
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় রাজনৈতিক নেতাদের বক্তব্য এবং সীমান্ত পরিদর্শনের খবর প্রকাশের পর যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আন্তর্জাতিক চেকপোস্টসহ গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।
রোববার (২২ নভেম্বর) বিকেল থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এবং সংলগ্ন সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের বাড়তি তৎপরতা লক্ষ্য করা যায়। সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দেওয়ার পাশাপাশি সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।
এদিন বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বেনাপোল চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর মাসেদুল।
শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমে আলোচনা
সম্প্রতি ভারতের কয়েকজন রাজনৈতিক নেতা ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাঁর সম্ভাব্য দেশে ফেরার পথ পর্যালোচনায় আওয়ামী লীগের চার শীর্ষ নেতার পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পরিদর্শনের খবর প্রকাশিত হয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে।
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম প্রথম কলকাতা, জি ২৪ ঘণ্টা ও মুখপত্র পোস্টসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তথ্য উঠে আসে। এসব খবর প্রকাশের পর বেনাপোল সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, রোববার সকালে কলকাতা থেকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকায় যান আওয়ামী লীগের চার নেতা। তাঁরা হলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম।
তবে শেখ হাসিনা ঠিক কোন সীমান্তপথ দিয়ে বাংলাদেশে ফিরবেন, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্ভাব্য প্রবেশপথ হিসেবে পশ্চিমবঙ্গের বসিরহাট-সাতক্ষীরা সীমান্তের ঘোজাডাঙা, মালদহ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের মাহদীপুর-সোনামসজিদ এবং ত্রিপুরার কয়েকটি সীমান্ত চেকপোস্টের নামও আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন পথ পর্যালোচনা করেই সম্ভাব্য প্রবেশপথ নির্ধারণ করা হতে পারে।
পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও রাজনৈতিক নেতাদের বক্তব্য
অন্যদিকে, একই দিন ভারতের পেট্রাপোল সীমান্তে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে হিন্দু সুরক্ষা সমিতি এবং মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন।
রোববার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ভারতের কয়েকজন রাজনৈতিক নেতাও অংশ নেন। ভারতীয় সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ আরও কয়েকজন নেতা।
সমাবেশে স্বপন মজুমদার চিন্ময়কৃষ্ণ দাসের দীর্ঘদিনের কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে শেখ হাসিনাকে পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরার আহ্বান জানান তিনি।
পশ্চিমবঙ্গের মন্ত্রী অশোক কীর্তনীয়ার বক্তব্যেও শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠে আসে। তাঁর বক্তব্যে বাংলাদেশের জনগণের সুরক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।
নিরাপত্তায় বাড়তি নজরদারি বিজিবির
পেট্রাপোল সীমান্তে রাজনৈতিক সমাবেশ এবং শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান ঘিরে সৃষ্ট আলোচনার মধ্যে বেনাপোল সীমান্তে বিজিবির তৎপরতা আরও দৃশ্যমান হয়। দুপুর ২টার দিকে ভারতের পেট্রাপোলে সমাবেশ শেষ হওয়ার পর বাংলাদেশের অংশে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়।
বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের প্রধান ফটকসহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল দলকে সতর্ক অবস্থানে দেখা যায়।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর মাসেদুল জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধভাবে যাতে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে, সে লক্ষ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারির পাশাপাশি টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। বেনাপোল চেকপোস্টের প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন।
সীমান্তের সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং অবৈধ যাতায়াত প্রতিরোধে বিজিবির এই বাড়তি সতর্কতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


