বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিল ভারত, জানাল উদ্বেগ ও অবস্থান
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলতে এম রিয়াজ হামিদুল্লাহকে ডেকে নেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়


এবিএনএ: বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার দুপুরে নয়াদিল্লিতে তাকে ডেকে পাঠানো হয়। পরে এক আনুষ্ঠানিক বিবৃতিতে ভারত জানায়, বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকের সময় বাংলাদেশে নিরাপত্তা সংক্রান্ত কিছু বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি হাইকমিশনারকে অবহিত করা হয়। একই সঙ্গে ‘কিছু গোষ্ঠীর’ তৎপরতা নিয়েও তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
ভারতের দাবি, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন কার্যক্রমের পরিকল্পনা করছে কয়েকজন ব্যক্তি বা গোষ্ঠী। বিষয়টি নিয়ে নয়াদিল্লি যথেষ্ট সতর্ক বলে জানানো হয়।
এ ছাড়া সাম্প্রতিক কিছু ঘটনাকে ঘিরে একটি পক্ষ যে অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর বয়ান ছড়ানোর চেষ্টা করছে, ভারত তা নাকচ করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সময়কার যৌথ সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা এই সম্পর্ক পরবর্তীতে উন্নয়ন সহযোগিতা ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের মাধ্যমে আরও দৃঢ় হয়েছে। ভারত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে এবং অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে।
উল্লেখ্য, এর আগে রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশ। সে সময় দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার বিষয়ে ভারতের অবস্থান নিয়ে উদ্বেগ জানানো হয় এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার দাবিও উত্থাপন করা হয়।




