জাতীয়লিড নিউজ

কপ-৩১ সম্মেলনে তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক: তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উদ্বোধনী আয়োজনের আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১১ নভেম্বর) সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন তিনি। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়।

তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানও একাধিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ। এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও তাঁর কথা হয়।

কপ-৩১ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি এবং এ বিষয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।

সম্মেলনের অবকাশে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ সফরেও তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button