Author: ABNANEWS

  • বিপথগামী সদস্যদের জন্য পুলিশের সমস্ত অর্জন ম্লান হয়ে যাচ্ছে : আইজিপি

    বিপথগামী সদস্যদের জন্য পুলিশের সমস্ত অর্জন ম্লান হয়ে যাচ্ছে : আইজিপি

    এ বি এন এ : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেছেন, কতিপয় সদস্যদের জন্য পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তিনি বলেন, দেখা যায় অনেক পুলিশ সদস্য মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। তারা অনেকে মাদক সেবন করে। ইতিমধ্যে দু-চারজন ধরাও পড়েছে, চাকরিও চলে গেছে এবং মামলার আসামি হয়েছে। ওই সমস্ত সদস্যদের জন্য পুলিশের সমস্ত অর্জন ম্লান হয়ে যাচ্ছে। তাই তিনি সকল পুলিশ সদস্যদের নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শহীদুল হক আরো বলেন, জঙ্গি ও মাদকের বিরুদ্ধে পুলিশ বাহিনীর ভূমিকা হবে জিরো টলারেন্স। এই দুটি বিষয়ের বিরুদ্ধে পুলিশ বাহিনীকে সচেষ্ট থাকতে হবে। জনগণকে পুলিশের চোখ কান উল্লেখ করে তাদের সাথে সুসম্পর্ক রেখে কাজ করতে হবে। মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

    এর আগে প্রায় সোয়া চার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত নারী পুলিশ ব্যারাকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শহীদুল হক। এ ছাড়া তিনি পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশে যোগদান করেন।

  • বাংলাদেশের ৩ বেসরকারি ব্যাংকের তথ্য চুরি

    বাংলাদেশের ৩ বেসরকারি ব্যাংকের তথ্য চুরি

    এ বি এন এ :বাংলাদেশের তিনটিসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের তথ্য চুরি করেছে তুরস্কের একটি হ্যাকার গ্রুপ।

    একই সঙ্গে শিগগিরই এশিয়ার আরও ব্যাংকের তথ্য হ্যাক করার হুমকি দিয়েছে তারা।

    যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তাবিষয়ক ওয়েবসাইট ‘ডেটাব্রিচটুডে’ এক প্রতিবেদনে এ সব তথ্য দিয়েছে।

    ‘বোজকার্টলার বা ধূসর নেকড়েরা’  নামের ওই হ্যাকার গ্রুপ চুরি করা সব তথ্যই অনলাইনে প্রকাশ করেছে বলে ধারণা করা হচ্ছে।

    বাংলাদেশের ব্যাংকগুলো হল- ডাচ বাংলা ব্যাংক, দ্য সিটি ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। আর বাকি ব্যাংক দুটি নেপালের কাঠমান্ডুভিত্তিক বিজনেস ইউনিভার্সাল ডেভেলপমেন্ট ব্যাংক ও সানিমা ব্যাংক।

    ‘ডেটাব্রিচটুডে’ বলছে, তথ্য চুরির বিষয়ে তারা ওই পাঁচ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলেও ব্যাংকগুলো কোনো প্রতিক্রিয়া দেয়নি।

    এর আগে হ্যাকার গ্রুপটি কাতার ন্যাশনাল ব্যাংক ও সংযুক্ত আরব আমিরাতের ইনভেস্টব্যাংকের তথ্য চুরি করেছিল। আর সব ব্যাংকের তথ্য সম্বলিত আর্কাইভগুলো তারা একটি টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে। হ্যাকার গ্রুপটি তুরস্কের চরমপন্থী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বলে মনে করা হয়।

    ‘ডেটাব্রিচটুডে’র মতে, সিটি ব্যাংকের ১১ দশমিক ২ মেগাবাইট, ডাচ বাংলা ব্যাংকের ৩১২ কিলোবাইট ও ট্রাস্ট ব্যাংকের ৯৫ কিলোবাইট আকারের ফাইল টুইটারে প্রকাশ করা হয়েছে। এছাড়া নেপালের দুই ব্যাংকের ফাইলগুলোর আকার যথাক্রমে ২৫১ ও ৪৭ মেগাবাইট।

    যদিও এসব ব্যাংকের কোনো গ্রাহকের টাকা চুরি করা হয়েছে কি না সে বিষয়ে হ্যাকাররা কিছু জানায়নি।

    এই হ্যাকার গ্রুপের ওপর নজর রাখেন এমন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের বরাত দিয়ে ‘ডেটাব্রিচটুডে’ বলছে, এই পাঁচ ব্যাংকের চুরি করা তথ্য আসল বলেই মনে হচ্ছে। যদিও কাতার ন্যাশনাল ব্যাংক ও ইনভেস্ট ব্যাংকের চুরি করা তথ্যের তুলনায় পরিমাণে তা অনেক কম।

    ওমার বেনবোয়াজ্জা নামে এক সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারকে উদ্ধৃত করে ‘ডেটাব্রিচটুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা সানিমা ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকে ওয়েবশেল আপলোড করেছে বলে তার মনে হয়েছে। কাতার ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রেও একই কাজ করা হয়েছিল।

    ওয়েবশেল হল একটি কোড, যা কম্পিউটার বা সার্ভারে ঢুকিয়ে দিতে পারলে হ্যাকার অ্যাডমিন সুবিধা ও পুরো সিস্টেম নিয়ন্ত্রণের সুযোগ পায়। এর মাধ্যমে সিস্টেমে সংরক্ষিত তথ্যও বের করে আনা যায়।

    চুরি যাওয়া তথ্যে যা আছে
    হ্যাকাররা পাঁচ ব্যাংকের নামে যেসব তথ্য অনলাইনে ছেড়েছে, তা প্রাথমিকভাবে বিশ্লেষণের পর একজন গবেষক ডেটাব্রিচটুডেকে বলেছেন, হ্যাকিংয়ের বিষয়টি উদ্বেগজনক হলেও আগের দুই ব্যাংকের মতো ততটা গুরুত্বপূর্ণ তথ্য এগুলোতে নেই। কিউএনবি ও ইনভেস্টব্যাংকের মতো এগুলোতে কোনো ক্রেডিট কার্ড নম্বর নেই।

    তিনি প্রত্যেকটি ব্যাংকের তথ্য আলাদাভাবে ধরে এগুলোর সত্যতা যাচাইয়ের চেষ্টা করেছেন;

    ডাচ বাংলা ব্যাংক এই ব্যাংকের ৩১২ কেবি আর্কাইভে গ্রাহকের সরাসরি ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনের রেকর্ড রয়েছে। ওই গবেষক জানান, এর মধ্যে কিছু তথ্য থেকে অ্যাডমিনের সত্যায়নকারী গোপন তথ্য (আইডি, পাসওয়ার্ড) তিনি পেয়েছেন, যা ব্যবহার করে পাবলিক ইন্টারনেট থেকে ব্যাংকের এটিএম ট্রানজেকশন অ্যানালাইজারে ঢুকতে পেরেছিলেন তিনি। ওইসব ইউজার নেইম ও পাসওয়ার্ড খুবই সহজ বা ডিফল্ট। ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে ঝুঁকির উপাদান রয়েছে বলে দেখা যাচ্ছে। এর ফলে ইন্টারনেট সার্ভার বা ফাইলে অনুপ্রবেশের সুযোগ তৈরি হতে পারে বলেও বিশ্লেষণ করেছেন ওই গবেষক। ট্রাস্ট ব্যাংক সবচেয়ে কম চুরি যাওয়া ট্রাস্ট ব্যাংকের ৯৬ কেবি তথ্যের মধ্যে দুটি স্প্রেডশিট রয়েছে, যেগুলোতে ইউজার আইডি, ই-মেইল ঠিকানা, ইউজার নেইম ও এনক্রিপটেড পাসওয়ার্ড রয়েছে। এর মধ্যে সর্বশেষ ২০১৫ সালের জুনের তথ্য রয়েছে। দ্য সিটি ব্যাংক এই ব্যাংকের ১১.২ এমবি তথ্যের একটি স্প্রেডশিট রয়েছে, যাতে প্রায় এক লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য রয়েছে। এসব তথ্যের মধ্যে গ্রাহকের পূর্ণাঙ্গ নাম, বাবার নাম, মায়ের না, জন্ম তারিখ, বয়স, ঠিকানা, যোগাযোগের নম্বর, স্থায়ী ঠিকানা এবং ই-মেইলের তথ্য রয়েছে। তাদের সর্ব সাম্প্রতিক তথ্য ২০১৫ সালের আগস্টের।

     

    এছাড়া নেপালের দুটি ব্যাংক সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, সানিমা ব্যাংকের চুরি যাওয়া তথ্যের মধ্যে একটি স্প্রেডশিট রয়েছে, যেখানে গ্রাহকের নাম, অ্যাকাউন্ড ব্যালেন্স, সাম্প্রতিক লেনদেনের তথ্য রয়েছে। তাদের সর্ব সাম্প্রতিক তথ্য ২০১৫ সালের ফেব্রুয়ারির। আর বিজনেস ইউনিভার্সাল ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকটির ২৫১ মেগাবাইটের ফাইল ২০১০ সালের মে মাসে চুরি করে হ্যাকার গ্রুপ বোজকার্টলার। এতে ব্যাংকটির সিনিয়র কর্তৃপক্ষের সঙ্গে ব্যবস্থাপকদের মাইক্রোসফট আউটলুকের মাধ্যমে ই-মেইল যোগাযোগের তথ্য রয়েছে। এছাড়া এতে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকদের মোবাইল নম্বর, ইউজার নেইম, এনক্রিপটেড পাসওয়ার্ড ও গ্রাহকের আইডিসহ বিস্তারিত তথ্য রয়েছে। তাদের সর্ব সাম্প্রতিক তথ্য ২০১৫ সালের জানুয়ারির। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি যায়। হ্যাকাররা সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে এই টাকা বেহাত করে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগ করতে বাধ্য হন। এছাড়া সিটি ব্যাংকসহসহ ঢাকায় চারটি ব্যাংকের এটিএম বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে কার্ড ক্লোন করে গ্রাহকের ব্যক্তিগত তথ্য ও টাকা চুরির ঘটনা ঘটে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব ব্যাংকগুলোর ৩৬টি কার্ড ক্লোন করে ২০ লাখ ৬০ হাজার টাকা তুলে নেয় জালিয়াতরা। ওই চক্র অন্তত ১ হাজার ২০০ কার্ডের তথ্য চুরি করে বলেও তদন্তে জানা যায়। এসব ঘটনায় করা এক মামলার এজাহারের সঙ্গে এটিএম বুথের সিসি ক্যামেরার ছবি দেখে পিওতর সিজোফেন নামে এক বিদেশী ও সিটি ব্যাংকের চার কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।

  • সারাদেশে বজ্রপাত, প্রাণ গেল ৩৬ জনের

    সারাদেশে বজ্রপাত, প্রাণ গেল ৩৬ জনের

    এ বি এন এ : দাবদাহের পর থেমে থেমে স্বস্তির বৃষ্টি পড়ছে সারাদেশে। তবে স্বস্তির বৃষ্টির সঙ্গে বজ্রপাতে বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে প্রাণ হারিয়েছেন ৩৬ জন।

    এ বি এন এ, অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে ডেস্ক রিপোর্ট।

    ঢাকা:(যাত্রাবাড়ি) রাজধানীর যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় একটি মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে রুমান হাসান লিঙ্কন (২০) ও শাহেদুর রহমান শাহেদ (২০) নামে দুই যুবক মারা গেছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

    বৃহস্পতিবার (১২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত অপরজন হচ্ছেন ঢাকা কলেজের ছাত্র রাইয়ান (২০)।

    শাহেদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিজাম উদ্দিনের ছেলে। যাত্রাবাড়ী দক্ষিণ কাজলায় ভাড়া বাসায় সপরিবারে থাকতেন তিনি। আহসানউল্লাহ পলিটেকনিক কলেজে কম্পিউটার সায়েন্স বিভাগে প্রথম বর্ষের ছাত্র ছিলেন শাহেদ।

    মা লুৎফুন্নাহার লতা বলেন, ‘আমার একমাত্র ছেলে শাহেদ। এখন আমি কি নিয়ে থাকবো?’

    অন্যদিকে লিঙ্কনের মা লাকী আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে ছেলের লাশ শনাক্ত করেন।

    তার বাবা বাদল মোল্লা জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়, থাকেন নারায়ণগঞ্জের সাহেবপাড়া গ্রামে। লিঙ্কন মহাখালী পলিটেকনিক কলেজের কম্পিউটার সায়েন্সে পড়তেন।

    তাদের সহপাঠী এ বি এন একে বলেন, ‘সবাই মিলে কাউন্সিল মাঠে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিলাম। হঠাৎ বিদ্যুৎ চমকে বজ্রপাত হলে তিনজনই অজ্ঞান হয়ে মাঠে পড়ে যায়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।’

    (সাভার) বজ্রপাতে ঢাকার সাভারে স্কুলছাত্র মন্টু মিয়া (১৭) ও ধামরাইয়ে মনির হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো দুই জন।

    শুক্রবার সকালে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে ও দুপুরে সাভারের ছায়াবিথী হাউজিং সোসাইটিতে ও এই ঘটনা ঘটে।

    নিহত মন্টু মিয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বড়লালপাড়া গ্রামের মোঃ হোসেন আলীর ছেলে।

    এলাকাবাসীরা জানায়, দুপুরে প্রচন্ড বৃষ্টিতে ছায়াবিথী হাউজিং সোসাইটির বালুরমাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলো স্কুলছাত্র মন্টু মিয়া।

    এসময় বজ্রপাতে গুরুতর আহত হয় মন্টু মিয়া সহ আরো দুজন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মন্টু মিয়াকে মৃত ঘোষনা করেন।

    আহত অন্যদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    চট্টগ্রাম: চট্টগ্রামে বজ্রপাতে এক যুবক ও স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

    চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার কাট্টলী সমুদ্র উপকূলীয় এলাকায় বজ্রপাতে আমজাদ আলী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

    নিহত আমজাদ আলী সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীনের চাচাতো ভাই বলে জানা গেছে।

    শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কাট্টলী (হালিশহর) বারুণী ঘাট বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এ বি এন একে জানান, শুক্রবার সকাল থেকে চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে পাহাড়তলী থানাধীন হালিশহর ফইল্লাতলী এলাকায় সড়কে দাড়ানো অবস্থায় আমজাদ হোসেন বজ্রপাতে আহত হন। তাকে হাসপাতালে আনার পর তিনি মারা যান। তিনি ওই এলাকার নিজাম উদ দৌলার ছেলে এবং সাবেক মন্ত্রী আফসারুল আমীনের চাচাতো ভাই।

    পতেঙ্গা এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে ফুটবল খেলার সময় বজ্রপাতে গিয়াস উদ্দীন (১৭)নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

    পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর মাহমুদ জানান, পতেঙ্গা সাগর পাড় সংলগ্ন মাঠে দুর্ঘটনাটি ঘটে। এসময় আরো দুইজন আহত হয়েছে।

    নওগাঁ:নওগাঁওয়ে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। জেলার পোরশা উপজেলার নিতপুর দীঘিপাড়া ও মহাদেপুর উপজেলার ধঞ্জইল গ্রামে শুক্রবার (১৩ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- নীতপুর দীঘিপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে ইব্রাহীম (১৩) ও মহাদেপুর উপজেলার ধঞ্জইল গ্রামের কৃষক সচীন মুহুরী (৪৫)।

    স্থানীয়রা জানান, সকালে ঝড়-বৃষ্টির সময় ইাব্রহীম বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।

    এ ছাড়া মহাদেবপুরের ধঞ্জইল গ্রামের পাশে মাঠে ফসল দেখতে গিয়ে বজ্রপাতে মারা যান সচীন মুহুরী নামে এক কৃষক।

    নওগাঁ সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মাহফুজার রহমান এ বি এন একে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

    নীলফামারী :নীলফামারীর কিশোরগঞ্জে বজ্রপাতে লাল বিবি (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলেরঘাট গ্রামে বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে।

    মাগুরা ইউপি চেয়ারম্যান মাহমুদুল হোসেন এ বি এন একে জানান, দুপুরে কিশোরগঞ্জ উপজেলায় হালকা বাতাসসহ ভারি বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় লাল বিবি তার শোয়ার ঘরে ছিলেন। একপর্যায়ে তার শোয়ার ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে এ ঘটনায় আর কেউ আহত হয়নি।

    রাজশাহী :রাজশাহীর মোহনপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।

    বজ্রপাতে যারা মারা গেছেন তারা হলেন, ঘাষিগ্রাম ইউনিয়নের আতা নারায়ণপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (২৮), হাততৈড় গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ (৫০) ও ডাঙ্গাপাড়া গ্রামের শ্রী সৈত চন্দ্র (৩০)।

    মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, বজ্রপাতে পুল্লাকুড়ি গ্রামের জালাল উদ্দিন ও মোল্লা ডায়িং গ্রামের ছমির উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (২৮) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এদের মধ্যে জালাল উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, পাঙ্গাসি ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের সুলতান মাহমুদ (৩৫), চতনোর গ্রামের নুপূর (৮), বেতগানি ইউনিয়নের হাসিল মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেন (৪৫)।

    সুলতান মাহমুদ মাঠ থেকে গরু আনতে গেলে সেখানেই বজ্রপাতে নিহত হন। সঙ্গে তার দুটি গরুও মারা যায়।

    নুপুর মারা গেছে আম কুড়াতে গিয়ে, আনোয়ার হোসেন মাদ্রাসা থেকে ঘরে ফেরার সময় মারা গেছেন।

    পাবনা :পাবনার চাটমোহর ও সুজানগর উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় আলাদা বজ্রপাতের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলার সুজানগর উপজেলার আমিনপুরে ৪ জন ও চাটমোহরে ২ জনের মৃত্যু হয়। দুই উপজেলার সংশ্লিষ্ট থানা পুলিশ ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    মৃত ছয় জন হলেন, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের রাউতকান্দি গ্রামের ছকির উদ্দিন (৭০) ও একই ইউনিয়নের বারকোনা গ্রামের ফজলুর রহমান (৪০), সুজানগর উপজেলার আমিনপুর থানার আহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণচর গ্রামের শহীদ সরদার (৫০), সোনাতলা পূর্বপাড়া গ্রামের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র হীরা শেখ (১৩), একই উপজেলার রানীনগর ইউনিয়নের বাঘলপুর মধ্যপাড়া গ্রামের ময়েন প্রামাণিক (৭০) ও তার নাতনী বাঘলপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী শিখা খাতুন (১৩)।

    চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার এ বি এন একে জানান, সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন মাঠ থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে বারকোনা গ্রামের ফজলুর রহমানের মৃত্যু হয়। এছাড়া পার্শ্বডাঙ্গা হাট থেকে বাড়ি ফেরার পথে সজনাই মাঠের রাস্তার ওপর বজ্রপাতে মারা যান রাউতকান্দি গ্রামের বৃদ্ধ ছকির উদ্দিন।

    অন্যদিকে আমিনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মইনুদ্দিন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আহাম্মদপুর দক্ষিণচর গ্রামের মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান শহীদ সরদার। একই সময় প্রচণ্ড গরমের কারণে বৃষ্টির মধ্যে ভেজার সময় বজ্রপাতে মারা যায় স্কুলছাত্র হীরা।

    এছাড়া বাঘলপুর মধ্যপাড়া গ্রামের ময়েন প্রামাণিক ও তার নাতনী শিখা মাঠ থেকে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের আঘাতে মারা যায়।

    হবিগঞ্জ :জেলার বানিয়াচং উপজেলার প্রতাপপুর গ্রামের কাজল মেম্বারের ছেলে হাবীবুল্লাহ (৩৫) বৃহস্পতিবার সন্ধ্যায় বজ্রপাতে মারা গেছেন।

    পারিবারিক সূত্রে জানা গেছে, বজ্রপাতে তিনি গুরুতর আহত হলে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    অন্যদিকে একই উপজেলার সোনারু গ্রামে এক নারী আহত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন জরুরি বিভাগের ডিউটি অফিসার।

    পিরোজপুর :জেলার মঠবাড়িয়া উপজেলার বড়হারজি গ্রামে ইউনুস (৫৫) নামে এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন। অজ্ঞাতনামা এক নারীকে গুরুতর আহত অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

    টাঙ্গাইল :টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২ শ্রমিকসহ ৩ জন আহত হয়েছেন।

    নিহত শ্রমিকের মধ্যে একজন মতিয়ার রহমান (২৭)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চাকতেলী এলাকার সেকান্দার আলীর ছেলে। অপরজন হলেন কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকার ধান কাটা শ্রমিক কাদের তরফদার।

    দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে ধান কাটা শেষে শ্রমিকরা ক্ষেতের পাশের বাড়ির একটি ঘরে অবস্থান নেন। বৃষ্টির এক পর্যায়ে বজ্রপাত শুরু হয়, এতে ওই শ্রমিক নিহত হন।

    এ সময় ২ শ্রমিকসহ পাশের বাড়ির শেহরাতৈল এলাকার নয়ন মিয়ার মেয়ে মুক্তা (১২) আহত হয়। মুক্তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও বাঞ্ছারামপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় চারজন নিহত হয়েছেন।

    নিহতরা হলেন, জাহানারা বেগম (৪৮), শফিকুল ইসলাম (২৮), কবির হোসেন (৪০) ও শামছুল ইসলাম (৪০)।

    বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান, বিকেল থেকে বিভিন্ন সময়ে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে একই গ্রামের মজিবুর রহমানের ছেলে শফিকুল ইসলাম নিহত হন। কানাইনগর গ্রামে নদীতে গোসল করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সুলতান মিয়ার ছেলে কবির হোসেন নিহত হন। এছাড়া ইছাপুর গ্রামের জোনাব আলীর ছেলে শামছুল ইসলাম জমিতে ধান কাটার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হন।

    ওসি আরও জানান, নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এ ছাড়া সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, বাড়ির উঠানে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে জাহানারা বেগমের শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা দুই মেয়ে তাসমিনা আক্তার ও রোমেজা আক্তার দগ্ধ হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    কিশোরগঞ্জ :কিশোরগঞ্জের হোসেনপুর ও বাজিতপুর উপজেলায় বজ্রপাতে কলেজছাত্র শরীফুল ইসলাম শুভ (১৮) ও শ্রমিক স্বপন মিয়ার (২০) মৃত্যু হয়েছে।

    হোসেনপুর উপজেলায় নিহত শরীফুল ইসলাম শুভ (১৮) আড়াইবাড়িয়া গ্রামের কৃষক রহমত আলীর ছেলে। সে হোসেনপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

    নিহতের বাবা রহমত আলী এ বি এন একে জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে শুভ বাড়ি থেকে নিজ জমির ধান কাটা তদারকি করার জন্য চর বিশ্বনাথপুর এলাকায় পৌঁছুতেই বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে গুরুতর আহত হয়।

    পরে স্থানীয়রা তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

    অন্যদিকে বাজিতপুর উপজেলায় বজ্রপাতে স্বপন মিয়া (২০) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহেরনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপন মিয়া বাহেরনগর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে বলে জানা গেছে।

    দিলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া (নবেল) জানান, জমিতে ধান কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হয় স্বপন। স্থানীয়রা পরে বাজিতপুরে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বজ্রপাতে বান্টি ওরফে আকাশ নামে ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

    এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।আহতরা হলো- শাহজাহান (১৪), আসাবুর (১৪) ও শামীম (১০)। শামীমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে দুইজনকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

    নিহত বান্টি ওরফে আকাশ (৭) কিশোরগঞ্জ জেলার নিকলী সুজানগর গ্রামের মইনুদ্দিনের ছেলে। বান্টি তার মা সুজানা বেগমের সঙ্গে ফতুল্লা রেলস্টেশন এলাকায় আজিজ মিয়ার বাড়িতে ভাড়া থাকত। সুজানা বেগম ইট ভাঙ্গার কাজ করেন।

    সুজানা বেগম জানান, বিকেল সাড়ে ৩টায় রেলস্টেশন এলাকায় বাড়ির পাশে বান্টি প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলছিল। এসময় হঠাৎ বজ্রপাতে বান্টি ঘটনাস্থলেই মারা যায়।

    চাঁদপুর : চাঁদপুরের মেঘনা মোহনায় মালবাহী ট্রলারে বজ্রপাতে মো: নবীর হোসেন (২৫) নামে শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টায় মেঘনা নদীর মোহনা এলাকায় এই ঘটনা ঘটে।

    এ ঘটনায় আহত হয়েছেন ওসমান গনি (৫০) ও মো: রাকিব (২৪)।

    চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক বেলাল হোসেন জানান, তারা মালবাহী ট্রলার নিয়ে মেঘনার পশ্চিম পাড়ে যাচ্ছিল। হঠাৎ বজ্রপাতে ৩ শ্রমিক অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দুপুর আড়াইটায় নবীর হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

    গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলায় বজ্রপাতের ঘটনায় সিরাজুল ইসলাম সিরাজ (৫৪) ও রেজাউল করিম (৫০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

    সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে ও লক্ষ্মীপুর ইউনিয়নের খোর্দ্দমালীবাড়ি গ্রামে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, সিরাজুল ইসলাম বাড়ির পাশের জমিতে ধান কাটছিলেন। বৃষ্টির সঙ্গে আকাশে হঠাৎ বজ্রপাতের ঘটনায় তিনি মারা যান। অন্যদিকে মাঠে গরু চরাতে গিয়ে গিয়ে মারা গেছেন রেজাউল।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বজ্রপাতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    সুনামগঞ্জ : সুনামগঞ্জের জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামে বজ্রপাতে আমির উদ্দিন(২২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

    জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরসালিন জানান, বেলা সাড়ে ১১ টার দিকে আমির উদ্দিন বাড়ির পাশে মাঠ থেকে গরু ছড়াতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে আমির ঘটনাস্থলেই মারা যান।

  • ‘শিক্ষকরা নিজেকে এমনভাবে গড়ে তুলবে যেন সমাজ তাদের গ্রহণ করে’

    ‘শিক্ষকরা নিজেকে এমনভাবে গড়ে তুলবে যেন সমাজ তাদের গ্রহণ করে’

    এ বি এন এ : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষকদের নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন সমাজ তাদের গ্রহণ করে।’ তিনি বলেন, চরিত্র, জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় তাদেরকে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে রোল মডেল হতে হবে। তখন সমাজই তাদের সুযোগ, সুবিধার কথা বলবে।
    জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনার্স ও মাস্টার্স কোর্স পরিচালনাকারী কলেজসমূহের অধ্যক্ষদের সঙ্গে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক মত বিনিময় সভায় তিনি আজ এ কথা বলেন।
    বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আয়োজক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। এ দু’বিভাগের সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষবৃন্দ আলোচনায় অংশ নিয়ে তাদের ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন।
    শিক্ষার মানোন্নয়নে শিক্ষামন্ত্রী নিজেকে কর্মী বা যোগালি উল্লেখ করে বলেন, ‘আপনারা, শিক্ষকরাই হলেন শিক্ষার মূল নিয়ামক শক্তি। এর মানোন্নয়নে কি করণীয়, বিশেষ করে শিক্ষাদান পদ্ধতি, সাবজেক্ট বাছাই ইত্যাদিতে আপনাদের মতামতকেই প্রাধান্য দেয়া হবে।’
    তবে আমাদের দেশ দরিদ্র এবং শিক্ষায় বাজেটও সীমিত, শিক্ষকদের এ বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘তাই উচ্চ শিক্ষা গ্রহণের লক্ষ্যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অপ্রয়োজনীয় বিষয় খুলে রাখবেন না। যেসব বিষয়ের ডিমান্ড আছে, শুধু সেসব বিষয়ই চালু রাখবেন।’
    শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করা যাবে না, এমন হুশিয়ারি উচ্চরণ করে নাহিদ বলেন, ‘শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। ক্লাসেই সম্পূর্ণ সিলেবাস পড়াতে হবে। এর ব্যত্যয় হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি বলেন, ‘কোন শিক্ষার্থী যদি স্বেচ্ছায় পড়তে চায়, তাহলে সীমিত আকারে তাদের কলেজ ক্যাম্পাসে পড়াতে হবে, বাইরে নয়। এছাড়া প্রাক্টিক্যাল ক্লাস না করিয়ে, পরীক্ষা না নিয়ে নম্বর দেয়াও যাবে না।’ এমন অভিযোগ পাওয়া গেলে ওই শিক্ষক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
  • ছুটির দিনে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

    ছুটির দিনে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

    এ বি এন এ : স্বস্তির বৃষ্টিতে ভিজলো রাজধানী ঢাকা। দুপুরের ২৯ মিলিমিটার বৃষ্টিতে তাপমাত্রার পারদ নামার সঙ্গে সঙ্গে তীব্র সূর্য-তাপে পুড়তে থাকা রাজধানীর ইট-পাথর ও পথ-ঘাটও শীতল হয়ে উঠেছে। গরমে ওষ্ঠাগত প্রাণ ফিরে পেয়েছে স্বস্তি।
    আবহাওয়া অফিসের ডিউটি ফোরকাস্টিং অফিসার জানান, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরো দু’এক দিন হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। অথচ গত ৫ থেকে ১১ মে পর্যন্ত সাত দিনে ঢাকায় বৃষ্টি হয়েছিল মাত্র ১৩ মিলিমিটার।

    ঝোড়ো হওয়াসহ এই বৃষ্টি ঢাকা ছাড়াও সব জায়গাতেই হয়েছে। তবে ২৪ ঘণ্টায় একেবারেই বৃষ্টি হয়নি পুরো খুলনা বিভাগে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অবশ্য ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, সীতাকুণ্ড, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

  • ‘ওবামার মৃত্যু চেয়ে পোস্ট’

    ‘ওবামার মৃত্যু চেয়ে পোস্ট’

    এ বি এন এ : অ্যান্টনি সেনেকাল তার ফেসবুক পোস্টে লিখেছেন, “আমাদের সেনাবাহিনীর উচিত ছিল মিঃ ওবামাকে তুলে নিয়ে তাঁর প্রথম মেয়াদেই তাকে শত্রুর চর হিসাবে গুলি করে মারা।” খবর- এ বি এন এ।

    আমেরিকায় প্রেসিডেন্ট পদের জন্য রিপাব্লিকান প্রার্থীর মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বাসায় বাটলার বা প্রধান গৃহভৃত্য হিসাবে ৩০ বছর কাজ করেছিলেন মিঃ সেনেকাল। মিঃ ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সঙ্গে জড়িত কর্মীরা মিঃ সেনেকালের এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন।

    “তিনি এখন মিঃ ট্রাম্পের কর্মী নন- ২০০৯ সালের জুন মাসে তিনি মিঃ ট্রাম্পের কাজ ছেড়ে দেন,” ট্রাম্প প্রচারণা শিবিরের মুখপাত্র হোপ হিকস্ এক বিবৃতিতে জানিয়েছেন।

    মিঃ সেনেকালের এই পোস্টের খবর প্রথম প্রকাশ্যে আনে ‘মাদার জোন্স’ নামে এক পত্রিকা। তবে পরে মিঃ সেনেকাল বিভিন্ন সংবাদ সংস্থার কাছে স্বীকার করেন তিনি একথা লিখেছেন।

    বৃহস্পতিবার ৮৪ বছর বয়স্ক মিঃ সেনেকাল সিএনএন সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন মিঃ ওবামাকে হোয়াইট হাউসের বাইরে “ফাঁসিতে ঝোলানো উচিত,” এবং হোয়াইট হাউসকে তিনি উল্লেখ করেন “হোয়াইট মস্ক” বা “সাদা মসজিদ” বলে।

    নিউ ইয়র্ক টাইমস মার্চ মাসে মিঃ সেনেকালকে নিয়ে তাদের এক নিবন্ধে লিখেছিল ২০০৯ সালে অবসর নেবার পরেও তিনি মিঃ ট্রাম্পের ফ্লোরিডার বিশাল বাসভবন মার-আ-লাগো-তে বসবাস করতেন “অনানুষ্ঠানিক ঐতিহাসিক” হিসাবে।

    ওই নিবন্ধে আরও লেখা হয়েছে “মিঃ সেনেকাল জানেন মিঃ ট্রাম্পের ঘুমের সময় কখন, এবং কীভাবে রাঁধা স্টেক খেতে তিনি ভালবাসেন। তার বাসায় চুল স্টাইল করার সেলুন থাকলেও মিঃ ট্রাম্প কিন্তু বলতে পছন্দ করেন যে সবসময়ই নিজেই তিনি নিজের চুল স্টাইল করেন। ”

  • শক্তিশালী, উন্নত ও স্থিতিশীল বাংলাদেশকে চায় যুক্তরাষ্ট্র: বার্নিকাট

    শক্তিশালী, উন্নত ও স্থিতিশীল বাংলাদেশকে চায় যুক্তরাষ্ট্র: বার্নিকাট

    এ বি এন এ : যুক্তরাষ্ট্রের উন্নয়ন ও স্থিতিশীলতায় শক্তিশালী, উন্নত ও স্থিতিশীল বাংলাদেশকে প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের’ (আইবিএফবি) বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশের প্রবৃদ্ধির প্রশংসা করে এ মন্তব্য করেন তিনি।
    মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের আকর্ষণীয় প্রবৃদ্ধি হচ্ছে। যা এখানকার জীবনমান, শিক্ষার স্তর এবং জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটাচ্ছে। আমি প্রায়ই একটা কথা বলি, বাংলাদেশের এই সফল যাত্রায় যুক্তরাষ্ট্র শক্তিশালী সহযোগী- এজন্য আমি গর্বিত। আরো এমন অনেক কিছু রয়েছে, যা আমরা একত্রে করতে পারি- এটা না বলে এতটুকুতেই আমি কথা শেষ করে দিতে পারি না।’

    তিনি বলেন, ‘আমি এই বিষয়ে সুস্পষ্ট হতে চাই যে, যুক্তরাষ্ট্র তার উন্নয়ন ও স্থিতিশীলতার মধ্যে একটি শক্তিশালী, উন্নত, স্থিতিশীল বাংলাদেশকে চায়। কেউ যদি এ বিষয়ে সন্দেহ পোষণ করে, তাহলে আমি তার সঙ্গে এই পয়েন্টে যুক্তিতর্ক করতে চাই।’

  • জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জোরালো সমর্থন দেবে ভারত: জয়শঙ্কর

    জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জোরালো সমর্থন দেবে ভারত: জয়শঙ্কর

    এ বি এন এ : জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে জোরালো সমর্থন দেবে ভারত। পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠকে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র সচিব ড. এস জয়শঙ্কর একথা বলেন।
    দুই দিনের সফরে বুধবার বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব। দুই পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে নিজেদের মতামত ব্যক্ত করেন। জয়শঙ্কর সাম্প্রতিক সময়ে জঙ্গিদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে বলেন, মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে জোরালো সমর্থন দেবে।
    এছাড়া বৈঠকের সময়ে গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময়ে বিভিন্ন সিদ্ধান্ত ও চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।  দুই পক্ষেই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলা হয়, সীমান্ত চুক্তি বাস্তবায়ন, ত্রিপুরার পালনতলা থেকে বাংলাদেশের পূর্বাঞ্চলে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু সহ বিভিন্ন চুক্তি ও সিদ্ধান্ত বাস্তবায়নে দারুণ অগ্রগতি হয়েছে।
    এছাড়া সাম্প্রতিক দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থা, জ্বালানি, যোগাযোগ ও স্বাস্থ্যখাতে নেয়া বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে পর্যালোচনায় হয় দুই পররাষ্ট্র সচিবের বৈঠকে। বুধবার দুইদিনের সফরে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব। দুই বন্ধু প্রতিম দেশের নিয়মিত মিথস্ক্রিয়ার অংশ ছিল এই সফর।
  • শনিবার থেকে সপ্তাহব্যাপী পুলিশের বিশেষ অভিযান

    শনিবার থেকে সপ্তাহব্যাপী পুলিশের বিশেষ অভিযান

    এ বি এন এ : রাজধানীতে আগামী শনিবার (১৪ মে) থেকে সপ্তাহব্যাপী পুলিশের বিশেষ অভিযান শুরু হচ্ছে। আসন্ন পবিত্র শব-ই-বরাত ও মাহে রমজানে ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়।

    বিভিন্ন অপরাধ বিশেষত চুরি, দস্যুতা, ডাকাতি, মারামারি, শুটিং ইনসিডেন্ট, খুন, অজ্ঞান ও মলম পার্টির অপতৎপরতা ঠেকাতে এ বিশেষ অভিযান পরিচালিত হবে। মঙ্গলবার (১০ মে) ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।

    আদেশে বলা হয়, রমজান মাসে মার্কেটগুলোতে চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও ইভটিজিং এর মতো অপতৎপরতা ঠেকানোর জন্য এবার থাকছে পূর্ব পরিকল্পনা ও প্রতিরোধ মূলক কার্যক্রম। এ অভিযানে সব ধরনের তালিকাভুক্ত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী গ্রেফতার, মাদক বিরোধী অভিযান পরিচালনা, গ্রেফতারি পরোয়ানা তামিল, তদন্তাধীন মামলার আসামি গ্রেফতার, অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য কার্যকরভাবে নিয়ন্ত্রণসহ বিভিন্ন আবাসিক এলাকা, বস্তি, মেস ও আবাসিক হোটেল ব্লকরেইড কার্যক্রম পরিচালনা করা হবে।

    আগামী ১৪ থেকে ২০ মে পর্যন্ত পুলিশের এ বিশেষ অভিযান পরিচালিত হবে।

  • পর্দা উঠলো কান উৎসবের

    পর্দা উঠলো কান উৎসবের

    এ বি এন এ : ফ্রান্সের কানে শুরু হয়ে গেল তারকাদের মিলনমেলা। ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নিতে সেখানে জড়ো হয়েছে হয়ে বিভিন্ন দেশের রুপালি পর্দার তারকারা। বুধবার শুরু হওয়া এই জমকালো আয়োজন চলবে ২২ মে পর্যন্ত।
    উৎসবের উদ্বোধন করেন গত আসরের সেরা অভিনেতা ফরাসি তারকা ভিনসেন্ট লান্দন ও মার্কিন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন। এর পরপরই রসিকতা করে ছাতা মাথায় তাদের একপাশে নিয়ে যান উপস্থাপক ফরাসি কমেডিয়ান লঁরা লফে।
    এর আগে মঞ্চে হাজির হন এবারের প্রতিযোগিতা বিভাগের নয়জন বিচারক। মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন ডান্সট, ফরাসি পরিচালক ও লেখক আহনু ডিপলিশা, ইরানি নারী প্রযোজক কাতাইয়ু শাহাবি, ডেনমার্কের অভিনেতা ম্যাডস মিকেলসেন, ইতালিয়ান অভিনেত্রী, পরিচালক, লেখক ও প্রযোজক ভ্যালেরিয়া গোলিনো, হাঙ্গেরির পরিচালক ও লেখক লাসলো নেমেস, ফরাসি অভিনেত্রী-গায়িকা ভ্যানেসা প্যারাডিস, কানাডিয়ান অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড।
    এবারের আসরের প্রতিযোগিতাসহ বিভিন্ন বিভাগে নির্বাচিত বেশকিছু ছবির অংশবিশেষ দেখেও মুগ্ধ হন অতিথিরা। সবশেষে সদ্যপ্রয়াত সংগীতশিল্পী প্রিন্সের প্রতি সম্মান জানিয়ে তার বিখ্যাত গান ‘পার্পল রেইন’ পরিবেশন করেন কয়েকজন শিল্পী।