Tag: চেয়ারম্যান অপসারণ দাবি

  • তালাবদ্ধ এনবিআর ভবন: ভেতরেও তালা, বাহিরেও তালা—অবরুদ্ধ পুরো প্রশাসন

    তালাবদ্ধ এনবিআর ভবন: ভেতরেও তালা, বাহিরেও তালা—অবরুদ্ধ পুরো প্রশাসন

    এবিএনএ:  ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এনবিআর বিলুপ্তি প্রতিরোধ ও চেয়ারম্যান অপসারণের দাবিতে আন্দোলনরত কর্মকর্তাদের প্রবেশ ঠেকাতে ভবনের তিনটি প্রধান গেটে ভেতর এবং বাহির উভয়দিক থেকেই তালা লাগানো হয়।

    ভবনের ভেতর-বাহিরে তালাবদ্ধ কর্মীরা

    সকাল ১১টার পর এনবিআর কর্তৃপক্ষ ভবনের ভেতর থেকে গেটে তালা লাগিয়ে দেয়। ফলে যারা এর আগেই ভবনে প্রবেশ করেছিলেন, তারা আর বাইরে বের হতে পারেননি। বিপরীত দিকে, যারা বাইরে অবস্থান করছিলেন, তারাও ক্ষিপ্ত হয়ে বাহির দিক থেকে গেট তালাবদ্ধ করে দেন। ফলে সৃষ্টি হয় চরম অবরুদ্ধ পরিস্থিতি। দীর্ঘ প্রায় সাত ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে গেট খুলে দেওয়া হয়।

    প্রশাসনের কঠোর অবস্থান: মোতায়েন পুলিশ-র‌্যাব-বিজিবি ও সেনাবাহিনী

    এনবিআর ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনা সদস্য মোতায়েন করা হয়। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসন প্রস্তুত ছিল পুরোপুরি।

    সংবাদ সম্মেলনে ক্ষোভ ও প্রতিবাদ

    বিকেলে গেটের বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, অর্থ উপদেষ্টার সঙ্গে হওয়া আলোচনায় তাদের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই সেই আলোচনায় তাদের অংশগ্রহণের প্রশ্নই আসে না।

    তারা আরও বলেন, “যেভাবে তালা দিয়ে আমাদের আটকে রাখা হয়েছে, তা এক ধরনের দমনমূলক পদক্ষেপ। এটি আমাদের মনে করিয়ে দেয় অতীতের জুলাই গণআন্দোলনের সময়কার নির্যাতনের ছবি।”

    আন্দোলন অব্যাহত: কলমবিরতি ও অবস্থান কর্মসূচি

    এদিনও আন্দোলনরত কর্মকর্তারা নিয়ম অনুযায়ী কলমবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যান। তারা ভবনের বাইরে অবস্থান নেন এবং কর্মস্থলে প্রবেশ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।

    ঐক্য পরিষদের সভাপতি হাসান মুহাম্মদ তারেক রিকাবদার বলেন, “আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আমরা বাইরে থেকেই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।”

  • চেয়ারম্যান অপসারণ দাবি: শনিবার থেকে এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

    চেয়ারম্যান অপসারণ দাবি: শনিবার থেকে এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

    এবিএনএ: সব বদলির আদেশ বাতিল ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আগামী শনিবার (২৮ জুন) থেকে দেশের কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একইসঙ্গে মঙ্গলবার (২৪ জুন) থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

    সোমবার (২৩ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব সেহেলা সিদ্দিকা। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকায় এনবিআরের সব দপ্তরের সহস্রাধিক কর্মকর্তা ও কর্মচারী এদিন রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন। পাশাপাশি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে কলম বিরতি কর্মসূচি। অনককে কাফনের কাপড় পরে এ কর্মসূচি পালন করতে দেখা যায়।

    এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে এই আন্দোলনের মধ্যে রবিবার আয়কর অনুবিভাগের পাঁচ কর্মকর্তাকে `তাৎক্ষণিক বদলি’ করা হয়েছে। এর মধ্যে দুজন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের, একজন এনবিআর বোর্ড অফিসের এবং বাকি দুজন ঢাকা ও কুমিল্লার কর অঞ্চলের।

    কর প্রশাসনের এক আদেশে বলা হয়, উপকর কমিশনার শাহ মোহাম্মদ ফজলে এলাহীকে আয়কর গোয়েন্দা থেকে বদলি করে ময়মনসিংহ কর অঞ্চলে পাঠানো হয়েছে। উপ কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলামকে ঢাকার কর অঞ্চল-১৬ থেকে থেকে খুলনা কর অঞ্চলে এবং উপ কর কমিশনার মো. আব্দুল্লাহ ইউসুফকে বোর্ড থেকে সরিয়ে বদলি করা হয়েছে বগুড়া কর অঞ্চলে।

    এছাড়া উপ কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিলকে আয়কর গোয়েন্দা থেকে কুমিল্লা কর অঞ্চলে এবং উপ কর কমিশনার নুসরাত জাহান শমীকে কুমিল্লা কর অঞ্চল থেকে রংপুর কর অঞ্চলে পাঠানো হয়েছে। আদেশে আরও বলা হয়েছে, তাদের নতুন কর্মস্থলে মঙ্গলবার বা তার আগেই যোগ দিতে হবে এবং সোমবার বর্তমান কর্মস্থলে দায়িত্ব হস্তান্তর করতে হবে।