Tag: জলবায়ু পরিবর্তন

  • অবহেলা আর প্রকৃতির আঘাতে বিলীন হওয়ার পথে সুন্দরবনের কটকা পর্যটন কেন্দ্র

    অবহেলা আর প্রকৃতির আঘাতে বিলীন হওয়ার পথে সুন্দরবনের কটকা পর্যটন কেন্দ্র

    মোঃ শাহাদাত হোসাইন, এবিএনএ,শরণখোলা (বাগেরহাট): সাগরে ভাঙছে সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র কটকা। সাগরে বিলীন হয়ে গেছে বনরক্ষীদের ব্যারাক, চলাচলের রাস্তা, পুকুর, রেস্ট হাউসসহ বেশ কয়েকটি পাকা স্থাপনা ও গাছপালা। অপরদিকে, জৌলুস হারাচ্ছে কটকার আরেকটি পর্যটন স্পট জামতলা সী-বীচ।

    সরেজমিনে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা পর্যটন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ক্রমান্বয়ে বঙ্গোপসাগরের ভাঙনে কটকার বনভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত দুই বছরে কটকা অভয়ারণ্য পর্যটন কেন্দ্রের বেশ কয়েকটি পাকা স্থাপনা, রাস্তা ও গাছপালা সাগরে বিলীন হয়ে গেছে।

    সুন্দরবন পূর্ব বন বিভাগের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মতিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সাগরের ভাঙনের কবলে রয়েছে কটকা বনাঞ্চল। প্রতিনিয়ত বনভূমি ও গাছপালা সাগরে বিলীন হচ্ছে। ভাঙনের কারণে গত দুই বছরে কটকার বনরক্ষীদের দুটি ব্যারাক, একটি রেস্ট হাউস ভবন, চলাচলের রাস্তা, একটি পুকুর এবং বিপুল পরিমাণ গাছপালা সাগরে তলিয়ে গেছে। কয়েকবার স্টাফ ব্যারাক স্থানান্তর করতে হয়েছে। বর্তমানে সাগর খুব কাছাকাছি চলে এসেছে। আগামী বর্ষা মৌসুমে বিদ্যমান ব্যারাক, অফিস ও রেস্ট হাউস সাগরে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। ভাঙন রোধে কংক্রিট ব্লক ফেলা প্রয়োজন বলে তিনি জানান।

    অপরদিকে, সুন্দরবনে ভ্রমণকারীদের কাছে আকর্ষণীয় স্পট কটকার জামতলা সী-বীচ তার জৌলুস হারাতে বসেছে। সী-বীচে এখন তেমন বালু নেই; বীচটি অনেকটাই কর্দমাক্ত হয়ে পড়েছে। প্রাকৃতিক কারণে বীচের বালু জোয়ারের পানিতে সুন্দরবনের ভেতরে সরে গেছে। জামতলা সী-বীচে ঘুরতে আসা পঞ্চগড় জেলার পর্যটক মোজাম্মেল হোসেন বলেন, জামতলা সী-বীচের রূপ ও জৌলুস অনেকটাই হারিয়ে গেছে। বর্তমানে এখানে সী-বীচের আগের সৌন্দর্য নেই। কর্দমাক্ত বীচে হাঁটাচলা করা কষ্টকর বলে জানান তিনি।

    সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, গত কয়েক বছর ধরে বঙ্গোপসাগরের ভাঙনের কবলে পড়েছে কটকাসহ সুন্দরবনের বিভিন্ন বনাঞ্চল। কটকায় বেশ কয়েকটি পাকা স্থাপনা ও পুকুর সাগরে বিলীন হয়েছে। ভাঙন প্রতিরোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহায়তা চাওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে প্রস্তাবনা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

  • খরা কাটাতে তেলের বিনিময়ে পানি কিনছে ইরাক, দজলা–ফোরাত সংকটে নতুন চুক্তি

    খরা কাটাতে তেলের বিনিময়ে পানি কিনছে ইরাক, দজলা–ফোরাত সংকটে নতুন চুক্তি

    এবিএনএ: দজলা ও ফোরাত—এই দুই ঐতিহাসিক নদীর দেশ ইরাক বর্তমানে নজিরবিহীন পানি সংকটে পড়েছে। উজানে বাঁধ নির্মাণ, কম বৃষ্টিপাত ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীগুলোর পানিপ্রবাহ মারাত্মকভাবে কমে গেছে। পরিস্থিতি সামাল দিতে তুরস্কের সঙ্গে ‘তেলের বিনিময়ে পানি’ সহযোগিতা চুক্তিতে গেছে ইরাক।

    আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৯৩৩ সালের পর এবারই সবচেয়ে ভয়াবহ শুষ্ক সময় পার করছে দেশটি। দজলা ও ফোরাত নদীর পানির স্তর আগের বছরের তুলনায় প্রায় এক-চতুর্থাংশ কমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, তুরস্ক ও সিরিয়ার উজানে নির্মিত বাঁধ, যুদ্ধের ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং দীর্ঘদিনের প্রশাসনিক দুর্বলতা সংকটকে আরও গভীর করেছে।

    ইরাকের প্রায় সাড়ে চার কোটি মানুষের জীবনযাত্রা ও কৃষি খাত ব্যাপকভাবে পানির ওপর নির্ভরশীল। অথচ দেশের মোট পানির ৮০ শতাংশের বেশি কৃষিতে ব্যবহৃত হলেও সরবরাহ ক্রমেই কমছে। সাম্প্রতিক বৃষ্টিতে কিছু এলাকায় স্বস্তি মিললেও বড় বাঁধগুলোর পানির ঘাটতি পূরণ হয়নি।

    গত নভেম্বরে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, তুর্কি প্রতিষ্ঠানগুলো ইরাকে পানি শোধন ও সংরক্ষণের নতুন অবকাঠামো নির্মাণ করবে। এর বিপরীতে ইরাক প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ অপরিশোধিত তেল বিক্রি করে সেই অর্থে প্রকল্পের ব্যয় পরিশোধ করবে। সরকার এটিকে পানি নিরাপত্তা নিশ্চিত করার কৌশল হিসেবে দেখলেও নীতিনির্ধারক মহলে বিতর্ক তৈরি হয়েছে।

    বিশেষজ্ঞদের একাংশের মতে, পানি মৌলিক মানবাধিকার—একে তেলের মতো বাণিজ্যিক পণ্যের সঙ্গে যুক্ত করা ভবিষ্যতে আরও জটিলতা সৃষ্টি করতে পারে।

    এদিকে পানি সংকট ইতোমধ্যেই সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করেছে। জাতিসংঘের হিসাবে, খরা ও পরিবেশগত দুর্যোগে দেড় লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পানির অভাবে বহু কৃষক পেশা বদল করতে বাধ্য হচ্ছেন। কেউ দোকানে কাজ করছেন, কেউ ট্যাক্সি চালাচ্ছেন। তবু অনেকের আশা, এই চুক্তি হয়তো আবার মাঠে পানি ফেরাবে।

  • প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সমন্বিত পদক্ষেপ জরুরি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সমন্বিত পদক্ষেপ জরুরি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    এবিএনএ: দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, উৎপাদন থেকে বিপণন—সব পর্যায়েই প্রাণিসম্পদের নীরব সাফল্য জাতীয় উন্নয়নের একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। তবে জলবায়ু পরিবর্তন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, প্রাণিজ খাদ্যের অপ্রতুলতা এবং প্রাণী ও মানুষের মধ্যে সংক্রমণযোগ্য রোগ নিয়ন্ত্রণ করা এখন বড় চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

    বুধবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫” -এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

    তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বল্প পুঁজিতে কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, বাণিজ্যিক খামার গড়ে ওঠা ও রপ্তানিতে বৈদেশিক মুদ্রা অর্জনে প্রাণিসম্পদ খাত এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর। ডিম, দুধ ও মাংস উৎপাদনের বৃদ্ধির ফলে প্রাণিজ আমিষের চাহিদা পূরণে দেশ এখন অনেকটাই স্বনির্ভর।

    মুহাম্মদ ইউনূস আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সরকার প্রাণিসম্পদ খাতের এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আধুনিক প্রযুক্তি ও দেশীয় জাতের পশু সংরক্ষণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির দিকেও জোর দেওয়া হচ্ছে, যা দেশের সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, দুধ ও মাংসের দাম বাড়লে নানা আলোচনা হয়, কিন্তু যেসব প্রান্তিক খামারিরা এই পণ্য উৎপাদনে নিরলস পরিশ্রম করেন, তাদের গল্প খুব কমই সামনে আসে। বিদেশ থেকে আমদানি না করে স্থানীয় খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করলে অর্থনীতি লাভবান হবে।

    তিনি আরও বলেন, খামারের খাদ্য ব্যবস্থাপনায় সতর্কতা জরুরি, যেন পশুর খাদ্য মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি না তৈরি করে। প্রাণীদের জন্য হতে হবে দায়িত্বশীল ও মানবিক।

    পরিকল্পনা উপদেষ্টা জানান, বর্তমানে দেশে নিবন্ধিত ৮৫ হাজারেরও বেশি বাণিজ্যিক খামার রয়েছে এবং প্রান্তিক পর্যায়ে পোল্ট্রি খামারের সংখ্যা প্রায় ১ লাখ ৯১ হাজার। প্রতিদিন প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদনের মাধ্যমে দেশীয় উদ্যোক্তারা জাতীয় অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন।

    মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “প্রাণীর সঙ্গে নিষ্ঠুর আচরণ গ্রহণযোগ্য নয়। দেশীয় জাত সুরক্ষা, খাদ্য নিরাপত্তা ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে হবে।”

    তিনি জানান, এ বছর জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো বৃহৎ আকারে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি।”

    তিনি আরও বলেন, “দেশীয় জাতের গবাদিপশু স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খায়, রোগপ্রবণতা কম এবং উৎপাদন খরচও কম। জলবায়ু পরিবর্তনের সময়ে এ জাতগুলোর টিকে থাকার সম্ভাবনা বেশি।”

    পবিত্র রমজানে নিম্নআয়ের জনগণের কাছে স্বল্পমূল্যে প্রাণিজ আমিষ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন ফরিদা আখতার।

  • তরুণদের সচেতনতার ডাক: পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফেরার পথে নয় বাংলাদেশ – পররাষ্ট্র উপদেষ্টা

    তরুণদের সচেতনতার ডাক: পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফেরার পথে নয় বাংলাদেশ – পররাষ্ট্র উপদেষ্টা

    এবিএনএ:  “আমরা আর পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না।” — এমন দৃঢ় বক্তব্য দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের তরুণ প্রজন্ম এই বিষয়টিকে রাজনৈতিকভাবে উপলব্ধি করবে এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন রাজনৈতিক সংস্কৃতিকে এগিয়ে নেবে।

    শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী অধ্যাপক মাজলি বিন মালিক মন্তব্য করেন, গণঅভ্যুত্থানের ফলে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, “সরকার এখন সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে সংলাপ করছে—এটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।”

    এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার-এর প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ ভারদারাজান বলেন, বাংলাদেশ তার ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে নতুন করে ভাবছে এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।

    নেপালের সাবেক মন্ত্রী ড. দীপক গাওয়ালি জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বুনছে, তাদের অবশ্যই বৈশ্বিক জলবায়ু সংকটকে গুরুত্ব সহকারে নিতে হবে।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান
    দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)

  • নিম্নচাপের তাণ্ডবে প্লাবিত সুন্দরবন ও মোংলার নিচু এলাকা

    নিম্নচাপের তাণ্ডবে প্লাবিত সুন্দরবন ও মোংলার নিচু এলাকা

    এবিএনএ,বাগেরহাট:

    সাম্প্রতিক নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকা ও সুন্দরবনে জোয়ারের পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে সুন্দরবনের দুবলা চরের বিভিন্ন স্থানে স্বাভাবিক জোয়ারের তুলনায় প্রায় তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে করমজল এলাকাতেও দেখা গেছে প্রায় আড়াই ফুট জোয়ার। এতে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে তলিয়ে যায়।

    তবে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পানি বৃদ্ধির ফলে সুন্দরবনের জীববৈচিত্র্যের বড় কোনো ক্ষতি হবে না। কারণ জোয়ার শেষে পানি দ্রুতই নামতে শুরু করে এবং বন্যপ্রাণীরা বনাঞ্চলের উঁচু স্থানে নিরাপদ আশ্রয় গ্রহণ করে।

    দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান জানান, আগের দিন থেকেই উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত শুরু হয়, যা বৃহস্পতিবার জোয়ারের সময় পানির উচ্চতা বাড়িয়ে দেয়। সুন্দরবনের জেলেরা নিরাপদ স্থানে আছেন বলেও তিনি আশ্বস্ত করেন।

    করমজল বন্যপ্রাণী ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, করমজলের হাঁটার পথসহ কিছু গুরুত্বপূর্ণ জায়গা পানির নিচে তলিয়ে গেছে। তবে বন্যপ্রাণীরা যাতে নিরাপদে থাকে, সেজন্য বন বিভাগের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। জঙ্গলের ভেতরে বিভিন্ন উঁচু জায়গায় বন্যপ্রাণীদের জন্য আশ্রয়ের ব্যবস্থা রয়েছে।

    মোংলার পশুর ও মোংলা নদীর পাড়ঘেঁষা জয়মনি, চিলা, কলাতলা ও বুড়িরডাঙ্গা এলাকার নিচু এলাকাও প্রবল জোয়ারে তলিয়ে গেছে। এতে সাময়িক দুর্ভোগের সৃষ্টি হলেও স্থায়ী ক্ষতির সম্ভাবনা কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

    বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কুমার স্বস্তিক জানান, নিম্নচাপের কারণে পশুর নদীতে পানি স্বাভাবিকের তুলনায় প্রায় দুই ফুট বেড়েছে। কিছু কিছু জায়গায় তা তিন ফুট পর্যন্ত পৌঁছেছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের পরিস্থিতি এখন প্রায়ই দেখা যাচ্ছে।