Category: জাতীয়

  • এসআই জাহিদসহ ৫ জনের বিচার শুরু

    এসআই জাহিদসহ ৫ জনের বিচার শুরু

    এবিএনএ : তিন বছর আগে রাজধানীতে পল্লবী থানা-পুলিশের হেফাজতে জনির মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদুর রহমান জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

    এই অভিযোগ গঠনের মধ্যদিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হল।

    আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ অভিযোগ গঠন করে ১৬ মে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন । অভিযোগ গঠনকৃত অপর আসামিরা হলেন – এসআই রাশেদুল ইসলাম ও এসআই কামরুজ্জামান মিন্টু এবং পুলিশের সোর্স রাশেদ ও সুমন।

    গত ১২ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি শেষে আজ (রোববার) আদেশের জন্য দিন ধার্য করেছিলেন আদালত।

    পুলিশ হেফাজতে নির্যাতন করে মারার অভিযোগে ২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। নিহতের ভাই ইমতিয়াজ হোসেন রকি আদালতে মামলাটি দায়ের করেন। ওইদিন আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। গত বছর ১৭ ফেব্রুয়ারি মহানগর হাকিম মারুফ হোসেন বিচার বিভাগীয় তদন্ত শেষে ৫ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন।

  • তেজগাঁও শিল্প এলাকা হবে অত্যাধুনিক ঢাকা : গণপূর্ত মন্ত্রী

    তেজগাঁও শিল্প এলাকা হবে অত্যাধুনিক ঢাকা : গণপূর্ত মন্ত্রী

    এবিএনএ : রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা নিয়ে সরকারের মাস্টারপ্ল্যান রয়েছে। এ সব পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে আলোচনা শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে শিগগিরই এসব সুপারিশ উপস্থাপন করা হবে।

    রবিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে তেজগাঁও শিল্প এলাকা নিয়ে মাস্টার প্ল্যান পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশারফ হোসেন বলেন, তেজগাঁও শিল্প এলাকায় ঢাকার মধ্যে অত্যাধুনিক ঢাকা গড়ে তোলা হবে। এ এলাকায় স্থাপনা নির্মাণে এ মাস্টার প্ল্যান অনুসরণ করতে হবে। এখানে প্রতিটি ভবনের নিজস্ব পার্কিং ব্যবস্থা থাকবে। গণপূর্ত অধিদপ্তরের নিয়ন্ত্রিত প্লটগুলোতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ করা হবে। এ এলাকায় কোনো ভারী শিল্প স্থাপনে অনুমতি দেয়া হবে না।

    মোশারফ হোসেন বলেন, বেসরকারি প্লটে শিল্প, বাণিজ্যিক ভবন, হোটেল, হাসপাতাল, ইত্যাদি স্থাপনা নির্মাণ করা হলে পয়োবর্জ্য, রাসায়নিক বর্জ্য ও বায়ু পরিশোধনের নিজস্ব ব্যবস্থা রাখতে হবে।

    সভায় গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন, অতিরিক্ত সচিব এম বজলুল করীম চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সী, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ফওজী বিন ফরিদ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জ্যোতির্ময় দত্ত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • মুঠোফোনে প্রবাসী আয় আসবে

    মুঠোফোনে প্রবাসী আয় আসবে

    এবিএনএ : মাস্টার কার্ড, ওয়েস্টার্ন ইউনিয়ন ও বিকাশ যৌথভাবে আজ রোববার মুঠোফোনে প্রবাসী আয় বা মানি ট্রান্সফার সেবা চালু করেছে। এতে প্রবাসী বাংলাদেশিরা দেশে তাদের স্বজনকে সরাসরি মুঠোফোনে রেমিট্যান্স পাঠাতে পারবে।

    আজ রোববার রাজধানীর একটি হোটেলে ওই তিন প্রতিষ্ঠান ও ব্র্যাক ব্যাংক সেবা চালু উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

    একজন বিকাশ গ্রাহক একটি একক লেনদেনের মাধ্যমে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পাঠাতে পারবেন। দিনে পাঁচবার একজন লেনদেন করতে পারবেন। একদিনে সর্বোচ্চ এক লাখ ১৫ হাজার টাকা পাঠানো যাবে। এভাবে মাসে সর্বোচ্চ ২০ বার লেনদেন করা যাবে।

    মুঠোফোন অ্যাকাউন্টে সর্বোচ্চ এক লাখ ৫০ হাজার টাকা রাখা যাবে।

    অনুষ্ঠানে আরও ছিলেন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন, বিকাশের এমডি ও সিইও কামাল কাদীর, মাস্টার কার্ডের গ্রুপ এক্সিকিউটিভ ম্যাথিউ ড্রাইভার, ওয়েস্টার্ন ইউনিয়নের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জ্যাঁ ক্লড ফারাহ প্রমুখ।

  • ‘সুনির্দিষ্ট অভিযোগে শফিক রেহমানকে গ্রেপ্তার’

    ‘সুনির্দিষ্ট অভিযোগে শফিক রেহমানকে গ্রেপ্তার’

    এবিএনএ : জেষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে সুনির্দিষ্টঅভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা রেজিস্টারদের প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন শেষে রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনিএসব কথা বলেন।

    তিনি বলেন, শফিক রেহমানের বিষয়টি একটি তদন্তাধীন বিষয়। তদন্তে শফিক রেহমান যদি দোষী প্রমাণিত হন তাহলে তিনি শাস্তি পাবেন। আর যদি নির্দোষ প্রমাণিত হন তাহলে তিনি মুক্তি পাবেন।

    প্রসঙ্গত, গতকাল বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে পল্টন থানায় ২০১৫ সালে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় মহানগর গোয়েন্দা পুলিশ।

    ডিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

    ডিবি পুলিশের উপকমিশনার মাসরুকুর রহমান খালেদ জানান, জয়ের ওপর যুক্তরাষ্ট্রে হামলার বিষয়ে মোহাম্মদ উল্লাহ মামুন নামে একজনকে আসামি ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা হয়েছিলো। ডিবি পুলিশ মামলাটির তদন্ত করছিলো। তদন্তে যুক্তরাষ্ট্রের ওই হামলার ঘটনায় শফিক রেহমানের সম্পৃক্ততা পাওয়াযায়। তাই তাকে আসামি তালিকাভুক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

  • সংলাপের কথা ভাবছে না সরকার : সেতুমন্ত্রী

    সংলাপের কথা ভাবছে না সরকার : সেতুমন্ত্রী

    এবিএনএ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপের জন্য গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। অথচ এখন সংলাপ সংলাপ বলে চিৎকার করছেন। এই মুহূর্তে সরকার ও আওয়ামী লীগ সংলাপের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছে না। আজ রবিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী। এর আগে গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেন সড়ক নির্মাণকাজের পরিদর্শন করেন তিনি। সাম্প্রতিক সময়ে বিএনপি পক্ষ থেকে সংলাপের বিষয়ে মন্ত্রী বলেন, সংলাপের জন্যে গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেননি বেগম খালেদা জিয়া। অথচ এখন সংলাপ সংলাপ বলে চিৎকার করছেন।

    এই মুহূর্তে সরকার ও আওয়ামী সংলাপের ব্যাপারে কোনো চিন্তা-ভাবনা করছে না। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের ভেতর যারা মনোনয়ন বাণিজ্যের সঙ্গে জড়িত ও যারা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, তালিকা করে যাচাই-বাছাইয়ের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেতুমন্ত্রী বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে নির্ধারিত সময়ের মধ্যে চার লেন প্রকল্পের কাজ শেষ করতে হবে। অন্যথায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কার্যাদেশ বাতিল করা হবে। প্রকল্পের কাজ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন চার লেন প্রকল্পের পরিচালক দিলীপ কুমার গুহ, অতিরিক্ত পরিচালক জিকরুল হাসানসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তা।

  • ‘মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন তথ্যনির্ভর নয়’

    ‘মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন তথ্যনির্ভর নয়’

    এবিএনএ : বাংলাদেশের গণতন্ত্র, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিবেদন তথ্যনির্ভর নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি যুক্তরাষ্ট্রকে ‘বন্ধুরাষ্ট্র’ উল্লেখ করে প্রতিবেদনটি আরো যাচাইয়ের অনুরোধ জানান।

    রোববার দুপুরে তথ্য অধিদফতরের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি এই অনুরোধ করেন। বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনের জবাব দিতে এই সংবাদ সম্মেলন আয়োজন করেন তথ্যমন্ত্রী।

    হাসানুল হক ইনু বলেন, ‘মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে কিছু বিষয়ের উল্লেখ আমাদের জন্য দুঃখজনক। এ বিষয়ে বিনয়ের সঙ্গে বলতে চাই, এই প্রতিবেদন বাংলাদেশের সঠিক প্রতিফলন কিংবা তথ্যনির্ভর নয়। এক কথায় রিপোর্টটি বাংলাদেশের আর্থ- সামাজিক ও রাজনৈতিক অবস্থার সঠিক প্রতিফলন নয়। প্রতিবেদনটি আরো যাচাই করার অনুরোধ করছি।’

    তথ্যমন্ত্রী আরো বলেন, মার্কিন রিপোর্টটির প্রেক্ষিতে বলতে চাই, জঙ্গি দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ব্যাপারে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।জঙ্গি দমনে আমাদের সরকারের নীতি হচ্ছে জিরো টলারেন্স। যা হচ্ছে সবকিছুই গণতান্ত্রিক পরিধির ভেতরে করা হচ্ছে।

    বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে মার্কিন প্রতিবেদনের জবাবে হাসানুল হক ইনু বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সরকার সমর্থন করে না। এ ধরনের হত্যাকাণ্ডের কোনো অধিকার সরকার আইন শৃঙ্খলাবাহিনীকে দেয়নি, সমর্থনও করে না।’

    বাংলাদেশে গণতন্ত্র সংকুচিত হয়ে পড়েছে- এমন মার্কিন প্রতিবেদন সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    এবিএনএ : ঐতিহাসিক মুজিবনগর দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এসময় আওয়ামীলীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

    রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর (পুরাতন) এ রোববার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত এই প্রতিকৃতিতে ফুল দেন প্রধানমন্ত্রী।
    এসময় আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য তোফায়েল আহমেদ উপস্থিত সাংবাদিকদের সামনে মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন।

    তিনি জাতির জনকের প্রতি শ্রদ্ধার কথা জানান। এবং বলেন, একাত্তরের পরাজিত শক্তি আজও সক্রিয় রয়েছে। তারা দেশের উন্নয়ন মেনে নিতে পারছে না।

    ১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

  • আত্মপক্ষ সমর্থনে আদালতে খালেদা জিয়া

    আত্মপক্ষ সমর্থনে আদালতে খালেদা জিয়া

    এবিএনএ : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি আদালতে পৌঁছান। এর আগে পৌনে ১০টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে আদালতের উদ্দেশে রওনা হন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ এপ্রিল আদালতে হাজির হওয়ার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু ওই দিন আদালতে হাজির হননি তিনি। পরে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

    মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত এক কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে। ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ। ওই মামলার অন্য আসামিরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডাব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

  • গাজীপুরের মেয়র মান্নান আবার গ্রেফতার

    গাজীপুরের মেয়র মান্নান আবার গ্রেফতার

    এবিএনএ : গাজীপুরের সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নান শুক্রবার রাতে আবার গ্রেফতার হয়েছেন। গাজীপুর মহানগরীর সালনা এলাকার বাড়ি থেকে ঢাকার বাসায় ফেরার পথে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গাজীপুরের মৌচাক এলাকার ভানারা নামক স্থান থেকে গ্রেফতার করে। একই সঙ্গে খালেক ডিলারসহ আরো সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

    জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নতুন এবং পুরাতন নাশকতার মামলায় মেয়র মান্নানকে গ্রেফতার করা হয়েছে। রাত ১১ টার দিকে তাকে জয়দেবপুর থানায় আনা হয়।

    দলীয় সূত্রে জানা গেছে, জুম্মার নামায আদায় করতে মেয়র মান্নান শুক্রবার সকালে গ্রামের বাড়ি সালনায় আসেন। এ সময় ডিবি পুলিশের একটি দল তার পিছু নেয়। টের পেয়ে মেয়র ঢাকায় ফেরার পথে মৌচাক এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

    নাশকতার মামলায় গ্রেফতার হয়ে প্রায় ১৩ মাস জেল হাজতে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন পেয়ে তিনি গত ২ মার্চ কারাগার থেকে মুক্তি পান। গত ১১ এপ্রিল বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের করা সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে। ১৩ এপ্রিল আপিল বিভাগও উচ্চ আদালতের আদেশ বহাল রাখে। আগামী রবিবার তাঁর মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের কথা ছিল।

  • শফিক রেহমানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার : পুলিশ

    শফিক রেহমানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার : পুলিশ

    এবিএনএ : শফিক রেহমানকে আটকের খবর স্বীকার করে পুলিশ জানিয়েছে, রাষ্ট্রদ্রোহের অভিযোগের একটি মামলায় এই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে বিএনপিঘনিষ্ঠ এই সাংবাদিককে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার সময় পুলিশ কিছু বলেনি। শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমানের অভিযোগ পেয়ে এই বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় সকাল ১০টায় বলেছিলেন, বিষয়টি আমার জানা নেই।

    তার আধা ঘণ্টা পর ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার জানান, ২০১৫ সালের আগস্ট মাসের পল্টন থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শফিক রেহমানকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ওই কার্যালয়ের সামনের সড়কটিতে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

    শফিক রেহমানকে নিয়ে যাওয়ার বর্ণনা দিয়ে তালেয়া রেহমান বলেন, ডিবি পরিচয়ে কয়েকজন লোক সাড়ে ৭টার দিকে বাসায় ঢোকে। আমাদের সঙ্গে যেতে হবে বলে তাকে নিয়ে যায় তারা। শফিক রেহমান নানা সংবাদমাধ্যমে কাজ করলেও গত শতকের ৮০র দশকে সাপ্তাহিক যায়যায়দিন সম্পাদনার মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি পান। তখন সামরিক শাসক এইচ এম এরশাদের রোষানলে পড়ে তাকে বাংলাদেশ ছাড়তেও হয়েছিল। এরশাদের পতনের পর ফের বাংলাদেশে ফেরেন বিবিসিতে কাজ করে আসা এই সাংবাদিক।

    এক দশক পরে বিএনপির সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে উঠতে দেখা যায়। এর মধ্যে দৈনিক যায়যায়দিন বের করেন তিনি। তবে চালাতে না পারার পর যায়যায়দিনের স্বত্ব বিক্রি করে দেন তিনি। লাল গোলাপ নামে একটি অনুষ্ঠান নিয়ে এখন সম্প্রচার মাধ্যমে সক্রিয় তিনি। খালেদা জিয়ার নানা কর্মসূচিতে তাকে দেখা যায়। প্রখ্যাত অধ্যাপক সাইদুর রহমানের ছেলে শফিক রেহমানের স্ত্রী তালেয়া নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ডেমোক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক।