রমজানে বিদ্যুৎ সংকট এড়াতে গ্রাহকদের জন্য ৭ জরুরি নির্দেশনা দিল বিদ্যুৎ বিভাগ
গ্রীষ্ম ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সাশ্রয়ী ব্যবহারের আহ্বান, পিক আওয়ারে উচ্চ বিদ্যুৎ খরচের যন্ত্র বন্ধ রাখার পরামর্শ।


এবিএনএ: বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি ও বাড়তি চাহিদার কথা বিবেচনায় রেখে পবিত্র রমজান মাস, গ্রীষ্মকাল এবং সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে গ্রাহকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার লক্ষ্যে গ্রাহকদের জন্য সাতটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়। বিদ্যুৎ বিভাগের মতে, এসব নির্দেশনা মেনে চললে বিদ্যুতের অপচয় কমবে এবং সবার জন্য স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা সহজ হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেচ মৌসুমে কৃষি কার্যক্রম চালু রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সেচ পাম্প রাত ১১টা থেকে সকাল ৯টার মধ্যে চালু রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয় নিশ্চিত করতে ‘ওয়েট অ্যান্ড ড্রাই’ পদ্ধতিতে সেচ কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার পরামর্শ দিয়েছে বিভাগটি। একইসঙ্গে দোকানপাট, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখার কথা বলা হয়েছে।
নিরাপত্তার বিষয়েও সতর্ক করেছে বিদ্যুৎ বিভাগ। দুর্ঘটনা এড়াতে অবৈধ হুকিং বা অননুমোদিত বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ইজি বাইক, অটোরিকশা ও অন্যান্য ব্যাটারিচালিত যানবাহনে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে চার্জ দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
পাশাপাশি বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত পিক আওয়ারে এসি, ওয়েল্ডিং মেশিন, লন্ড্রি মেশিন, ওভেন বা মাইক্রোওভেন, হিটার, পানির পাম্প, ইস্ত্রি এবং বৈদ্যুতিক বিলবোর্ডসহ বেশি বিদ্যুৎ খরচ হয় এমন যন্ত্রপাতি ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।
বিদ্যুৎ বিভাগ মনে করছে, গ্রাহকেরা যদি এসব নির্দেশনা মেনে চলেন, তাহলে রমজান ও সেচ মৌসুমে সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা অনেক সহজ হবে।




