ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিন–দূত বৈঠকে ট্রাম্পের বিশেষ প্রতিনিধি, বাড়ছে কূটনৈতিক তৎপরতা
ক্রেমলিনে পুতিন–উইটকফ বৈঠকের সম্ভাবনা; শান্তি প্রস্তাব নিয়ে নতুন আলোচনা, কৌশলগত সমীকরণে চাপে ইউক্রেন


এবিএনএ: ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের উদ্যোগ নতুন গতি পাচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। আলোচনার টেবিলে থাকবে যুদ্ধ থামাতে হোয়াইট হাউস প্রস্তুত করা শান্তি পরিকল্পনা।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন যে বৈঠকটি স্থানীয় সময় দুপুরের পর অনুষ্ঠিত হতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আলোচনায় ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনারও যোগ দিতে পারেন। ইউক্রেন সংশ্লিষ্ট শান্তি পরিকল্পনার খসড়া তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই দিনের এক সম্মেলনে ইউক্রেন ও মার্কিন কর্মকর্তারা শান্তি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কিছু বিষয়ে মতবিরোধ থাকলেও ট্রাম্প প্রশাসন পরিকল্পনাটিকে কার্যকর বলে মনে করছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটও বলেছেন, “আমরা বেশ আশাবাদী।”
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় মিত্রদের আস্থা ধরে রাখতে ব্যস্ত। ইউরোপীয় দেশগুলো শঙ্কা প্রকাশ করেছে—মার্কিন খসড়া পরিকল্পনা ইউক্রেন ও ইউরোপের মতামত উপেক্ষা করে হয়ে উঠতে পারে মস্কোর দাবির প্রতিফলন।
ইউক্রেনের আলোচক রুস্তেম উমেরভ জানিয়েছেন, ফ্লোরিডার বৈঠকে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে, যদিও বেশ কিছু জটিল বিষয় রয়ে গেছে যেগুলোর ওপর আরও কাজ করা প্রয়োজন। ফ্রান্সে প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি বর্তমানে আয়ারল্যান্ডে অবস্থান করছেন, সেখানেই উমেরভের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতির ব্রিফিং নেবেন তিনি।
এদিকে আইএসডব্লিউ-এর সর্বশেষ তথ্য বিশ্লেষণে দেখা গেছে, রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের সাড়ে তিন বছরের বেশি সময় পর ২০২৪ সালের নভেম্বরের পর গত মাসেই রুশ বাহিনী ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বড় অগ্রগতি অর্জন করেছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় বৈঠকটিকে আন্তর্জাতিক মহল অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে।




