Category: জাতীয়

  • অনিবন্ধিত মোবাইল সিম ১ মে থেকে বন্ধ হয়ে যাবে : তারানা হালিম

    অনিবন্ধিত মোবাইল সিম ১ মে থেকে বন্ধ হয়ে যাবে : তারানা হালিম

    এবিএনএ : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ বলেছেন, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন ছাড়া অনিবন্ধিত মোবাইল সিমগুলো ১ মে তারিখ থেকে নোটিস পাঠিয়ে বন্ধ করে দেয়ার কাজ শুরু হবে। তিনি বলেন, ‘সিম বন্ধ করার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে অনিবন্ধিত সিম বরাবরে নোটিস পাঠানো হবে। এরপর সেগুলো এক ঘণ্টার জন্য বন্ধ করা হবে এবং ২/১ দিন পরে আবারও অনুরূপ করা হবে। এরপরও সেগুলো বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন না করলে চূড়ান্তভাবে বন্ধ করে দেয়া হবে।’

    আজ সচিবালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বুথের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ২৮ এপ্রিল পর্যন্ত সকল অপারেটরের সিম এসব বুথ থেকে নিবন্ধন করা যাবে। প্রায় ৬ কোটি ৩৫ লাখ সিম নিবন্ধনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট সিম নিবন্ধনের কাজ শেষ হবে। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ৩০ এপ্রিলের মধ্যে চলমান মোবাইল সিম নিবন্ধনের কাজ পুরোপুরি শেষ হবে। তারানা হালিম জানান, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ অন্যান্য পাবলিক প্লেসে প্রচারণা চালানো হবে।

  • এটিএম বুথ লুট: মূল পরিকল্পনারকারীসহ গ্রেফতার ১০

    এটিএম বুথ লুট: মূল পরিকল্পনারকারীসহ গ্রেফতার ১০

    এবিএনএ : গাজীপুরের কালিয়াকৈরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ লুটের ঘটনায় মূল পরিকল্পনাকারী রুবেলসহ ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    বুধবার র‌্যাব সদর দফতরের মিডিয়া অ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, গত ২ মার্চ এটিএম বুথ লুটের ঘটনার পর ময়মনিসংহ এলাকা থেকে বুথের খালি ট্রাঙ্ক উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করে মঙ্গলবার রাতে ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে রুবেল ও তার নয় সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বুথে থেকে লুটের নয় লাখ টাকা, দুইটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

    গত ২ মার্চ মানিপ্ল্যান্ট নামে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থা গাড়ি থেকে টাকাবাহী ট্রাংক বুথে নেয়ার সময় ৮/৯ জন ডাকাত হঠাৎ আক্রমণ চালায়। পরে তারা লুটে নেয় ১ কোটি ৯৪ লাখ টাকা।

  • রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

    রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

    এবিএনএ : রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় দুই বাসের অর্ধশত যাত্রী আহত হয়েছে।

    তবে স্থানীয় সূত্র বলছে এ সংখ্যা আরও বাড়তে পারে। তাক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। আজ বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ উদ্ধার করে রমেক হাসপাতালে রাখা হয়েছে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, দুটি বাসে মুখোমুখি সংঘর্ষে ১০জন নিহত হওয়ার খবর শুনেছি। ওসি বলেন, তৃপ্তি পরিবহনের একটি বাস দিনাজপুর থেকে যাত্রী নিয়ে রংপুর আসছিল। আর সায়মন পরিবহনের অন্য বাসটি সিলেট থেকে যাচ্ছিল দিনাজপুরের দিকে।

    বেলা ১১টার দিকে ইকরচালিতে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। তাদের মধ্যে তিনজন নারী, বাকিরা পুরুষ। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

  • মসজিদের ভেতর মুয়াজ্জিন খুন: গ্রেফতার ৪

    মসজিদের ভেতর মুয়াজ্জিন খুন: গ্রেফতার ৪

    এবিএনএ : রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরের ঝব্বু খানম জামে মসিজদের মুয়াজ্জিন বিল্লাল হোসেনকে (৫০) খুনের ঘটনায় মসজিদের খাদেমসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

    বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, মসজিদের অর্থ চুরির ঘটনার জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। ঐ মসজিদের নিচ তলার মার্কেটের দোকানের ভাড়ার টাকা বিল্লাল উত্তোলন করতেন। এই টাকা চুরি করতেই বিল্লাল হোসেনকে খুন করা হয়েছে। খুনের পরিকল্পনায় মসজিদের খাদেম হাবিবুর রহমান জড়িত। এর পাশাপাশি মসজিদের ভেতর দুইজন কর্মচারী ও বাইরে থেকে এক ভাড়াটিয়া কিলারকে দিয়ে ৪ এপ্রিল ভোররাতে মসিজদের দোতলার সিঁড়ির কাছে বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

    নিহত বিল্লাল হোসেনের বাড়ি মানিকগঞ্জে। খুনের ঘটনায় বিল্লাল হোসেনের ছেলে ইয়াসিন বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা করেন।

    গত ৪ এপ্রিল পুরান ঢাকার ইসলামপুরের ঝব্বু খানম জামে মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিন বিল্লাল হোসেনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

  • একনেকে আট প্রকল্প অনুমোদন

    একনেকে আট প্রকল্প অনুমোদন

    এবিএনএ : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৮ হাজার ৬৫৭ কোটি ২৭ লাখ টাকার মোট আট প্রকল্প অনুমোদন দিয়েছে।

    মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি ভবনে একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এতে আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রমুখ।

    সভা সূত্রে জানা যায়, অনুমোদিত প্রকল্পে ব্যয়ের মধ্যে বিওবি থেকে ৫ হাজার ৪৯৫ কোটি ৩৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪৬ কোটি ৪৭ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য বাবদ ১৩ হাজার ১১৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয় করা হবে। আটটি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ছয়টি, বাকি দুটি সংশোধিত প্রকল্প।

  • সিম নিবন্ধনের সময় বাড়বে না: তারানা

    সিম নিবন্ধনের সময় বাড়বে না: তারানা

    এবিএনএ : আগামী ৩০ এপ্রিলের পর সিম নিবন্ধনের সময় আর বাড়বে না বলে জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
    মঙ্গলবার সকালে সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন পয়েন্টের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। তারানা হালিম বলেন, ১ মে থেকে স্বল্প সময়ের জন্য ইঙ্গিত দেবো। এর মধ্যে সিম ডিঅ্যাক্টিভ হয়ে যাবে।

    প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত ৬ কোটি ৩৬ লাখ সিম নিবন্ধিত হয়েছে। নিবন্ধন কাজের জন্য একলাখ ডিভাইস রয়েছে। আশা করি বাকী সময়ের মধ্যে বাকী সিমগুলোর নিবন্ধন শেষ হয়ে যাবে।

    সচিবালয়ের যে পয়েন্টটি উদ্বোধন করা হয়েছে সেখান থেকে সকল মোবাইল কোম্পানির সিম নিববন্ধন করা যাবে বলেও জানান প্রতিমন্ত্রী তারানা হালিম।

  • মে মাসের প্রথম সপ্তাহে এসএসসির ফল

    মে মাসের প্রথম সপ্তাহে এসএসসির ফল

    এবিএনএ : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী মাসের ৫ থেকে ৭ তারিখের মধ্যে প্রকাশ করা হবে।

    মঙ্গলবার ঢাকা আন্তঃশিক্ষা বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

    জানা গেছে, মে মাসের ৫ থেকে ৭ তারিখের মধ্যে যেকোনো দিনের সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যে তারিখটি নির্দিষ্ট করে দেবেন, সেদিনই প্রকাশ করা হবে এসএসসির ফলাফল।

    ঢাকা শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবীর চৌধুরী বলেন, ‘আগামী মে মাসের ৭ তারিখের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশের প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। এ লক্ষ্যে সময় নির্ধারণের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।’

    গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০টি বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন।

    প্রসঙ্গত, এবার এসএসসি পরীক্ষায় বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের পরীক্ষা আগে হয়। পরে হয় সৃজনশীল অংশের পরীক্ষা। দুই অংশের পরীক্ষার মাঝে ১০ মিনিট সময়ের ব্যবধান ছিল। এত দিন সৃজনশীল অংশ আগে হতো, পরে এমসিকিউ অংশ হতো।

  • রিজার্ভ চুরি আরো ৪৩ লাখ ডলার ফেরত দিলেন কিম অং

    রিজার্ভ চুরি আরো ৪৩ লাখ ডলার ফেরত দিলেন কিম অং

    এবিএনএ : বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের আরো ৪৩ লাখ ডলার (২০০ মিলিয়ন পেসো) ফিলিপাইনের মুদ্রাপাচার প্রতিরোধ কাউন্সিল-এএমএলসিকে ফেরত দিয়েছেন দেশটির ক্যাসিনো ব্যবসায়ী কাম সিন অং ওরফে কিম অং।

    মঙ্গলবার ফিলিপিন্সের সিনেট কমিটির শুনানিতে এএমএলসির নির্বাহী পরিচালক জুলিয়া বাকে আবাদ জানান, সোমবার তার কোম্পানি ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানি লিমিটেড এই অর্থ ফেরত দিয়েছে।

    জুলিয়া বাকে আবাদ বলেছেন, এটা বাংলাদেশের জনগণের কাছে পাঠানো হবে।

    বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় ফিলিপাইনের সিনেটে ষষ্ঠবারের মতো শুনানি চলছে।

    কিম অংয়ের পক্ষ থেকে এর আগে গত ৩১ মার্চ ৪৬ লাখ ৩০ হাজার ডলার এবং ৪ এপ্রিল আট লাখ ৩০ হাজার ৫৯৫ ডলার এএমএলসিকে ফেরত দেয়া হয়।

    এনিয়ে এই ক্যাসিনো জাঙ্কেট এজেন্টের কাছ থেকে মোট ৯৮ লাখ ডলার ফেরত এসেছে।

    যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে সঞ্চিত বাংলাদেশের অর্থ থেকে হাতিয়ে নেওয়া অর্থের মধ্যে প্রায় দুই কোটি ১৫ লাখ ডলার অংয়ের কোম্পানিতে গিয়েছিল।

    এর মধ্যে ৪৫০ মিলিয়ন পেসো শুহুয়া গাও নামে এক চীনা ব্যবসায়ীর কাছ থেকে ধার পরিশোধ হিসেবে পেয়েছিলেন বলে দাবি কিম অংয়ের। এই অর্থ ফেরতের প্রতিশ্রুতি দিয়েছিলেন অং।

    অংয়ের ভাষ্যমতে, বেইজিংয়ের শুহুয়া গাও এবং ম্যাকাওয়ের ডিং জিজের নামে দুজন জালিয়াতির মাধ্যমে বাংলাদেশের ঐ অর্থ ফিলিপাইনে নিয়েছিলেন।

    কিম অং বলেন, তার হাতে আসা অর্থের বাকি ৫৫০ মিলিয়ন পেসো জুয়ার টেবিলে গিয়েছিল। তার মধ্যে ৫১০ মিলিয়ন পেসো মিডাস হোটেল ও ক্যাসিনোয় হার হয়েছিল।

    মিডাস হোটেল অ্যান্ড ক্যাসিনো এবং সোলাইরি রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর অপারেটরদের প্রতি বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থের অংশ ফেরত দেয়ার আহ্বান জানিয়েছেন ফিলিপাইনের সিনেটররা।

    এএমএলসি কিছু অর্থ উদ্ধার করতে পারলেও তা বাংলাদেশের হাতে আসতে ‘কিছুটা সময় লাগবে’ বলে জানিয়েছেন ম্যানিলায় বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ।

    কিম অংয়ের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ৬৩ মিলিয়ন ডলারই এই দুই ক্যাসিনোয় ঢুকেছিল। বাকি ১৭ মিলিয়ন ডলার মুদ্রা বিনিময়কারী সংস্থা ফিলরেমের কাছে রয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে সংস্থাটি এই দাবি অস্বীকার করেছে।

  • কাওরান বাজারের অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫

    কাওরান বাজারের অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫

    এবিএনএ : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে র‌্যাব। এই ঘটনায় র‌্যাব পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে।

    র‌্যাব সদর দফতরের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, কয়েকদিন আগে কাওরান বাজারের ব্যবসায়ী আলমগীরকে তারই পরিচিতজনরা অপহরণ করে তেজগাঁ শিল্পাঞ্চল এলাকার একটি বাড়িতে আটকে রাখে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকালে অভিযান চালিয়ে আলমগীরকে উদ্ধার করা হয়।

  • ‘তিন বছরেই পাল্টে যাবে রাজধানীর চেহারা’

    ‘তিন বছরেই পাল্টে যাবে রাজধানীর চেহারা’

    এবিএনএ : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘আগামী তিন বছরের মধ্যে রাজধানীকে বদলে দেওয়া হবে।’

    সোমবার রাজধানীর তেজগাঁও সাতরাস্তাসংলগ্ন নবনির্মিত একটি আধুনিক গণশৌচাগারের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

    আনিসুল হক বলেন, ‘আমি নির্বাচনে দাঁড়ানোর সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম ঢাকাকে বদলে দেবার। তারই ধারাবাহিকতায় কাজ শুরু হয়েছে। আশা করি আগামী ৩ বছরের মধ্যে ঢাকাকে নতুন রূপে দেখতে পারবে নগরবাসী।’

    গণশৌচাগারের উদ্বোধন করে মেয়র বলেন, ‘এই গণশৌচাগার চালু হওয়ার মধ্য দিয়ে আর একটি নতুন অধ্যায়ের সূচনা হল। এই রকম আধুনিক গণশৌচাগার জায়গা পেলে নগরীর বিভিন্ন এলাকায় স্থাপন করা হবে।’

    এ সময় তিনি নগরবাসীদের উদ্দেশে বলেন, ‘এই গণশৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের। আমি আশা করবো এর যথাযথ ব্যবহার করা হবে।’

    তিনি আরো বলেন, ‘বর্তমানে মহানগরীতে এরকম চারটি টয়লেট হয়েছে এবং ১৪ টির নির্মাণ কাজ চলছে। সব মিলিয়ে মোট ১০০টি টয়লেট করা হবে।’

    নগরজুড়ে রাস্তা খোঁড়াখুঁড়ির প্রসঙ্গে মেয়র বলেন, ‘জনগণের স্বার্থে নগরে রাস্তা খোঁড়াখুঁড়ি চলছে। এখন মানুষের একটু কষ্ট হচ্ছে। তবে কাজ শেষে কষ্ট কমে আসবে। তবে বর্ষার আগে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার চেষ্টা চলছে। বিগত বছরের তুলনায় এ বছর বৃষ্টি মৌসুমে নগরীতে জলাবদ্ধতার ভোগান্তি কমবে।’