ওয়ালেটের ব্যবহার পদ্ধতি সহজ। প্রথমে ওয়ালেটে অর্থ বা ফান্ড জমা করতে হবে।

    ওয়ালেটে ফান্ড জমা হয়ে গেলে গ্রাহক সুবিধা অনুযায়ী অর্থ পাঠাতে পারবেন। সুনির্দিষ্ট কয়েকটি দেশে ও মুদ্রায় ফিচারটি সক্রিয়।

    জানা গেছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও ইউরোপের কিছু দেশের প্রবাসীরা এ অ্যাপের হোম স্ক্রিনে ওয়ালেট সুবিধা নিতে পারবেন। দ্রুতই ফিচারটি আরও কয়েকটি দেশে চালু করা হবে।

  • কখন তরমুজ খাওয়া উপকারী?

    কখন তরমুজ খাওয়া উপকারী?

    এবিএনএ: গ্রীষ্মের মৌসুমী ফল তরমুজ খুবই পুষ্টিকর একটি ফল। এই ফলে ৯০ শতাংশ পর্যন্ত পানি থাকে, যা সরাসরি ডিহাইড্রেশন থেকে শরীরকে রক্ষা করে। গ্রীষ্মে প্রতিদিন তরমুজ খেলে শরীর ডিহাইড্রেটেড হয় না এবং মাথা ঘোরা বা দুর্বলতার সম্ভাবনাও কমে। নিয়মিত এই ফল খেলে পেটে গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য বা বদহজমের মতো সমস্যা কমে। বিভিন্ন সময়ে তরমুজ খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। অনেকেরই প্রশ্ন তরমুজ কি খাবার খাওয়ার আগে না পরে খাওয়া উচিত?

    তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

     

    সকাল তরমুজ খাওয়ার সবচেয়ে ভালো সময়। খালি পেটে নাশতায় এই ফল খেলে অনেক উপকারিতা পাওয়া যায়। দুপুরের খাবারের ১ ঘন্টা আগেও তরমুজ খাওয়া যেতে পারে। এটি হজম ব্যবস্থা উন্নত করে। এর ফলে গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা প্রতিরোধ হয়। ব্যায়ামের পরেও তরমুজ খাওয়া যেতে পারে। এটি শরীরে ইলেক্ট্রোলাইট এবং পানির ঘাটতি পূরণ করে। গ্রীষ্মকালে বিকেলেও তরমুজ খাওয়া যেতে পারে; এটি শরীরকে ঠান্ডা করে।

    খাবারের আগে না পরে তরমুজ খাবেন?

    তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখে এবং পেট ভরা রাখে। খাবার খাওয়ার আগে তরমুজ খেলে আপনার পেট ঠান্ডা থাকবে এবং আপনি অতিরিক্ত ক্যালোরি গ্রহণ এড়াতে পারবেন। এ কারণে বিশেষজ্ঞরা খাবার খাওয়ার আগে তরমুজ খাওয়ার পরামর্শ দেন।

    কখন তরমুজ খাওয়া উচিত নয়?

    রাতে তরমুজ খাওয়া উচিত নয় কারণ এতে প্রচুর পরিমাণে পানি থাকে, যা ঘন ঘন প্রস্রাবের কারণ হতে পারে। খাবারের পরপরই তরমুজ খাওয়া উচিত নয়, কারণ এটি গ্যাস এবং হজমের সমস্যা বাড়াতে পারে। খালি পেটে তরমুজ খেলে স্বাস্থ্য ভালো থাকে, বিশেষ করে গ্রীষ্মকালে সকালে তরমুজ খেলে শরীর সতেজ থাকে। তবে ফ্রিজ থেকে বের করার পরপরই তরমুজ খাওয়া উচিত নয়, কারণ এতে গলাব্যথা এবং হজম ব্যবস্থার ক্ষতি হতে পারে।

    ওজন কমাতে বিকালে তরমুজ খান
    যারা ওজন কমাতে চান তাদের বিকালে তরমুজ খাওয়া উচিত। এতে উচ্চ ফাইবারের পরিমাণ থাকে, যার কারণে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে এবং ক্ষুধা লাগে না, যার ফলে ওজন হ্রাস পায়। এতে ক্যালোরির পরিমাণও কম থাকে, যা ওজন কমাতে সাহায্য করে। গ্রীষ্মে প্রতিদিন নিয়মিত তরমুজ খেলে ওজন কমানো সহজ হয়।

    কোন ফলের সাথে তরমুজ খাবেন না
    গরম ফলের সাথে তরমুজ খাওয়া উচিত নয় কারণ এতে পেট খারাপ হতে পারে এবং সর্দি-কাশির ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। কলা, কমলা, আঙ্গুরের সাথে তরমুজ খাওয়া একেবারেই উচিত নয়। এগুলোর সাথে তরমুজ খেলে গ্যাস, বদহজম এবং অ্যাসিডিটি হতে পারে।

  • নতুনভাবে ফিরলেন টয়া

    নতুনভাবে ফিরলেন টয়া

    এবিএনএ: অনেক দিন পর্দায় দেখা মেলেনি অভিনেত্রী মুমহাতিনা টয়ার। অবশেষে উপস্থাপক হয়ে ছোট পর্দায় দেখা দিলেন তিনি। তিনি জানান, দেড় বছরের বিরতি ভেঙে নতুন করে পা রেখেছেন বিনোদন জগতে।

    ক’দিন আগে শেষ করেছেন রিয়েলিটি শো ‘আর্ট অব প্লেটিং’-এর দ্বিতীয় সিজনের শুটিং। অনুষ্ঠানটি প্রতি শুক্র ও শনিবার বাংলাভিশনে রাত ৮টা ১৫ মিনিটে, আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এবং দীপ্ত টেলিভিশনে রাত সাড়ে ৯টায় প্রচার হচ্ছে। এর বিভিন্ন পর্বে টয়ার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় সব তারকারা।

    টয়ার কথায়,  অন্যান্য রিয়েলিটি শো থেকে ‘আর্ট অব প্লেটিং’ কিছুটা আলাদা। খাবার রান্না করার পর সেটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় অর্থাৎ প্লেটিং করা যায়; তা নিয়ে এই শো, যাকে বলা হচ্ছে ‘আর্ট অব প্লেটিং’। এমন ভিন্ন ধরনের রিয়েলিটি শো উপস্থাপন করার অভিজ্ঞতাও অন্যরকম বলে স্বীকার করছেন ছোট পর্দার এ তারকা। এদিকে উপস্থাপনার পাশাপাশি অভিনয় নিয়েও ভাবা শুরু করেছেন টয়া।

    তিনি জানান, বিয়ে, ঘর-সংসার সাজানো থেকে শুরু করে জীবনকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার জন্যই অভিনয়ে বিরতি নিতে হয়েছিল। এ সময়ে এসে তাঁর মনে হয়েছে, এবার কাজে মনোযোগ দেওয়া যেতে পারে। সে ভাবনা থেকেই উপস্থাপনার মধ্য দিয়ে বিরতি ভাঙা। অভিনয়ের মতো উপস্থাপনাও দারুণ উপভোগ করেছেন বলে টয়া জানান।

    প্রসঙ্গত, টয়াকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল তপু খান পরিচালিত ‘ভালোবাসার রঙ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এতে অভিনয় করে দর্শক মনোযোগও কেড়ে নিয়েছিলেন এ অভিনেত্রী।