বন্দি বিনিময়ে স্বস্তি ফিরল উপকূলে: মুক্তি পেলেন বাংলাদেশের ১২৮ ও ভারতের ২৩ জেলে

এবিএনএ: বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তির আওতায় দীর্ঘদিন আটক থাকা ১৫১ জন জেলে মুক্তি পেয়েছেন। এর মধ্যে বাংলাদেশের ১২৮ জন এবং ভারতের ২৩ জন জেলে রয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি জেলেদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমান্তসংলগ্ন জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে গত ১৮ ও ২৩ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনী দুটি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় জেলেকে আটক করে।

অন্যদিকে, গত বছরের ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতের জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড।

পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে আটক জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯ জানুয়ারি বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL)-এ বাংলাদেশে আটক ২৩ জন ভারতীয় জেলেকে দুটি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। একই সময়ে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলে ও পাঁচটি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

লেফটেন্যান্ট সিয়াম-উল-হক জানান, সকল আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার দুপুরে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি জেলেদের নিরাপদে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *