হঠাৎ লিটারে ২০ পয়সা বাড়ল ওয়াসার এটিএম পানির দাম—ক্ষোভে ফুঁসছেন নগরবাসী

Written by

in

এবিএনএ: হঠাৎ করেই রাজধানীতে ওয়াটার এটিএম বুথের পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। ১ মার্চ থেকে বুথ থেকে নেওয়া প্রতি লিটার পানির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ টাকা, যা আগে ভ্যাটসহ ছিল ৮০ পয়সা। এক ধাপে ২০ পয়সা বৃদ্ধি পাওয়ায় নিয়মিত পানি নেওয়া গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

ওয়াসা সূত্র জানায়, ২০২৩ সালের আগস্টে একবার দাম বাড়ানো হয়েছিল। এবার পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হলো। সম্প্রতি এক অফিস আদেশের মাধ্যমে সিদ্ধান্ত কার্যকরের কথা জানানো হয়।

রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াটার এটিএম বুথ স্থাপন করেছে ঢাকা ওয়াসা ও যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও ড্রিংকওয়েল। ব্যাংকের এটিএম কার্ডের মতো আরএফআইডি কার্ড ব্যবহার করে নির্দিষ্ট স্থানে ছোঁয়ালেই বিশুদ্ধ পানি পাওয়া যায়। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই সেবা চালু থাকে। কার্ডে ন্যূনতম ১০ টাকা থেকে সর্বোচ্চ ৯৯৯ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়। বর্তমানে নগরজুড়ে শতাধিক বুথে এই সেবা নেওয়া হচ্ছে।

বাড্ডা এলাকায় একটি বুথ থেকে নিয়মিত পানি নেওয়া খাদেমুল ইসলাম বলেন, “এই পানি স্বাদে ভালো ও নিরাপদ মনে হওয়ায় পরিবার নিয়ে নিয়মিত ব্যবহার করি। হঠাৎ লিটারে ২০ পয়সা বাড়ানোয় খরচ বেড়ে গেল। চাহিদা বাড়লেই দাম বাড়ানো ঠিক হয়নি।”
মগবাজার এলাকার আমিনুল হকও জানান, আগে থেকেই নোটিশ টাঙানো থাকলেও একবারে এতটা বাড়ানো গ্রাহকদের ওপর চাপ তৈরি করেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওয়াসার এক কর্মকর্তা বলেন, বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী মূল্য সমন্বয় করা হয়েছে। এটিএম বুথ পরিচালনায় ব্যবহৃত কেমিক্যাল, ফিল্টারসহ রক্ষণাবেক্ষণ ব্যয় এবং জনবল খরচ বেড়েছে—এই ব্যয় সামলাতেই দাম বাড়াতে হয়েছে।

গ্রাহকদের দাবি, বিশুদ্ধ পানির এই সেবাটি মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য স্বস্তির ছিল। তাই মূল্য বৃদ্ধির আগে ধাপে ধাপে সমন্বয় বা বিকল্প সহায়তা দিলে ভোগান্তি কমত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *