Author: ABNANEWS

  • যে শহরে একটাই বাড়ি!

    যে শহরে একটাই বাড়ি!

    এ বি এন এ : শহরের বাসিন্দারা সবাই একই ছাদের নীচে থাকেন। তাদের অফিস, বাজার, স্কুল-কলেজ সব কিছুই ওই একটি বাড়ির ভিতরেই। কারণ ওই শহরে বাড়ির সংখ্যা একটাই।

    মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার হুইটিয়ার শহরের বাসিন্দার সংখ্যা ২২০। তারা সকলেই একটিমাত্র বাড়িতে থাকেন। ১৪ তলা এই বিশাল বাড়িটির নাম বেগিক টাওয়ার। কেবল ২২০ জনের বাসগৃহ নয়, এই বাড়িটির ভিতরে আফিস, থানা, বাজার— সবই রয়েছে। তেমন দরকার না পড়লে বাসিন্দারা কেউ বাড়ি থেকেই বের হন না।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বেগিক টাওয়ার নির্মিত হয়েছিল মিলিটারি ব্যারাক হিসেবে। ১৯৬৯ পর্যন্ত বাড়িটি সরকারের অধিকারেই ছিল। ওই বছর সেটি শহরের বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়। আজ ওই শহর তথা বাড়িটিতে যারা বাস করেন, তারা প্রত্যেকেই সামরিক অফিসিয়ালদের বংশধর।

    তবে এই শহরে একজন ব্যাতিক্রম রয়েছেন। তার নাম পল। তিনি বেগিক টাওয়ারে না থেকে আস্তানা গেড়েছেন একটি মোবাইল-বাড়িতে। কিন্তু বাজার করতে তাকে প্রবেশ করতেই হয় ঐ টাওয়ারে। তাই তার গাড়ি-বাড়িকে তিনি পার্ক করে রাখেন বেগিক টাওয়ার ঘেঁষেই।

  • ৫৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

    ৫৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

    এ বি এন এ : চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
    বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফল ঘোষণার সময় বলেন, ঐসব প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী কেন ফেল করল তা বিশ্লেষণ করে অবশ্যই ব্যবস্থা নেব।
    এবার ঢাকা, কুমিল্লা ও যশোর বোর্ডে ৩টি করে, রাজশাহী, বরিশাল ও দিনাজপুর বোর্ডে ২টি করে এবং সিলেট বোর্ডের একটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
    অন্যদিকে মাদ্রাসা বোর্ডের ৩৭টি প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। তবে কারিগরি বোর্ডে কোনো শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠান নেই।
    মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।
  • প্রধানমন্ত্রীর কাছে শুল্ক সুবিধা চাইলেন ফিলিস্তিনি দূত

    প্রধানমন্ত্রীর কাছে শুল্ক সুবিধা চাইলেন ফিলিস্তিনি দূত

    এ বি এন এ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসুফ রামাদান।

    আজ বুধবার ণভবনে এ সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল। এ সময় তিনি বাংলাদেশে বাণিজ্যে শুল্কমুক্ত সুবিধার অনুরোধ জানান।   প্রধানমন্ত্রী ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সেদেশের মানুষের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা জানান। এছাড়া বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’র আরবি অনুবাদ প্রকাশের বিষয়েও সাক্ষাতে আলোচনা হয়েছে।

  • নিজামীর গায়েবানা জানাজায় ছাত্রলীগ-জামায়াতের সংঘর্ষ

    নিজামীর গায়েবানা জানাজায় ছাত্রলীগ-জামায়াতের সংঘর্ষ

    এ বি এন এ :  জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা স্থলে ছাত্রলীগ-জামায়াতের সংঘর্ষ হয়। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা হয়। এখনো থেমে থেমে সংঘর্ষ হচ্ছে বলে জানা গেছে।
    বুধবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম কলেজের পূর্ব গেইট দিয়ে প্যারেড মাঠে ঢুকে পড়ে জামায়াতের নেতাকর্মীরা। জানাজা শেষে মাঠের উত্তর দিক দিয়ে বেরিয়ে যায় তারা।
    ঘটনাস্থলে থেকে দেখা যায়, মাঠে ঢোকার সময় ছাত্রলীগ কর্মীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে জামায়াত কর্মীরা।  তারপর ফাঁকা গুলি বর্ষণ করে ছাত্রলীগ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
    ফলে মুহূর্তের মধ্যেই প্যারেড মাঠের আশেপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। প্যারেড মাঠ এলাকায় আতঙ্ক বিরাজ করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
    এর আগে বাদ জোহর প্যারেড মাঠে নিজামীর গায়েবানা জানাযা করার ঘোষণা দেয় জামায়াত। ঘোষণার প্রেক্ষিতে জানাজা ঠেকাতে প্যারেড মাঠের আশেপাশে অবস্থান নেয় ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার নেতাকর্মীরা।
  • ‘জামায়াত-শিবির নিষিদ্ধ এখন সময়ের ব্যাপার’

    ‘জামায়াত-শিবির নিষিদ্ধ এখন সময়ের ব্যাপার’

    এ বি এন এ :  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতাদের বিচার হয়েছে এবং হচ্ছে। ওই রায়েই যুদ্ধাপরাধী এবং মানবতাবিরোধী সংগঠন হিসেবে জামায়াতের বিচারের কথা বলা হয়েছে। এখন পর্যায়ক্রমে এই প্রক্রিয়া শুরু হবে। এখন শুধু সময়ের ব্যাপার।’
    বুধবার সকালে সচিবালয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে দুই দিনব্যাপী সচিব পর্যায়ে বৈঠক বিষয়ে ব্রিফিংয়ের সময় এ কথা বলেন তিনি।
    তিনি বলেন, জনগণই জামায়াত-শিবিরকে প্রত্যাখ্যান করবে।
    বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দুটি বড় অর্জন হলো- বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের ন্যায় সংগত বিচার সম্পন্ন করা। অনেক বাধা-বিপত্তির পরও এই দুটি বিচার সম্পন্ন হয়েছে। এটি বড় অর্জন।
    মন্ত্রী আরো বলেন, ৪৫ বছর পর হলেও এ বিচার হচ্ছে। সমগ্র জাতি এ সরকারের প্রতি কৃতজ্ঞ।
  • ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে : শিক্ষামন্ত্রী

    ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে : শিক্ষামন্ত্রী

    এ বি এন এ : শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ ও উত্তীর্ণের সংখ্যা বেড়েছে। সব শিক্ষাবোর্ডে ছাত্রের তুলনায় ছাত্রীরা শূন্য দশমিক ১৯ শতাংশ বেশি পাস করেছে।

    বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, গত বছরের তুলনায় এবার পাসের হার ১.২৫ ভাগ বেড়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ও বিজ্ঞান বিভাগে উত্তীর্ণের সংখ্যা বেড়েছে। সব সূচকে ফলের মান বৃদ্ধির পেছনে শিক্ষা মন্ত্রণালয় বেশ কিছু ভূমিকা রেখেছে। এর মধ্যে বিনামূল্যে ও সঠিক সময়ে শিক্ষার্থীদের মধ্যে বই তুলে দেয়া, টেলিভিশনে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সেরা শিক্ষকদের পাঠদান প্রচার, নকল বিরোধী ব্যাপক প্রচারণা ও তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার উল্লেখযোগ্য।

    মন্ত্রী বলেন, পুরো শিক্ষা ব্যবস্থার জন্য এ তথ্যগুলো খুবই ইতিবাচক। শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত নানা পদক্ষেপ, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের অক্লান্ত প্রচেষ্টাসহ সমগ্র শিক্ষা পরিবারের সার্বিক সহযোগিতায় এ অবস্থায় পৌঁছানো সম্ভব হয়েছে।

    তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৃঢ়প্রতিজ্ঞ। গতবারের মত এবারো সম্পূর্ণ পেপারলেস ফল প্রকাশিত হয়েছে। ফলাফল শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ই-মেইলে নির্ধারিত সময়ে পাঠানো হবে। তারা প্রয়োজনে ফলাফল ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে।

  • শাজনীন হত্যা: আপিল শুনানি শেষ, রায় যেকোনো দিন

    শাজনীন হত্যা: আপিল শুনানি শেষ, রায় যেকোনো দিন

    এ বি এন এ : শাজনীন হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের আপিলেও পর শুনানি শেষ হয়েছে। তবে আদালত সুনির্দিষ্ট দিন ধার্য  না করে আপিলটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
    বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাদী পক্ষে সাবেক বিচারপতি নজরুল ইসলাম  চৌধুরী ও  আপিলকারীদের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন ।
    শুনানি নিয়ে আপিল বভিাগ বিষয়টি শুনআনির জন্য অপেক্ষমাণ রাখে। এখন আদালত  যেকোনো দিন আপিলের জন্য রায় ঘোষণা করতে পারে। তবে রায় ঘোষণার আগে বিষয়টি আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় অন্তর্ভুক্ত রাখা হয়।
    মামলার নথিপত্র থেকে জানা যায়, লতিফুর রহমানের মেয়ে স্কলাস্টিকা স্কুলের নবম শ্রেণির ছাত্রী শাজনীন তাসনিম রহমান ১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে গুলশানে নিজের বাড়িতে খুন হন। এই মামলায় ২০০৩ সালের ২ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কাজী রহমতউল্লাহ শাজনীনকে ধর্ষণ ও খুনের পরিকল্পনা এবং সহযোগিতার দায়ে তাদের বাড়ির সংস্কার কাজের দায়িত্বে নিয়োজিত ঠিকাদার সৈয়দ সাজ্জাদ মইনুদ্দিন হাসানসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেয়।
    অপর পাঁচ আসামি হলেন- গৃহ পরিচারক শহীদুল ইসলাম (শহীদ), হাসানের সহকারী বাদল, গৃহপরিচারিকা দুই বোন এস্তেমা খাতুন (মিনু) ও পারভীন এবং কাঠমিস্ত্রি শনিরাম মণ্ডল।
    আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) ওই বছরই হাই কোর্টে আসে।দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা আপিল করেন।
    ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে ২০০৬ সালের ১০ জুলাই হাই কোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাসান, শহীদ, বাদল, মিনু ও পারভীনের ফাঁসির আদেশ বহাল রাখে। ফাঁসির আদেশ পাওয়া অপর আসামি শনিরাম মণ্ডল খালাস পান।
    হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করেন মৃত্যুদণ্ড বহাল থাকা চার আসামি মইনুদ্দিন হাসান, বাদল, মিনু ও পারভীন। ২০০৯ সালের ২৬ এপ্রিল এই চার আসামির লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে আপিল বিভাগ। মৃত্যুদণ্ড পাওয়া অপর আসামি শহীদুল জেল আপিল করেন। সাত বছর পর ২৯ মার্চ আপিলের ওপর শুনানি শুরু হয়ে বুধবার শেষ হয়।
  • সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

    সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

    এ বি এন এ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই। আজ ভোররাতে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

    প্রমোদ মানকিনের জন্ম ১৯৩৯ সালের ১৮ই এপ্রিল নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে। প্রমোদ মানকিন ১৯৬৩ সালে নটরডেম কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড এবং ময়মনসিংহ ‘ল’ কলেজ থেকে ১৯৮২ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন। তিনি ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। ছাত্র ও কর্মজীবনের শুরু থেকেই মানকিন রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। ১৯৯১ সালে আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে সরাসরি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন তিনি। তিনি হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধের সময়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

  • ‘ক্ষমা চাইবেন না ওবামা’

    ‘ক্ষমা চাইবেন না ওবামা’

    এ বি এন এ : পারমানবিক বোমায় হিরোশিমাতে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়, কিন্তু তার জন্য ক্ষমা চাইবেন না বারাক ওবামা।

    এ মাসের ২৭ তারিখে জাপানের হিরোশিমা সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ১৯৪৫ সালের ৬ই অগাস্টে হিরোশিমাতে পারমানবিক বোমা হামলার পর এই প্রথম দায়িত্বে থাকা কোন মার্কিন প্রেসিডেন্ট হিরোশিমা সফর করছেন।

    কিন্তু হিরোশিমা সফরে গিয়ে পারমানবিক বোমা হামলার জন্য প্রেসিডেন্ট ক্ষমা চাইবেন না, বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় ঐ হামলায় শহরটিতে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়। এর তিনদিন পর নাগাসাকিতে আরেকটি পারমাণবিক বোমা হামলায় মারা যায় ৭৪ হাজার মানুষ। যদিও যুদ্ধের ৭০ বছর পর হিরোশিমায় মি. ওবামার এ সফরকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

    জি-সেভেন সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা ২৬শে মে জাপানে যাবেন। পরদিন তিনি হিরোশিমায় পারমাণবিক বোমায় ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করবেন।

  • ‘ফেল করার কোনো সুযোগ নেই’

    ‘ফেল করার কোনো সুযোগ নেই’

    এ বি এন এ : শিক্ষার্থীদের ফেল করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিক্ষার্থীদের সবধরনের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। তাদের মেধা বিকাশে সরকার আন্তরিক।

    বুধবার সকালে এসএসসি ও সমমানের ফল হাতে পাওয়ার পর প্রধানমন্ত্রী একথা বলেন। ফল প্রকাশ উপলক্ষে এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    প্রধানমন্ত্রীর হাতে সার্বিক ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী। পরে প্রত্যেক বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

    বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, এখন ফলাফলের জন্য আর কাউকে ছোটাছুটি করতে হবে না। ঘরে বসেই পেয়ে যাবেন সবাই।

    আমাদের ছেলেমেয়েরা অনেক মেধাবী মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ফেল করার কোনো সুযোগ নেই। এবারের ফলাফল অনেক ভালো। আমি এতে সন্তুষ্ট। যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, আমরা বিনামূল্যে বই দিচ্ছি, সবধরনের সুযোগ সুবিধা দিচ্ছি। মেধাকে উৎসাহিত করার জন্য সবই করছি। আমরা এত বিশাল মেধাবৃত্তি দিচ্ছি যা পৃথিবীর আর কোথাও আছে কি না আমার জানা নেই।

    প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার দেশকে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড় করাতে চায়। আর এর জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। কারণ উন্নত জাতি গড়ে তুলতে সবার আগে দরকার শিক্ষিত প্রজন্ম।

    এসময় প্রধানমন্ত্রী তার সরকারের শিক্ষার উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন।