Author: ABNANEWS
-

বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের মুখ্য উপসহকারী মন্ত্রী
এ বি এন এ : এক সপ্তাহের বাংলাদেশ সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপসহকারী মন্ত্রী (পিডাস) উইলিয়াম ই. টড। তিনি বাংলাদেশ সফরে একটি আন্তমন্ত্রণালয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।ঢাকায় থাকাকালীন, পিডাস টড বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক সম্বনয় নিয়ে ও গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই এর সফরের ধারবাহিকতা নিয়ে আলোচনা করবেন।এছাড়া সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও দেখা করবেন তিনি।এই দায়িত্বের ঠিক আগে মুখ্য উপসহকারী মন্ত্রী টড কম্বোডিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন যেখানে তিনি গণতন্ত্রের অগ্রসরতা, মানবাধিকার, আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাস প্রতিরোধ ও বাণিজ্য এবং বিনিয়োগ বাড়াতে লক্ষ্য নির্ধারণ করেন। কম্বোডিয়াতে তার দায়িত্ব পালনের আগে তিনি যুক্তরাষ্ট্র দূতাবাস কাবুলের উন্নয়ন ও অর্থনীতি বিষয়ক সমন্বয় পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।টড যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন। পনের বছরেরও বেশি সময় ধরে তিনি জ্যেষ্ঠ পর্যায়ের কর্মকর্তা হিসাবে কাজ করছেন। -

সামাজিক ব্যবসাকে এগিয়ে নিতে রোমে খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলন
এ বি এন এ : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত ‘সোশ্যাল বিজনেস ফর জিরো হাঙ্গার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। বিশ্ব ব্যাপী ক্ষুধাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে সামাজিক ব্যবসার ভূমিকা আলোচনার জন্য খাদ্য শিল্পের শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিদের একত্রিত করতে খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক এই অনুষ্ঠানের আয়োজন করেন।মহাপরিচালক হোসে গ্রাজিয়ানো এই উপলক্ষে প্রদত্ত তাঁর বক্তব্যে সামাজিক ব্যবসা ক্ষুধা নির্মূল করতে কী ভূমিকা পালন করতে পারে তার উপর আলোকপাত করেন। প্রফেসর ইউনূস সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন যে, সামনের বছরগুলোতে খাদ্য নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সামাজিক ব্যবসার মাধ্যমে ও খাদ্য কোম্পানীগুলোর সহযোগিতায় গ্রামের তরুণ-তরুণীদের উদ্যোক্তায় রূপান্তরিত করার উপায় খুঁজে বের করতে হবে। সামাজিক ব্যবসার মাধ্যমে গ্রামের অর্থনীতিকে কৃষি-ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের মাধ্যমে তরুণদের বহির্গমন কমিয়ে আনতে ও একেবারে বন্ধ করা যেতে পারে।ইতালির কৃষি মন্ত্রী মৌরিজিও মারতিনা, ইতালিয়ান পার্লামেন্টের চেম্বার অব ডেপুটিজ-এর ভাইস প্রেসিডেন্ট মারিয়া সেরেনি এবং ইতালিয়ান কৃষক ফেডারেশনের সভাপতি দিনো স্কানাভিনো সমাবেশে বক্তৃতা করেন এবং বিশ্ব থেকে ক্ষুধা নির্মূল করতে সামাজিক ব্যবসার ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। -

‘নিজামীর ফাঁসি কার্যকরে শহীদদের আত্মা শান্তি পেয়েছে’
এ বি এন এ : বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের মাধ্যমে মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মা শান্তি পেয়েছে। বাংলাদেশ তার ইতিহাসের কলঙ্কমোচনে আরো একধাপ এগিয়ে গেল।বুধবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর কার্যালয়ে দলের উপ-কমিটির এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।হাসান মাহমুদ বলেন, জননেত্রী শেখ হাসিনা জাতির সামনে ওয়াদা করেছিলেন যে যুদ্ধাপরাধীদের বিচার এ দেশের মাটিতেই হবে।সকল অপশক্তির রক্তচক্ষু, হুমকি, বিভিন্ন আন্তর্জাতিক বাধাকে নস্যাৎ করে দিয়ে শেখ হাসিনা তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন।যুদ্ধাপরাধীদের বিচার একটি চলামান প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।তিনি বলেন, ইসরাইলের সাথে আমাদের কোন কূটনৈতিক সম্পর্ক নেই।বাংলাদেশের নাগরিকদের পাসপোর্টেই উল্লেখ আছে ইসরাইল ছাড়া অন্য যে কোন দেশে যাওয়া যাবে।আর সে ইসরাইলের ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসির প্রধানের সাথে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী বসে বৈঠক করেন।প্রকৃতপক্ষে বিএনপি ইসরাইলি গোয়েন্দা বাহিনীর সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করতে চাইছে। সমগ্র মুসলিম বিশ্ব প্যালেস্টাইনে মুসলমানদের প্রতি মানবতার শত্রু ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে যখন কাজ করে যাচ্ছে তখন ইসরাইলের সাথে বিএনপির এ ষড়যন্ত্র সমগ্র মুসলিম জাহানের বিরুদ্ধেও ষড়যন্ত্র।ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ প্রচার উপ-কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। -

বৃহস্পতিবার ডিপিএলে মুখোমুখি আবাহনী-মোহামেডান
এ বি এন এ : আবাহনী-মোহামেডান মানেই যেন বাড়তি কিছু। আগের মতো সেই আমেজ না থাকলেও ক্রীড়াঙ্গনে এই দুই দলের দ্বৈরথ উপভোগ করেন সবাই। ক্রিকেট, ফুটবল বা হকি, আবাহনী-মোহামেডান মানেই টানটান উত্তেজনা, রুদ্ধশাস জয় কিংবা পরাজয়ের বেদনা। সমর্থকদের মধ্যে তর্কের ঝড়।ক্রিকেট মাঠে সেই ঝড় তুলতে এবার মিরপুরে মুখোমুখি হচ্ছে মুশফিকুর রহিমের মোহামেডান ও তামিম ইকবালের আবাহনী।লিগে তামিম ইকবালের রান ৫ ম্যাচে ২১৯। মুশফিকুর রহিম অবশ্য কিছুটা এগিয়ে। ৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৫০ রান। তাই দলগত লড়াইয়ে বাইরেও জাতীয় দলের এ দুই ব্যাটসম্যানের মধ্যে যে ব্যাটিংয়ের লড়াই হচ্ছে তা নিশ্চিত করেই বোঝা যাচ্ছে।তবে মূলত লড়াই দলগত। মোহামেডানের কোচ সোহেল ইসলাম জানিয়ে দিলেন, লিগের সবগুলো ম্যাচই তার কাছে গুরুত্বপূর্ণ। আবাহনীর বিপক্ষে খেলছে বলে বাড়তি উন্মাদনা ছড়ালেও তা নিয়ে চিন্তা নেই তার শিষ্যদের।পাঁচ রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে মোহামেডান। পাঁচ ম্যাচের চারটিতেই জয় তাদের। অন্যদিকে আবাহনী পাঁচ ম্যাচে তিনটিতে জয় পেয়েছে, হেরেছে দুটিতে।বর্তমান পরিসংখ্যানের হিসাবে আবাহনীকে পিছিয়ে রাখতে হবে। তবে মোহামেডান কোচ সমীহ করছেন দলটিকে। তার ভাষ্য, ‘আবাহনী একটি ভালো দল। এই বছর তারা ভালো একটি দল গঠন করেছে। তাদের দলটি ব্যালান্স।’আবাহনীকে সমীহ করলেও নিজেদেরকে পিছিয়ে রাখছেন না সোহেল ইসলাম। শ্রীলঙ্কান উপুল থারাঙ্গা ও অধিনায়ক মুশফিকুর রহিম ভালো ব্যাটিং করছেন। দুই বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র ও নাঈম ইসলাম জুনিয়র দারুণ বোলিং করছেন। পেস বোলিংটা ভালো সামলাচ্ছেন শুভাশিষ রায়। সব মিলিয়ে মোহামেডানের রয়েছে পূর্ণ ‘প্যাকেজ’, যা যেকোনো দলকে হারিয়ে দিতে সক্ষম। -

দেশী-বিদেশী যুদ্ধাপরাধিদের বিচার করা হবে : নৌ পরিবহন মন্ত্রী
এ বি এন এ : শ্রমিক কর্মচারী পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করা বর্তমান সরকারের অঙ্গিকার। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশী-বিদেশী যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। তিনি বলেন, বেগম জিয়ার মন্ত্রী সভায় নিজামী একজন প্রভাবশালী সদস্য ছিলেন। যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসি দেয়া হলো অথচ বেগম জিয়া নিজামীর পক্ষে কোন কথা বলেননি। এ নিরবতা কি সম্মতির লক্ষণ কিনা জানি না।
মন্ত্রী আজ ঢাকায় মহান মে দিবস উপলক্ষে বিসিআইসি মিলনায়তনে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন। সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিরীন আখতার এম পি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সোনালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ কামালউদ্দিন, গার্মেন্টস শ্রমিক নেতা বদরুদ্দোজা নিজাম ও আদমজী জুট মিলস্ শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ আলাউদ্দিন। শাজাহান খান বলেন, জঙ্গী, সন্ত্রাস ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যতদিন পর্যন্ত জঙ্গিবাদীরা এ দেশ থেকে উৎখাত না হবে ততোদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে এবং চলমান শান্তি বজায় রাখতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে মন্ত্রী সকলের প্রতি আহবান জানান।
-

আমাদের চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী
এ বি এন এ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রগতিশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। প্রযুক্তিগত দিক থেকেও আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে সামনের দিকে। নীতিমালা ছাড়া কোনো কিছু চলতে পারে না। আমরা এরই মধ্যে আমাদের জাতীয় চলচ্চিত্রের খসড়া নীতিমালা তৈরি করেছি। এই খসড়া নীতিমালা আমাদের ওয়েব সাইটে প্রকাশ করা হবে। শিগরিই সবার মতামত নিয়েই আইন প্রণয়ন করা হবে।
আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের সিনেমা দেখার আগ্রহের কথাও বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ব্যস্ততার কারণে বেশি সিনেমা দেখতে পারি না। তবে মাঝে মধ্যে জীবন ধর্মী কিছু ছবি দেখি। আমাদের দেশের কিছু চলচ্চিত্র দেখে মনে দাগ কাটে। আমাদের শিশুরা এতো ভালো অভিনয় করে। তাদের অভিনয় দেখে অবাক হই।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের কথা ভেবেই আমরা বঙ্গবন্ধু ফিল্ম সিটি করে দিয়েছি। ফিল্ম সিটির জন্য ১০৫ একর জায়গা বরাদ্ধ দেওয়া হয়েছে। চলচ্চিত্র ইনস্টিটিউট করেছি। সরকার চলচ্চিত্রের সকল প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা করে যাবে।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, চলচ্চিত্র শুধু বিনোদন নয়, সমাজ সংস্কার এরও একটি বড় মাধ্যম। তাই শুধু বিনোদন মূলক চলচ্চিত্রের পাশাপাশি সমাজ সংস্কার মূলক চলচ্চিত্র নির্মাণ করতে হবে। সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বেসরকারিভাবেও চলচ্চিত্রের পৃষ্ঠপোষকদের এগিয়ে আসতে হব।
-

হরতালে আবারো পেছাল এইচএসসি পরীক্ষা
এ বি এন এ : জামায়াতের ডাকা হরতালের কারণে এইচএসসি ও সমমানের বৃহস্পতিবারের (১২ মে) পরীক্ষা পিছিয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে দলটি এ হরতালের ডাক দিয়েছে।
বুধবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান জানান, ১২ মে’র এইচএসসি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা আগামী ২০ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা সকাল ৯টা থেকে এবং বিকালের পরীক্ষা বেলা আড়াইটা থেকে শুরু হবে।
১২ মে’র কারিগরি বোর্ডের এইচএসসির ব্যবসায় ব্যবস্থাপনার পরীক্ষা ১৫ মে সকাল ১০টা থেকে নেওয়া হবে বলেও জানান তিনি।
এইচএসসিতে ১২ মে সকালে প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (তত্ত্বীয়), প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ঐচ্ছিক-২, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (তত্ত্বীয়), ঐচ্ছিক-৩, সমরবিদ্যা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।
আর বিকেলে ছিল পরিসংখ্যান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (খাদ্য ও পুষ্টি বিজ্ঞান) এবং ক্রীড়া (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা।
১২ মে মাদ্রাসা বোর্ডে অধীনে আলিমে উচ্চতর গণিত প্রথম পত্র (তত্ত্বীয়) এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনার প্রডাকশন প্লানিং, কন্ট্রোল অ্যান্ড কস্টিং (নতুন সিলেবাস) এবং প্রডাকশন প্লানিং, কন্ট্রোল অ্যান্ড কস্টিং (পুরাতন সিলেবাস) পরীক্ষা নির্ধারিত ছিল।
নিজামীর রিভিউ আবেদন সর্বোচ্চ আদালত খারিজ করে দেওয়ার পর গত রোববার হরতাল কর্মসূচি দিয়েছিল জামায়াত। তার মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে বৃহস্পতিবারও একই কর্মসূচি দিয়েছে দলটি।
জামায়াতের হরতালের কারণে চলতি এইচএসসি ও সমমানের দুই দিনের পরীক্ষা পেছানোয় ২৭টি পরীক্ষা পিছিয়ে গেল।
-

যা ফ্রিজে রাখা যাবে না
এ বি এন এ : কোনো খাবার বা এ জাতীয় জিনিস দীর্ঘদিন সংরক্ষণের জন্য আমরা সচরাচর তা ফ্রিজে রেখে দেই। তবে কোন জিনিস রাখা যাবে বা যাবে না তা আমরা অনেকেই জানি না। এর ফলে না জেনেই অামরা উদাহরণস্বরূপ মিষ্টিকুমড়া ফ্রিজে রেখে দেই। ফলে যা হবার তা-ই হয়। তাই কোন কোন জিনিস ফ্রিজে রাখা যাবে না সেসব নিয়েই নিচে আলোচনা করা হলো :
টমেটো : সতেজ রাখার জন্য অনেকেই টমেটো ফ্রিজে রাখেন। কিন্তু ফ্রিজে রাখলে টমোটোর বর্ণ ফ্যাকাশে হয়ে যায়। তাই বাইরেই রাখুন। পরিষ্কার কোনো পলিথিন ব্যাগে কিংবা কাগজের প্যাকেটেও রাখতে পারেন। এভাবে সংরক্ষণ করলে টমেটো ৩ দিন পর্যন্ত ফ্রেশ থাকে।
রসুন : রসুন বাইরে রাখাই ভালো। বাইরেই এটি ২ মাস পর্যন্ত ভালো থাকে। তবে এমন জায়গায় রাখুন যেন রসুনে বাতাস লাগে।
পেঁয়াজ : পেঁয়াজ কেনার পর বাইরে খোলা স্থানে রাখুন কিংবা এমন কোনো জায়গায় রাখুন যেন বাতাস লাগে। তবে পেঁয়াজ সবসময় আলু থেকে দুরে রাখুন। কারণ আলু থেকে আর্দ্রতা ও গ্যাস নির্গত হয়ে থাকে যার জন্য পেঁয়াজ পচে যায়।
পাউরুটি : পাউরুটি ফ্রিজে রাখবেন না। কারণ ফ্রিজে রাখলে তা দ্রুত শুষ্ক হয়ে যায়, খেতেও ভালো লাগেনা। বাইরেই পাউরুটি ৪ দিন পর্যন্ত ভালো থাকে।
আলু : আলু ফ্রিজে রাখলে এর গন্ধ নষ্ট হয়ে যায়। আলু বাইরে ৩ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। তাই বাইরে খোলা জায়গায় রাখুন।
হট সস : হট সস ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। কারণ এটি ৩ বছর পর্যন্ত বাইরে নিশ্চিন্তে রাখা যায়।
কুমড়া : কুমড়া একটি সুস্বাদু সবজি। আমাদের দেহের জন্যও খুব ভালো এই সবজিটি। এটি ফ্রিজে না রাখাই ভালো। কারণ বাইরেই এটি কমপক্ষে ৩ থেকে ৪ দিন রাখা যায়।
কফি : নষ্ট না হওয়ার জন্য অনেকেই কফি কিনে ফ্রিজে রেখে দেন। এতে কফি জমে ঘন হয়ে যায় এবং এর গন্ধ নষ্ট হয়। তাই কফি ভালো একটি পাত্রে রেখে ঢাকনা দিয়ে ভালোভাবে আটকে রাখুন। এটি অনেকদিন ভালো থাকবে।
নেইলপলিশ : নেইলপলিশ ঘন করতে অনেকেই এটি ফ্রিজে রাখেন। তবে এটি ফ্রিজে না রাখাই ভালো। সাধারণ তাপমাত্রায় রাখলে নেইলপলিশ অনেকদিন ভালো থাকবে।
ব্যাটারি : ব্যাটারির পাওয়ার শেষ হয়ে গেলে অনেকেই মনে করেন ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠাণ্ডা করলে এটি আবারও চলবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। ব্যাটারি সবসময় ড্রয়ারে সাধারণ তাপমাত্রায় রাখুন। কারণ বেশি ঠাণ্ডায় ব্যাটারির সমস্ত কার্যকারিতা নষ্ট হয়ে যায়।
-

২০২৬ সালে ৪০ দলের বিশ্বকাপ
এ বি এন এ : ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৩২ থেকে ৪০ হলে কেমন হবে? ২০২৬ সাল থেকেই ফুটবলপ্রেমীরা চল্লিশ দলের বিশ্বকাপ উপভোগ করতে পারেন! এ বছরের অক্টোবরে ফিফা তাদের নতুন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপে টিম সম্প্রসারণের প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ওয়ার্ল্ডকাপে আরো আটটি দল যোগ করার ইঙ্গিত দিয়েছিলেন ইনফান্তিনো। এবার তা বাস্তবায়নের পথে! এদিকে, এক ঘোষণায় ২০২৬ বিশ্বকাপের নিলাম প্রক্রিয়াটিও জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
মেক্সিকো শহরে চলমান ফিফা কংগ্রেসে চার ধাপে বিশ্বকাপের (২০২৬) নিলাম প্রক্রিয়া সম্পন্নের সিদ্ধান্ত হয়। ২০২০ সালের মে মাসে আয়োজক দেশের নাম চূড়ান্ত হবে। এক বিবৃতিতে ফিফা জানায়, নতুন কর্মকৌশল ও অালোচনা পর্ব (মে ২০১৬- মে ২০১৭), নিলাম প্রক্রিয়া (জুন ২০১৭-ডিসেম্বর ২০১৮), নিলাম মূল্যায়ন (জানুয়ারি ২০১৯-ফেব্রুয়ারি ২০২০) ও ২০২০ সালের মে মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও উল্লেখ করা হয়, বিশ্বকাপের (২০২৬) জন্য আলোচনা পর্বে চারটি বিষয়ে জোর দেওয়া হবে, যা ২০১৭ সালের মে মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু বিশ্বকাপে দলের সংখ্যা, ফরম্যাট ও কনফেডারেশনগুলোর যোগ্যতার বিষয়ে আসছে অক্টোবরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় ফিফা।
ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক মাস পর গত মার্চে ইনফান্তিনো বলেছিলেন, ‘আমাদের অবশ্যই বিশ্বকাপে দলের সংখ্যা আরো বাড়াতে হবে। এই ধারণাটা ২০২৬ (বিশ্বকাপ) থেকে শুরু হতে পারে। আমরা এ বিষয়ে খেলোয়াড়, ফিফা কাউন্সিল সবার সঙ্গে কথা বলবো। শুধুমাত্র অংশগ্রহণের সম্ভাবনার (বাছাইপর্ব) ক্ষেত্রে অনেক দলকে সুযোগ দিলেই হবে না, বিশ্বকাপের মূল মঞ্চে আরো বেশি টিমের অংশগ্রহণের নিশ্চয়তাও দিতে হবে।’
রাশিয়াতে ২০১৮ সালে ২১তম বিশ্বকাপ আসরের পর্দা উঠবে। ২০২২ বিশ্বকাপ হবে কাতারে। পরের আসরেই কিন্তু টিমের সংখ্যাটা ৩২ থেকে ৪০-এ সম্প্রসারিত হওয়ার জোরালো সম্ভাবনাই দেখা যাচ্ছে!
-

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
এ বি এন এ : যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় আজিজ (৭২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় গত সোমবার সকালে প্রবাসী আব্দুল আজিজ স্টামফোর্ড শহরের কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে বিপরিতমুখী একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে পরদিন মঙ্গলবার সকালে মারা যান তিনি। স্টামফোর্ডের বাংলাদেশি কমিউনিটির নেতা জাবেদ শফি এবিএনএকে জানান, নিহত আজিজ গত পাঁচ বছর ধরে স্টামফোর্ডের একটি বিল্ডিং ম্যানেজমেন্ট কম্পানিতে রাতের শিফটে কাজ করছিলেন।
গত সোমবার সকালে কাজ শেষ করে সাইডওয়াক দিয়ে সাইকেল চালিয়ে নিজ বাসায় ফিরছিলেন তিনি। ট্রেসার ব্লুভার্ড ও শেরম্যান ড্রাইভের কাছে রাস্তা পার হওয়ার সময় বিপরিতমুখী একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। পরদিন মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল আজিজের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার পশ্চিমচাল গ্রামে। ১৯৯০ সালে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। প্রথম চার বছর নিউ ইয়র্কেই ছিলেন। এরপর থেকেই কানেকটিকাটের স্টামফোর্ডে বসবাস করছিলেন। তিনি এক ছেলে ও ছয় মেয়ের জনক। স্ত্রী ও সন্তানরা সবাই দেশে। শুধুমাত্র এক মেয়ে কানাডায় রয়েছেন বলে জানা গেছে। নিহত আজিজের মরদেহ দেশে পাঠানো হবে জানিয়েছেন স্থানীয় কমিউনিটির নেতারা। এদিকে, জেরি ব্যাস্টেইন (২৮) নামের ঘাতক চালককে পুলিশ গ্রেপ্তার করেছে। আহতাবস্থায় তাকেও স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।