বাহুবলে ইমাম পরিবর্তন নিয়ে সংঘর্ষে নিহত ২

এবিএনএ : হবিগঞ্জ জেলার বাহুবলে মসজিদ কমিটি ও ইমাম পরিবর্তনের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। শনিবার ভোর রাতে উপজেলার সাতকাপন ইউনিয়নের মুগকান্দি জামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুগকান্দি গ্রামের সাবু মিয়ার ছেলে কবির আখনঞ্জী (৪৫) ও একই গ্রামের মতিন মিয়া (৫০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সাতকাপন ইউনিয়নের মুগকান্দি জামে মসজিদের কমিটি গঠন ও ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে দু’পক্ষে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার জুম্মার নামাজে সাতকাপন ইউপি চেয়ারম্যান মুগকান্দি গ্রামের আবদাল মিয়া আখনঞ্জী গ্রুপের সোহেল মিয়ার সঙ্গে একই গ্রামের শফিক মাস্টারের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে বাদ জুম্মা উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত হয়।
শনিবার ভোরেও তারা ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।  সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়। আহতদের উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি রাসেলুর রহমান জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *