জাপানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আমির খসরুর গুরুত্বপূর্ণ বৈঠক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও জাপানের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে দেশ দুটির অর্থমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা এবং দেশটির সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসি অংশ নেন।
শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, বিকল্প অর্থায়নের সুযোগ তৈরি এবং বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতার ঐতিহ্য তুলে ধরা হয়। পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে নতুন সম্ভাবনা ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্টরা।
আলোচনায় বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) পাশাপাশি বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিদ্যমান সম্পর্ককে আরও গতিশীল করতে নতুন নতুন খাতে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
এ সময় বাংলাদেশের অর্থমন্ত্রী জাপানের অর্থমন্ত্রীর কাছে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে দেশের রপ্তানি খাতের বহুমুখিকরণে সহযোগিতা কামনা করেন তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং বাংলাদেশ ও জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম প্রধান দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী জাপান। দেশটির অর্থায়নে বর্তমানে বাংলাদেশে ৮০টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট, যমুনা রেলসেতু এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো উদ্যোগ।




