ফেরি উদ্বোধন ঘিরে হাতিয়ায় উত্তেজনা: বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র নলচিরা, আহত অন্তত ১০
কৃতিত্বের দ্বন্দ্বে হাতাহাতি, পাল্টাপাল্টি অভিযোগে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির


এবিএনএ: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি চলাচল উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নলচিরা ঘাট এলাকায় এই সহিংসতা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফেরি চালু হওয়াকে কেন্দ্র করে দুই দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ঘাট এলাকায় জড়ো হন। উদ্বোধনের কৃতিত্ব কে নেবেন—এ নিয়ে শুরু হয় বাগ্বিতণ্ডা। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুরো নলচিরা ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নলচিরা ঘাট এলাকার বাসিন্দা নাহিদ উদ্দিন জানান, ফেরি চালুর কৃতিত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। একদল আরেক দলকে এলাকা থেকে সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাধে, এতে একাধিক ব্যক্তি আহত হন।
এ ঘটনার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ হাতিয়া থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে এবং প্রশাসনের ভূমিকা ছিল নিষ্ক্রিয়। নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে থানার সামনে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন তিনি।
অন্যদিকে বিএনপি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দলটির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহাবুবুর রহমান শামীম দাবি করেন, এনসিপির লোকজনই বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, সংঘর্ষের খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা যাচাই করা হচ্ছে এবং পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




