Author: ABNANEWS

  • বাংলাদেশে আইএসের অস্তিত্বের সুনির্দিষ্ট তথ্য নেই

    বাংলাদেশে আইএসের অস্তিত্বের সুনির্দিষ্ট তথ্য নেই

    এ বি এন এ : বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএসের অস্তিত্বের কোনও  সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শংকর।

    বৃহস্পতিবার সকালে ঢাকায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট  সুলতানা কামাল্ উল্লেখ্য, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের আমন্ত্রণে বুধবার বিকালে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন জয়শংকর। এরপর সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন জয়শংকর। এ সময় দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বিশ্বে মডেল বলে উল্লেখ করেন তিনি। বৈঠকে ত্রিপুরা থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বিদ্যুৎ পাঠানোর বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলসীমা চুক্তিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন।

    অন্যদিকে সার্ক কৃত্রিম উপগ্রহে সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান ভারতের পররাষ্ট্র সচিব। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন তিনি। এতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সার্বিক বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে যেসব চুক্তি ও সিদ্ধান্ত হয়েছে সেগুলোর বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা করা হতে পারে। গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্র সচিব শহিদুল হক ভারত সফর করেছিলেন। ভারতীয় পররাষ্ট্র সচিবের সফর তারই ফিরতি সফর।

  • হরতালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

    হরতালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

    এ বি এন এ : মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে দলটির ডাকা ২৪ ঘণ্টার হরতাল চলছে। তবে রাজধানীর কোথাও হরতালের লেশমাত্র নেই। অন্যান্য কর্মদিবসের মতো বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে যানজট দেখা গেছে। সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত হরতাল আহ্বানকারীদের কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি।

    এদিকে, হরতালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি ৠাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।বৃহস্পতিবার (১২ মে) সকালে সরেজমিনে রাজধানীর শ্যামলী, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, হাতিরঝিল, বনানী, মগবাজার, রমনা, প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্রই দেখা যায়।

    সকালে গণপরিবহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বেড়েছে বলে জানিয়েছেন বাস চালকরা। তবে এখন পর্যন্ত দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। এ বিষয়ে দুপুরে সিদ্ধান্তের কথা জানিয়েছে বাস মালিক সমিতি।

    এদিন রাজধানীর কোথাও জামায়াত-শিবিরকর্মীদের পিকেটিং বা ঝটিকা মিছিলের খবর পাওয়া যায়নি। ফলে হরতাল অনেকটা নিয়ম রক্ষায় পরিণত হয়েছে।পায়ে হেঁটে অফিস যাচ্ছিলেন আবু সায়েম নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। মগবাজার মোড়ে তিনি বলেন, হরতাল নিয়ে একটা সময় সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের আতঙ্ক ছিল। এখন তা অনেকটা কেটে গেছে।

    জাতীয় প্রেসক্লাবের সামনে হরতালের দায়িত্বপালনরত পুলিশ সদস্য রবিউল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

    গাবতলী- যাত্রাবাড়ী রুটের ৮ নম্বর বাসের চালক কুদ্দুস বলেন, সকাল থেকেই গাবতলী থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বাস ছাড়ছে। আমরাও বের হয়েছি। রাস্তায় যাত্রী সংখ্যাও উল্লেখযোগ্য।

  • বাগেরহাটে গৃহবধূকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

    বাগেরহাটে গৃহবধূকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

    এ বি এন এ : বাগেরহাট জেলার মোল্লাহাটে চাঞ্চল্যকর ইডেন কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নববধূ শরীফা আক্তার পুতুলকে (২১) হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন। নিহত শরীফা আক্তার পুতুল জেলার মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের উদয়পুর দৈবকান্দি গ্রামের মো. আবু দাউদের মেয়ে এবং ঢাকা ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। দণ্ডিত স্বামী শিকদার শিকদার মাহমুদুল আলম (৩৫) একই গ্রামের প্রয়াত শিকদার সামছুল আলমের ছেলে। পরে তিনি জামিনে ছাড়া পেয়ে পলাতক রয়েছেন।

    এই ঘটনার পর ঢাকা ইডেন কলেজের সহপাঠীরা ও বাগেরহাটের বিভিন্ন সংগঠন হত্যাকারী স্বামী মাহমুদুল আলমের বিচারের দাবীতে নানা কর্মসূচি পালন করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহম্মদ আলী মামলার বরাত দিয়ে জানান, শরীফার বড়বোন সাগরিকা মাহমুদের বড় ভাই শাইকুলের স্ত্রী। আত্মীয়তার সূত্র ধরে ইডেন কলেজের ছাত্রী শরীফা আক্তারের সঙ্গে মাহমুদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের কাউকে না জানিয়ে ঘটনার প্রায় ছয় মাস আগে শরীফা ও মাহমুদ গোপণে বিয়ে করেন। পরে ঘটনা জানাজানি হলে উভয় পরিবার তাদের সম্পর্ক মেনে নিয়ে ২০১৩ সালের ১০ মে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দেন।

    বিয়ের তিনদিন পর ১৩ মে রাত দুইটার দিকে মাহমুদ ঘরে ঘুমাতে এসে তার নববিবাহিতা স্ত্রী শরীফার মোবাইলে অশ্লীল বার্তা দেখে ক্ষুব্দ হন। পরে শরীফার অন্য কারো সঙ্গে পরকীয়া প্রেম রয়েছে এই অজুহাতে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর রাতেই মাহমুদ মোল্লাহাট থানায় গিয়ে তার স্ত্রীকে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেন। পরে পুলিশ তার বাড়িতে গিয়ে তালাবদ্ধ ঘরের ভেতর থেকে শরীফার বিবস্ত্র লাশ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাপাতি উদ্ধার করে। ঘটনার পরদিন ১৪ মে নিহত শরীফার বাবা মো. আবু দাউদ বাদী হয়ে মোল্লাহাট থানায় জামাতা মাহমুদুল আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

    মামলার তদন্ত কর্মকর্তা ও মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম তদন্ত শেষে ওই বছরের ১০ নভেম্বর মাহমুদুল আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন। নিহতের বাবা মো. আবু দাউদ রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, খুনি মাহমুদুল আলমকে অবিলম্বে গ্রেপ্তার করে তার মৃতুদণ্ড দ্রুত কার্যকর করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।

  • তারেকের পক্ষে অসমাপ্ত জেরা ১৯ মে

    তারেকের পক্ষে অসমাপ্ত জেরা ১৯ মে

    এ বি এন এ : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদী ও প্রথম সাক্ষী দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হারুন অর রশিদকে আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অসমাপ্ত জেরা পিছিয়ে আগামী ১৯ মে পুনর্নির্ধারণ করেছেন আদালত।

    আজ বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে হারুন অর রশিদকে তারেক রহমানের পক্ষে তৃতীয় দিনের মতো জেরার দিন ধার্য ছিল। তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের অনুপস্থিতির কথা জানিয়ে সময়ের আবেদন জানান অপর আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। এ আবেদন মঞ্জুর করে দিন ১৯ মে পুনর্নির্ধারণ করেন আদালত।

    গত ২৮ এপ্রিল প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে হারুন অর রশিদকে জেরা শেষ করেন তার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান। এরপর তারেকের পক্ষে জেরা শুরু করেছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া-তারেকসহ আসামি মোট ছয়জন। অন্য চার আসামি হলেন মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

    আসামিদের মধ্যে ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক, বাকিরা জামিনে আছেন। বৃহস্পতিবার প্রধান আসামি খালেদা জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিতির বিষয়ে সময়ের আবেদন জানান তার আইনজীবী। মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল আদালতে হাজির ছিলেন। ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ অনুপস্থিত থেকে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন জানান।

    ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়। এদিকে একই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এ মামলায় আগামী ১৯ মে খালেদা জিয়ার ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করা হয়েছে। ২০১৪ সালের ১৯ মার্চ দুই মামলায় খালেদা জিয়াসহ মোট ৮ আসামির বিরুদ্ধে পৃথক পৃথকভাবে অভিযোগ (চার্জ) গঠন করেন ঢাকা তৃতীয় বিশেষ জজ আদালতের আগের বিচারক বাসুদেব রায়।

  • পাসপোর্টের মেয়াদ, পাতা ও ফি বাড়ছে

    পাসপোর্টের মেয়াদ, পাতা ও ফি বাড়ছে

    এ বি এন এ : মেয়াদের ক্ষেত্রে ৫ ও ১০ বছর—উভয় ধরনের ব্যবস্থা রেখে পাসপোর্টের মেয়াদ, পাতা ও ফি বাড়ানো হচ্ছে। ১০ বছরের পাসপোর্টের জন্য সাধারণ ফি চার হাজার টাকা এবং জরুরি ফি সাত হাজার করতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে অর্থ মন্ত্রণালয় এই ফি সাড়ে পাঁচ হাজার আর ১১ হাজার টাকা নির্ধারণের মতামত দিয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মন্ত্রিসভায় পাঠানোর জন্য তৈরি করা এক সারসংক্ষেপে বলা হয়েছে, বর্তমান পারিপার্শ্বিক অবস্থানের পরিপ্রেক্ষিতে পাসপোর্টের ক্রমবর্ধমান চাহিদা ও পাসপোর্টসেবা কার্যক্রম সহজতর যুগোপযোগী করার জন্য পাসপোর্টের মেয়াদ ও পাতার সংখ্যা বাড়ানো এবং এ-সংক্রান্ত পাসপোর্ট ফি নির্ধারণ ও পুনর্নির্ধারণ করা প্রয়োজন।
    পাসপোর্ট রুল ১৯৭৪-এর ৫৯১-০ অনুচ্ছেদে পাসপোর্টের মেয়াদের বিষয়ে উল্লেখ করা হয়েছে যে পাসপোর্টের মেয়াদ ও নবায়ন উভয় ক্ষেত্রেই পাঁচ বছরের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ ১০ বছর করতে হলে বিধি সংশোধন করতে হবে।
    পাসপোর্ট অধিদপ্তরের সূত্র জানায়, বর্তমানে দেশে দুই ধরনের পাসপোর্ট দেওয়া হয়। এর একটি হলো জরুরি, অন্যটি সাধারণ। প্রতিটি পাসপোর্টের বই ৪৮ পৃষ্ঠার। জরুরি পাসপোর্টের বর্তমান ফি ছয় হাজার টাকা, এর সঙ্গে ভ্যাট দিতে হয় ৯০০ টাকা। সাধারণ পাসপোর্টের ফি এর অর্ধেক। এ ছাড়া যেকোনো ধরনের পরিবর্তন সংশোধনের জন্য ৩০০ টাকা করে ফি দিতে হয়।
    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ বাংলাদেশি শ্রমিক-অধ্যুষিত দেশগুলোর দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের সুপারিশের ভিত্তিতে পাসপোর্টের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    এদিকে সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে বাংলাদেশি কর্মীদের চাকরির ধারাবাহিকতা রক্ষার জন্য অবিলম্বে পাসপোর্টের মেয়াদ ১০ বছর করার সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে একটি আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
    পাসপোর্টের মেয়াদ বাড়ানো হলেও বইয়ের পাতার সংখ্যা ৪৮ থাকবে। কারণ, বর্তমানে এমআরপি বই সরবরাহের জন্য একটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সরকার চুক্তিবদ্ধ। সেই চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বইয়ের পাতা বাড়ানো সম্ভব নয়। তা ছাড়া কয়েক লাখ ছাপা বই মজুত করা আছে। পাতা বাড়ালে সেসব বই অব্যবহৃত হয়ে যাবে।

  • অবশেষে মুসলিমদের নিষেধাজ্ঞায় নমনীয় হচ্ছে ট্রাম্প

    অবশেষে মুসলিমদের নিষেধাজ্ঞায় নমনীয় হচ্ছে ট্রাম্প

    এ বি এন এ : অবশেষে যুক্তরাষ্ট্রে মুসলিমদের সাময়িক নিষেধাজ্ঞার বিষয়ে শক্ত অবস্থান থেকে সরে আসছেন ট্রাম্প। বিশেষত লন্ডনের মেয়রের সঙ্গে বাকবিতণ্ডার প্রেক্ষাপটে ফক্স নিউজকে বেশ নরম সুরে ট্রাম্প জানান, মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞার বিষয়টি ‘এক ধরণের পরামর্শ’ ছিল।
    এর আগে এবিএনএকে দেয়া এক সাক্ষাৎকারে লন্ডনের নবনির্বাচিত মেয়র সাদিক খান বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হলে তিনি সেখানে সফরে যেতে পারবেন না তার ধর্মের জন্য। সাদিক খানের এমন বক্তব্যরে প্রেক্ষাপটে ট্রাম্প ফক্স নিউজকে জানায়, লন্ডনের মেয়রের জন্য ‘বিকল্প ব্যবস্থা’ থাকবে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য। কিন্তু তার এমন প্রস্তাবকে সাদিক খান প্রত্যাখান করার পর প্রথমবারের মত কিছুটা মুসলিমদের নিষেধাজ্ঞা নিয়ে কিছুটা নরম সুরে কথা বলতে দেখা গেল ট্রাম্পকে।
    মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা সম্পর্কে বলতে গিয়ে নিজের শক্ত অবস্থান ত্যাগ করে ট্রাম্প বলেন, এটা এক ধরণের অস্থায়ী নিষেধাজ্ঞা। আর নিষেধাজ্ঞা এখনও ডাকা হয়নি। আসলে কি হচ্ছে (বিশ্ব ব্যপী) তা নিশ্চিত হবার আগ পর্যন্ত এটা শুধু একটি পরামর্শ।
  • ফেসবুক লাইভে নাগরিকদের মুখোমুখি হচ্ছেন মেয়র আনিসুল হক

    ফেসবুক লাইভে নাগরিকদের মুখোমুখি হচ্ছেন মেয়র আনিসুল হক

    এ বি এন এ : নাগরিকদের প্লাটফর্ম ‘আমরা ঢাকা’র ফেসবুক পেজে সরাসরি ভিডিও সম্প্রচারের মাধ্যমে নাগরিকদের মুখোমুখি হচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি লাইভে থেকে দায়িত্ব গ্রহণের এক বছরের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন নগরবাসীর সঙ্গে। পাশাপাশি নগর উন্নয়নে নাগরিকদের পরামর্শ, প্রত্যাশা, প্রশ্ন ও অভিযোগ শুনবেন ও জবাব দেবেন।

    দেশে কোনো জনপ্রতিনিধির ক্ষেত্রে এটাই হবে প্রথম জবাবদিহিমূলক ওয়েবকাস্টিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ইতিবাচক ও সফল প্রয়োগকে নগরবাসীর সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছেন মেয়র আনিসুল হক।

    বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে ‘আমরা ঢাকা’র জ্যেষ্ঠ গবেষক মাহবুব রশিদ এসব তথ্য জানান।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ মে ২০১৫ ঢাকা উত্তরের মেয়র হিসেবে শপথ নেন আনিসুল হক। আর আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্বভার বুঝে নেন ১৪ মে। শুরু করেন নাগরিকদের জন্য সমাধান যাত্রা। মেয়র হিসেবে দ্বায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষে ১২ মে (বৃহস্পতিবার) রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি লাইভে থেকে দায়িত্ব গ্রহণের এক বছরের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন নগরবাসীর সঙ্গে।

    আমরা ঢাকার ফেসবুক পেজ : www.facebook.com/AmraDhaka

    লাইভ ওয়েবকাস্টিংয়ে ‘আমরা ঢাকা’কে পূর্ণ সহযোগিতা দেবে প্রচার অপেক্ষমাণ টেলিভিশন চ্যানেল ‘নাগরিক’।

  • চার বন্দরে বসছে মোবাইল কন্টেইনার স্ক্যানার

    চার বন্দরে বসছে মোবাইল কন্টেইনার স্ক্যানার

    এ বি এন এ : মিথ্যা ঘোষণা ও অবৈধ পণ্য আমদানি প্রতিরোধ, সময় বাঁচিয়ে রাজস্ব বাড়াতে চারটি স্থলবন্দরে যোগ হচ্ছে চারটি অত্যাধুনিক মোবাইল কন্টেইনার স্ক্যানার।

    চীনের অনুদানে বেনাপোল, চট্টগ্রাম, আইসিডি কমলাপুর ও মংলা স্থলবন্দরে টেন্ডারের মাধ্যমে আগামী তিন মাসের মধ্যে এসব স্ক্যানার বসানো হচ্ছে।

    ‘প্রকিউরমেন্ট অব কন্টেইনার স্ক্যানার ফর কাস্টমস হাউজ (বেনাপোল, চট্টগ্রাম, আইসিডি কমলাপুর ও মংলা)’ প্রকল্পের আওতায় স্থলবন্দরে এসব স্ক্যানার বসবে।

    বুধবার (১১ মে) এনবিআর সম্মেলন কক্ষে এনবিআর ও চীনের মধ্যে চুক্তি সই হয়। এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান ও চীনের রাষ্ট্রদূত মা মং চিয়াং চুক্তিতে সই করেন।

    চুক্তি শেষে চীনের রাষ্ট্রদূত এনবিআর চেয়ারম্যানের কাছে স্ক্যানারের চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    প্রকল্প পরিচালক ও শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমেদ বলেন, ১১৭ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প হচ্ছে। এতে চীনের ৯৩ কোটি ৬৬ লাখ অনুদান ও ২৩ কোটি ৮৬ লাখ টাকা সরকারি তহবিল থেকে আসবে।

    তিনি জানান, অত্যাধিক ও স্থানান্তর যোগ্য (এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে নেওয়া যায়) এ কন্টেইনার স্ক্যানার সাধারণ স্ক্যানার থেকে অবৈধ পণ্য শনাক্তে অনেক বেশি সক্ষম।

    বর্তমানে চট্টগ্রাম বন্দরে প্রায় দুই বছর আগে এ ধরনের স্ক্যানার বসানো হয়। চট্টগ্রাম বন্দরে বাকিগুলো ফিক্সড স্ক্যানার। যেগুলো সক্ষম হলেও মোবাইল স্ক্যানারের মতো নয়।

    প্রকল্প পরিচালক আরও বলেন, স্ক্যানারগুলো চট্টগ্রাম বন্দরে চলে এসেছে। চারটি বন্দরকে স্ক্যানার বসানোর জায়গা ঠিক ও টেন্ডার করতে চিঠি দেওয়া হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে স্ক্যানার বসানো শেষ হবে।

    প্রতি আড়াই থেকে তিন মিনিটে একটি ও ঘণ্টায় প্রায় ২০টি কন্টেইনার স্ক্যান করতে সক্ষম এ স্ক্যানার। ব্যবসায়ীদের শুল্কায়নে সময় অনেক কমে আসবে। রাজস্ব আদায় বাড়বে বলেও জানান তিনি।

    একটি কন্টেইনারে ডিক্লারেশন করা পণ্য স্ক্যানারে ইমেজে সহজে ধরা পড়বে। এতে মিস ডিক্লারেশন দিয়ে পণ্য আমদানি বা অবৈধ পণ্য আমদানি অনেকাংশে কমে আসবে বলে যোগ করেন তিনি।

    এর মাধ্যমে কাস্টমসের সক্ষমতা বৃদ্ধি পাবে। পণ্য শুল্কায়নে আধুনিকার ছোঁয়া লাগবে। প্রকল্পের আওতায় কর্মকর্তাদের ইতোমধ্যে প্রশিক্ষণ দিয়েছে চীন- বলেন প্রকল্প পরিচালক।

    চট্টগ্রাম কাস্টমস হাউজ কমিশনার হোসেন আহমেদ বলেন, মডার্ন কাস্টমস ম্যানেজমেন্টের ক্ষেত্রে এ স্ক্যানার ভূমিকা রেখে চলেছে। সময় সাশ্রয়ী ও রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে।

    তিনি বলেন, কন্টেইনার স্ক্যান থেকে ২০১৪-১৫ অর্থবছর ২৭ হাজার ২৪৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। ২০১০-১১ থেকে এ পর্যন্ত ৩৩.৭৩ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি স্ক্যানার থেকে।

    একমাত্র মোবাইল কন্টেইনার স্ক্যানারে গত একছরে বেশ কিছু মিস ডিক্লারেশনের পণ্য আটক করা হয়েছে। এ স্ক্যানারের ইমেজ বিশ্লেষণ অনেক স্বচ্ছ। আরো একটি স্ক্যানার যোগ হলে রাজস্ব সংগ্রহ বেড়ে যাবে, সময় অনেক বাঁচবে বলে জানান তিনি।

    চীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াং বলেন, এ স্ক্যানার কাস্টমসের সক্ষমতা বৃদ্ধি পাবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রাজস্ব সংগ্রহে আরো এক ধাপ এগিয়ে যাবে কাস্টমস।

    এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, কাস্টম হাউসে নতুন এ স্ক্যানার যোগ হওয়ায় সময় বাঁচবে, অবৈধ পণ্য সনাক্ত, কাস্টমসের নিরাপত্তা ও রাজস্ব বৃদ্ধি পাবে।

    অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, কাস্টমস হাউজে নতুন মাত্রা যোগ করবে এ স্ক্যানার। প্রযুক্তির ব্যবহার বাড়ছে, সে সাথে সাবধানতার সাথে এর ব্যবহার করতে হবে।

  • ১৪৮ স্কুলের পরিচালনা পর্ষদ বাতিল

    ১৪৮ স্কুলের পরিচালনা পর্ষদ বাতিল

    এ বি এন এ : এসএসসির ফরম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত অর্থ ফেরত না দেয়ায় রাজশাহী শিক্ষা বোর্ডের ১৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিলের নির্দেশ দিয়েছে সরকার।
    রাজশাহী শিক্ষা বোর্ডকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে বলে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসএসসির ফরম পূরণ বাবদ বোর্ড নির্ধারিত অর্থের অতিরিক্ত আদায়ের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে সব শিক্ষা প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের ফেরত দেওয়ার আদেশ দেয়া হয়।
    মন্ত্রণালয়ের আদেশ পেয়েও ১৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ ফেরত না দেয়ায় ওই সব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডি বাতিল করে আগামী তিন দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে জানাতে রাজশাহী বোর্ড চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।
    এসএসসির ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত বছরের ১ ডিসেম্বর আদেশ দেয় হাই কোর্ট। এরপর গত ১৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় সরকারের অনুমোদন না নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত বেতন ও ফি আদায় না করার নির্দেশ দেয়।
    গত ৩ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এসএসসির ফরম পূরণের সময় আদায় করা বাড়তি টাকা ফেরত দিতে সাত দিন সময় বেঁধে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
  • বন্ড গার্ল প্রিয়াঙ্কা না দীপিকা?

    বন্ড গার্ল প্রিয়াঙ্কা না দীপিকা?

    এ বি এন এ : বলিউডের পর হলিউড দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে, বন্ড গার্ল হিসেবে এবার দেখা যেতে পারে তাদের একজনকে।

    ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জেমস বন্ড সিরিজের পরবর্তী কিস্তিতে অভিনয়ের অডিশন দিয়েছেন প্রিয়াঙ্কা এবং দীপিকা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে পরবর্তী বন্ড সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কা অথবা দীপিকাকে।

    দীপিকা এখন ব্যস্ত এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজসিনেমার শুটিং নিয়ে। এরপর তার হাতে কোনো হলিউড প্রজেক্ট নেই। শোনা যাচ্ছে, টম ক্রুজের বিপরীতে দ্য মামি সিনেমায় অভিনয়ের জন্যও অডিশন দিয়েছেন দীপিকা।

    অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া এখন ব্যস্ত বেওয়াচ সিনেমার শুটিং নিয়ে। পাশাপাশি ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের কাজও করছেন তিনি।

    জেমস বন্ড সিরিজের সর্বশেষ সিনেমা স্পেকটার মুক্তি পায় ২০১৫ সালে। সিনেমায় জেমস বন্ড হিসেবে দেখা গিয়েছিল ড্যানিয়েল ক্রেগকে। পাশাপাশি বন্ড গার্লের ভূমিকায় ছিলেন লিয়া সেদু এবং মনিকা বেলুচ্চি।

    এদিকে ড্যানিয়েল ক্রেগ আর জেমস বন্ড সিনেমায় অভিনয় করবেন না বলে জানিয়েছেন। তাই পরবর্তী জেমস বন্ড সিনেমায় দেখা যাবে নতুন বন্ডকে। সঙ্গে দীপিকা বা প্রিয়াঙ্কা থাকবেন কিনা সেটিই এখন দেখার বিষয়।