রিজভীর জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেই

এবিএনএ : নাশকতার অভিযোগে দণ্ডবিধিতে হওয়া এক মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত হয়নি। রমনা থানার ওই মামলায় তাঁর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নো অর্ডার’ দেন।

ফলে সব শেষ ওই মামলায় রিজভীকে দেওয়া জামিন বহাল থাকছে এবং তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সগির হোসেন।

এর আগে ১৩ অক্টোবর ওই মামলায় হাইকোর্ট রিজভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রিজভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। সঙ্গে ছিলেন সগির হোসেন।

এর আগে নাশকতার অভিযোগে পৃথক পাঁচ মামলায় ৭ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন পান রিজভী। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে গেলে আদালত ‘নো অর্ডার’ দেন। ফলে সব কটি মামলায় তাঁর জামিন বহাল থাকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *