নির্বাচনে পক্ষপাত চলবে না—নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানাল জামায়াত
বাউফলে কার্যালয়ে পুলিশি অভিযানে উদ্বেগ, হয়রানি বন্ধ ও তদন্তের দাবি দলটির


এবিএনএ: নির্বাচনী পরিবেশে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পটুয়াখালীর বাউফলে দলটির থানা কার্যালয়ে পরিচালিত পুলিশি অভিযানের প্রতিবাদ জানিয়ে এ আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে বাউফল থানা জামায়াত কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় পুলিশ তল্লাশি চালালেও কোনো আপত্তিকর বা অবৈধ কিছু পাওয়া যায়নি।
তিনি অভিযোগ করেন, অভিযানের সময় একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ের আশপাশে অবস্থান করছিলেন, যা থেকে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তার দাবি, একটি প্রভাবশালী রাজনৈতিক দলের প্ররোচনায় এ অভিযান পরিচালিত হয়ে থাকতে পারে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিবন্ধিত, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশে-বিদেশে দলটির একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে। এ ধরনের সংগঠনের বিরুদ্ধে প্ররোচিত হয়ে অভিযান চালানো অনভিপ্রেত ও অনৈতিক বলেও মন্তব্য করেন তিনি।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, বাউফল থানার ওসি নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। এমন অবস্থায় তাকে দায়িত্বে রেখে আসন্ন জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা কঠিন হবে।
তিনি অবিলম্বে রাজনৈতিক হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা। পাশাপাশি নির্বাচন-সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।




