Tag: রাজনীতি

  • রাষ্ট্রীয় শোকের দিনে ঢাকায় নিষিদ্ধ সব আনন্দ আয়োজন, ডিএমপির কড়া নির্দেশনা

    রাষ্ট্রীয় শোকের দিনে ঢাকায় নিষিদ্ধ সব আনন্দ আয়োজন, ডিএমপির কড়া নির্দেশনা

    এবিএনএ: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ সময় ঢাকা মহানগর এলাকায় জনশৃঙ্খলা ও শোকের পরিবেশ বজায় রাখতে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, শোক পালনকালীন সময়ে মহানগরজুড়ে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি কিংবা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। একই সঙ্গে আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

    এছাড়া উচ্চ শব্দে যানবাহনের হর্ন বাজানোসহ জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে—এমন যেকোনো কার্যক্রম থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব নির্দেশনা জারি করা হয়।

    ডিএমপি কমিশনার নগরবাসীর প্রতি এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রীয় শোক যথাযথভাবে পালনে সবার সহযোগিতা প্রয়োজন।

    এর আগে মঙ্গলবার ভোর ৬টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

  • বাগেরহাট ৪ আসনে জামায়াত বিএনপিসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

    বাগেরহাট ৪ আসনে জামায়াত বিএনপিসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

    এবিএনএ,শরণখোলা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, (৯৮ সংসদীয় আসন মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে মনোনয়ন পত্র দাখিলের নির্ধারিত সময়ে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ৪ আসনের প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সোমনাথ দে বাগেরহাট জেলা প্রশাসক জেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিল করেন।

    জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, বাগেরহাট জেলা বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন, জাতীয় সমাজতান্ত্রীক দল (জেএসডি) এর মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাগেরহাট জেলা উপদেষ্টা মোঃ ওমর ফারুক নূরী ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাজন কুমার মিস্ত্রী মনোনয়ন পত্র দাখিল করেন।

    এ সময় বিএনপি মনোনীত প্রার্থী সোমনাথ দের সাথে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি নেতা খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপি নেতা আব্দুল মজিদ জববার, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সহ-সভাপতি এফ এম শামীম আহসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মেহেদী হাসান, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসমলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

  • খালেদা জিয়ার আরোগ্য কামনায় সারাদেশের মসজিদে দোয়া

    খালেদা জিয়ার আরোগ্য কামনায় সারাদেশের মসজিদে দোয়া

    এবিএনএ: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সপরিবারে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সারাদেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

    বিএনপির উদ্যোগে শুক্রবার জুমার নামাজ শেষে এই দোয়া অনুষ্ঠিত হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মুসল্লিরাও অংশ নেন।

    এর আগে দলের পক্ষ থেকে এই দোয়া কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের মসজিদভিত্তিক দোয়ায় শরিক হওয়ার নির্দেশনা দেওয়া হয়।

    দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। শুক্রবার জুমার নামাজের পর তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে তার।

    বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করেই এই দোয়া কর্মসূচি পালন করা হয়েছে।

    এদিকে, শনিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর তিনি ভোটার নিবন্ধন কার্যক্রমে অংশ নেবেন এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়ার সূচি রয়েছে।

  • বারবার শান্তির বার্তা তারেক রহমানের: নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় গণসংবর্ধনা মঞ্চে

    বারবার শান্তির বার্তা তারেক রহমানের: নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় গণসংবর্ধনা মঞ্চে

    এবিএনএ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্থিতিশীলতা ও শান্তিই মানুষের প্রধান আকাঙ্ক্ষা। জনগণের দোয়ায় প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পারায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তরুণ প্রজন্মই ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নেবে।

    বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচল এলাকায় ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি পরপর তিনবার বলেন, “আমরা দেশের শান্তি চাই।” তারেক রহমানের ভাষায়, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে একজন মা নিশ্চিন্তে সন্তানের নিরাপত্তা নিয়ে স্বপ্ন দেখতে পারেন।

    তিনি আরও বলেন, যে দেশে মানুষ নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ঘরে ফিরতে পারে—সেই বাংলাদেশই আমাদের লক্ষ্য। ১৯৭১ সালে যেমন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল, ঠিক তেমনি ২০২৪ সালেও জনগণ সম্মিলিতভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে বলে মন্তব্য করেন তিনি।

    তারেক রহমান বলেন, আজ দেশের মানুষ আবার কথা বলার স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। শক্তিশালী গণতন্ত্র এবং মজবুত অর্থনৈতিক কাঠামোর ওপর ভিত্তি করেই আগামীর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

    এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনার মঞ্চে পৌঁছালে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্লোগানে মুখর হয়ে ওঠে ৩০০ ফিট সড়ক ও আশপাশের এলাকা। হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত জনতার ভালোবাসার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে সংবর্ধনাস্থল পর্যন্ত তার গাড়িবহরকে ঘিরে দেখা যায় বিপুল জনসমাগম ও উৎসবমুখর পরিবেশ।

  • সংবর্ধনায় চমকপ্রদ সিদ্ধান্ত: মঞ্চে থাকছেন একমাত্র তারেক রহমান

    সংবর্ধনায় চমকপ্রদ সিদ্ধান্ত: মঞ্চে থাকছেন একমাত্র তারেক রহমান

    এবিএনএ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না—এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

    বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনসাধারণের ভোগান্তি হয়—এমন কোনো কর্মসূচিতে তারেক রহমান কখনোই সমর্থন দেন না। সে কারণেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত না হওয়ার জন্য আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল।

    সালাহউদ্দিন আহমেদ জানান, তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে দেশে সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছে। তবে বাস্তব পরিস্থিতির কারণে শতভাগ বাস্তবায়ন সম্ভব হয়নি বলেও স্বীকার করেন তিনি।

    তিনি আরও বলেন, দেশে ফেরার পর তারেক রহমান প্রথমেই হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চান। এরপর তিনি তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন। এসব বিবেচনায় রেখেই টানা তিন দিনের সরকারি ছুটির মধ্যে তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

    রাজধানীতে বড় কোনো সমাবেশ না করার সিদ্ধান্তের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করেই সোহরাওয়ার্দী উদ্যান কিংবা মানিকমিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখা হয়নি।

    তার পরিবর্তে রাজধানীর এক পাশে অবস্থিত প্রশস্ত তিনশ ফুট মহাসড়কের সার্ভিস লেনের এক পাশে সংক্ষিপ্ত পরিসরে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া এবং দেশের সার্বিক কল্যাণের বার্তা দেবেন তারেক রহমান।

    সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানানো হয়, এই সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া অন্য কোনো বক্তা থাকবেন না।

  • সিঙ্গাপুরে জীবন-মৃত্যুর লড়াইয়ে শরিফ ওসমান হাদি, অবস্থা চরম সংকটাপন্ন

    সিঙ্গাপুরে জীবন-মৃত্যুর লড়াইয়ে শরিফ ওসমান হাদি, অবস্থা চরম সংকটাপন্ন

    এবিএনএ: ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসাধীন অবস্থায় তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

    বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদিকে দেখতে যান।

    রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় তিনি হাদির চিকিৎসা কার্যক্রম ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং জানান, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

    প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার অনুরোধ জানিয়েছেন।

    এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুই যুবক শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি অস্ত্রোপচার করা হয়।

    পরবর্তীতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

  • ধর্মের আড়ালে সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে জামায়াত—কঠোর সমালোচনায় এনসিপি

    ধর্মের আড়ালে সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে জামায়াত—কঠোর সমালোচনায় এনসিপি

    এবিএনএ: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, জামায়াত ইসলামী ধর্মীয় আবেগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে দেশে সহিংসতা, বিভাজন ও ঘৃণার পরিবেশ তৈরি করছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে দলটি জানায়, সাম্প্রতিক পরিস্থিতিকে ঘিরে জামায়াতের ভূমিকা উদ্বেগজনক এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

    বিবৃতিটি পাঠান এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। এতে বলা হয়, ৬ ডিসেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের (এনপিএ) উদ্বোধনী অনুষ্ঠানে সদস্যসচিব আখতার হোসেন সাম্প্রতিক সহিংস ঘটনার যে প্রমাণ-ভিত্তিক বক্তব্য দেন, তা সম্পূর্ণ তথ্যসম্মত।

    এনসিপি দাবি করে, পাবনার ঈশ্বরদীতে ২৭ নভেম্বর নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের সময় গুলি চালানো তুষার মণ্ডলের পরিচয় জেলা গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে—তিনি জামায়াতের কর্মী। তাকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তারও করা হয়েছে। এতদসত্ত্বেও এই ঘটনার সত্যতা অস্বীকার করা ‘দায় এড়ানোর চেষ্টা’ বলে মন্তব্য করে এনসিপি।

    দলটি আরও জানায়, ৫ আগস্টের পর থেকে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার সুযোগ থাকলেও জামায়াত সেই পথ অনুসরণ না করে পুরোনো সহিংসতাকেন্দ্রিক রাজনীতিতে ফিরে যেতে চাইছে। নতুন রূপে ‘সহিংস খেলায়’ অংশ নিতে চাইছে—যা দেশের স্থিতিশীলতার জন্য অশুভ সংকেত।

    বিবৃতিতে বলা হয়, ধর্মের অপব্যবহার, অস্ত্রনির্ভর রাজনীতি ও সংঘাত সৃষ্টি—এসবই গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে শান্তি, নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতি বজায় রাখতে সব দলের দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত বলে মন্তব্য করে এনসিপি। পাশাপাশি তারা জামায়াতকে সত্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানায়।

    এর আগে গত শনিবার এক অনুষ্ঠানে আখতার হোসেন বলেন—নির্বাচনের তপশিল ঘোষণার আগেই বিএনপি-জামায়াত জোটের মতো কিছু দল অস্ত্রের মহড়ায় প্রতিযোগিতায় নেমেছে। রোববার এক প্রতিক্রিয়া বিবৃতিতে জামায়াত এ মন্তব্যকে ‘মনগড়া, অসত্য ও উদ্দেশ্যমূলক’ বলে দাবি করে এবং আখতার হোসেনকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানায়।

  • আরও ৩৬ আসনে বিএনপির নতুন প্রার্থী তালিকা প্রকাশ—নির্বাচন ঘিরে দলীয় প্রস্তুতিতে গতি

    আরও ৩৬ আসনে বিএনপির নতুন প্রার্থী তালিকা প্রকাশ—নির্বাচন ঘিরে দলীয় প্রস্তুতিতে গতি

    এবিএনএ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের মনোনয়ন প্রক্রিয়ায় আরও গতি এনেছে। প্রথম দফায় ২৩৭ আসনের প্রার্থীদের নাম প্রকাশের পর এবার দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি।

    বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন প্রার্থী তালিকা তুলে ধরেন।

    ঘোষণা অনুযায়ী, ঠাকুরগাঁও-২ আসনে ডা. আব্দুস সালাম, দিনাজপুর-৫ এ এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ এ জাহিদুল ইসলাম ধলু এবং নাটোর-৩ আসনে আনোয়ারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির হয়ে।

    সিরাজগঞ্জ-১ এ সেলিম রেজা, যশোর-৫ এ এম ইকবাল হোসেন, নড়াইল-২ এ মনিরুল ইসলাম, খুলনা-১ এ আমির এজাজ খান, পটুয়াখালী আসনে মোহাম্মদ শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ এ জয়নাল আবেদীন ও ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল মনোনয়ন পেয়েছেন।

    টাঙ্গাইল-৫ এ সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ এ আবু ওহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ এ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ এ শেখ মুজিবুর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ এ এস এ জিন্নাহ কবির এবং মুন্সিগঞ্জ-৩ এ মো. কামরুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    ঢাকা বিভাগের বিভিন্ন আসনে মনোনীত হয়েছেন—ঢাকা-৭ এ হামিদুর রহমান, ঢাকা-৯ এ হাবিরুর রশিদ, ঢাকা-১০ এ শেখ রবিউল আলম এবং ঢাকা-১৮ এ এম এম জাহাঙ্গীর হোসেন।

    গাজীপুর-১ এ মজিবুর রহমান, রাজবাড়ী-২ এ হারুন অর রশিদ, ফরিদপুর-১ এ খন্দকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ এ নাদিরা আক্তার এবং মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান প্রতিদ্বন্দ্বিতার মাঠে নামবেন।

    এ ছাড়া সুনামগঞ্জ-২ এ নাসির হোসেন চৌধুরী এবং সুনামগঞ্জ-৪ এ নুরুল ইসলামকে প্রার্থী করা হয়েছে।

    দ্বিতীয় পর্যায়ের এই তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন কার্যক্রম আরও একধাপ এগিয়ে গেল।

    তালিকা দেখতে ক্লিক করুন…

    https://www.facebook.com/bnpbd.org/posts/1427358545419737?ref=embed_post

  • বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    এবিএনএ: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত।

    শুক্রবার প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে জানান, ড. ইউনূস নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এবং চিকিৎসার সকল অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

    ড. ইউনূস দেশবাসীর উদ্দেশে বলেন, “খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সবাই দোয়া করুন। তাঁর অসুস্থতা শুধুমাত্র একটি পরিবার বা দলের বিষয় নয়, এটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গেও সম্পৃক্ত।”

    তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য এক অনুপ্রেরণার প্রতীক। তাঁর সুস্বাস্থ্য ও সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    প্রধান উপদেষ্টা সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও চিকিৎসাপ্রদানকারী সংস্থাগুলোকে প্রয়োজনীয় সহায়তা ও সমন্বয়ের মাধ্যমে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

    এদিকে রাজনৈতিক অঙ্গনেও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠিত হচ্ছে।

  • “জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহই পাবেন” বক্তব্যে তোলপাড় কিশোরগঞ্জ নির্বাচনী এলাকা

    “জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহই পাবেন” বক্তব্যে তোলপাড় কিশোরগঞ্জ নির্বাচনী এলাকা

    এবিএনএ: কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমানের মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে তিনি বলেন, “যদি জামায়াতকে ভোট দেন, তাহলে আমার মৃতদেহই পাবেন।” তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

    সভায় তিনি নিজের ‘ফজা পাগলা’ উপাধি প্রসঙ্গে বলেন, “যারা আমাকে এই নাম দিয়েছে, তারা স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী। তারা যদি ভোটে জিতে যায়, তাহলে মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিপন্ন হবে। তাই তাদেরকে ভোট দেওয়া মানে সত্যের পাশে না দাঁড়িয়ে ইতিহাস বিকৃতিকে মেনে নেওয়া।”

    তিনি আরও জানান, “আমি মুক্তিযুদ্ধবিরোধীদের বিরুদ্ধে কথা বলেছি বলে আমাকে নানা অপমানের শিকার হতে হয়েছে। আমার বিরুদ্ধে অনেক কথা বলা হলেও আমি সত্যের পথে অটল। কারণ যারা বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও শহীদদের প্রতি অসম্মান দেখায়, তাদের বিরুদ্ধে কথা বলা আমার দায়িত্ব।”

    ফজলুর রহমান দাবি করেন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষের একজন সাহসী কণ্ঠস্বর। তিনি বলেন, “আমি সাধারণ মানুষের সন্তান, কিন্তু স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন আমি তাদের একজন বন্ধু ও সহযোগী। তাই সত্যের পথে থাকতেই আমি আপসহীন।”

    এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুরসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    সভা শেষে এলাকাজুড়ে তার বক্তব্য নিয়ে উত্তেজনা ও জোর আলোচনা চলতে থাকে।