জেলার খবরবাংলাদেশ

পাবনায় আ. লীগ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র বেড়া, নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া দুই পক্ষের সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে উপজেলার বৃশালিখা ও সওদাগরপাড়া এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলেও পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃশালিখা এলাকার আওয়ামী লীগ-সমর্থকদের সঙ্গে সওদাগরপাড়া এলাকার বিএনপি-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। দুপুরে শুরু হওয়া সংঘাত সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও তীব্র আকার ধারণ করে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।

এর আগে গত বৃহস্পতিবার বেড়া থানা এলাকায় আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর দুর্বৃত্তরা সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে আগুন দেয় বলে জানা গেছে। একই সময় দুই দলের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

এসব ঘটনার পর থেকেই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের লোকজন। এতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের পর থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও প্রথমদিকে উত্তেজনা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। সংঘর্ষের কারণে আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচলও ব্যাহত হয়।

পাবনার পুলিশ সুপার আবু আশরাফ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button